আমরা আমাদের এই আর্টিকেলে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের (WBBSE) অষ্টম শ্রেণির ভূগোলের অষ্টম অধ্যায় ‘ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক’ থেকে কিছু গুরুত্বপূর্ণ ‘সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর’ নিয়ে আলোচনা করবো। এই প্রশ্নগুলো অষ্টম শ্রেণির স্কুলের ভূগোল পরীক্ষার জন্য এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক বা চাকরির পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অষ্টম শ্রেণির ভূগোল অষ্টম অধ্যায় প্রশ্ন ও উত্তর: ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক
প্রতিবেশী দেশ কাকে বলে?
আমাদের বাড়ির চারপাশে যারা থাকে, তাদেরকে আমরা যেমন প্রতিবেশী বলি, ঠিক তেমনি কোনো একটি দেশের আন্তর্জাতিক সীমানায় যেসব স্বাধীন দেশ বা রাষ্ট্র অবস্থান করে, তাদের প্রতিবেশী দেশ বলা হয়। প্রতিবেশী দেশগুলি প্রধানত পরস্পরের মধ্যে সুসম্পর্ক প্রতিষ্ঠা, শিক্ষা-সংস্কৃতি-বিজ্ঞান-প্রযুক্তি আদান-প্রদান, ব্যবসা-বাণিজ্যের প্রসার, অর্থনৈতিক উন্নয়ন, রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষা করার জন্য সদা সচেতন থাকে।
ভারতের প্রতিবেশী দেশগুলির নাম লেখো।
ভারতের প্রতিবেশী দেশগুলির নাম হল – 1. চিন, 2. নেপাল, 3. ভুটান, 4. পাকিস্তান, 5. আফগানিস্তান, 6. বাংলাদেশ, 7. মায়ানমার, 8. শ্রীলঙ্কা ও 9. মালদ্বীপ।
প্রতিবেশী দেশগুলি কোনটি ভারতের কোন্ দিকে আছে?
ভারতের রাজনৈতিক মানচিত্র দেখলে দেখা যাবে –
- ভারতের উত্তর দিকে রয়েছে চিন, নেপাল ও ভুটান।
- উত্তর-পশ্চিম দিকে আছে আফগানিস্তান ও পাকিস্তান।
- দক্ষিণে রয়েছে শ্রীলঙ্কা, মালদ্বীপ।
- পূর্বে আছে বাংলাদেশ, মায়ানমার।
কোন্ কোন্ প্রতিবেশী দেশগুলির সঙ্গে ভারতের স্থলভাগের সীমানা রয়েছে?
ভারতের সঙ্গে স্থলভাগের সীমানা রয়েছে এমন প্রতিবেশী দেশগুলি হল – 1. চিন, 2. নেপাল, 3. ভুটান, 4. বাংলাদেশ, 5. মায়ানমার, 6. পাকিস্তান ও 7. আফগানিস্তান।
আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ কোন্ তিনটি প্রতিবেশী দেশের সীমান্তে অবস্থিত?
বাংলাদেশ, নেপাল ও ভুটান – এই তিনটি প্রতিবেশী দেশের সীমান্তে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ অবস্থিত।
ভারতের এমন দুটি প্রতিবেশী দেশের নাম করো, যারা সার্ক-এর সদস্য দেশ নয়।
সার্ক-এর সদস্য দেশ নয়, এমন দুটি প্রতিবেশী দেশ হল – চিন ও মায়ানমার।
নেপাল ও ভুটানের সঙ্গে ভারতের কোন্ কোন্ রাজ্যের সীমানা স্পর্শ করে আছে?
নেপালের সঙ্গে স্পর্শ করে আছে উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও সিকিম।
ভুটানের সঙ্গে স্পর্শ করে আছে সিকিম, পশ্চিমবঙ্গ, আসাম ও অরুণাচল প্রদেশ।
পশ্চিমবঙ্গ ছাড়া আর কোন্ কোন্ রাজ্যের সীমানা বাংলাদেশকে স্পর্শ করে আছে?
পশ্চিমবঙ্গ ছাড়া আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম রাজ্যের সীমানা বাংলাদেশকে স্পর্শ করে আছে।
পাকিস্তানের সঙ্গে ভারতের কোন্ কোন্ রাজ্যের সীমানা স্পর্শ করে আছে?
পাকিস্তানের সঙ্গে ভারতের জম্মু ও কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান ও গুজরাট রাজ্যের সীমানা স্পর্শ করে আছে।
চিন ও আফগানিস্তানের সঙ্গে ভারতের কোন্ কোন্ রাজ্যের সীমানা স্পর্শ করে আছে?
জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম ও অরুণাচল প্রদেশ রাজ্যের সীমানা চিন দেশের সঙ্গে স্পর্শ করে আছে।
আফগানিস্তান কেবল জম্মু ও কাশ্মীর রাজ্যের সীমানা স্পর্শ করে আছে।
নেপালের প্রধান কৃষিজ ফসলগুলির নাম লেখো।
নেপালের প্রধান কৃষিজ ফসলগুলি হল –
- খাদ্য ফসল – ধান, গম, ভুট্টা, জোয়ার, তৈলবীজ প্রভৃতি।
- অর্থকরী ফসল – পাট, আখ, তামাক প্রভৃতি।
- ফল – কমলালেবু, আনারস প্রভৃতি।
শ্রীলঙ্কাকে কেন ‘দারুচিনি দ্বীপ’ বলা হয়?
শ্রীলঙ্কার অনুকূল ভৌগোলিক বা প্রাকৃতিক পরিবেশ (উষ্ণতা, বৃষ্টিপাত, মৃত্তিকা, ভূমির ঢাল প্রভৃতি)-এর ওপর ভিত্তি করে এখানে প্রচুর মশলা যেমন – লবঙ্গ, এলাচ, দারুচিনি, জায়ফল চাষ হয়। শ্রীলঙ্কার দক্ষিণ-পশ্চিম উপকূলে বালুকা মিশ্রিত ল্যাটেরাইট মৃত্তিকায় সবচেয়ে বেশি দারুচিনির চাষ হয়, তাই শ্রীলঙ্কাকে ‘দারুচিনি দ্বীপ’ বলা হয়।
নেপালের প্রধান প্রধান শিল্পগুলির নাম লেখো।
নেপালের প্রধান প্রধান শিল্পগুলি হল – পর্যটন শিল্প, কাগজ শিল্প, চর্ম শিল্প, সুতিবস্ত্র শিল্প, পাট শিল্প, চিনি শিল্প, দেশলাই শিল্প প্রভৃতি।
নেপালের প্রধান চারটি শহরের নাম লেখো।
নেপালের প্রধান চারটি শহর হল – 1. কাঠমাণ্ডু, 2. পোখরা, 3. কপিলাবস্তু, 4. বিরাটনগর।
ভুটানের প্রধান কৃষিজ ফসলগুলির নাম লেখো।
ভুট্টা ভুটানের প্রধান কৃষিজ ফসল। এ ছাড়া এখানে গম, যব, বার্লি, আলু, বড়ো এলাচ প্রভৃতি চাষ হয়। এখানে কমলালেবু, আপেল, আনারস প্রভৃতি ফল প্রচুর পরিমাণে চাষ হয়।
ভুটানের প্রধান শিল্পগুলির নাম লেখো।
ভুটানের প্রধান শিল্পগুলি হল – কাষ্ঠ শিল্প, সিমেন্ট শিল্প, ফল প্রক্রিয়াকরণ শিল্প (জ্যাম, জেলি, আচার, স্কোয়াশ তৈরি), দেশলাই শিল্প প্রভৃতি।
বাংলাদেশের প্রধান কৃষিজ ফসলগুলির নাম লেখো।
একটি উল্লেখযোগ্য কৃষিভিত্তিক দেশ হল বাংলাদেশ। বাংলাদেশের প্রধান কৃষিজ ফসলগুলি হল –
- খাদ্য ফসল – ধান, গম, ভুট্টা, জোয়ার, আলু, তৈলবীজ প্রভৃতি।
- অর্থকরী ফসল – পাট, চা, কার্পাস, আখ, তামাক প্রভৃতি।
বাংলাদেশের প্রধান কৃষিভিত্তিক শিল্পগুলির নাম লেখো।
বাংলাদেশের প্রধান কৃষিভিত্তিক শিল্পগুলি হল – পাট শিল্প, চা শিল্প, বস্ত্র শিল্প, চিনি শিল্প প্রভৃতি।
বাংলাদেশের কয়েকটি প্রধান শহরের নাম লেখো।
বাংলাদেশের কয়েকটি প্রধান শহরের নাম হল – ঢাকা, চট্টগ্রাম, খুলনা, শ্রীহট্ট, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, বরিশাল, যশোহর, রাজশাহী, সিরাজগঞ্জ প্রভৃতি।
বার্মাটিক কী?
মায়ানমারে প্রচুর সেগুন গাছ দেখা যায়। এগুলি মায়ানমারের অত্যন্ত মূল্যবান সম্পদ। মায়ানমারের মানুষের কাছে এই সেগুন গাছ বার্মাটিক নামে পরিচিত। (মায়ানমারের প্রাচীন নাম ছিল বার্মা বা ব্রহ্মদেশ)।
মায়ানমারের প্রধান 4টি শহরের নাম লেখো।
মায়ানমারের প্রধান চারটি শহর হল – 1. নেপাইদাউ, 2. ইয়াংগন, 3. মৌলমেন, 4. মান্দালয়।
শ্রীলঙ্কার প্রধান 4টি শহরের নাম লেখো।
শ্রীলঙ্কার প্রধান 4টি শহরের নাম – 1. শ্রীজয়বর্ধনেপুরা কোট্টে (পূর্বনাম কলম্বো), 2. কান্ডি, 3. রত্নপুরা, 4. জাফনা।
পাকিস্তানের প্রধান প্রধান শিল্পগুলির নাম লেখো।
পাকিস্তানের প্রধান শিল্পগুলি হল – 1. লৌহ-ইস্পাত শিল্প, 2. সিমেন্ট শিল্প, 3. চিনি শিল্প, 4. কার্পাস বয়ন শিল্প, 5. চর্ম শিল্প, 6. পশম শিল্প, 7. রাসায়নিক শিল্প, 8. জাহাজ নির্মাণ শিল্প, 9. মোটরগাড়ি নির্মাণ শিল্প প্রভৃতি।
পাকিস্তানের কয়েকটি প্রধান শহরের নাম লেখো।
পাকিস্তানের কয়েকটি প্রধান শহর হল – 1. ইসলামাবাদ, 2. লাহোর, 3. পেশোয়ার, 4. করাচি, 5. রাওয়ালপিন্ডি, 6. মুলতান, 7. শিয়ালকোট প্রভৃতি।
আমরা আমাদের আর্টিকেলে অষ্টম শ্রেণির ভূগোলের অষ্টম অধ্যায় ‘ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক’ থেকে কিছু ‘সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর’ নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলো স্কুলের পরীক্ষা বা চাকরির পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ, কারণ পরীক্ষায় এগুলো প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে।
আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা হলে, আপনারা আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। তাছাড়া নিচে আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন, যাদের এটি প্রয়োজন হতে পারে। ধন্যবাদ!





Leave a Comment