অষ্টম শ্রেণির ভূগোল পরীক্ষার প্রস্তুতির জন্য ষষ্ঠ অধ্যায় ‘জলবায়ু অঞ্চল’ (Climatic Region) অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আর্টিকেলে আমরা এই অধ্যায় থেকে বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর (Short Questions and Answers) নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলো বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ভূগোল পরীক্ষার পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার (Competitive Exams) জন্যও অত্যন্ত উপযোগী।
জলবায়ু অঞ্চল (Climatic Region) কাকে বলে?
পৃথিবীর কোনো বিস্তীর্ণ অঞ্চল জুড়ে যখন আবহাওয়া ও জলবায়ুর মূল উপাদানগুলি, যেমন – উষ্ণতা, বৃষ্টিপাত, বায়ুর চাপ, বায়ুর আর্দ্রতা, বাষ্পীভবন, বায়ুর গতিবেগ, মেঘাচ্ছন্নতা প্রভৃতির বৈশিষ্ট্য বা প্রকৃতি সুদীর্ঘকাল ধরে প্রায় সমধর্মী হয়, তাকে জলবায়ু অঞ্চল বলে। যেমন – মৌসুমি জলবায়ু অঞ্চল, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল, তুন্দ্রা জলবায়ু অঞ্চল প্রভৃতি।
জলবায়ুর প্রধান নিয়ন্ত্রকগুলির নাম লেখো।
জলবায়ুর প্রধান নিয়ন্ত্রকগুলি হল –
- অক্ষাংশগত অবস্থান।
- সূর্যরশ্মির তাপীয় ফল।
- ভূমির উচ্চতা।
- সমুদ্র থেকে দূরত্ব।
- বায়ুপ্রবাহ।
- সমুদ্রস্রোত প্রভৃতি।
জলবায়ুর পরিবর্তনশীল অঞ্চল (Transitional Zone) বলতে কী বোঝো?
পাশাপাশি অবস্থিত দুটি জলবায়ু অঞ্চলের মধ্যেকার সীমান্তবর্তী অঞ্চলে একটি জলবায়ুর বৈশিষ্ট্য ধীরে ধীরে অপর জলবায়ুর সঙ্গে মিশে যায়। উভয় জলবায়ুর বৈশিষ্ট্যসম্পন্ন এই অঞ্চলকে পরিবর্তনশীল অঞ্চল বলে। উদাহরণ – নিরক্ষীয় জলবায়ু ও ক্রান্তীয় সাভানা জলবায়ু অঞ্চলের মধ্যবর্তী অঞ্চল।
সেলভা (Selva) কাকে বলে?
‘Selva’ (সেলভা) শব্দটি ল্যাটিন শব্দ ‘Silva’ থেকে এসেছে, যার অর্থ ‘অরণ্য’। দক্ষিণ আমেরিকার ব্রাজিলের আমাজন নদী অববাহিকার ঘন চিরসবুজ বৃষ্টিঅরণ্যকে সেলভা বলে।
চিরগোধূলি অঞ্চল বলতে কী বোঝো?
দক্ষিণ আমেরিকার আমাজন অববাহিকার নিরক্ষীয় চিরসবুজ অরণ্যকে সেলভা (Selva) অরণ্য বলা হয়। সারাবছর ধরে প্রচুর বৃষ্টিপাত (গড় বার্ষিক বৃষ্টিপাত 250-300 সেমি) হয় বলে এই প্রকার বনভূমির গাছগুলি খুবই ঘন সন্নিবেষ্টিতভাবে জন্মায়। ফলে, গাছের পাতাগুলি পরস্পরের সঙ্গে মিশে একটি চাঁদোয়া সৃষ্টি করে। এর ফলে সূর্যালোক অরণ্যের অভ্যন্তরে প্রবেশ করতে পারে না। অরণ্যের মধ্যে এক অন্ধকারাচ্ছন্ন পরিবেশ বিরাজ করে। এই জন্য এই বনভূমি অঞ্চলকে ‘চির গোধূলি অঞ্চল’ (Land of Eternal Twilight) বলা হয়।
নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের খনিজ সম্পদ সম্পর্কে লেখো।
নিরক্ষীয় অঞ্চলের কয়েকটি স্থানে প্রাপ্ত খনিজ সম্পদকে কেন্দ্র করে সেখানকার মানুষ জীবিকা নির্বাহ করে থাকে। যেমন – মালয় উপদ্বীপে প্রাপ্ত টিন, আমাজনীয় অ্যামাপা অববাহিকার ম্যাঙ্গানিজ এবং সুমাত্রা, জাভা, বোর্নিও দ্বীপে প্রাপ্ত খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসকে কেন্দ্র করে এখানকার জীবনযাত্রা আবর্তিত হয়।
বাগিচা কৃষি (Plantation Farming) কাকে বলে?
ক্রান্তীয় ও উপক্রান্তীয় জলবায়ু অঞ্চলে গড়ে ওঠা মূলধন ও শ্রমিক নির্ভর যে কৃষি ব্যবস্থায় বাগান তৈরি করে একবার গাছ রোপণ করা হয় এবং বেশ কয়েক বছর ফসল পাওয়া যায়, তাকে বাগিচা কৃষি বলে। যেমন – দক্ষিণ-পূর্ব এশিয়ার রবার চাষ।
মৌসুমি জলবায়ু অঞ্চলের নামকরণের তাৎপর্য লেখো।
‘মৌসুমি’ শব্দটির উদ্ভব হয়েছে আরবি শব্দ ‘মৌসিম’ (Mausim) কিংবা মালয় শব্দ ‘মনসিন’ (Monsin) থেকে। এই দুটি শব্দের অর্থই ঋতু (Season)-কে বোঝানো হয়। সুতরাং, ঋতুভেদে যে বায়ু প্রবাহিত হয়, তাকে মৌসুমি বায়ু বলে। 10°-30° উত্তর অক্ষাংশে শীতকালে উত্তর-পূর্ব এবং গ্রীষ্মকালে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাব থাকায় একে মৌসুমি জলবায়ু অঞ্চল বলে।
তুন্দ্রা জলবায়ু অঞ্চলের নামকরণের কারণ কী?
পৃথিবীর সুমেরু ও কুমেরু বৃত্ত অঞ্চলে যে বিশেষ ধরনের শীতল জলবায়ু দেখা যায়, তাকে তুন্দ্রা জলবায়ু অঞ্চল নাম দেওয়া হয়েছে। গ্রীষ্মকালে বরফ গলে এই জলবায়ু অঞ্চলে কিছু শৈবাল জন্মায়। স্থানীয় ভাষায় শৈবালকে তুন্দ্রা বলা হয়। তাই শৈবালের নাম থেকেই তুন্দ্রা জলবায়ুর নামকরণ।
আবার, ফিনিশ ভাষায় ‘তুন্দ্রা’ শব্দের অর্থ ‘বন্ধা বা রুক্ষভূমি’। তুন্দ্রা জলবায়ু অঞ্চলে চিরতুষার আবৃত ভূমিতে গ্রীষ্মকালে মস, লাইকেন, শৈবাল ছাড়া কিছুই জন্মাতে পারে না। তাই এরূপ নামকরণ করা হয়েছে বলে মনে করা হয়।

ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে পশুপালনের পরিচয় দাও।
ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে শুষ্ক গ্রীষ্মকাল ও আর্দ্র শীতকালের জন্য তৃণভূমি তেমন দেখা যায় না। তাই এখানে ঘোড়া বা গবাদিপশুর তুলনায় গাধা, ভেড়া, খচ্চর, ছাগল প্রভৃতি বেশি পালিত হয়। এ ছাড়া উষ্ণ মরুর কাছাকাছি অঞ্চলে উট, মুরগি বেশি পালন করা হয়।
ভারতের কোথায় কোথায় ক্রান্তীয় চিরসবুজ এবং পর্ণমোচী অরণ্য দেখা যায়?
- ভারতের পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল, মেঘালয়, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং পশ্চিমবঙ্গের ডুয়ার্স অঞ্চলে ক্রান্তীয় অরণ্য দেখা যায়।
- উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, বিহারের গাঙ্গেয় সমভূমি, আসামের ব্রহ্মপুত্র সমভূমি, পাঞ্জাব হরিয়ানার শতদ্রু সমভূমি এবং উপদ্বীপীয় মালভূমিতে ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য দেখা যায়।

ভূমধ্যসাগরীয় অঞ্চল ছাড়া পৃথিবীর আর কোথায় কোথায় ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখা যায়?
ভূমধ্যসাগরের চারপাশ ছাড়া –
- উত্তর আমেরিকার ক্যালিফোর্নিয়া,
- দক্ষিণ আমেরিকার চিলির মধ্যভাগ,
- দক্ষিণ আফ্রিকার কেপটাউন এবং
- অস্ট্রেলিয়ার দক্ষিণ-পশ্চিম ও দক্ষিণ-পূর্ব উপকূলে ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখা যায়।
মৌসুমি জলবায়ুতে থাকা বিভিন্ন প্রাণীগুলি কী কী?
মৌসুমি জলবায়ুতে থাকা বিভিন্ন প্রাণী –
- গৃহপালিত প্রাণী – গোরু, ছাগল, মহিষ, ভেড়া প্রভৃতি।
- বন্যপ্রাণী – হাতি, গন্ডার, চিতা, হরিণ, নেকড়ে, ভাল্লুক, বানর, শিয়াল, সাপ।
- জলাশয়ের প্রাণী – কুমির, শুশুক, বিভিন্ন ধরনের মাছ।
- বিশেষ অঞ্চলের প্রাণী – সুন্দরবন অঞ্চলের রয়্যাল বেঙ্গল টাইগার, গুজরাটের গির অরণ্যের সিংহ প্রভৃতি।

সূর্যের উত্তরায়ণ দক্ষিণায়নের সঙ্গে চাপবলয়ের স্থান পরিবর্তন ভূমধ্যসাগরীয় জলবায়ুতে শুষ্ক ও আর্দ্র ঋতু সৃষ্টিতে কীভাবে কার্যকর হয়?
গ্রীষ্মকালে সূর্যের উত্তরায়ণের সময় বায়ুচাপ বলয়গুলি উত্তর দিকে সরে আসে বলে এই অঞ্চলে শুষ্ক দক্ষিণ-পূর্ব আয়ন বায়ু প্রবাহিত হয়, তাই গ্রীষ্ম ঋতু এখানে শুষ্ক প্রকৃতির হয়। অন্যদিকে, শীতকালে সূর্যের দক্ষিণায়নের সময় বায়ুচাপ বলয়গুলি ক্রমশ দক্ষিণে সরে যাওয়ায় এই অঞ্চলে উষ্ণ আর্দ্র পশ্চিমা বায়ুর প্রভাবে সামান্য বৃষ্টিপাত ঘটে, তাই শীতকালে এই অঞ্চল আর্দ্র প্রকৃতির হয়।
‘ব্লিজার্ড’ ও ‘পারগা’ কী?
তুন্দ্রা জলবায়ু চরমভাবাপন্ন। শীতকালে (8-9 মাস) উষ্ণতা -20°C থেকে -40°C থাকে। তখন অত্যধিক শীতলতায় প্রবলবেগে প্রবাহিত ঠান্ডা বাতাসের সঙ্গে প্রচুর পরিমাণে তুষারকণা এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয়। এই ঝড়কে তুষারঝড় বা ব্লিজার্ড বলা হয়। এশিয়ার সাইবেরিয়াতে দীর্ঘস্থায়ী শীতকালে ঘণ্টায় গড়ে প্রায় 175 কিমি (150-200 কিমি) বেগে প্রবাহিত তীব্র গতিসম্পন্ন তুষারঝড়কে ‘পারগা’ নামে অভিহিত করা হয়।

ইউরোপের কোন্ কোন্ দেশে ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখা যায়?
ভূমধ্যসাগরীয় অঞ্চলে সারাবছর সমভাবাপন্ন জলবায়ু বিরাজ করলেও –
- গ্রীষ্মকালে – এই অঞ্চলের গড় উষ্ণতা থাকে 21°C-27°C।
- শীতকালে – এই অঞ্চলের তাপমাত্রা কমে গিয়ে 5°C-10°C হয়ে যায়।
- বায়ুর চাপ – ভূমধ্যসাগরীয় জলবায়ু নাতিশীতোষ্ণ মণ্ডলের অন্তর্গত হলেও সূর্যের উত্তরায়ণে এখানে গ্রীষ্মকালে উচ্চচাপ এবং সূর্যের দক্ষিণায়নে শীতকালে নিম্নচাপ বিরাজ করে।
- স্থানীয় বায়ুর প্রভাব – এ ছাড়াও এই অঞ্চলে কয়েকটি স্থানীয় বায়ুর প্রভাব দেখা যায়। সেগুলি হল – ইটালিতে সিরক্কো, ফ্রান্সের রোন নদী উপত্যকায় মিস্ট্রাল, স্পেনে লেভেস, মিশরে খামসিন প্রভৃতি।
- বায়ুপ্রবাহ – সূর্যের উত্তরায়ণ ও দক্ষিণায়নের দ্বারা ভূমধ্যসাগরীয় বায়ুচাপ বলয়গুলি পরিবর্তিত হয় বলে গ্রীষ্মকালে এখানে শুষ্ক আয়ন বায়ু এবং শীতকালে আর্দ্র পশ্চিমা বায়ু প্রবাহিত হয়।
- ঘূর্ণিঝড়ের আগমন – এই অঞ্চলে মাঝে মাঝেই আগত ঘূর্ণিঝড় বৃষ্টিপাতের বণ্টন ও প্রকৃতিকে নিয়ন্ত্রণ করে।
- জলবায়ুর ওপর সমুদ্রবায়ু ও সমুদ্রস্রোতের প্রভাব – এই অঞ্চলের জলবায়ুর ওপর পশ্চিমা বায়ুর প্রভাব খুব বেশি। উপকূলীয় শীতল সমুদ্রস্রোত উষ্ণতাকে অনেকাংশে নিয়ন্ত্রণ করে।
- বৃষ্টিপাত – ভূমধ্যসাগরীয় অঞ্চলে গড় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ মাত্র 25-100 সেমি। এই বৃষ্টিপাতের সবটাই প্রায় শীতকালে ঘটে থাকে। উপকূল থেকে ভিতরে বৃষ্টির পরিমাণ ক্রমশ হ্রাস পায়। এই অঞ্চলে শীতকালে বেশিরভাগ বৃষ্টি হয় বলে একে ‘শীতকালীন বৃষ্টিপাতের দেশ’ বলে।
- তুষারপাত – সার্বিকভাবে এই জলবায়ুতে তুষারপাত না ঘটলেও মাঝে মাঝে ক্যালিফোর্নিয়ার মধ্যভাগে হালকা তুষারপাত ঘটে। প্রসঙ্গত বলা যায়, এই অঞ্চলের অধঃক্ষেপণ নির্ভর করে মূলত এখানে সৃষ্ট নিয়মিত ঘূর্ণবাতের ওপর।
স্লেজ গাড়ি কী?
এস্কিমোরা তুন্দ্রা অঞ্চলের বরফাবৃত ভূমির ওপর দিয়ে যাতায়াত ও শিকারের উদ্দেশ্যে এক ধরনের চাকাবিহীন গাড়ি ব্যবহার করে, এই গাড়িকে স্লেজ গাড়ি বলে। কাঠ দিয়ে এই গাড়ি তৈরি হয়। বলগা হরিণ ও হাস্কি কুকুরের দলকে এই স্লেজ গাড়ি টানার কাজে ব্যবহার করা হয়।
আমরা আমাদের এই আর্টিকেলে অষ্টম শ্রেণির ভূগোলের ষষ্ঠ অধ্যায় ‘জলবায়ু অঞ্চল’ থেকে গুরুত্বপূর্ণ ‘সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর’ নিয়ে আলোচনা করেছি। বিদ্যালয়ের পরীক্ষা বা বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নগুলি প্রায়শই কমন আসতে দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের প্রস্তুতির জন্য উপকারী হবে।
আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে আমাদের সাথে টেলিগ্রামে (Telegram) যোগাযোগ করতে পারেন, আমরা দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবো। পোস্টটি তথ্যবহুল মনে হলে আপনার সহপাঠী ও প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ!





Leave a Comment