আমরা আমাদের এই আর্টিকেলে অষ্টম শ্রেণির ভূগোলের দশম অধ্যায় ‘দক্ষিণ আমেরিকা’-এর উপবিভাগ ‘দক্ষিণ আমেরিকার প্রাকৃতিক বৈশিষ্ট্য’ থেকে গুরুত্বপূর্ণ কিছু ‘সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর’ নিয়ে আলোচনা করবো। এই প্রশ্নগুলো অষ্টম শ্রেণির স্কুলের ভূগোল পরীক্ষার জন্য ও বিভিন্ন প্রতিযোগিতামূলক (চাকরির) পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অষ্টম শ্রেণির ভূগোল দশম অধ্যায়: দক্ষিণ আমেরিকার প্রাকৃতিক বৈশিষ্ট্য – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
দক্ষিণ আমেরিকা মহাদেশটির অবস্থান লেখো।
দক্ষিণ আমেরিকা মহাদেশটি উত্তরে 12°28′ উত্তর অক্ষাংশ (গ্যালিনাস অন্তরীপ, কলম্বিয়া) থেকে দক্ষিণে 55°59′ দক্ষিণ অক্ষাংশ (হর্ন অন্তরীপ, চিলি) পর্যন্ত বিস্তৃত। এ ছাড়া এই মহাদেশটি পূর্বে 34°50′ পশ্চিম দ্রাঘিমা (সেইকাস অন্তরীপ, ব্রাজিল) থেকে পশ্চিমে 81°20′ পশ্চিম দ্রাঘিমা (পারিনাস অন্তরীপ) পর্যন্ত বিস্তৃত।
দক্ষিণ আমেরিকাকে ‘বিচ্ছিন্ন মহাদেশ’ বলা হয় কেন?
দক্ষিণ আমেরিকা প্রকৃতপক্ষে সমুদ্র পরিবেষ্টিত মহাদেশ। এই মহাদেশের উত্তর ও পূর্ব দিকে আটলান্টিক মহাসাগর, পশ্চিমে প্রশান্ত মহাসাগর এবং দক্ষিণ দিকে কুমেরু বা দক্ষিণ মহাসাগর অবস্থিত। উত্তর-পশ্চিমে অবস্থিত সংকীর্ণ পানামা যোজক দ্বারা মহাদেশটি আগে উত্তর আমেরিকার সঙ্গে যুক্ত ছিল। কিন্তু 1914 খ্রিস্টাব্দে ওই অংশে পানামা খাল কাটার পর আপাত সংযোগ বিচ্ছিন্ন হয়। যদিও জলপথে উত্তর আমেরিকা মহাদেশের সঙ্গে যোগাযোগ আছে, তা সত্ত্বেও অন্যান্য মহাদেশ থেকে জলভাগ দ্বারা সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন। তাই দক্ষিণ আমেরিকাকে ‘বিচ্ছিন্ন মহাদেশ’ বলা হয়।
ম্যাগেলান প্রণালী কী?
দক্ষিণ আমেরিকা মহাদেশের একেবারে দক্ষিণ প্রান্তে টিয়েরা ডেল ফুয়েগো নামে একটি দ্বীপ রয়েছে। দক্ষিণ দিকে অবস্থিত যে সংকীর্ণ প্রণালী টিয়েরা ডেল ফুয়েগো দ্বীপটিকে দক্ষিণ আমেরিকার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করেছে, তাকে ম্যাগেলান প্রণালী বলে। পর্তুগিজ নাবিক ম্যাগেলান ইউরোপ থেকে আটলান্টিক মহাসাগর অতিক্রম করে এই প্রণালীর মধ্য দিয়েই প্রশান্ত মহাসাগরে গিয়েছিলেন। এজন্য তাঁরই নামানুসারে প্রণালীটির নাম হয়েছে ম্যাগেলান প্রণালী।

আন্দিজ পর্বতে অবস্থিত একটি মৃত ও একটি জীবন্ত আগ্নেয়গিরির নাম লেখো।
আন্দিজ পর্বতে অবস্থিত একটি মৃত আগ্নেয়গিরি অ্যাকোনকাগুয়া (6,960 মিটার) এবং একটি জীবন্ত আগ্নেয়গিরি চিম্বোরাজো (6,272 মিটার)।
আন্দিজকে ‘কর্ডিলেরা’ বলে কেন?
স্পেনীয় শব্দ ‘কর্ডিলেরা’-র অর্থ পর্বতমালা। পরপর কয়েকটি সমান্তরাল পর্বতশ্রেণি নিয়ে যখন শৃঙ্খলের মতো অবস্থা সৃষ্টি হয়, তখন সেই পর্বতশ্রেণিকে ‘কর্ডিলেরা’ বলা হয়। আন্দিজ পর্বতের মধ্যে কলম্বিয়ার মাঝখান দিয়ে সেন্ট্রাল কর্ডিলেরা পর্বতশ্রেণি, পশ্চিম দিকে অক্সিডেন্টাল পর্বতশ্রেণি এবং পূর্ব দিকে ওরিয়েন্টাল পর্বতশ্রেণি বিস্তৃত হওয়ায় আন্দিজ পর্বতকে ‘কর্ডিলেরা’ বলা হয়।
পশুপালনে দক্ষিণ আমেরিকা উন্নত কেন?
দক্ষিণ আমেরিকা মহাদেশের পম্পাস অঞ্চলে বিস্তীর্ণ চারণক্ষেত্রে ব্যাপকভাবে গবাদিপশু ও মেষ পালন করা হয়। বুয়েনস এয়ার্স প্রদেশের দক্ষিণ-পূর্ব অংশ হল প্রধান পশুচারণ কেন্দ্র। পশুপালনে দক্ষিণ আমেরিকার উন্নতির কারণগুলি হল –
- বিশাল অঞ্চল জুড়ে তৃণভূমির অবস্থান,
- পুষ্টিকর পশুখাদ্য হিসেবে আলফালফা ঘাসের চাষ,
- পশুপালনের উপযোগী নাতিশীতোষ্ণ জলবায়ু,
- সরকারি পৃষ্ঠপোষকতা প্রভৃতি।
আন্দিজ পর্বত বরাবর অসংখ্য আগ্নেয়গিরি রয়েছে কেন?
আন্দিজ পর্বতের অধিকাংশ শৃঙ্গই এক-একটি আগ্নেয়গিরি যেমন – অ্যাকোনকাগুয়া, কটোপ্যাক্সি, চিম্বোরাজো প্রভৃতি। আসলে আন্দিজ পর্বত প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলার পূর্বদিকের অংশ। পাতসংস্থানতত্ত্ব অনুসারে প্রশান্ত মহাসাগরের উভয় পার্শ্বস্থ অংশ পাত সীমানা অঞ্চল। ফলে, ওই মহাসাগরকে বেষ্টন করে সৃষ্টি হয়েছে অসংখ্য আগ্নেয়গিরি।

ব্রাজিলের উচ্চভূমি কোথায় অবস্থিত?
ব্রাজিলের উচ্চভূমি দক্ষিণ আমেরিকার পশ্চিমে 65° পশ্চিম থেকে 36° পশ্চিম দ্রাঘিমা পর্যন্ত এবং উত্তরে 5° দক্ষিণ অক্ষাংশ থেকে 30° দক্ষিণ অক্ষাংশ পর্যন্ত বিস্তৃত। এর উত্তর দিকে আমাজন অববাহিকা, পশ্চিম দিকে বলিভিয়া ও মাটোগ্রাসো মালভূমি, দক্ষিণে প্যারাগুয়ে ও উরুগুয়ে এবং পূর্বদিকে আটলান্টিক মহাসাগর ও উপকূলীয় সংকীর্ণ সমভূমি অবস্থিত।
দক্ষিণ আমেরিকার উষ্ণতম ও শীতলতম স্থানের নাম লেখো।
দক্ষিণ আমেরিকার উষ্ণতম স্থান – আর্জেন্টিনার রিভাডাভিয়া (48.8° সেলসিয়াস), শীতলতম স্থান – সারমিয়েন্টো (-31° সেলসিয়াস)।
মধ্য চিলিতে কেবল শীতকালে বৃষ্টি হয় কেন?
মধ্য চিলি প্রায় 30°-40° দক্ষিণ অক্ষাংশের মধ্যে অবস্থিত। এখানে শীতকালে উত্তর-পশ্চিম পশ্চিমা বায়ু প্রবাহিত হয়। এই বাতাস প্রশান্ত মহাসাগর থেকে জলীয় বাষ্প নিয়ে চিলিতে প্রবেশ করে। ফলে, শীতকালে এই বায়ুর প্রভাবে মাঝারি ধরনের বৃষ্টিপাত হয় এবং এখানেই ভূমধ্যসাগরীয় জলবায়ু সৃষ্টি হয়েছে।
মন্টানা কী?
আন্দিজ পর্বতের পশ্চিম ঢাল অপেক্ষা পূর্ব ঢালে বৃষ্টি বেশি হয় বলে পূর্ব ঢাল বরাবর ঘন বনভূমির সৃষ্টি হয়েছে। এই বনভূমি ‘মন্টানা’ নামে পরিচিত।
আমরা আমাদের আর্টিকেলে অষ্টম শ্রেণির ভূগোলের দশম অধ্যায় ‘দক্ষিণ আমেরিকা’ এর উপবিভাগ ‘দক্ষিণ আমেরিকার প্রাকৃতিক বৈশিষ্ট্য‘ থেকে কিছু ‘সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর’ নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলো অষ্টম শ্রেণির ভূগোল পরীক্ষার জন্য বা চাকরির পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলি অষ্টম শ্রেণির পরীক্ষা বা চাকরির পরীক্ষায় প্রায় দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে।
আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা হলে, আপনারা আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। তাছাড়া নিচে আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন, যাদের এটি প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।





Leave a Comment