আমরা আমাদের আর্টিকেলে অষ্টম শ্রেণির ভূগোলের সপ্তম অধ্যায় ‘মানুষের কার্যাবলি ও পরিবেশের অবনমন’ থেকে কিছু ‘সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর’ নিয়ে আলোচনা করবো। এই প্রশ্নগুলো অষ্টম শ্রেণির ভূগোল পরীক্ষার জন্য ও বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মানুষের অর্থনৈতিক কার্যাবলি (Economic Activity) বলতে কী বোঝায়?
মানুষ যে কর্মপ্রচেষ্টার দ্বারা পরিবেশ থেকে বিভিন্ন উপাদান সংগ্রহ করে – নিজস্ব শ্রম, বুদ্ধি ও মূলধনকে কাজে লাগিয়ে তাকে ব্যবহার উপযোগী করে তোলে এবং সেগুলি কেন্দ্র করে মানুষের যে বিনিময় ও পরিষেবাগত ক্ষেত্র গড়ে ওঠে, সামগ্রিকভাবে তাকেই অর্থনৈতিক কার্যাবলি (Economic Activity) বলে। উদাহরণ – প্রকৃতির বুকে চাষ-আবাদ, বিভিন্ন শিল্পস্থাপন, পরিবহণ, ব্যবসা-বাণিজ্য প্রভৃতি অর্থনৈতিক কার্যাবলির অন্তর্গত।
পরিবেশ দূষণ (Environmental Pollution) কাকে বলে?
প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট কার্যের ফলে বিভিন্ন ক্ষতিকারক জৈব-অজৈব পদার্থ মিশে পরিবেশের বিভিন্ন উপাদানের ভারসাম্য নষ্ট হয়ে যে অস্বাস্থ্যকর অবস্থার সৃষ্টি হয়, তাকে পরিবেশ দূষণ বলে। যেমন – জলদূষণ, বায়ুদূষণ, মৃত্তিকা দূষণ, শব্দদূষণ প্রভৃতি।
হোমিওস্ট্যাটিক ব্যবস্থা (Homeostatic Mecha-nism) কী?
প্রাকৃতিক পরিবেশের বিভিন্ন ভৌত ও জৈব প্রক্রিয়াগুলি এমনভাবে কাজ করে যাতে পরিবেশের কোনো অংশে ক্ষতি বা পরিবর্তন হলে তা নিজে থেকেই পূরণ হয়ে যায়। প্রকৃতির এই ব্যবস্থাকেই হোমিওস্ট্যাটিক ব্যবস্থা (Homeostatic Mechanism) বলে।
বাস্তুতন্ত্র (Ecosystem) কাকে বলে?
যে নির্দিষ্ট প্রণালীতে কোনো নির্দিষ্ট স্থানে বসবাসকারী জীব ও জড় গোষ্ঠীর পারস্পরিক আন্তঃসম্পর্কের মধ্যে দিয়ে যে অনুকূল বসবাসরীতি গড়ে ওঠে, তাকে বাস্তুতন্ত্র (Ecosystem) বলে। প্রসঙ্গত 1935 খ্রিস্টাব্দে বিজ্ঞানী A. G. Tansley ‘বাস্তুতন্ত্র’ শব্দটি প্রথম ব্যবহার করেন।
‘জীববৈচিত্র্য’ (Biodiversity) বলতে কী বোঝো?
প্রাণীজগৎ ও উদ্ভিদজগৎ নিয়ে জীবজগৎ গঠিত হয়েছে। বিজ্ঞানীদের অনুমান আজ থেকে প্রায় 300 কোটি বছর আগে জলভাগে বিশেষত মহাসমুদ্রে সর্বপ্রথম জীবের সৃষ্টি হয়। কালক্রমে তা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে। সঠিক তথ্য না সংগ্রহ করতে পারলেও, প্রায় 17 লক্ষ নানান প্রজাতির প্রাণী ও উদ্ভিদের সন্ধান পাওয়া গেছে। 1992 খ্রিস্টাব্দ বসুন্ধরা সম্মেলনের মঞ্চ থেকে ‘জীববৈচিত্র্য’ শব্দটি বিশ্বসংবাদ মাধ্যমে সমগ্র পৃথিবীতে জনপ্রিয়তা লাভ করে। জিন (Gene), প্রজাতি (Species) এবং বাস্তুতন্ত্র (Ecosystem) – এই তিনটি স্তরে জীববৈচিত্র্যের মূল্যায়ন করা হয়।
বায়োডাইভারসিটি হট স্পট (Biodiversity Hot Spot) কী?
যেসব অঞ্চলে প্রজাতি বৈচিত্র্য বেশি কিন্তু তাদের অধিকাংশ প্রজাতি অবৈজ্ঞানিকভাবে ব্যবহারের ফলে বিপন্ন, সেইসব অঞ্চলকে Biodiversity Hot Spot বলে। যেমন – ভারতের পূর্ব হিমালয়।
ভারতের পরিবেশের প্রধান সমস্যাগুলি লেখো।
ভারতের প্রধান পরিবেশের সমস্যাগুলি হল –
- সম্পদের অপব্যবহার,
- অরণ্য ও কৃষিভূমির অবনমন,
- জনসংখ্যা বৃদ্ধি ও জনসাধারণের স্বাস্থ্যের অবনমন,
- দারিদ্র্য ও অপুষ্টি,
- জীববৈচিত্র্য হ্রাস,
- অপরিকল্পিত উন্নয়ন ও বিভিন্ন পরিবেশ দূষণ প্রভৃতি।
সুন্দরলাল বহুগুণা, বাবা আমতে, মেধা পাটেকর, গৌরী দেবী কোন্ কোন্ পরিবেশ আন্দোলনের সঙ্গে জড়িত?
- সুন্দরলাল বহুগুণা – চিপকো আন্দোলন।
- বাবা আমতে – নর্মদা বাঁচাও আন্দোলন।
- মেধা পাটেকর – নর্মদা বাঁচাও আন্দোলন।
- গৌরী দেবী – চিপকো আন্দোলন।
ইউট্রোফিকেশন (Eutrophication) কী?
সাবান জল, কাপড় কাচার সাবান, কৃষিজমিতে ব্যবহৃত সার থেকে নাইট্রেট, ফসফেট ও সালফেট জাতীয় পদার্থ জলে মিশে হ্রদ, জলাশয় বা পুকুরের জলে পতিত হলে সেখানে শৈবাল জাতীয় উদ্ভিদ প্রচুর পরিমাণে বৃদ্ধি পায়। ফলে, অক্সিজেনের ঘাটতির জন্য পরে এগুলি মরে পচে জলাশয়ের তলদেশে জমা হলে জলাশয় ক্রমশ ভরাট হতে থাকে। এই প্রক্রিয়াকে ইউট্রোফিকেশন বলে।
স্টকহোম সম্মেলন (Stockholm Summit) কী?
1972 সালের 5-16 জুন সুইডেনের স্টকহোম শহরে যে আন্তর্জাতিক সম্মেলনটি অনুষ্ঠিত হয়, তাকে স্টকহোম সম্মেলন বলে। এই সম্মেলনের মূল বিষয় ছিল পরিবেশ ও তার পারিপার্শ্বিক অবস্থার অবক্ষয় রোধ করা বা নিয়ন্ত্রণ করার জন্য জাতীয় ও আন্তর্জাতিক মানের কর্মসূচি গ্রহণ করা। আন্তর্জাতিক পরিবেশ সুরক্ষার জন্য 26টি নীতি নির্ধারণ করা হয় যা স্টকহোম ডিক্লারেশন নামে খ্যাত।
গ্রিন পিস (Green Peace) আন্দোলন কী?
1971 সালে নেদারল্যান্ডের আমস্টারডামে পরিবেশ সুরক্ষার উদ্দেশ্যে একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা গঠন করা হয়, যা গ্রিন পিস ইন্টারন্যাশনাল বা সংক্ষেপে গ্রিন পিস নামে পরিচিত। গ্রিন পিস -এর লক্ষ্যগুলি হল –
- জীববৈচিত্র্য রক্ষা করা,
- পারমাণবিক অস্ত্রশস্ত্র পরীক্ষা নিষিদ্ধ করা,
- পরিবেশের সুরক্ষার জন্য শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়া।
প্লাস্টিক ও পলিথিন পরিবেশের অবনমনকে কীভাবে ত্বরান্বিত করে?
প্লাস্টিক বা পলিথিন আবর্জনা হিসেবে মাটিতে পড়ে থাকলে কোনো ব্যাকটেরিয়া বা ছত্রাক দ্বারা বিয়োজিত হয় না, ফলে এই সমস্ত অবিশ্লেষ্য পদার্থ থেকে নির্গত ক্ষতিকর রাসায়নিক পদার্থ মৃত্তিকাস্থিত অণুজীবদের ধ্বংস করে মৃত্তিকার উর্বরতা শক্তিকে নষ্ট করে, সার্বিকভাবে পরিবেশের গুণমান হ্রাস করে।
কঠিন আবর্জনা (Solid Waste) কী?
যেসব বর্জ্যপদার্থ কোনোরূপ ব্যাকটেরিয়া বা ছত্রাকের বিক্রিয়ার ফলেও মাটিতে না মিশে পরিবেশে অক্ষত থেকে দূষণ সৃষ্টি করে, তাকে Solid Waste বা কঠিন আবর্জনা বলে। উদাহরণ – পলিথিন, পলিমার যৌগ, আর্সেনিক ইত্যাদি।
ই-ওয়েস্ট (E-Waste) কী?
কম্পিউটার, মাইক্রোওয়েভ, রেফ্রিজারেটর, মোবাইল, ল্যাপটপ ইত্যাদি বৈদ্যুতিক যন্ত্রপাতির অকেজো বর্জ্যপদার্থকে E-Waste বলে। বর্তমানে ভারতে প্রতি বছর দেড় লক্ষ টনের অধিক E-Waste তৈরি হচ্ছে।
তেজস্ক্রিয় দূষণ (Radioactive Pollution) কাকে বলে?
বিভিন্ন পারমাণবিক কেন্দ্রে রাখা পারমাণবিক পদার্থের (ইউরেনিয়াম, থোরিয়াম, প্লুটোনিয়াম প্রভৃতি) বিস্ফোরণ ঘটে যে দূষণ সৃষ্টি করে, তাকে তেজস্ক্রিয় দূষণ বলে। উদাহরণ – 1984 সালে ভোপাল গ্যাস দুর্ঘটনা, 2011 সালে জাপানের ফুকুশিমা পারমাণবিক কেন্দ্রের বিস্ফোরণ এ প্রসঙ্গে উল্লেখযোগ্য।
পরিবেশ ভাবনা (Environmental Perception) কী?
মানুষ যখন পরিবেশের বিভিন্ন দিক সম্পর্কে অবগত থেকে পরিবেশ রক্ষার্থে সচেতনভাবে বিভিন্ন ভূমিকা গ্রহণ করে পরিবেশবোধ তথা পরিবেশের ভালোমন্দের বিবেচনা করে, তাকেই পরিবেশ ভাবনা বলে।
Earth Hour বলতে কী বোঝো?
অস্ট্রেলিয়ার সিডনি শহরের মানুষেরা 2007 সালের 31 মার্চ বিদ্যুতের অপচয় ও দূষণ ঠেকাতে সচেতনভাবে রাত 8টা থেকে রাত 9টা পর্যন্ত শহরের সমস্ত আলো বন্ধ রাখে। বর্তমানে বিশ্বের প্রায় 45টি দেশের 100 শহরের মানুষ ওই 31 মার্চ রাতে 1 ঘণ্টা আলো বন্ধ রেখে দূষণরোধে যে নিয়মানুবর্তিতা পালন করে, তাকেই Earth Hour বলে।
বর্তমান বিশ্বের পরিবেশ সংক্রান্ত কয়েকটি সমস্যার নাম লেখো।
বর্তমানে পৃথিবীতে নানা প্রাকৃতিক ও আর্থসামাজিক সমস্যার সৃষ্টি হয়েছে। সেগুলি হল –
- ওজোন স্তর ক্ষয়,
- বিশ্ব উষ্ণায়ন,
- দূষণ,
- অ্যাসিড বৃষ্টি,
- জনবিস্ফোরণ,
- দারিদ্রতা,
- ধর্মান্ধতা,
- সন্ত্রাসবাদ।
ক্লিন টেকনোলজি (Clean Technology) কী?
কোনো এক শক্তি ব্যবহারের মাধ্যমে দূষণের পরিমাণ কমানোকে Clean Technology বলে। যেমন – জীবাশ্ম জ্বালানি ব্যবহারের পরিবর্তে বিদ্যুৎ উৎপাদনের জন্য জলবিদ্যুৎ, সৌরশক্তির ব্যবহার Clean Technology-এর উদাহরণ।
G-20 কী?
1999 সালে 19টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন নিয়ে তৈরি হয় Group 20 বা G-20। নিজেদের মধ্যে আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতা ও ব্যবসায়িক সম্পর্ক দৃঢ় করতে এটি তৈরি হয়। বর্তমানে আফ্রিকান ইউনিয়ন যুক্ত হওয়ায় এর সদস্য সংখ্যা 21-এ দাঁড়িয়েছে।
এর সদস্য দেশগুলি হল – আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র।
W. H. O. কী?
W.H.O-এর পুরো শব্দটি হল World Health Organisation; 7 এপ্রিল 1948 সালে এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনিভাতে অবস্থিত। রাষ্ট্রসংঘের অধীনস্থ এই সংস্থাটি পৃথিবীব্যাপী স্বাস্থ্য সংক্রান্ত বিষয় দেখাশোনা করে। প্রতি বছর 7 এপ্রিল দিনটি World Health Day হিসেবে পালিত হয়।
BOD কী?
BOD-এর পুরো নাম Biological Oxygen Demand; এর দ্বারা জলদূষণের মাত্রা নির্ধারণ করা হয়। কোনো জলাশয়ে জীবের আধিক্য প্রত্যক্ষভাবে মাপা যায় না। সেই জলে উপস্থিত অতি ক্ষুদ্র প্রাণীদের অক্সিজেনের চাহিদা তার জৈব ক্ষয়িষ্ণু পদার্থের উপস্থিতির পরিমাণ জানতে সাহায্য করে। এই চাহিদাকে জৈব রাসায়নিক চাহিদা বা BOD বলে।
বহুমুখী নদী পরিকল্পনা (Multipurpose River Valley Project) কী?
কোনো নদীতে বাঁধ দিয়ে যখন অর্থনৈতিক বিভিন্ন উদ্দেশ্য সম্পাদন করা হয়, তাকেই বহুমুখী নদী পরিকল্পনা বলে।
উদ্দেশ্য – এখানে নদীতে বাঁধ দিয়ে বিদ্যুৎ উৎপাদন, জলসেচের প্রসার, মৎস্যচাষ, পর্যটন শিল্প স্থাপন প্রভৃতি অর্থনৈতিক কার্যাবলি গড়ে তোলা হয়। উদাহরণ – দামোদর উপত্যকা পরিকল্পনা, ময়ূরাক্ষী নদী পরিকল্পনা, ভাকরা-নাঙ্গাল পরিকল্পনা প্রভৃতি।
গ্রিন হাউস গ্যাস (Green House Gas)-গুলি কী কী?
গ্রিন হাউস গ্যাসগুলি হল – কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, মিথেন, ওজোন, জলীয় বাষ্প, ক্লোরোফ্লুরো কার্বন, নাইট্রাস অক্সাইড ইত্যাদি। এই গ্যাসগুলির পরিমাণ অতিরিক্ত পরিমাণে বেড়ে গেলে পৃথিবীর গড় তাপমাত্রা অনেক বেড়ে যাবে। ফলে পরিবেশের তথা বাস্তুতন্ত্রের ওপর তার বিরূপ প্রতিক্রিয়া হবে।
ওজোন ছিদ্র (Ozone Hole) কী?
স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে ওজোন স্তর অবস্থিত। CFC, অতিবেগুনি রশ্মি দ্বারা ক্লোরিন পরমাণু ওজোন অণুকে ভেঙে দেয়। এর ফলে ওজোন স্তরে ছিদ্র দেখা যায়। একে ওজোন ছিদ্র (Ozone Hole) বলে। মেরু অঞ্চলে ওজোন স্তরে গর্তের সৃষ্টি হয়েছে।
EIA কী?
EIA-এর পুরো নাম হল Environmental Impact Assessment বা পরিবেশগত প্রভাব মূল্যায়ন। এর দ্বারা কোনো উন্নয়নমূলক প্রকল্পের ক্ষণস্থায়ী ও দীর্ঘস্থায়ী উন্নয়নের সাপেক্ষে ভালো বা খারাপ প্রভাব লিপিবদ্ধ করা হয়।
বর্তমান পৃথিবীতে স্থিতিশীল উন্নয়নের গুরুত্ব বৃদ্ধি পেয়েছে কেন?
স্থিতিশীল উন্নয়নে –
- দারিদ্র্য, অনাহার, অশিক্ষার মতো সামাজিক ব্যাধির প্রতিকার হয়,
- বৈদেশিক ঋণের বোঝা হ্রাস পায়,
- সম্পদের অপচয় হ্রাস পায়,
- পরিবেশের অবনমন হ্রাস পায়,
- নাগরিকদের সুযোগসুবিধা বৃদ্ধি পায়,
- দূষণ নিয়ন্ত্রিত হয়,
- সমাজে সাম্য প্রতিষ্ঠিত হয়।
ফলে, বর্তমান পৃথিবীতে স্থিতিশীল উন্নয়নের গুরুত্ব উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে।
আমরা আমাদের আর্টিকেলে অষ্টম শ্রেণির ভূগোলের সপ্তম অধ্যায় ‘মানুষের কার্যাবলি ও পরিবেশের অবনমন’ থেকে কিছু ‘সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর’ নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলো অষ্টম শ্রেণির ভূগোল পরীক্ষার জন্য বা চাকরির পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলি অষ্টম শ্রেণির পরীক্ষা বা চাকরির পরীক্ষায় প্রায় দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে।
আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা হলে, আপনারা আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। তাছাড়া নিচে আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন, যাদের এটি প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।





Leave a Comment