আমরা আমাদের এই আর্টিকেলে অষ্টম শ্রেণির ভূগোলের তৃতীয় অধ্যায় ‘শিলা’ থেকে কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করবো। এই প্রশ্নগুলো অষ্টম শ্রেণির স্কুল পরীক্ষার পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতামূলক (চাকরির) পরীক্ষার জন্যও অত্যন্ত সহায়ক।
সমসত্ত্ব (Homogeneous) ও অসমসত্ত্ব (Hetero-geneous) মিশ্রণ বলতে কী বোঝো?
সমসত্ত্ব – যে মিশ্রণে উপাদানগুলো সব জায়গায় সমান অনুপাতে থাকে, তাকে সমসত্ত্ব (Homogeneous) মিশ্রণ বলে।
অসমসত্ত্ব – যে মিশ্রণে উপাদানগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুপাতে থাকে, তাকে অসমসত্ত্ব (Heterogeneous) মিশ্রণ বলে।
পেট্রোলজি (Petrology) কী?
গ্রিক শব্দ ‘পেট্রো’ (Petro) অর্থ ‘শিলা’ এবং ‘Logy’ অর্থ বিজ্ঞান। পেট্রোলজি হল বিজ্ঞানের সেই বিশেষ শাখা যেখানে শিলা ও তার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয়।
মিনারেলজি (Mineralogy) কী?
মিনারেলজি হল বিজ্ঞানের সেই শাখা যেখানে খনিজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
শিলা কয় প্রকার ও কী কী?
উৎপত্তি অনুসারে শিলাকে প্রধান তিন ভাগে ভাগ করা হয়। যথা –
- আগ্নেয় শিলা (ব্যাসল্ট, গ্রানাইট)।
- পাললিক শিলা (বেলেপাথর, কাদাপাথর)।
- রূপান্তরিত শিলা (মার্বেল, স্লেট)।
নিঃসারী আগ্নেয় শিলা (Extrusive Rock) কাকে বলে?
নিঃসারী আগ্নেয় শিলা (Extrusive Igneous Rock) – ভূ-অভ্যন্তরের তাপ ও চাপের তারতম্যের ফলে উত্তপ্ত তরল ম্যাগমা ভূত্বকে আগ্নেয়গিরি বা ফাটলের মধ্যে দিয়ে ভূপৃষ্ঠে লাভারূপে নির্গত হয়। শীতল বায়ুর সংস্পর্শে এই লাভা দ্রুত শীতল ও কঠিন হয়ে যে শিলার সৃষ্টি করে, তাকে নিঃসারী আগ্নেয়শিলা বলে। উদাহরণ – ব্যাসল্ট। খুব দ্রুত জমাট বাঁধে বলে এর দানাগুলো খুব সূক্ষ্ম হয়।
উদবেধী আগ্নেয় শিলা (Intrusive Rock) কাকে বলে?
উদ্বেধী আগ্নেয় শিলা (Intrusive Igneous Rock) – ভূগর্ভস্থ ম্যাগমা অনেক সময় ভূপৃষ্ঠে পৌঁছাতে না পেরে ভূ-অভ্যন্তরের ফাটলের মধ্যে সঞ্চিত হয় এবং ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে যে শিলার সৃষ্টি করে, তাকে উদ্বেধী আগ্নেয় শিলা বলে। ধীরে ধীরে জমাট বাঁধে বলে কণাগুলি বড়ো আকৃতির হয়। উদাহরণ – গ্রানাইট।
শিলার সচ্ছিদ্রতা (Porosity) বলতে কী বোঝো?
শিলা ছোটো, বড়ো নানা কণায় গঠিত। ফলে, কণাগুলির মধ্যে ফাঁক থাকে। কোনো নির্দিষ্ট পরিমাণ শিলার মোট আয়তন এবং ওই শিলার মধ্যের ফাঁকা স্থানের শতকরা অনুপাতকে সচ্ছিদ্রতা বলে। সচ্ছিদ্রতার পরিমাণ বেশি হলে ওই শিলার ভৌমজলের ভাণ্ডার গড়ে ওঠে। কাদামাটির সচ্ছিদ্রতা বেশি।
উপপাতালিক শিলা (Hypabyssal Rock) কাকে বলে?
উপপাতালিক শিলা (Hypabyssal Rock) – যেসব উদ্বেধী শিলা ভূপৃষ্ঠের খুব কাছাকাছি ম্যাগমা জমাটবদ্ধ হয়ে সৃষ্টি হয়, তাকে উপপাতালিক শিলা বলে। অতি দ্রুত শীতল ও জমাটবদ্ধ হয় বলে এই প্রকার শিলার কণাগুলি অপেক্ষাকৃত সূক্ষ্ম আকৃতির হয়। উদাহরণ – পরফাইরি, ডোলেরাইট।
পাতালিক শিলা (Plutonic Rock) কাকে বলে?
পাললিক শিলার ইংরেজি প্রতিশব্দ Sedimentary Rock যা ল্যাটিন শব্দ ‘Sedimentum’ থেকে এসেছে যার অর্থ হল ‘অধঃক্ষেপণ’। পাললিক শিলা কথাটি এসেছে ‘পলি’ বা ‘পলল’ থেকে। পৃথিবীপৃষ্ঠের আগ্নেয় শিলা, রূপান্তরিত শিলা বিভিন্ন প্রাকৃতিক শক্তির ঘাত-প্রতিঘাতে অতি সূক্ষ্ম শিলাকণায় পরিণত হয়, যা পুনরায় সমুদ্রগর্ভ বা বিশাল জলাশয়ে নদী, হিমবাহ বা বায়ু দ্বারা বাহিত হয়ে আয়তন ও ভর অনুযায়ী স্তরে স্তরে সজ্জিত হয়ে যে শিলার সৃষ্টি করে, তাকে পাললিক শিলা বলে। উদাহরণ – বেলেপাথর, কাদাপাথর।
শিলার প্রবেশ্যতা (Permeability) বলতে কী বোঝো?
শিলার প্রবেশ্যতা বলতে শিলার মধ্যে দিয়ে তরল বা গ্যাসীয় পদার্থের সঞ্চালন বা প্রবেশ করার ক্ষমতাকে বোঝায়। বেলেপাথর ও চুনাপাথরের প্রবেশ্যতা বেশি বলে জলধারণ ক্ষমতা কম। আবার, স্লেট অপ্রবেশ্য শিলা, তাই জলধারণ ক্ষমতা বেশি।
স্তরায়ণ তল (Bedding Plane) কাকে বলে?
সমুদ্র, হ্রদ বা নদীর তলদেশে পলি স্তরে স্তরে সঞ্চিত হয়ে পাললিক শিলা সৃষ্টি হয় বলে একে স্তরীভূত শিলা বলে। পাললিক শিলার এই স্তরগুলি একটি অপরটির সঙ্গে যে তলে মিলিত হয় সেই সংযোগ তলকে স্তরায়ণ তল (Bedding Plane) বলে। স্তরায়ণ তলে জীবাশ্ম দেখা যায়।
সংঘাত শিলা (Clastic Rock) কাকে বলে?
গ্রিক শব্দ ‘Clastic’ কথার অর্থ ‘ভগ্ন’। বিভিন্ন প্রাকৃতিক শক্তির (জল, বায়ুপ্রবাহ, নদী প্রভৃতি) প্রভাবে আগ্নেয় ও পাললিক শিলা চূর্ণবিচূর্ণ হয়ে পলিতে পরিণত হয় এবং সেই পলি সঞ্চিত হয়ে যে পাললিক শিলা সৃষ্টি হয়, তার নাম সংঘাত শিলা। এক্ষেত্রে শিলার রাসায়নিক ধর্মের কোনো পরিবর্তন হয়্টা না। যেমন – বেলেপাথর, কাদাপাথর প্রভৃতি।
অসংঘাত শিলা (Non-Clastic Rock) কাকে বলে?
যান্ত্রিক বিচূর্ণন ব্যতিরেকে অর্থাৎ, সংঘাত ভিন্ন অন্য কোনো উপায়ে (রাসায়নিক ও জৈব) যেসব পাললিক শিলার সৃষ্টি হয়, তাকে অসংঘাত শিলা বলে। যেমন – ডলোমাইট, জিপসাম, চক প্রভৃতি।
কার্স্ট ভূমিরূপ (Karst Topography) বলতে কী বোঝো?
জার্মান শব্দ ‘Karst’-এর অর্থ ‘উন্মুক্ত প্রস্তরক্ষেত্র’। চুনাপাথরযুক্ত অঞ্চলে জলের দ্রবণ কার্যের ফলে যে বৈচিত্র্যময় ভূমিরূপ গড়ে ওঠে, তা কার্স্ট ভূমিরূপ নামে পরিচিত। উদাহরণ – কুমায়ুন হিমালয় অঞ্চলে কার্স্ট ভূমিরূপ দেখা যায়।
গ্রানাইট শিলা চিক্চিক্ করে কেন?
গ্রানাইট শিলা কোয়ার্টজ, মাইকা, ফেল্ডস্পার ও হর্নব্লেন্ড খনিজ দ্বারা গঠিত। এর মধ্যে মাইকা অত্যন্ত মসৃণ ও চকচকে। তাই গ্রানাইট শিলায় আলো পড়লে চিকচিক করে।
পেনসিলের শিষ কোন্ শিলা দিয়ে তৈরি এবং এই শিলা কী ধরনের?
পেনসিলের শিষ গ্রাফাইট শিলা দিয়ে তৈরি। গ্রাফাইট একটি রূপান্তরিত শিলা। পিট কয়লা (পাললিক শিলা) অত্যধিক তাপে রূপান্তরিত হয়ে গ্রাফাইটে পরিণত হয়।
মোহ স্কেল (Moh Scale) কী?
খনিজের কাঠিন্য মাত্রা পরিমাপের স্কেলকে মোহ স্কেল বলে। এই স্কেলের মান 1-10 পর্যন্ত হয়। 1 মাত্রাযুক্ত কোমলতম খনিজটি হল ট্যাল্ক (Talc) এবং 10 মাত্রাযুক্ত কঠিনতম খনিজটি হল হিরে।
রেগোলিথ কাকে বলে?
আবহবিকারের ফলে মূল শিলার ওপর বিচূর্ণীভূত শিলার যে আস্তরণ সৃষ্টি হয়, তাকে রেগোলিথ বলে। এটি মৃত্তিকা গঠনের প্রাথমিক পর্ব। পরবর্তীকালে এর সঙ্গে আণুবীক্ষণিক জীব, মৃত উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ মিশে মৃত্তিকার সৃষ্টি হয়।
জীবন্ত জীবাশ্ম (Living Fossil) কাকে বলে?
অতীতে উৎপত্তি লাভ করলেও পরিবেশ পরিবর্তনের সঙ্গে সঙ্গে নিজেদের অভিযোজন অর্থাৎ, পরিবর্তন ঘটিয়ে কিছু কিছু জীব আজও পৃথিবীতে বেঁচে আছে কিন্তু তাদের সমসাময়িক জীবদের অবলুপ্তি ঘটেছে, এদের জীবন্ত জীবাশ্ম বলে। যেমন – উত্তর আমেরিকার পূর্ব উপকূলের রাজ কাঁকড়া, নিউজিল্যান্ডের মেরুদণ্ডী প্রাণী তুয়াতারা ইত্যাদি।
হিমালয় পর্বতমালা কোন্ শিলায় গঠিত এবং কেন?
ভারত তথা বিশ্বের সর্বোচ্চ পর্বতমালা হিমালয় মূলত পাললিক শিলায় গঠিত। কারণ, বহুকাল পূর্বে টেথিস নামক অগভীর সমুদ্রে পলি জমে জমে পাললিক শিলার সৃষ্টি হয়। পরবর্তীকালে এই সমুদ্রের দুই দিকের ভূখণ্ডের (পাত) পার্শ্বচাপে ওই পাললিক শিলা ভাঁজপ্রাপ্ত হয়ে ওপরে উঠে এসে হিমালয় নামক ভঙ্গিল পর্বতের রূপ নিয়েছে।
নিঃসারী শিলার দানাগুলি উদ্বেধী শিলার দানার থেকে ছোটো হয় কেন? অথবা, ব্যাসল্ট শিলার দানা গ্রানাইট শিলার তুলনায় সূক্ষ্ম হয় কেন?
নিঃসারী শিলা ভূপৃষ্ঠের শীতল বাতাসের সংস্পর্শে এসে খুব দ্রুত জমাট বেঁধে গঠিত হয় বলে এর দানাগুলি খুব ছোটো বা সূক্ষ্ম হয়। যেমন – ব্যাসল্ট। পক্ষান্তরে উদ্বেধী শিলা ভূপৃষ্ঠের নীচে অত্যন্ত ধীরে ধীরে জমাট বাঁধতে থাকে বলে এর দানাগুলি নিঃসারী শিলার তুলনায় বড়ো হয়। যেমন – গ্রানাইট।
শিলা খনিজ দ্বারা গঠিত। বলো তো খনিজ কী দ্বারা গঠিত?
খনিজ একটি নির্দিষ্ট মৌলিক পদার্থ হতে পারে (যেমন – হিরে), আবার অনেক মৌল পদার্থ দিয়ে গঠিত যৌগিক পদার্থও হতে পারে। প্রকৃতির বেশিরভাগ খনিজ সিলিকন, অক্সিজেন, লোহা, অ্যালুমিনিয়াম, ম্যাগনেশিয়াম, ক্যালশিয়াম, সোডিয়াম ও পটাশিয়াম – এই আটটি মৌল দিয়ে গঠিত।
কোন্ জলবায়ুতে মাটি দ্রুত গঠিত হয় এবং কেন? – তা ব্যাখ্যা করো।
সাধারণত উষ্ণ-আর্দ্র জলবায়ুতে মাটির গঠন দ্রুত প্রক্রিয়ায় হয়। কারণ, এই জলবায়ুতে রাসায়নিক আবহবিকার বেশি হয় বলে শিলা দ্রুত বিয়োজিত ও পরিবর্তিত হয়; এই জলবায়ুতে প্রচুর উদ্ভিদ জন্মায় বলে হিউমাস সৃষ্টি হয়; জীবাণুর সংখ্যা অধিক বলে মৃত উদ্ভিদ ও জীবের দেহ দ্রুত পচে গিয়ে মাটির গঠন ত্বরান্বিত হয়।
মাটি (Soil) কাকে বলে?
দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রাকৃতিক পরিবেশে ভৌত, রাসায়নিক ও জৈবিক প্রক্রিয়ার দ্বারা আদি বা জনক শিলার পরিবর্তন ঘটে ভূপৃষ্ঠের সমান্তরালে জৈব ও অজৈব পদার্থসমৃদ্ধ যে পাতলা বা পুরু ভঙ্গুর আবরণী বা স্তরের সৃষ্টি হয়, যা উদ্ভিদ জন্মানোর পক্ষে আদর্শ, তাকে মাটি বা মৃত্তিকা (Soil) বলে। যেমন – পলিমাটি, ল্যাটেরাইট মাটি ইত্যাদি।
হিউমাস কাকে বলে?
মাটির মধ্যস্থ জীবাণু দ্বারা মৃত উদ্ভিদ বা প্রাণীর দেহাবশেষ পচন ক্রিয়ার দ্বারা ধীরে ধীরে পরিবর্তিত হয়ে যে কালো বর্ণের জটিল কলয়েড পদার্থ সৃষ্টি হয়, তাকে হিউমাস বলে। পরবর্তী সময়ে হিউমাস খনিজ পদার্থে রূপান্তরিত হয়ে মাটিতে মিশে যায়। যে মাটিতে হিউমাস বেশি থাকে, সেই মাটি খুব উর্বর হয় এবং এর জলধারণ ক্ষমতাও বেশি থাকে।
আমরা আমাদের আর্টিকেলে অষ্টম শ্রেণির ভূগোলের তৃতীয় অধ্যায় ‘শিলা’ থেকে কিছু ‘সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর’ নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলি স্কুল পরীক্ষা বা চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে।
আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবো। আপনার প্রিয়জন বা বন্ধুদের যাদের এই নোটসগুলো প্রয়োজন হতে পারে, তাদের সাথে পোস্টটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ!





Leave a Comment