আমরা আমাদের এই আর্টিকেলে অষ্টম শ্রেণির ভূগোলের দশম অধ্যায় ‘দক্ষিণ আমেরিকা’-এর উপবিভাগ ‘পম্পাস অঞ্চল’ থেকে কিছু গুরুত্বপূর্ণ ‘টীকা’ নিয়ে আলোচনা করবো। এই প্রশ্নগুলো অষ্টম শ্রেণির ভূগোল (Class 8 Geography) পরীক্ষার জন্য এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অষ্টম শ্রেণির ভূগোল দশম অধ্যায়: দক্ষিণ আমেরিকা – পম্পাস অঞ্চলের গুরুত্বপূর্ণ টীকা
বুয়েনস্ এয়ার্স সম্পর্কে টীকা লেখো।
আর্জেন্টিনা দেশের রাজধানী সমুদ্র উপকূল থেকে প্রায় 210 কিমি অভ্যন্তরে লা-প্লাটা নদীর খাঁড়িতে অবস্থিত বুয়েনস্ এয়ার্স শহরটি একটি অগভীর বন্দর। এটি দক্ষিণ গোলার্ধের বৃহত্তম নগর এবং দক্ষিণ আমেরিকার অন্যতম বৃহত্তম শহর, বন্দর ও জাতীয় শিক্ষা-সংস্কৃতির কেন্দ্র। এই বন্দর দিয়ে গম, প্রচুর পরিমাণে পশুর মাংস, দুগ্ধজাত দ্রব্য, পশম, ময়দা প্রভৃতি রপ্তানি এবং কয়লা, যন্ত্রপাতি, কার্পাসবস্ত্র প্রভৃতি আমদানি করা হয়। এই শহরের আড়ম্বর, জাঁকজমক, জৌলুস ও আমোদ-প্রমোদের জন্য একে ‘দক্ষিণ আমেরিকার প্যারিস’ বলা হয়। শহরটির মোট জনসংখ্যা প্রায় 1.33 কোটি।

মন্টিভিডিয়ো সম্পর্কে টীকা লেখো।
মন্টিভিডিয়ো শহরটি বর্তমানে উরুগুয়ের রাজধানী, প্রধান শহর, বন্দর ও অন্যতম বাণিজ্যকেন্দ্র। শহরটি উরুগুয়ের দক্ষিণে লা-প্লাটা নদীর তীরে অবস্থিত। এই সমুদ্রবন্দর দিয়ে পশম, মাংস, চামড়া বিদেশে রপ্তানি করা হয়। বয়নশিল্প, মদশিল্প ও দুগ্ধজাত দ্রব্য তৈরির কারখানাগুলি এখানে গড়ে উঠেছে। উরুগুয়ের মোট বহির্বাণিজ্যের 90% এই বন্দর দিয়ে হয়। শহরটির মোট জনসংখ্যা প্রায় 13.25 লক্ষ।

পম্পাস সম্পর্কে টীকা লেখো।
নামের অর্থ – পম্পাস শব্দটি স্পেনীয় শব্দ ‘পম্পা’ থেকে এসেছে, যার অর্থ হল, ‘একটানা বিস্তীর্ণ সমভূমি বা প্রান্তর’।
অবস্থান – দক্ষিণ আমেরিকার দক্ষিণ-পূর্ব অংশে আর্জেন্টিনা ও উরুগুয়ের বিস্তীর্ণ সমভূমি অঞ্চলের নাতিশীতোষ্ণ তৃণভূমিকে পম্পাস বলা হয়। অঞ্চলটি উত্তরে প্রায় 30° দক্ষিণ অক্ষরেখা থেকে দক্ষিণে 40° দক্ষিণ অক্ষরেখা এবং পূর্বে 50° পশ্চিম দ্রাঘিমা থেকে পশ্চিমে 65° পশ্চিম দ্রাঘিমার মধ্যে অবস্থিত।
বৈশিষ্ট্য –
- আকৃতি – এটি আর্জেন্টিনার রাজধানী বুয়েনস্ এয়ার্সকে প্রায় অর্ধচন্দ্রাকারে ঘিরে রয়েছে।
- পশুপালন – এখানকার বিস্তীর্ণ তৃণভূমি পশুপালনের খুব উপযোগী, তাই এটি দক্ষিণ আমেরিকার শ্রেষ্ঠ পশুপালক অঞ্চল।
- কৃষি – বর্তমানে আধুনিক মিশ্র কৃষি (Mixed Farming) পদ্ধতিতে কৃষিকাজ ও পশুপালন করা হয়।
- তৃণভূমি – পূর্ব ও মধ্য ভাগের তৃণভূমির ঘাসগুলি বড়ো হওয়ায় সেখানে গবাদিপশু বেশি সংখ্যায় প্রতিপালন করা হয়। অপরপক্ষে, পশ্চিম ও দক্ষিণাংশে স্বল্প বৃষ্টিপাত হওয়ায় সেখানে বেশি সংখ্যক মেষ প্রতিপালন করা হয়।
- অধিবাসী – এখানকার তৃণভূমিতে গৌচো (Gauchos) নামক যাযাবর জনগোষ্ঠী বসবাস করে। এরা প্রধানত পশুপালনের মাধ্যমে জীবিকা নির্বাহ করে।

লা-প্লাটা নদী সম্পর্কে টীকা লেখো।
পারানা, প্যারাগুয়ে ও উরুগুয়ে—এই তিনটি নদীর মিলিত প্রবাহকে একত্রে লা-প্লাটা (3,500 কিমি) বা রিও-ডি-লা-প্লাটা নদী বলে। মাটোগ্রাসো মালভূমি থেকে উৎপন্ন প্যারাগুয়ে নদী ও ব্রাজিলের উচ্চভূমি থেকে উৎপন্ন পারানা নদীর মিলিত প্রবাহ পারানা নামে দক্ষিণ দিকে প্রবাহিত হয়েছে। এরপর উত্তর-পূর্ব দিক থেকে উরুগুয়ে নদী পারানার সঙ্গে মিলিত হয়েছে। ওই মিলিত জলধারা লা-প্লাটা বা রিও-ডি-লা-প্লাটা নামে আটলান্টিক মহাসাগরে পড়েছে।
আমরা আমাদের আর্টিকেলে অষ্টম শ্রেণির ভূগোলের দশম অধ্যায় ‘দক্ষিণ আমেরিকা’-এর উপবিভাগ ‘পম্পাস অঞ্চল’ থেকে কিছু গুরুত্বপূর্ণ ‘টীকা’ নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলো অষ্টম শ্রেণির ভূগোল পরীক্ষার জন্য বা চাকরির পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলি অষ্টম শ্রেণির পরীক্ষা বা চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে।
আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা হলে, আপনারা আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। তাছাড়া নিচে আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন, যাদের এটি প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।





Leave a Comment