এই আর্টিকেলে আমরা অষ্টম শ্রেণির বাংলা ব্যাকরণের “নির্মিতি” থেকে “এক শব্দের একাধিক অর্থে প্রয়োগ” নিয়ে আলোচনা করব। এই অংশ অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ অষ্টম শ্রেণির বাংলা পরীক্ষায় এই ধরনের প্রশ্ন নিয়মিত আসে।

নীচে প্রদত্ত শব্দগুলি ভিন্ন ভিন্ন অর্থ দেখিয়ে পৃথক বাক্যে ব্যবহার করো –
নাক –
- সব ব্যাপারে রমেনের নাক গলানো চাই, এই কারণেই কেউ ওকে পছন্দ করে না। (সব ব্যাপারে হস্তক্ষেপ)
- সকলের সামনে ঘুষ খাওয়ার কথাটা ফাঁস হতেই সীতাপতিবাবুর নাক কাটা গেল। (চূড়ান্ত অসম্মান)
- সুবর্ণার এত নাক উঁচু যে, কোনো কিছুই ওর পছন্দ হয় না। (সব কিছুতেই অবজ্ঞা প্রকাশ)
- পঞ্চ ইন্দ্রিয়ের অন্যতম ইন্দ্রিয় হল নাক, যা দিয়ে গন্ধ ও শ্বাস নেওয়া হয়। (অঙ্গ বিশেষ)
কান –
- কান পেতে শোনো, ঠিক শুনতে পাবে। (মন দিয়ে)
- রমেনবাবুর মতো কান পাতলা লোকের রটনায় বিশ্বাস কোরো না। (সত্যি-মিথ্যে যাচাই না করেই বিশ্বাস করে যে)
- মৌসুমীর বাজে কথায় কান দিয়ো না, তোমারই ক্ষতি হবে। (গ্রাহ্য করা)
- মন্টুর মতো কানকাটা লোককে কেউ সহ্য করতে পারে না। (নির্লজ্জ)
- ক্ষেমি ঝিয়ের বাসন চুরির ঘটনাটা রঘু চাকর মনিবের কানে তুলে দিল। (শোনানো)
সাদা –
- কাশেম আলির মতো সাদা মনের মানুষ গোটা ঘটমপুর গ্রামে আর নেই। (সরল)
- সুকন্যাকে সাদা রঙের শাড়িতে দারুণ মানায়। (রং বিশেষ)
- রাজু সাদা কথার মানুষ। (সহজ ও স্পষ্ট)
- শিশুর মন সাদা কাগজের মতো। (অলিখিত)
- বিয়ের কনেকে সাদা হাতে একদম মানায় না। (অলংকার বর্জিত)
কালো –
- কালোবাজারি ব্যবসা করে উজ্জ্বলবাবু কোটি কোটি টাকা কামান। (অনৈতিক ব্যবসা)
- সুকান্ত রায়ের কালো টাকার হদিস পুলিশ পায়নি এখনও। (বেআইনিভাবে আয় করা টাকা)
- প্রফুল্লবাবুর কালো চুলে পাক ধরে গেছে, তবু এখনও চরিত্রের দোষ কাটাতে পারলেন না। (কৃষ্ণবর্ণ)
- তিনজন মানুষ অনৈতিকভাবে পুলিশের গুলিতে মারা যাওয়ায় সাধারণ মানুষ আজ কালো দিন পালন করছে। (শোক দিবস)
লাগা –
- সকাল থেকে কাজে লেগে যেয়ো, তাহলে সন্ধ্যের আগে শেষ করতে পারবে। (নিযুক্ত হওয়া)
- শাড়িটা কিনতে আমার পাঁচশো টাকা লেগেছে। (ব্যয়িত হওয়া)
- শাশুড়ি-বউয়ের মধ্যে ঝগড়া লেগেছে। (বিবাদ বাধা)
- লেগে থাকো, তবেই সরকারি চাকরি পাবে। (একনিষ্ঠভাবে কিছু করা)
- গাড়িটা বাড়ির সামনে লাগাও। (ভিড়াও)
- বন্ধুর পিছনে লাগায় মাস্টারমশাই রাহুলকে শাস্তি দিলেন। (জ্বালাতন করা)
বাঁধা –
- জমি বাঁধা রেখে টাকা ধার নিয়ে সীতেশ্বরবাবু মেয়ের বিয়ে দিয়েছিলেন। (বন্ধক রাখা)
- গরুটা পুকুরের ধারে বাঁধা রয়েছে। (আটক করা)
- অনেক চেষ্টার পর সুকান্ত একটা বাঁধা মাইনের চাকরি পেল। (নির্দিষ্ট)
- গতে বাঁধা জীবন খুব একঘেয়ে। (বৈচিত্র্যহীন)
- বিয়ের পর রাজেশ দমদমে ঘর বাঁধবে। (নির্মাণ করা)
কথা, সোজা, কঠিন শব্দগুলি 5টি ভিন্ন ভিন্ন অর্থে ব্যবহার দেখিয়ে পাঁচটি করে বাক্যরচনা করো (হাতেকলমে) –
কথা –
- গুরুজনদের সঙ্গে কথা কাটাকাটি কোরো না। (তর্কাতর্কি)
- রমেনের বাচ্চাটার মুখে এখনো কথা ফোটেনি। (অর্থযুক্ত শব্দ)
- সুবীরবাবু একাজটা করে দেবেন বলেছেন যখন, নিশ্চিন্ত থাকো, কথার খেলাপ করবেন পণ্ডিতমশাই। (প্রতিশ্রুতি ভঙ্গ)
- ক্ষেন্তি পিসি সুযোগ বুঝে বাবার কাছে রক্তিমদার বিয়ের কথাটা পাড়লেন। (প্রস্তাব উত্থাপন করা)
- রবিবাবু সোজাসাপটা মানুষ, কথার কোনো মারপ্যাঁচ নেই। (কথার জটিলতা)
সোজা –
- জয় নস্কর খুব সোজা লোক নয়। (সরল)
- সোজা কথায় কাজ না হলে অন্য ব্যবস্থা অবশ্যই নিতে হবে। (সহজ পন্থা)
- এরকম বখে গেছে জানতে পারলে রতনবাবু ছেলেকে চাবকে সোজা করবেন। (শায়েস্তা)
- আমার বাড়ির সামনের রাস্তা ধরে সোজা গেলেই আমাদের স্কুল। (বরাবর)
- পিনাকি স্যারের কাছে অঙ্ক খুব সোজা লাগে। (অনায়াসসাধ্য)
কঠিন –
- স্বপনবাবুর স্ত্রী কঠিন হৃদরোগে আক্রান্ত হয়ে গত মাসে পরলোকগমন করেছেন। (দুরারোগ্য)
- চাকরি চলে গিয়ে রমেশ কঠিন সমস্যায় পড়েছে। (সহজে সমাধান করা যায় না এমন)
- পরীক্ষায় অঙ্কে কঠিন প্রশ্ন হওয়ায় সৃষ্টি এবার অঙ্কে পাশ করতে পারেনি। (দুরূহ)
- রতনের কঠিন হৃদয়ে সন্তানদের জন্যও বিন্দুমাত্র মায়ামমতা নেই। (নিষ্ঠুর)
- শাসনের কঠিন বাঁধনে রাজারাম তাঁর পুত্রটিকে মানুষ করছেন। (দৃঢ়)
নীচের ছকটি পূরণ করো (হাতেকলমে) –
| শব্দ | যে অর্থে ব্যবহার করতে হবে | বাক্য |
| অঙ্ক | 1. নাটকের পরিচ্ছেদ 2. সংখ্যাজ্ঞাপক চিহ্ন | 1. পাঁচ অঙ্কের নাটককে পূর্ণাঙ্গ নাটক বলা হয়। 2. চার অঙ্কের বৃহত্তম সংখ্যা হল চারটি নয়। |
| অর্থ | 1. তাৎপর্য 2. প্রয়োজন | 1. কবিতাটির অর্থ বোঝা একটু কঠিন। 2. খামোখা লোকটিকে এত কটু কথা বলার কোনো অর্থ ছিল না। |
| কথা | 1. বিষয় 2. প্রতিশ্রুতি | 1. আজ অনুষ্ঠানে বিনয়বাবু সাহিত্যের কথা আলোচনা করবেন। 2. আমি বাবাকে কথা দিয়েছিলাম শুক্রবারের মধ্যে বাড়ি ফিরে আসব। |
| কাজ | 1. লাভ 2. পরিশ্রম | 1. অন্যের ব্যাপারে মাথা ঘামিয়ে কাজ নেই, নিজের কাজ করো মন দিয়ে। 2. সকাল থেকে কাজ করতে করতে আমি হাঁপিয়ে উঠেছি। |
| জল | 1. স্বচ্ছ পানীয় 2. বিপদ | 1. অতদূর থেকে এসেছে, ওকে একটু জল-টল খেতে দাও। 2. হঠাৎ করে কারখানা বন্ধ হয়ে যাওয়ায় মন্টু ও তার পরিবার একেবারে জলে পড়ে গেল। |
| মন | 1. উদার 2. বিষণ্ণ হওয়া | 1. রতনবাবু খুব বড়ো মনের মানুষ। 2. রীতেশ আজ সারাদিন মন মরা হয়ে বসে আছে। |
| খোলা | 1. মুক্ত 2. সরল | 1. শিশুর যথার্থ বিকাশের জন্য প্রয়োজন খোলা পরিবেশ। 2. রমাপদ খোলা মনের মানুষ। |
| সাদা | 1. সরল 2. অলিখিত | 1. রাহুল খুবই সাদা মনের মানুষ, এত জটিলতা সে বোঝে না। 2. আমাকে একটা সাদা কাগজ দাও, গল্পটা লিখে ফেলি। |
| রাখা | 1. স্থাপন করা 2. বাঁচানো | 1. বইটা টেবিলের উপরে রাখো। 2. রাখে হরি মারে কে! |
নিম্নলিখিত শব্দগুলি কী পদ তা লেখো এবং সেগুলি বিভিন্ন অর্থে প্রয়োগ করে বাক্যরচনা করো –
মন (বিশেষ্য) –
- জামাটা তার খুব মনে ধরেছে। (পছন্দ হওয়া)
- এত রাগ মনে পুষে রেখো না, শরীর খারাপ করবে। (গোপন রাখা)
- অল্প মিষ্টি দিলে পল্টুর মন ওঠে না। (আশা মেটে না)
- যা যা অভিযোগ আছে, মন খুলে বলো। (অকপটে)
- সরষে ইলিশের মন মাতানো গন্ধেই খিদে পেয়ে যায়। (মুগ্ধ করা)
রাখা (ক্রিয়া) –
- মাধ্যমিকে ভালো রেজাল্ট করে সৌভিক তার বাবার নাম রেখেছে। (গৌরব বজায় রাখা)
- ছেলের কী নাম রাখলে? (নাম দেওয়া)
- ওর কাজে চোখ রেখো, ভুল করতে ও ওস্তাদ। (সতর্ক দৃষ্টি দেওয়া)
- এখন পড়া রেখে বাজার যাও। (স্থগিত রাখা)
- কাজটি করে দেবে বলে কথা দিয়েছো যখন, কথা রেখো। (প্রতিশ্রুতি যথার্থ পালন)
জল (বিশেষ্য) –
- আজ সকাল থেকেই জল হচ্ছে। (বৃষ্টি)
- জলই জীবন। (স্বচ্ছ তরলবিশেষ, যা পান করে প্রাণধারণ করা হয়)
- রতনের এত রাগ, মায়ের আদরে সব জল হয়ে গেল। (শান্ত)
- তার এত পরিশ্রম সব জলে গেল। (পণ্ড)
- অঙ্কটি জলের মতো সোজা। (খুবই সহজ)
অঙ্ক (বিশেষ্য) –
- জ্যোতির্বিজ্ঞানীরা অঙ্ক কষে পৃথিবী থেকে সূর্য, চন্দ্রের দূরত্ব নির্ণয় করেন। (হিসাব)
- রীমা অঙ্কে খুবই কাঁচা। (গণিত)
- শিশুকালে মাতৃ অঙ্কই প্রধান আশ্রয় শিশুর। (কোল)
- ঘটনাটিকে আমি কিছুতেই অঙ্কে মেলাতে পারছি মহাশয়া। (অনুমান)
মাথা (বিশেষ্য) –
- সমীরবাবু আদর দিয়ে দিয়ে নাতিটার মাথা খেয়ে ফেলেছেন। (নষ্ট করা)
- বাবাইয়ের অঙ্কে মাথা আছে। (মেধাবী)
- আমাদের পরিবারের মাথা আমার ঠাকুরদা। (কর্তা)
- মাথা ঠান্ডা করে পরীক্ষা দিয়ো, অবশ্যই ভালো ফল হবে। (শান্ত হয়ে)
- কোনো কঠিন পরিস্থিতির সামনেই কাশেম আলি মাথা নোয়ায় না। (হার স্বীকার)
- অন্যের ব্যাপারে যত কম মাথা ঘামাবে ততই ঝামেলা কমবে। (হস্তক্ষেপ করা)
মুখ (বিশেষ্য) –
- সন্তোষ এ বছর মাধ্যমিকে তাদের স্কুলের মুখ রাখবে মনে হচ্ছে। (গৌরব বৃদ্ধি)
- সুমনের আজ সারাদিন মুখ ভার। (বিষণ্ণ)
- ছেলেটি খুবই মুখচোরা স্বভাবের। (লাজুক)
- বড়ো মুখ করে চিন্ময়ের মা ছেলের রেজাল্ট নিতে এসেছিলেন। (আশা করে)
- রতন রায়কে আগে চুপ করাও, উনি মুখ খুললেই বিপদ। (বলতে শুরু করা)
তোলা (ক্রিয়া) –
- গুন্ডাদের তোলা আদায়ের চোটে পাড়ার দোকানিরা বিরক্ত। (জোর জবরদস্তিপূর্বক টাকা আদায়)
- মাসের পর মাস লোকসানের কারণে শিকদারবাবু চালের ব্যবসা তুলে দিলেন। (ব্যবসা বন্ধ করা)
- তার এত অপমান আমি ভুলিনি, সব তোলা আছে মনে। (স্মৃতিতে রাখা)
- আমার মা গ্রামের বাড়িতে তোলা উনুনে রান্না করতেন। (স্থানান্তরিত করা যায় এমন উনুন)
- রীতমদের বাড়িতে জলের কল না থাকায় তোলা জলে রান্না করতে হয়। (সংগ্রহ করে রাখা)
গা (বিশেষ্য) –
- রবিবার গা এলিয়ে আয়েশ করতে আমার দারুণ লাগে। (আলসেমি করে)
- আগেকার দিনে বিপ্লবীদের বেশিরভাগ সময়টাই গা ঢাকা দিয়ে থাকতে হত পুলিশের ভয়ে। (আত্মগোপন করে)
- বাবা অত অপমান করা সত্ত্বেও পৃথা গায়েই মাখল না। (গ্রাহ্য করা)
- একটু গা করে কাজ না করলে কাজটা শেষ হতে বহুদিন সময় লাগবে। (গরজ করে)
- মা রীতমকে তার ছোট্ট ছেলের গায়ে হাত তুলতে বারণ করে গিয়েছিলেন। (প্রহার)
দেখা (ক্রিয়া) –
- মাস্টারমশাই তাদের দেখাদেখি করে লিখতে বারণ করলেন। (নকল করা)
- ডাক্তার সীমার নাড়ি দেখলেন। (পরীক্ষা করা)
- আর দেখো না, যে চাকরি পেয়েছো সেটাকেই মন দিয়ে করার চেষ্টা করো। (চেষ্টা করা)
- বিকেল চারটে পর্যন্ত দ্যাখো, সে হয়তো আসতেও পারে। (অপেক্ষা করো)
- এবার পথ দ্যাখো, নইলে পুলিশ ডাকতে বাধ্য হব। (চলে যাও)
খাওয়া (ক্রিয়া) –
- হঠাৎ মা মারা যাওয়ায় সুমন্ত বড়োসড়ো ধাক্কা খেল। (শোকাহত)
- ফেল করায় নন্টু মায়ের কাছে খুব মার খেয়েছে। (প্রহৃত হওয়া)
- চুরির অপরাধে চাকরটি মনিবের কাছে গলাধাক্কা খেল। (অপমানিত হওয়া)
- সিদ্ধেশ্বরবাবু ঘুষ খেয়ে তিনটে বাড়ি, দুটি গাড়ি করে ফেলেছেন। (উৎকোচ গ্রহণ)
- কাদা রাস্তায় চলতে গিয়ে রত্না আছাড় খেল। (পড়ে যাওয়া)
এই আর্টিকেলে আমরা অষ্টম শ্রেণির বাংলা ব্যাকরণের “নির্মিতি” থেকে “এক শব্দের একাধিক অর্থে প্রয়োগ” নিয়ে আলোচনা করেছি। এই অংশটি অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ অষ্টম শ্রেণির বাংলা পরীক্ষায় এই ধরনের প্রশ্ন নিয়মিত আসে। আশা করি এই আর্টিকেলটি আপনাদের উপকারে এসেছে। যদি আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকে, তবে টেলিগ্রামে আমার সঙ্গে যোগাযোগ করুন। আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা সর্বদা প্রস্তুত। ধন্যবাদ।





Leave a Comment