অষ্টম শ্রেণি বাংলা – পাড়াগাঁর দু-পহর ভালোবাসি – বিষয়সংক্ষেপ

Souvick

এই আর্টিকেলে আমরা অষ্টম শ্রেণির বাংলা বিষয়ের ষষ্ঠ পাঠের অন্তর্গত ‘পাড়াগাঁর দু-পহর ভালোবাসি’-এর বিষয়বস্তু নিয়ে আলোচনা করবো। এখানে কবির পরিচিতি, কবিতার উৎস, কবিতার পাঠপ্রসঙ্গ, কবিতার সারসংক্ষেপ, কবিতার নামকরণ এবং এর প্রধান বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। এই আর্টিকেলটি আপনাদের ‘পাড়াগাঁর দু-পহর ভালোবাসি’ কবিতা সম্পর্কে একটি সংক্ষিপ্ত ধারণা দেবে এবং কবিতাটি ভালোভাবে বোঝার ক্ষেত্রে সহায়ক হবে। এছাড়া, অষ্টম শ্রেণির পরীক্ষায় এই অধ্যায় থেকে কবি ও কবিতার সারসংক্ষেপ সম্পর্কিত প্রশ্ন আসতে পারে, তাই এই তথ্যগুলো জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

পাড়াগাঁর দু-পহর ভালোবাসি - কবি পরিচিতি - অষ্টম শ্রেণী - বাংলা

কবি পরিচিতি

রবীন্দ্রপরবর্তী বাংলা কাব্যজগতের একজন স্মরণীয় কবি হলেন জীবনানন্দ দাশ। অধুনা বাংলাদেশের বরিশালে 1899 খ্রিস্টাব্দের 17 ফেব্রুয়ারি জীবনানন্দ দাশ জন্মগ্রহণ করেন। জীবিকার জন্য তিনি বিভিন্ন কলেজে ইংরেজি সাহিত্যের অধ্যাপনা করেছেন। তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘ঝরা পালক’ 1927 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। তাঁর অন্যান্য উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হল—’ধূসর পাণ্ডুলিপি’, ‘সাতটি তারার তিমির’, ‘মহাপৃথিবী’, ‘বনলতা সেন’, ‘রূপসী বাংলা’, ‘বেলা অবেলা কালবেলা’ ইত্যাদি। তাঁর আখ্যানধর্মী রচনা হল—’মাল্যবান’, ‘সুতীর্থ’, ‘জলপাইহাটি’ ইত্যাদি এবং প্রবন্ধগ্রন্থ ‘কবিতার কথা’, ‘জীবনানন্দ দাশের গল্প’। তাঁর কবিতায় ইতিহাসচেতনা, নিঃসঙ্গ বিপন্নতা, বিপন্ন মানবতার কথা ব্যক্ত হয়েছে। চিত্ররূপময়তা তাঁর কবিতার বিশেষ বৈশিষ্ট্য। 1954 খ্রিস্টাব্দের 22 অক্টোবর এক ট্রাম দুর্ঘটনায় কবির মৃত্যু হয়।

উৎস

জীবনানন্দ দাশের ‘রূপসী বাংলা’ কাব্যগ্রন্থ থেকে পাঠ্য ‘পাড়াগাঁর দু-পহর ভালোবাসি’ কবিতাটি সংগ্রহ করা হয়েছে।

পাঠপ্রসঙ্গ

বাংলার রূপতন্ময় কবি হলেন জীবনানন্দ দাশ। তাঁর কাব্যে। গ্রামবাংলার নদী, মাঠ, ধানখেত, শিশিরের ঘ্রাণের অনুভব পাওয়া যায়; যেন গ্রামজীবনের অনাস্বাদিত স্বাদের পরিচয় পাওয়া যায় তাঁর কবিতার প্রতিটি চরণে। বিশেষত ‘রূপসী বাংলা’ কাব্যের প্রতিটি কবিতাই কবির জন্মভূমির মাটির স্পর্শকে মনে করিয়ে দেয়। শহুরে জীবনের ইট-পাথরের জঙ্গলের একঘেয়েমি থেকে মুক্তির অবসর মেলে ‘রূপসী বাংলা’র কবিতাগুলিতে। নিশিরাত বাঁকা চাঁদ পাঠককে কল্পনার জগতে নিয়ে যায়। সেই কল্পনার মায়াবী স্পর্শ আলোচ্য কবিতাতেও পাওয়া যায়। দুই প্রহরের ক্লান্ত পরিবেশে আমরাও ডুবে যেতে পারি কবিরই মতন। সেই প্রসঙ্গই যেন তুলে ধরা হয়েছে পাঠ্য ‘পাড়াগাঁর দু-পহর ভালোবাসি’ কবিতাটিতে।

বিষয়সংক্ষেপ

কবি ভালোবাসেন তাঁর জন্মভূমির দ্বিপ্রহরকে। দ্বিপ্রহরের সেই স্মৃতিভরা রৌদ্রের ঘ্রাণ যেন এখনও তাঁর চেতনায় জেগে আছে। সেইসব দ্বিপ্রহরের কত গল্প-কাহিনি, কত স্বপ্ন ঘিরে আছে তাঁর হৃদয়ের ভাঁজে ভাঁজে তা তো আর কারও জানার কথা নয়; শুধু জানেন কবি আর জন্মভূমির প্রান্তর, ওই প্রান্তরের শঙ্খচিল। এদের কাছ থেকেই কবির মনোজগৎ জন্মজন্মান্তর ধরে হৃদয়ের কথা শিখেছে। কবির স্বপ্নে রয়েছে অনেক বেদনার ছোঁয়া। সেগুলি যেন জীবন থেকে ক্রমে ঝরে যাচ্ছে। যেমন ঝরে যায় শুষ্ক জীর্ণ পাতা, শালিকের স্বর; দূরে সরে যায় ভাঙা মঠের স্মৃতি অথবা দ্বিপ্রহরের রোদে নকশাপেড়ে শাড়িখানা পরেছিল যে মেয়েটি-হলুদ পাতার মতোই সেও ঝরে গেছে কোন্ কালে।

দ্বিপ্রহরের স্মৃতি রোমন্থন করতে গিয়ে কবির চেতনায় ভেসে ওঠে জলসিড়ি নদীর পাশে ঘাসের উপর শাখা নুয়ে বহুদিন থেকে পড়ে থাকা ছন্দহীন বুনো চালতা গাছটির কথা। কার যেন পুরোনো ঝাঁকরা-ফোঁপরা একখানি ডিঙি নৌকো নদীর তীরে হিজল গাছে বাঁধা পড়ে আছে বহুদিন ধরে- মালিকের কোনও খোঁজ নেই, হয়তো আর কোনোদিন আসবেও না ডিঙির মালিক; রোদে ভেজা বেদনার্ত দ্বিপ্রহরে আজও আকাশের নীচে কেঁদে চলেছে—সেই পাড়াগাঁর দ্বিপ্রহরকেই কবি মন-প্রাণ উজাড় করে ভালোবাসেন।

নামকরণ

জীবনানন্দ দাশ রচিত ‘রূপসী বাংলা’ কাব্যগ্রন্থের অন্তর্গত 25 সংখ্যক কবিতাটি শিক্ষার্থীদের সুবিধার্থে ‘পাড়াগাঁর দু-পহর ভালোবাসি’ নামকরণে পাঠ্যসূচির অন্তর্গত করা হয়। কবি নিজে এই কবিতাটির নামকরণ করেননি।

প্রকৃতির কবি জীবনানন্দ দাশ বাংলা প্রকৃতির প্রতি তাঁর সুগভীর অনুভব ব্যক্ত করেছেন ‘রূপসী বাংলা’-র কবিতাগুলিতে। বাংলার মাঠ, নদী, ধানখেত কবির কাব্যে এক অপরূপরূপে প্রতিভাত হয়। শৈশবের দিনগুলির প্রতি মানুষের স্বাভাবিক আবেগ কাজ করে। কবিও তাঁর শৈশবের দিনগুলির কথা ভেবে স্মৃতিমেদুর হয়েছেন। পাড়াগাঁর দু-প্রহরের রোদ যেন কবির অনুভূতিকে জীবন্ত করে তোলে। অনেক স্বপ্ন, কাহিনি, গল্প যা কবিকে আপ্লুত করে তুলত তা সবই আজ কবির হৃদয়ে সঞ্চিত; কবির এই সঞ্চয়ের শরিক আর একজন এই পাড়াগাঁয়ের প্রান্তরের শঙ্খচিল। বাংলা প্রকৃতিকে ঘিরে কবির এই আবেগ, ভালোবাসা যে এক জনমের নয়, তাও কবি ব্যক্ত করেছেন। বাংলার নদী, মাঠ, শঙ্খচিল—এদের কাছ থেকে কবির হৃদয় শুধু এ জনমের নয়, বহু যুগ ধরে কথা শিখেছে, স্বপ্ন দেখেছে। শৈশবের দিনগুলিতে বর্তমানে কবি আর নেই; সেই দিনগুলি আজকে আর বাস্তব নয়; কিন্তু সেইসব স্মৃতি কবির মনে স্বপ্ন হয়ে জেগে থাকে; স্বপ্নের মধ্যে কবি শুনতে পান শুকনো পাতা ঝরে যাওয়ার শব্দ, শুনতে পান শালিকের স্বর, দেখতে পান ভাঙা মঠ-মন্দির-দেউল। কবির স্বপ্নে আরও ধরা পড়ে নকশাপেড়ে শাড়ি পরা মেয়েটি, যে হলুদ পাতার মতো রোদের মধ্যে সরে সরে গেছে।

চিরচেনা জলসিড়ি নদীর পাশে জলে নুয়ে পড়া বুনো চালতা গাছও কবির মনে উঁকি দিয়ে যায়। অনেক দিনের পুরোনো এক ডিঙি নৌকো এই নদীর জলে ভেসে থাকে। তার কোনো মালিক কোথাও নেই; নিঃসঙ্গ, একলা হয়ে হিজল গাছের সঙ্গে বাঁধা থাকে। এই গ্রামবাংলা যেন অনাদি, অনন্তকালের পুরোনো। কবিও যেন সেই সুদুরাতীত কাল থেকে বাংলার প্রকৃতিকে ভালোবেসে চলেছেন। কবি মন-প্রাণ দিয়ে ভালোবাসেন এই প্রকৃতিকে তথা এই বাংলাকে।

সমগ্র কবিতা জুড়ে বাংলার দুপুরের রূপ বাত্ময় হয়ে উঠেছে। তাই কবিতাটির বিষয়কেন্দ্রিক নামকরণ সুপ্রযুক্ত।


এই আর্টিকেলে আমরা অষ্টম শ্রেণির বাংলা বিষয়ের ষষ্ঠ পাঠের অন্তর্গত ‘পাড়াগাঁর দু-পহর ভালোবাসি’-এর বিষয়বস্তু নিয়ে আলোচনা করেছি।

আশা করি, আর্টিকেলটি আপনাদের উপকারে আসবে। যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে, তবে আমাদের টেলিগ্রামে যোগাযোগ করুন; আমরা উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করবো। এছাড়া, লেখাটি প্রয়োজনীয় মনে হলে আপনার বন্ধু বা সহপাঠীদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

ব্যাকরণ বিভাগ - সাধু ও চলিত রীতি - অষ্টম শ্রেণি - বাংলা

অষ্টম শ্রেণি বাংলা – ব্যাকরণ বিভাগ – সাধু ও চলিত রীতি

ব্যাকরণ বিভাগ - সমাস - অষ্টম শ্রেণি - বাংলা

অষ্টম শ্রেণি বাংলা – ব্যাকরণ বিভাগ – সমাস

অষ্টম শ্রেণি বাংলা - ব্যাকরণ বিভাগ - ক্রিয়ার কাল ও ক্রিয়ার ভাব

অষ্টম শ্রেণি বাংলা – ব্যাকরণ বিভাগ – ক্রিয়ার কাল ও ক্রিয়ার ভাব

About The Author

Souvick

Tags

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

অষ্টম শ্রেণি বাংলা – ব্যাকরণ বিভাগ – সাধু ও চলিত রীতি

অষ্টম শ্রেণি বাংলা – ব্যাকরণ বিভাগ – সমাস

অষ্টম শ্রেণি বাংলা – ব্যাকরণ বিভাগ – ক্রিয়ার কাল ও ক্রিয়ার ভাব

অষ্টম শ্রেণি বাংলা – ব্যাকরণ বিভাগ – বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া ও অব্যয়

অষ্টম শ্রেণি বাংলা – ব্যাকরণ বিভাগ – বাক্যের ভাব ও রূপান্তর