আমরা আমাদের আর্টিকেলে অষ্টম শ্রেণির ভূগোলের নবম অধ্যায় ‘উত্তর আমেরিকা’-এর উপবিভাগ ‘উত্তর আমেরিকার হ্রদ অঞ্চল’ থেকে কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘টীকা’ নিয়ে আলোচনা করবো। এই প্রশ্নগুলো অষ্টম শ্রেণির স্কুলের ভূগোল পরীক্ষার জন্য এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অষ্টম শ্রেণির ভূগোল নবম অধ্যায় (উত্তর আমেরিকা): গুরুত্বপূর্ণ টীকা
শিকাগো সম্পর্কে টীকা লেখো।
আমেরিকা যুক্তরাষ্ট্রের ইলিনয় প্রদেশের অন্তর্গত মিচিগান হ্রদের দক্ষিণ-পশ্চিম তীরে অবস্থিত শিকাগো পৃথিবীর বৃহত্তম হ্রদ বন্দর ও আমেরিকা যুক্তরাষ্ট্রের তৃতীয় বৃহত্তম মহানগর। শিকাগোর ও’হেয়ার (O’Hare) পৃথিবীর অন্যতম বৃহত্তম ও ব্যস্ততম আন্তর্জাতিক বিমানবন্দর ও আমেরিকা যুক্তরাষ্ট্রের বৃহত্তম প্রান্তিক রেলওয়ে জংশন। হ্রদের তীরে অবস্থিত হওয়ায় শিকাগোর ওপর দিয়ে সতেজ ও প্রবল বায়ু প্রবাহিত হয়, সেজন্য আমেরিকানরা এই শহরকে ‘হাওয়ার শহর’ (Windy City) বলে। বৃহত্তর শিকাগোর জনসংখ্যা প্রায় 1 কোটি 9 লক্ষ। শিকাগোতে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি কসাইখানা ও মাংস সংরক্ষণকেন্দ্র থাকায় শহরটিকে ‘পৃথিবীর কসাইখানা’ (Slaughter House of the World) বলা হয়। এছাড়াও শিকাগোতে লৌহ-ইস্পাত শিল্প, চর্ম শিল্প, বস্ত্রবয়ন শিল্প, রাসায়নিক, ইঞ্জিনিয়ারিং, বৈদ্যুতিক যন্ত্রপাতি, পশুবধের সরঞ্জাম প্রভৃতি শিল্পের বিকাশ ঘটেছে।

ডেট্রয়েট সম্পর্কে টীকা লেখো।
মার্কিন যুক্তরাষ্ট্রের হ্রদ অঞ্চলের হুরন ও ইরি হ্রদের মধ্যাঞ্চল দিয়ে প্রবাহিত ডেট্রয়েট নদীর তীরে অবস্থিত ডেট্রয়েট শহরটি মিচিগান প্রদেশের বৃহত্তম এবং হ্রদ অঞ্চলের দ্বিতীয় বৃহত্তম শহর ও শিল্প-বাণিজ্যকেন্দ্র। ডেট্রয়েট পৃথিবীর বৃহত্তম ও শ্রেষ্ঠ মোটরগাড়ি নির্মাণ কেন্দ্র। বিশ্ববিখ্যাত মোটরগাড়ি তৈরির কোম্পানিগুলি (যেমন – ফোর্ড, ক্রাইসলার, জেনারেল মোটরস, পন্টিয়াক, ডেমলার প্রভৃতি) এই শহরেই অবস্থান করছে। সেজন্য ডেট্রয়েটকে ‘পৃথিবীর মোটরগাড়ি নির্মাণের শহর’ বলা হয়। বৃহত্তর ডেট্রয়েটের জনসংখ্যা প্রায় 59 লক্ষ। মোটরগাড়ি নির্মাণ ছাড়াও এরোপ্লেন, যুদ্ধাস্ত্র ও ট্যাংক, টায়ার-টিউব, কাচ, রবার, ইস্পাত, ইঞ্জিনিয়ারিং (রেল ও মোটরগাড়ির যন্ত্রাংশ) প্রভৃতি শিল্প এখানে গড়ে উঠেছে।

ডুলুথ সম্পর্কে টীকা লেখো।
ডুলুথ হ্রদ অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ শহর, ব্যবসা-বাণিজ্যকেন্দ্র, শিল্পকেন্দ্র ও উৎকৃষ্ট একটি বন্দর। সুপিরিয়র হ্রদের পশ্চিম তীরে মিনেসোটা রাজ্য ও মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম আকরিক লৌহখনি মেসাবি রেঞ্জের নিকট ডুলুথ একটি শিল্পনগরী। শহরটির ক্ষেত্রমান প্রায় 227 বর্গকিমি এবং বৃহত্তর ডুলুথের জনসংখ্যা প্রায় 2 লক্ষ। এখানে লৌহ-ইস্পাত, পেট্রোলিয়াম শোধনাগার, সিমেন্ট, কাগজ, খাদ্য প্রক্রিয়াকরণ, পশম ও চর্মশিল্প, রাসায়নিক শিল্প, জাহাজ নির্মাণ শিল্প প্রভৃতি শিল্পের প্রসার ঘটেছে।

টুইন সিটি সম্পর্কে টীকা লেখো।
মিসিসিপি নদীর ডানতীরে বা পশ্চিমতীরে অবস্থিত মিনিয়াপোলিস একটি গুরুত্বপূর্ণ শহর ও শিল্প-বাণিজ্যকেন্দ্র। এখানে চর্মশিল্প, ময়দা শিল্প, খাদ্য সংরক্ষণ ও খাদ্য প্রক্রিয়াকরণ, ইঞ্জিনিয়ারিং প্রভৃতি শিল্প গড়ে উঠেছে। অন্যদিকে, মিসিসিপি নদীর বামতীরে বা পূর্বতীরে মিনিয়াপোলিস শহরের ঠিক বিপরীত দিকে সেন্ট পল শহর অপর একটি গুরুত্বপূর্ণ শিল্প-বাণিজ্যকেন্দ্র। “কলকাতা ও হাওড়া” শহর দুটির মতোই মিনিয়াপোলিস ও সেন্ট পল শহর দুটিকেও ‘টুইন সিটি’ (Twin City) বা ‘যমজ শহর’ বলা হয়।

আমরা আমাদের আর্টিকেলে অষ্টম শ্রেণির ভূগোলের নবম অধ্যায় ‘উত্তর আমেরিকা’ এর উপবিভাগ ‘উত্তর আমেরিকার হ্রদ অঞ্চল‘ থেকে কিছু বাছাই করা ‘টীকা’ নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলো অষ্টম শ্রেণির ভূগোল পরীক্ষার জন্য বা চাকরির পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ, কারণ এই প্রশ্নগুলি প্রায়শই পরীক্ষায় আসতে দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে।
আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, সরাসরি আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবো। তাছাড়া নিচে শেয়ার বাটনে ক্লিক করে এই পোস্টটি আপনার প্রিয়জন বা বন্ধুদের সাথে শেয়ার করুন, যাদের এটি প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।





Leave a Comment