আমরা আমাদের আর্টিকেলে অষ্টম শ্রেণির ভূগোলের নবম অধ্যায় ‘উত্তর আমেরিকা’-এর উপবিভাগ ‘কানাডার শিল্ড অঞ্চল’ (Canadian Shield Region) থেকে কিছু ‘সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্ন ও উত্তর’ নিয়ে আলোচনা করবো। এই প্রশ্নগুলো অষ্টম শ্রেণির ভূগোল পরীক্ষার জন্য ও বিভিন্ন প্রতিযোগিতামূলক (চাকরির) পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অষ্টম শ্রেণির ভূগোল: কানাডার শিল্ড অঞ্চল – গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
উত্তরের কানাডিয়ান শিল্ড বা লরেন্সিয়ান মালভূমির বর্ণনা দাও।
উত্তরের কানাডিয়ান শিল্ড মালভূমির বর্ণনা –
- অবস্থান – উত্তর আমেরিকার উত্তর-পূর্ব অঞ্চলে হাডসন উপসাগরের তিনদিকে (পূর্ব, পশ্চিম, দক্ষিণ) যে অতিপ্রাচীন শিলাগঠিত মালভূমি বেষ্টন করে আছে, তাকে কানাডিয়ান শিল্ড বা লরেন্সিয়ান মালভূমি বলে।
- আকৃতি ও প্রকৃতি – ইংরেজি ‘V’ অক্ষরের মতো আকৃতিবিশিষ্ট অঞ্চলটি পৃথিবীর প্রাচীনতম ভূখণ্ডের একটি অংশ। অঞ্চলটি শক্ত গ্রানাইট ও নিস পাথর দিয়ে গঠিত।
- উৎপত্তি – হিমবাহের ক্ষয়কাজের ফলে এই অঞ্চলের উচ্চতা হ্রাস পেয়েছে এবং একটি নিচু সমপ্রায়ভূমিতে পরিণত হয়েছে। তবে এই সমপ্রায়ভূমির মাঝে ছোটো ছোটো নিচু পাহাড় বা টিলা আছে যেগুলি মোনাডনক নামে পরিচিত।
- হ্রদ – মহাদেশীয় হিমবাহের ক্ষয়ের ফলে এখানে অনেক হ্রদ বা জলাশয় সৃষ্টি হয়েছে। হ্রদগুলির মধ্যে উইনিপেগ, গ্রেট বিয়ার, গ্রেট স্লেভ, আথাবাস্কা, রেনডিয়ার প্রভৃতি বিশেষ উল্লেখযোগ্য।
কানাডিয়ান শিল্ড অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদের বর্ণনা দাও।
শিল্ড অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ –
- উত্তরের তুন্দ্রা উদ্ভিদ – শিল্ড অঞ্চলের সবচেয়ে উত্তরের তুন্দ্রা জলবায়ু অধ্যুষিত অঞ্চলে অত্যধিক শীতলতার জন্য সেখানে তুন্দ্রা উদ্ভিদ; যেমন – বার্চ, হিথ, বিলবেরি, ক্রেনবেরিসহ আর্কটিক ফার্ন, সেজ, মস, লাইকেন প্রভৃতি ঝোপঝাড়, গুল্ম ও শ্যাওলাজাতীয় উদ্ভিদ জন্মায়। এখানে প্রায় 370 রকম বিভিন্ন ফুল জন্মায়।
- সরলবর্গীয় উদ্ভিদ – তুন্দ্রা বনভূমির দক্ষিণে এক বিস্তীর্ণ এলাকা জুড়ে মূল্যবান সরলবর্গীয় অরণ্যাঞ্চলে অ্যাসপেন, লাল পাইন, পপলার, বালসাম, ফার, কালো স্প্রুস প্রভৃতি উদ্ভিদ জন্মায়।
- দক্ষিণদিকের মিশ্র অরণ্য – শিল্ড অঞ্চলের দক্ষিণ-পূর্বাংশে পর্ণমোচী উদ্ভিদ (ওক, এলম, চেস্টনাট, বার্চ, ম্যাপল, সাদা সিডার) এবং সরলবর্গীয় উদ্ভিদের (পাইন, ফার, সাদা স্প্রুস, হেমলক, লার্চ) মিশ্র বনভূমি (Mixed Forest) দেখা যায়। উল্লেখ্য, এখানকার কাঠ আহরণ শিল্পের সিংহভাগ ‘হাডসন বে’ কোম্পানি কর্তৃক পরিচালিত হয়।

কানাডিয়ান শিল্ড অঞ্চলের কৃষিকাজের বর্ণনা দাও।
কানাডিয়ান শিল্ড অঞ্চল –
- স্বল্পস্থায়ী চাষের সময়কাল,
- প্রতিকূল প্রাকৃতিক পরিবেশ (বছরের অধিকাংশ সময় হিমাঙ্কের নিচে উষ্ণতা, তুষারপাত ও তীব্র শীত),
- অনুর্বর শক্ত মৃত্তিকা,
- স্বল্প লোকবসতি,
- কৃষির প্রতি অনাগ্রহ (খনি অঞ্চলগুলি হল বিকল্প অর্থনৈতিক উৎস) প্রভৃতি কারণে কৃষিকাজে তেমন উন্নত নয়।
তবে এই অঞ্চলের যেখানে হিমবাহ সঞ্চিত পলিমাটি আছে, সেখানে বিক্ষিপ্তভাবে আলু ও সবজির চাষ হয়। হাডসন উপসাগরের দক্ষিণ তীরবর্তী অঞ্চল ও সেন্ট লরেন্স নদী উপত্যকা সংলগ্ন এলাকার পলি মৃত্তিকায় গম, যব, আলু, ওট, বিট, ভুট্টা ও শাকসবজি চাষ করা হয়। কোকরেনের বিশাল কাদামাটি বলয় ও অ্যাবিটিবি হ্রদের চারপাশের জেলাগুলিতে কৃষিভিত্তিক জনবসতি গড়ে উঠেছে। কানাডার দক্ষিণাংশ অপেক্ষাকৃত উষ্ণ এবং সেখানে বনভূমি পরিষ্কার করে অল্প সময়ে হয় এরকম সংকর জাতের গমের চাষ করা হচ্ছে। গম এই অঞ্চলের প্রধান কৃষিজ ফসল।
কানাডিয়ান শিল্ড অঞ্চলের জলবায়ু সম্পর্কে লেখো।
কানাডিয়ান শিল্ডের জলবায়ু –
- জলবায়ুর প্রকৃতি – কানাডিয়ান শিল্ড অঞ্চলের সামগ্রিক জলবায়ু হল অতি শীতল মহাদেশীয় প্রকৃতির, তবে উত্তরাংশে অতি শীতল তুন্দ্রা প্রকৃতির এবং দক্ষিণাংশে শীতল নাতিশীতোষ্ণ সাইবেরীয় প্রকৃতির জলবায়ু বিরাজ করে।
- সময়কাল – এই অঞ্চলে দীর্ঘস্থায়ী শীতকাল (8-9 মাস) ও স্বল্পস্থায়ী গ্রীষ্মকাল (2-3 মাস) বিরাজ করে। তুন্দ্রা জলবায়ু অঞ্চলে শীতের সময় হিমাঙ্কের নিচে তাপমাত্রা থাকে।
- উষ্ণতা – উত্তরাংশের উষ্ণতা অধিকাংশ সময় -35°C থেকে -40°C থাকে। গ্রীষ্মকালের গড় উষ্ণতা 10°C থাকে।
- বৃষ্টিপাত – এই অঞ্চলে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ 30-40 সেমি।
কানাডিয়ান শিল্ড অঞ্চলের বনভূমির অর্থনৈতিক গুরুত্ব লেখো।
কানাডিয়ান শিল্ড অঞ্চলের বনভূমি থেকে প্রাপ্ত সম্পদগুলি হল –
- উত্তর প্রান্তের অতি শীতল তুন্দ্রা জলবায়ু অঞ্চলে শ্যাওলা বা তুন্দ্রা, মস, লাইকেন, সেজ, থাইম ও প্রায় 370 রকম বিভিন্ন ফুল জন্মায়।
- সরলবর্গীয় বনভূমির নরম কাঠ (পাইন, ফার, বার্চ, স্প্রুস) থেকে কাগজ, কাগজের মণ্ড (Paper pulp), দেশলাই, চা পেটি, প্যাকিং বাক্স, জাহাজের মাস্তুল, পাটাতন, আসবাবপত্র প্রভৃতি সম্পদ সংগ্রহ করা হয়।
- দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাংশে পর্ণমোচী ও মিশ্র বনভূমি থেকে কাঠ ছাড়াও পাইন, ফার, অ্যাশ, পপলার গাছের আঠা থেকে রজন, ধুনো, তার্পিন, টার, পিচ; ম্যাপল গাছের রস থেকে চিনি ও সিরাপ; হেমলক, চেস্টনাট, ওয়ালনাটের ছাল থেকে ট্যানিন; ওক গাছের ছাল থেকে কর্ক; পাইন, ফার থেকে লিগনিন, সেলুলোজ, রেজিন এবং অন্যান্য মূল্যবান সম্পদ (আখরোট, বাদাম, খুবানি ও বিভিন্ন প্রকার সুস্বাদু ফল) পাওয়া যায়।
কানাডার শিল্ড অঞ্চলে নদীর তীরে কাঠ চেরাই কলগুলি গড়ে ওঠার কারণ কী?
কানাডার কাঠ চেরাই কেন্দ্রগুলি যেমন – ভ্যাঙ্কুবার, অটোয়া, মন্ট্রিল প্রভৃতি নদীর তীরেই গড়ে উঠেছে, কারণ –
- সহজ পরিবহণ – শীতকালে সমগ্র অঞ্চল যখন পুরু বরফের আস্তরণে আচ্ছাদিত হয়ে যায় তখন যন্ত্রের সাহায্যে বরফাবৃত নদীর ওপর গাছের টুকরোগুলিকে টেনে নিয়ে যাওয়া যায়। বরফ পিচ্ছিল হওয়ায় সহজেই গাছের গুঁড়িগুলি পরিবহণ সম্ভব হয়। গ্রীষ্মকালে নদীর বরফ গলে গেলে গুঁড়িগুলি নদীর স্রোতের সঙ্গে নদীর তীরে অবস্থিত করাতকলে পৌঁছোয়।
- পরিবহণ ব্যয় হ্রাস – নদীর জলস্রোতের সঙ্গে কাঠগুলি ভেসে আসায় পরিবহণ ব্যয় ও শ্রম উভয়ই সাশ্রয় হয়।
- অধিক পরিমাণে সংগ্রহ – নদীর জলস্রোতের সঙ্গে কাঠের টুকরোগুলিকে অল্প সময়ে অধিক পরিমাণে সংগ্রহ করা যায়।
- সুলভ জলবিদ্যুৎ – নদীর তীরে কাঠ চেরাই কলগুলি অবস্থিত হওয়ায় সহজে জলবিদ্যুৎ পাওয়া যায় যা কাঠ চেরাই, কাগজ ও কাষ্ঠমণ্ড তৈরির জন্য ব্যবহৃত হয়।

কানাডার শিল্ড অঞ্চল মালভূমি হলেও বর্তমানে সমপ্রায়ভূমিতে পরিণত হয়েছে কেন?
পৃথিবীর বিভিন্ন অঞ্চলে অবস্থিত অতি প্রাচীন শিলা গঠিত মালভূমি অঞ্চলকে শিল্ড বলা হয়। কানাডার উত্তর-পূর্ব দিকে এই শিল্ড অঞ্চল অবস্থিত। প্রিক্যাম্ব্রিয়ান যুগে (8,000 মিলিয়ন বছর পূর্বে) সাধারণত আগ্নেয় ও রূপান্তরিত শিলায় এই অঞ্চল গঠিত। সুদূর অতীতকাল থেকে হিমবাহ ও নদী দ্বারা এই শিল্ড অঞ্চল ক্ষয়প্রাপ্ত হয়ে চলেছে। দীর্ঘদিন ধরে ক্ষয়ের ফলেই বর্তমানে কানাডিয়ান শিল্ড সমপ্রায়ভূমিতে পরিণত হয়েছে।
কানাডিয়ান শিল্ড অঞ্চলে অসংখ্য হ্রদ দেখা যায় কেন?
কানাডিয়ান শিল্ডের উত্তর দিকে ল্যাব্রাডর মালভূমি অবস্থিত। এই বন্ধুর মালভূমির স্থানে স্থানে অনুচ্চ গম্বুজাকৃতির পাহাড় (মোনাডনক্) লক্ষ করা যায়। প্রাচীন হিমবাহ দ্বারা বাহিত নুড়িপাথর, কাদা ও বালিমাটি এখানকার পুরাতন শিলাস্তরের ওপর সঞ্চিত হয়ে নতুন ভূভাগের সৃষ্টি করেছে। পৃথিবীর প্রাচীনতম ভূখণ্ডের অংশ হল কানাডিয়ান শিল্ড অঞ্চল। তাই এই অঞ্চল হিমবাহের ক্ষয়কার্যের শিকার হয়ে আসছে। এই ক্ষয়কাজের ফলে বর্তমানে এই শিল্ড অঞ্চলটি একটি সমপ্রায়ভূমিতে পরিণত হয়েছে ও এই অঞ্চলের যে অংশগুলি অধিক দুর্বল ছিল, সেগুলি অধিক ক্ষয়প্রাপ্ত ও অবনমিত হয়ে হ্রদের সৃষ্টি করেছে। মূলত এ কারণেই কানাডিয়ান শিল্ড অঞ্চলে অসংখ্য হ্রদ দেখা যায়। যেমন – উইনিপেগ, গ্রেট বিয়ার, গ্রেট স্লেভ, আথাবাস্কা প্রভৃতি হ্রদ।

কানাডার শিল্ড অঞ্চল কৃষিকাজে সমৃদ্ধ না হলেও শিল্পে যথেষ্ট উন্নত কেন?
কানাডার শিল্ড অঞ্চলটি কৃষিকাজে সমৃদ্ধ নয়, তবে বিভিন্ন প্রকার শিল্পে যথেষ্ট উন্নতিলাভ করেছে। কারণ –
- খনিজ সম্পদের প্রাচুর্য – শিল্ড মালভূমি হওয়ায় এখানে প্রচুর পরিমাণে খনিজ সম্পদ যেমন লোহা, তামা, নিকেল প্রভৃতি পাওয়া যায় যার ওপর ভিত্তি করে লৌহ-ইস্পাত শিল্প, ইঞ্জিনিয়ারিং শিল্প গড়ে উঠেছে।
- উৎকৃষ্ট কাঠ – বিস্তীর্ণ সরলবর্গীয় অরণ্য থাকায় উৎকৃষ্ট মানের কাঠ পাওয়া যায় যার ওপর ভিত্তি করে কাগজ শিল্প, কাঠ চেরাই শিল্প প্রভৃতি গড়ে উঠেছে।
- প্রাণিজ কাঁচামাল – পর্যাপ্ত প্রাণিজ কাঁচামাল পাওয়া যায় বলে এখানে ফার শিল্প উন্নতিলাভ করেছে।
- উন্নত প্রযুক্তিবিদ্যা – কানাডায় উন্নত মানের কারিগরি ও প্রযুক্তিবিদ্যা রয়েছে যা শিল্পোন্নতিতে সাহায্য করেছে।
- বিদ্যুৎশক্তি – সুলভ জলবিদ্যুৎ ও পারমাণবিক বিদ্যুতের জোগান রয়েছে। এ ছাড়া,
- দক্ষিণাংশের পঞ্চহ্রদ ও সেন্ট লরেন্স নদীর সুলভ জলপথ,
- প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরের মাধ্যমে আমদানি-রপ্তানির সুবিধা,
- সমগ্র বিশ্বে শিল্পোৎপাদিত পণ্যের বিপুল চাহিদা,
- সরকারি আনুকূল্য ও মূলধনের জোগান প্রভৃতি কানাডাকে একটি শিল্পোন্নত অঞ্চলে পরিণত করেছে।
আমরা আমাদের আর্টিকেলে অষ্টম শ্রেণির ভূগোলের নবম অধ্যায় ‘উত্তর আমেরিকা’ এর উপবিভাগ ‘কানাডার শিল্ড অঞ্চল’ থেকে কিছু ‘সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্ন ও উত্তর’ নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলো অষ্টম শ্রেণির ভূগোল পরীক্ষার জন্য বা চাকরির পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলি অষ্টম শ্রেণির পরীক্ষা বা চাকরির পরীক্ষায় প্রায় দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে।
আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা হলে, আপনারা আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। তাছাড়া নিচে আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন, যাদের এটি প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।





Leave a Comment