এই আর্টিকেলে আমরা অষ্টম শ্রেণির বাংলা বিষয়ের ষষ্ঠ পাঠের অন্তর্গত ‘গড়াই নদীর তীরে’-এর বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। এখানে কবির পরিচিতি, কবিতার উৎস, কবিতার পাঠপ্রসঙ্গ, কবিতার সারসংক্ষেপ, কবিতার নামকরণ এবং এর প্রধান বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। এই আর্টিকেলটি আপনাদের ‘গড়াই নদীর তীরে’ কবিতা সম্পর্কে একটি সংক্ষিপ্ত ধারণা দেবে এবং কবিতাটি ভালোভাবে বোঝার ক্ষেত্রে সহায়ক হবে। এ ছাড়া, অষ্টম শ্রেণির পরীক্ষায় এই অধ্যায় থেকে কবি ও কবিতার সারসংক্ষেপ সম্পর্কিত প্রশ্ন আসতে পারে, তাই এই তথ্যগুলো জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কবি পরিচিতি
পল্লিপ্রকৃতি আর পল্লিজীবনের সার্থক রূপকার কবি জসীমউদ্দীন। তাঁর কবিতায় ফুটে উঠেছে গ্রামবাংলার সারল্য আর স্নিগ্ধতা। 1904 খ্রিস্টাব্দে বর্তমান বাংলাদেশের অন্তর্গত ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন কবি জসীমউদ্দীন। তাঁর পিতা আনসারউদ্দীন আহমদ এবং মাতা আমিনা খাতুন। কবি ফরিদপুর জেলায় তাঁর বিদ্যালয় ও কলেজ জীবনের পাঠ শেষ করে চলে আসেন কলকাতায় এবং কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে এম.এ. পাস করে কিছুকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। পরবর্তীকালে পূর্ব পাকিস্তানের তথ্য ও প্রচার বিভাগের লোকসংগীত শাখার প্রধানরূপে অধিষ্ঠিত ছিলেন দীর্ঘ চোদ্দো বছর। 1972 খ্রিস্টাব্দে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে তিনি ডি.লিট. উপাধি লাভ করেন। ছাত্রাবস্থাতেই তাঁর মধ্যে কবিপ্রতিভার স্ফুরণ ঘটে। তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘রাখালী’, যদিও তাঁকে সবচেয়ে খ্যাতি এনে দিয়েছিল তাঁর ‘নকশী কাঁথার মাঠ’ কাব্যটি। এ ছাড়া তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হলো— ‘বালুচর’, ‘সোজনবাদিয়ার ঘাট’, ‘ধানখেত’, ‘মাটির কান্না’, ‘রঙ্গিলা নায়ের মাঝি’, ‘এক পয়সার বাঁশি’, ‘রূপবতী’, ‘গাঙের পার’ প্রভৃতি। তাঁর গদ্যগ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো— ‘ঠাকুরবাড়ির আঙিনায়’, ‘স্মৃতির পট’, ‘বোবা কাহিনি’, ‘যে দেশে মানুষ বড়ো’, ‘হলদে পরীর দেশে’, ‘জার্মানির শহরে বন্দরে’ প্রভৃতি। 1976 খ্রিস্টাব্দের 14 মার্চ কবি জসীমউদ্দীনের জীবনাবসান ঘটে।
উৎস
পাঠ্য ‘গড়াই নদীর তীরে’ কবিতাটি কবি জসীমউদ্দীন রচিত ‘সোজনবাদিয়ার ঘাট’ কাব্যগ্রন্থ থেকে গ্রহণ করা হয়েছে।
বিষয়সংক্ষেপ
পল্লিকবি জসীমউদ্দীন রচিত ‘গড়াই নদীর তীরে’ কবিতায় ফুটে উঠেছে কবির প্রকৃতিপ্রেম। এই কবিতায় চিত্রিত হয়েছে পল্লিপ্রকৃতির এক অসামান্য রূপ। গড়াই নদীর তীরের এক ছোট্ট কুটিরকে ঘিরে রয়েছে প্রকৃতি। প্রকৃতি যেন তার সৌন্দর্যের ডালি উজাড় করে দিয়ে সাজিয়েছে এই শান্তির নীড়কে। গড়াই নদীর তীরের এই কুটির বাঁধা পড়েছে প্রকৃতির মায়ার বন্ধনে, তার ফুল-লতা-পাতার বেষ্টনে। উঠোনের কোণে ফুটে ওঠা বুনো ফুল যেন তাদের হাসি দিয়ে শান্তিতে ভরিয়ে দিচ্ছে এই কুটিরটিকে। আর মাচানের ওপর বেড়ে ওঠা শিমলতা আর লাউ, কুমড়োর ঝাড় এবং তাতে ফুটে ওঠা ফুল যেন এই কুটিরের অঙ্গসজ্জা করেছে। তার নিচে লাল নটে শাক যেন রঙের ঢেউ খেলিয়ে দিয়েছে। আর তার ওপর এই কুটিরের কোনো বধূর মেলে দেওয়া লাল শাড়ি যেন রূপের ঢেউ তুলেছে। সেই রূপের সমুদ্রে মাঝে মাঝে বিচরণ করতে আসে জলচর পাখিরা তাদের সন্তানদের নিয়ে। তারা যেন এঁদো ডোবা থেকে উঠে এসে এই জলসমুদ্রে মেতে ওঠে গানে আর কথায়। গাছে গাছে গান গেয়ে বেড়ায় বনের পাখিরা, তারা এই কুটিরকে মনে করে যেন তাদের মুক্ত বনেরই অংশ। ফলে মানুষদের প্রতি তাদের কোনো ভয় দেখা যায় না। এরই মাঝে উঠোনে শুকাতে থাকে কুটিরবাসীর মটর-মসুর ডাল, কালোজিরা আর ধনে-লঙ্কা-মরিচ। মনে হয় যেন প্রকৃতির এই তরুলতার মাঝে এগুলো দিয়ে কেউ আঙিনায় এঁকে দিয়েছে আলপনা। কবির মনে হয়, এসবের মাঝেই যেন নানা অক্ষরে চিত্রিত হচ্ছে এই কুটিরের এক সুখচিত্র। এই কুটিরের মানুষের জীবনের সমস্ত হাসি-আনন্দই যেন প্রকৃতির এই সৌন্দর্যের মধ্য দিয়ে ব্যক্ত হচ্ছে। এই সুখচিত্র দর্শনে যেন সুদূর আকাশের মেঘেরাও এই কুটিরকে ভালোবেসে তার ওপরে অবস্থান করে নিজেদের রঙিন আভায় একে আরও রঙিন করে তোলে। সব মিলিয়ে এই কুটিরকে কেন্দ্র করে কবি ফুটিয়ে তুলেছেন পল্লিপ্রকৃতির এক অসাধারণ রূপসৌন্দর্য।
নামকরণ
নামকরণ সাহিত্যের এক গুরুত্বপূর্ণ উপাদান। নামকরণের মধ্য দিয়ে পাঠক বিন্দুতে সিন্ধু দর্শনের মতো সাহিত্যটি পাঠ করার আগেই তার বিষয়বস্তু সম্পর্কে খানিকটা ধারণা লাভ করতে পারেন। সাহিত্যে নামকরণ নানা উপায়ে হতে পারে। যথা— চরিত্রকেন্দ্রিক, ঘটনাকেন্দ্রিক, ব্যঞ্জনাধর্মী ইত্যাদি। পল্লিকবি জসীমউদ্দীনের ‘গড়াই নদীর তীরে’ নামক কবিতায় চিত্রিত হয়েছে পল্লিপ্রকৃতির এক অসামান্য চিত্র। গড়াই নদীর তীরের ছোট্ট কুটিরটিকে ঘিরে রয়েছে এক সুন্দর প্রকৃতি। প্রকৃতি যেন তার সৌন্দর্যের ডালি উজাড় করে দিয়ে সাজিয়েছে এই শান্তির নীড়কে। গড়াই নদীর তীরের কুটিরের মানুষের জীবনের সমস্ত হাসি-আনন্দ যেন প্রকৃতির সৌন্দর্যের মধ্য দিয়ে ব্যক্ত হচ্ছে। সেই সুখচিত্র দর্শনে যেন সুদূর আকাশের মেঘেরাও কুটিরটিকে ভালোবেসে তার ওপরে অবস্থান করে, নিজেদের রঙিন আভায় সেই কুটিরকে আরও রঙিন করে তোলে। কবি যে কুটিরকে কেন্দ্র করে পল্লিপ্রকৃতির এক অসাধারণ রূপসৌন্দর্য অঙ্কন করেছেন, সেই কুটিরটি গড়াই নদীর তীরে অবস্থিত। এ কারণে কবিতাটির নামকরণ সার্থক হয়েছে বলে মনে হয়।
এই আর্টিকেলে আমরা অষ্টম শ্রেণির বাংলা বিষয়ের ষষ্ঠ পাঠের অন্তর্গত ‘গড়াই নদীর তীরে’-এর বিষয়বস্তু নিয়ে আলোচনা করেছি। আশা করি, আর্টিকেলটি আপনাদের উপকারে আসবে। যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে, তবে আমাদের টেলিগ্রামে যোগাযোগ করুন; আমরা উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। এ ছাড়া, লেখাটি প্রয়োজনীয় মনে হলে আপনার বন্ধু বা সহপাঠীদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।





Leave a Comment