অষ্টম শ্রেণি ভূগোল – উত্তর আমেরিকা – উত্তর আমেরিকার হ্রদ অঞ্চল – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

Souvick

আমরা আমাদের আর্টিকেলে অষ্টম শ্রেণির ভূগোলের নবম অধ্যায় ‘উত্তর আমেরিকা’ এর উপবিভাগ ‘উত্তর আমেরিকার হ্রদ অঞ্চল’ থেকে কিছু ‘রচনাধর্মী প্রশ্ন ও উত্তর’ নিয়ে আলোচনা করবো। এই প্রশ্নগুলো অষ্টম শ্রেণির ভূগোল পরীক্ষার জন্য ও বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অষ্টম শ্রেণির ভূগোল: উত্তর আমেরিকার হ্রদ অঞ্চল – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলের ভূপ্রকৃতি ও জলবায়ুর বৈশিষ্ট্যগুলি লেখো।

হ্রদ অঞ্চলের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য –

  • হ্রদ অঞ্চলের সমভূমিটি উত্তর আমেরিকা মহাদেশের উত্তর-পূর্বাংশে অবস্থিত।
  • সমগ্র হ্রদ অঞ্চলটি উত্তর আমেরিকা মহাদেশের ‘মধ্যভাগের সমভূমি’-র অন্তর্ভুক্ত।
  • ভূপ্রকৃতিগত দিক থেকে এটি একটি সমতলভূমি। সমগ্র অঞ্চলটির উচ্চতা কোথাও 180 মিটারের অধিক নয়।
  • অঞ্চলটির স্থানে স্থানে হিমবাহবাহিত নুড়ি, কাঁকর, বালি সঞ্চিত হয়ে সামান্য তরঙ্গায়িতভাবে বিস্তৃত রয়েছে।
  • সুপিরিয়র, মিচিগান, হুরন, ইরি ও অন্টারিও—এই 5টি বৃহৎ হ্রদের দক্ষিণ তীরবর্তী অঞ্চলসমূহ নিয়ে হ্রদ অঞ্চলের সমভূমি গঠিত হয়েছে। এই অঞ্চলটিকে পঞ্চহ্রদ ও সেন্ট লরেন্স নদীবিধৌত সমভূমি বলা হয়।
  • ইরি ও অন্টারিও হ্রদের মাঝখানে পৃথিবীবিখ্যাত নায়াগ্রা জলপ্রপাত সৃষ্টি হয়েছে যা 51 মিটার উঁচু ও 426 মিটার প্রশস্ত।
  • সুপিরিয়রের দক্ষিণ-পশ্চিম অংশ এবং অন্টারিও হ্রদের পূর্বদিকে কানাডিয়ান শিল্ডের সামান্য অংশ সম্প্রসারিত আছে।
  • সমুদ্রপৃষ্ঠ থেকে হ্রদগুলি একই সমতলে অবস্থিত নয়। সমুদ্রপৃষ্ঠ থেকে সুপিরিয়র হ্রদ 183 মিটার, হুরন ও মিচিগান 177 মিটার, ইরি হ্রদ 174 মিটার এবং অন্টারিও হ্রদ 75 মিটার উঁচুতে অবস্থিত।
  • সমগ্র অঞ্চলটি পশ্চিম থেকে পূর্বদিকে ঢালু। হিমবাহের ক্ষয়কার্যের ফলে এরূপ খাড়া ঢাল সৃষ্টি হয়েছে।

হ্রদ অঞ্চলের জলবায়ুর বৈশিষ্ট্য –

  • সামগ্রিক অবস্থা – হ্রদ অঞ্চলের জলবায়ু প্রধানত শীতল নাতিশীতোষ্ণ প্রকৃতির। হ্রদ অঞ্চল সমুদ্র থেকে দূরে মহাদেশের অভ্যন্তরে অবস্থিত, কিন্তু হ্রদগুলির প্রভাবে এই অঞ্চলে গ্রীষ্মকালীন উষ্ণতা চরমভাবাপন্ন হয় না।
  • উষ্ণতা – হ্রদ অঞ্চলে গ্রীষ্মকাল বেশ মনোরম। এখানকার গ্রীষ্মকালীন গড় উষ্ণতা প্রায় 16°C থাকে। শীতকালে শৈত্যপ্রবাহের কারণে তাপমাত্রা হিমাঙ্কের নীচে নেমে যায় (গড় উষ্ণতা -3°C থেকে -13°C)।
  • বৃষ্টিপাত – হ্রদ অঞ্চলে বার্ষিক 70-80 সেমি বৃষ্টিপাত হয়। গ্রীষ্মকালেই সাধারণত অধিক বৃষ্টিপাত হয়।
  • তুষারপাত – হ্রদ অঞ্চলের ওপর দিয়ে শীতকালে উত্তর-পূর্ব মেরু বায়ু প্রবাহিত হয়, ফলে তাপমাত্রা হিমাঙ্কের নীচে নেমে যায়। বৃষ্টিপাতের পরিবর্তে তুষারপাত হয়। এই সময় পঞ্চহ্রদ ও সেন্ট লরেন্স নদীসহ সমস্ত জলাশয় এবং সমগ্র অঞ্চল বরফাবৃত থাকে।
  • উষ্ণতার প্রসর – হ্রদ অঞ্চলের উষ্ণতার প্রসর অর্থাৎ, শীত ও গ্রীষ্মের পার্থক্য (প্রায় 30°C) অনেক বেশি।
হ্রদ অঞ্চল

উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলের খনিজ সম্পদের পরিচয় দাও।

অথবা, হ্রদ অঞ্চলের শিল্প সমৃদ্ধির ক্ষেত্রে খনিজ সম্পদের অবদান কী?
অথবা, হ্রদ অঞ্চলের অর্থনৈতিক সমৃদ্ধির ক্ষেত্রে খনিজ সম্পদের অবদান কী?

আমেরিকা যুক্তরাষ্ট্রের হ্রদ অঞ্চলের প্রধান প্রাকৃতিক সম্পদ হলো ভূগর্ভস্থ খনিজ পদার্থ। হ্রদ অঞ্চল খনিজ সম্পদে অত্যন্ত সমৃদ্ধ। এখানকার বিভিন্ন প্রকার খনিজ সম্পদগুলি হলো –

  • লৌহ আকরিক – হ্রদ অঞ্চলের প্রধান খনিজ সম্পদ হলো লৌহ আকরিক। সমগ্র মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় 80 শতাংশ আকরিক লোহা হ্রদ অঞ্চল থেকে সংগ্রহ করা হয়। উল্লেখযোগ্য আকরিক লোহার খনিগুলি হলো—মেসাবি (যুক্তরাষ্ট্রের বৃহত্তম লৌহ আকরিক খনি), কুইনা, ভারমেলিয়ান, গোজেবিক, মার্কেট প্রভৃতি। এ ছাড়াও পঞ্চহ্রদের তলদেশ থেকে নিম্নমানের ‘বগ আয়রন’ বা ‘টাইটানিয়াম’ সংগ্রহ করা হয়।
  • কয়লা – মিচিগান হ্রদের দক্ষিণ-পশ্চিমে ইলিনয় প্রদেশ থেকে পশ্চিমের কেন্টাকিসহ ইন্ডিয়ানা প্রদেশ পর্যন্ত এক বিস্তীর্ণ এলাকায় উৎকৃষ্ট মানের বিটুমিনাস কয়লা পাওয়া যায়। খনিগুলি হলো—ইলিনয়, ইন্ডিয়ানা, পেনসিলভেনিয়া, ভার্জিনিয়া প্রভৃতি।
  • খনিজ তেল – মিচিগান, ইন্ডিয়ানা, ইলিনয় ও অন্টারিও হ্রদ অঞ্চল থেকে খনিজ তেল উত্তোলন করা হয়।
  • খনিজ লবণ – হ্রদ অঞ্চলের ওহিও, মিচিগান অঞ্চলে খনিজ লবণ পাওয়া যায়।
  • তাম্র আকরিক – হ্রদ অঞ্চলের সুপিরিয়র হ্রদের তীরবর্তী কিউইনাও উপদ্বীপ এবং মিচিগান প্রদেশের মোরেনসি, মায়ামি, গ্লোব প্রভৃতি অঞ্চল থেকে প্রচুর পরিমাণে তাম্র আকরিক উত্তোলিত হয়।
  • অন্যান্য খনিজ আকরিক – হ্রদ অঞ্চলের অন্যান্য খনিজ পদার্থগুলি হলো—চুনাপাথর, ম্যাঙ্গানিজ, জিপসাম, সিসা, দস্তা, নিকেল, কোবাল্ট, অ্যাসবেস্টস প্রভৃতি।
ক্লিভল্যান্ড
মেসাবি খনি

এইসব খনিজ সম্পদকে ভিত্তি করে এখানে অসংখ্য ছোটো-বড়ো শিল্প বিকাশলাভ করেছে। অসংখ্য মানুষ শিল্প কারখানায় জীবিকার সুযোগ পেয়েছে। যেমন—ক্লিভল্যান্ড, শিকাগো, ডুলুথ প্রভৃতি স্থানে লৌহ আকরিকের ওপর ভিত্তি করে লৌহ-ইস্পাত শিল্প গড়ে উঠেছে। ফলস্বরূপ, হ্রদ অঞ্চলে অর্থনৈতিক শ্রীবৃদ্ধি ঘটেছে।

উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলের শিল্পোন্নতির কারণগুলি লেখো।

অথবা, উত্তর আমেরিকার হ্রদ অঞ্চল পৃথিবীর অন্যতম শিল্পোন্নত অঞ্চলে পরিণত হয়েছে কীভাবে?

হ্রদ অঞ্চল কেবলমাত্র আমেরিকা যুক্তরাষ্ট্রের নয়, সমগ্র পৃথিবীর একটি অন্যতম শ্রেষ্ঠ শিল্পাঞ্চল। এই শিল্পাঞ্চলের শিল্পোন্নতির কারণগুলি হলো –

  • ভৌগোলিক অবস্থান – উত্তর আমেরিকা মহাদেশের উত্তর-পূর্ব প্রান্তে আটলান্টিক মহাসাগরের সন্নিকটে, পঞ্চহ্রদ ও সেন্ট লরেন্স নদী অববাহিকায় এই শিল্পাঞ্চল অবস্থিত।
  • খনিজ সম্পদের প্রাচুর্য – হ্রদ অঞ্চলের স্থানীয় পর্যাপ্ত উৎকৃষ্ট লৌহ আকরিক, স্থানীয় ও পার্শ্ববর্তী অঞ্চলের (অ্যাপালেশিয়ান পার্বত্য অঞ্চল, পিটসবার্গ, পশ্চিম ভার্জিনিয়া) উৎকৃষ্ট বিটুমিনাস শ্রেণির কয়লা ও অন্যান্য খনিজ সম্পদের প্রাচুর্য থাকায় হ্রদ অঞ্চলে শিল্পের অভাবনীয় উন্নতি ঘটেছে।
  • পশুজাত ও বনজ কাঁচামাল – হ্রদ অঞ্চলের নিকটবর্তী প্রেইরি তৃণভূমি প্রাণীজ সম্পদ (মাংস, দুধ, চামড়া, পশম, পোলট্রি ফার্মিং) এবং নিকটবর্তী সরলবর্গীয় বনভূমির উৎকৃষ্ট নরম কাঠসহ বিভিন্ন বনজ সম্পদ হ্রদ অঞ্চলের শিল্পোন্নতিতে বিশেষ সহায়তা করেছে।
  • রাসায়নিক দ্রব্যের প্রাচুর্য – হ্রদ অঞ্চলের বিভিন্ন শিল্পকেন্দ্রে উৎপাদিত বিভিন্ন প্রকার রাসায়নিক পদার্থ শিল্পে ব্যবহার করা হয়।
  • জলবায়ু – হ্রদ অঞ্চলের জলবায়ু মনোরম শীতল নাতিশীতোষ্ণ প্রকৃতির, যা শিল্পস্থাপন ও শিল্পের সঙ্গে যুক্ত সকল ব্যক্তির কর্মদক্ষতা বৃদ্ধি করে।
  • পর্যাপ্ত বিদ্যুৎ – স্থানীয় খনিজ তেল ও আমদানিকৃত কয়লা থেকে তাপবিদ্যুৎ এবং হ্রদ অঞ্চলের খরস্রোতা নদনদী ও বিভিন্ন প্রকার জলপ্রপাত (নায়াগ্রা) থেকে উৎপন্ন জলবিদ্যুৎ নানান শিল্পে ব্যবহার করা হয়।
  • উন্নত পরিবহণ – সেন্ট লরেন্স-আটলান্টিক জলপথ, মনুষ্যসৃষ্ট খালপথ, জালের ন্যায় বিন্যস্ত সড়কপথ ও রেলপথ এবং উন্নত বিমানপথ হ্রদ অঞ্চলের শিল্পোন্নতিতে সাহায্য করেছে।
  • নদী ও হ্রদের জল – পঞ্চহ্রদ, সেন্ট লরেন্স, ওহিও, ইলিনয়, মিসিসিপি প্রভৃতি নদীর পর্যাপ্ত ও স্বচ্ছ জল শিল্পের প্রয়োজনীয় জল সরবরাহ করে।
  • মূলধন – হ্রদ অঞ্চলের প্রাচীন ধনশালী ব্যক্তি, ব্যাংক, বিমা কোম্পানিগুলি শিল্পের প্রয়োজনীয় মূলধন সরবরাহ করে।
  • শ্রমিক ও বাজার – হ্রদ অঞ্চল একটি জনবহুল এলাকা, ফলে সুলভ শ্রমিক পাওয়া যায়। স্থানীয় ও বিদেশের বাজারে এখানকার শিল্পজাত পণ্যের প্রচুর চাহিদা আছে।
  • প্রযুক্তিবিদ্যা – অত্যাধুনিক স্বয়ংক্রিয় কলকারখানা ও পরিচালনা ব্যবস্থা, কম্পিউটার নিয়ন্ত্রিত উন্নত কারিগরিবিদ্যা ও দক্ষতা শিল্পের অগ্রগতিতে প্রভাব বিস্তার করে।
  • সরকারি পৃষ্ঠপোষকতা ও বন্দরের নৈকট্য – হ্রদ অঞ্চলে নিত্যনতুন অত্যাধুনিক শিল্পস্থাপনে সরকারি উৎসাহদান, সরকারি নমনীয় শুল্কনীতি ও শিল্পস্থাপনে প্রয়োজনীয় অর্থের সরবরাহ আমেরিকা যুক্তরাষ্ট্রের সরকার সুচারুভাবে সম্পন্ন করে। তা ছাড়া হ্রদ বন্দর ও সামুদ্রিক বন্দরগুলি (শিকাগো, ডুলুথ প্রভৃতি) নিকটস্থ হওয়ায় পণ্যদ্রব্যাদি আমদানি ও রপ্তানিতে বিশেষ সুবিধা হয়।

উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলের কৃষিকাজ ও পশুপালনের সংক্ষিপ্ত বর্ণনা দাও।

হ্রদ অঞ্চলের তরঙ্গায়িত সমতলভূমি অঞ্চলে কৃষিকাজের সঙ্গে পশুপালনও করা হয়। কৃষি ও শিল্পোন্নতির সঙ্গে সঙ্গে স্থানীয় শহর ও শিল্পকেন্দ্রগুলির জনবসতির প্রাণীজ দ্রব্যের (চামড়া, পশম, মাংস, দুধ ও দুগ্ধজাত দ্রব্য) বিপুল চাহিদা থাকায় হ্রদ অঞ্চলে পশুপালনের প্রসার ঘটেছে।

কৃষিকাজ –

  • উত্পাদিত ফসল – হ্রদ অঞ্চলের বিস্তীর্ণ তরঙ্গায়িত ভূমি কৃষিকার্যে বেশ উন্নত। এখানে উৎপাদিত প্রধান ফসলগুলি হলো—ভুট্টা, যব, ওট, রাই, বিট প্রভৃতি। হ্রদ অঞ্চলের তীরবর্তী ঢালু জমিতে বিভিন্ন রকম ফল যেমন—আপেল, আঙুর ও পিচ চাষ হয়। হ্রদ অঞ্চলের দক্ষিণে ভুট্টা চাষ হয় এবং উত্তরাংশে হে, ক্লোভার প্রভৃতি ঘাসও পশুখাদ্য হিসেবে চাষ হয়।
  • কৃষি পদ্ধতি – এখানে প্রধানত শস্যাবর্তন পদ্ধতিতে আধুনিক কৃষি যন্ত্রপাতির মাধ্যমে ব্যাপক কৃষিকাজ প্রথা অবলম্বন করে কৃষিকাজ করা হয়।
ভুট্টা চাষ

পশুপালন –

  • পশুখাদ্য ও পশু – হ্রদ অঞ্চলের দক্ষিণাংশের বিশাল তৃণভূমিতে প্রচুর পশুখাদ্য (হে, ক্লোভার, আলফালফা ও ভুট্টা) চাষ করা হয়। এখানকার চারণক্ষেত্রগুলিতে উন্নত প্রজাতির গবাদিপশু (হলস্টিন, জার্সি, অল্ডারনি, আয়ার শায়ার), মেষ ও শূকর প্রতিপালন করা হয়।
  • পশুপালন পদ্ধতি – হ্রদ অঞ্চলে মাংস এবং দুধ ও দুগ্ধজাত দ্রব্য উৎপাদনের জন্য পশুপালন করা হয়। দুধ ও দুগ্ধজাত দ্রব্য উৎপাদনের জন্য গবাদিপশুকে অত্যন্ত যত্ন সহকারে সুষম খাদ্য দিয়ে পালন করা হয়। অন্যদিকে, মাংস প্রদায়ী পশুগুলির পরিণত বয়স হলে তাদের অল্প তৃণযুক্ত চারণক্ষেত্রে ছেড়ে দেওয়া হয়। এরপর ওই ক্ষুধার্ত পশুগুলিকে 2-3 মাস বিস্তীর্ণ ভুট্টা খেতে ছেড়ে দেওয়া হয়। প্রশস্ত ভুট্টা খেতে অবাধে বিচরণ ও পর্যাপ্ত খাদ্য পেয়ে পশুগুলি হৃষ্টপুষ্ট হয়ে যায়।
  • মাংস ও ডেয়ারি শিল্পকেন্দ্র – পশুজাত দ্রব্যভিত্তিক শিল্পের জন্য হ্রদ অঞ্চল পৃথিবীবিখ্যাত। মাংস উৎপাদন ও সংরক্ষণের জন্য শিকাগো (পৃথিবীর কসাইখানা / Slaughter House of the World), সেন্ট পল, সেন্ট লুই বিখ্যাত। অন্যদিকে, গবাদি পশুপালন ও দুগ্ধজাত দ্রব্য উৎপাদনের জন্য উইসকনসিন রাজ্যকে (সুপিরিয়র ও মিচিগান হ্রদের মধ্যবর্তী) ‘ডেয়ারি রাজ্য’ (Dairy State) বা ‘পশুপালন রাজ্য’ বলা হয়। এ ছাড়াও মিলওয়াকিতে চর্মশিল্প গড়ে উঠেছে।
উইসকনসিন রাজ্যের একটি ডেয়ারি ফার্ম

হ্রদ অঞ্চলের অর্থনৈতিক সমৃদ্ধির ক্ষেত্রে পরিবহণ ব্যবস্থার ভূমিকা লেখো।

উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলের অর্থনৈতিক সমৃদ্ধির ক্ষেত্রে জলপথ, স্থলপথ ও আকাশপথ পরিবহণের ভূমিকা অপরিসীম।

1. জলপথের ভূমিকা – হ্রদ অঞ্চলের পরিবহণের প্রাণকেন্দ্র হলো সেন্ট লরেন্স নদী। এই নদীটি পঞ্চহ্রদ সুপিরিয়র, মিচিগান, হুরন, ইরি ও অন্টারিও-কে পরস্পর যুক্ত করেছে। বিভিন্ন স্থানে ভূমির অসমতার কারণে নদীতে জলপ্রপাত (নায়াগ্রা) সৃষ্টি হওয়ায় বিভিন্ন স্থানে খাল কেটে নৌপরিবহণ ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। যেমন—

ইরি ও অন্টারিও হ্রদের মাঝে নায়াগ্রা জলপ্রপাতকে এড়াতে ওয়েল্যান্ড খাল কাটা হয়েছে।

  • সুপিরিয়র ও হুরন হ্রদের মধ্যে সুখাল, রিড খাল কাটা হয়েছে।
  • 1825 খ্রিস্টাব্দে সেন্ট লরেন্স ও হাডসন নদীর মধ্যে ইরি-বার্জ খাল কাটা হয়েছে। এর ফলে বড়ো বড়ো সামুদ্রিক জাহাজ মহাদেশের অভ্যন্তরে শিকাগো, ডুলুথ প্রভৃতি বন্দরে সহজেই যাতায়াত করতে পারে।
  • 1832 খ্রিস্টাব্দে ইরি-ওহিও খালপথে মিসিসিপি-মিসৌরি নদীকে যুক্ত করা হয়েছে।
নৌপরিবহণ ব্যবস্থা

2. স্থলপথের ভূমিকা – সড়কপথ ও রেলপথ হ্রদ অঞ্চলে জালের মতো ছড়িয়ে রয়েছে, যা দেশের অভ্যন্তরে পণ্য পরিবহণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

স্থল ও পরিবহণ ব্যবস্থা

3. আকাশপথ পরিবহণের ভূমিকা – আটলান্টা, ডেট্রয়েট প্রভৃতি বিমান বন্দরের মাধ্যমেও অভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্য সম্পন্ন হয়। এই তিন পরিবহণ ব্যবস্থা হ্রদ অঞ্চলের অর্থনৈতিক সমৃদ্ধি চরম পর্যায়ে পৌঁছে দিয়েছে।

আকাশপথ পরিবহণ

পঞ্চহ্রদ অঞ্চলের শিল্প ও শিল্পকেন্দ্রগুলি সম্বন্ধে আলোচনা করো।

অথবা, হ্রদ অঞ্চলের প্রধান প্রধান শিল্পের নাম লেখো।

হ্রদ অঞ্চলের প্রধান শিল্প ও শিল্পকেন্দ্র –

শিল্পের নামশিল্পকেন্দ্রের নাম
লৌহ ও ইস্পাত শিল্পশিকাগো, গ্যারি (পৃথিবীর লৌহ-ইস্পাত শিল্পের রাজধানী), ডুলুথ, ক্লিভল্যান্ড, বাফেলো, পিটসবার্গ, ডেট্রয়েট, ইরি প্রভৃতি।
ইঞ্জিনিয়ারিং শিল্পডেট্রয়েট, শিকাগো, ক্লিভল্যান্ড, টলেডো প্রভৃতি।
রাসায়নিক শিল্পশিকাগো, ডুলুথ, ডেট্রয়েট, পিটসবার্গ, অ্যাক্রন প্রভৃতি।
খনিজ তেল শোধন ও পেট্রোকেমিক্যাল শিল্পশিকাগো, ডুলুথ, বাফেলো, ক্লিভল্যান্ড।
মাংস ও ডেয়ারি শিল্পশিকাগো, উইসকনসিন।
ময়দা শিল্পবাফেলো।
চর্ম শিল্পশিকাগো, মিলওয়াকি।
বস্ত্রবয়ন শিল্পলাউয়েল, ক্লিভল্যান্ড প্রভৃতি।
রবার শিল্পঅ্যাক্রন (পৃথিবীর রবার শিল্পের রাজধানী)।
জাহাজ নির্মাণ শিল্পফিলাডেলফিয়া, শিকাগো, ডুলুথ প্রভৃতি।

আমরা আমাদের আর্টিকেলে অষ্টম শ্রেণির ভূগোলের নবম অধ্যায় ‘উত্তর আমেরিকা’ এর উপবিভাগ ‘উত্তর আমেরিকার হ্রদ অঞ্চল’ থেকে কিছু ‘রচনাধর্মী প্রশ্ন ও উত্তর’ নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলো অষ্টম শ্রেণির ভূগোল পরীক্ষার জন্য বা চাকরির পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলি অষ্টম শ্রেণির পরীক্ষা বা চাকরির পরীক্ষায় প্রায় দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে।

আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা হলে, আপনারা আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। তাছাড়া নিচে আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন, যাদের এটি প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

ওশিয়ানিয়া - মারে-ডার্লিং অববাহিকা - অষ্টম শ্রেণি ভূগোল - টীকা

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – টীকা

ওশিয়ানিয়া - মারে-ডার্লিং অববাহিকা - অষ্টম শ্রেণি ভূগোল - রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

ওশিয়ানিয়া - মারে-ডার্লিং অববাহিকা - অষ্টম শ্রেণি ভূগোল - সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

About The Author

Souvick

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – টীকা

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – ওশিয়ানিয়ার প্রাকৃতিক পরিবেশ – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর