এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “বায়ুদূষণের জন্য মানুষের আধুনিক সভ্যতা দায়ী। – ব্যাখ্যা করো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের পঞ্চম অধ্যায় “পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ” -এর “পরিবেশদূষণ” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

বায়ুদূষণের কারণ হিসেবে আধুনিক মানবসভ্যতার ভূমিকা
মনুষ্যজাতি উন্নত পৃথিবী গড়ার উদ্দেশ্যে যথেচ্ছভাবে প্রাকৃতিক সম্পদের ব্যবহার করছে। এর ফলে একদিকে যেমন মানুষের নানা ক্রিয়াকলাপের দরুন বায়ু, জল, মাটি দূষিত হচ্ছে, অন্যদিকে প্রাকৃতিক ভারসাম্যও বিঘ্নিত হচ্ছে। মানুষ বা আধুনিক সভ্যতা যেভাবে বাতাস দূষিত করছে তার বিস্তারিত বিবরণ নিচে দেওয়া হলো –
- জ্বালানির দহন – গৃহস্থালির জ্বালানি, কাঠ এবং ঘুঁটে পোড়ানোর ফলে বায়ুমণ্ডলে অতিরিক্ত মাত্রায় দূষক গ্যাস নির্গত হয়। এগুলি হলো – কার্বন মনোক্সাইড (CO), কার্বন ডাই-অক্সাইড (CO₂), পার্টিকুলেট বস্তু ও ঝুল।
- গ্রিনহাউস গ্যাস ও বিশ্ব উষ্ণায়ন – মানবসভ্যতা যত উন্নত হচ্ছে, একদিকে যেমন বনাঞ্চল কেটে নগরায়ণ হচ্ছে, অন্যদিকে তেমনই পাল্লা দিয়ে AC ও ফ্রিজের ব্যবহার বাড়ছে। এগুলি বিভিন্ন ধরনের গ্রিনহাউস গ্যাস উৎপাদনে বিশেষ ভূমিকা পালন করে। রেফ্রিজারেটর থেকে নির্গত CFC, অগ্নিনির্বাপক যন্ত্র থেকে নির্গত দূষক গ্যাস বায়ুমণ্ডলের ওজোন স্তরের মারাত্মক ক্ষতি করে। বিভিন্ন গ্রিনহাউস গ্যাস (যেমন – CO₂, CO, N₂O, CFC, মিথেন ইত্যাদি) ভূপৃষ্ঠ থেকে বিকিরিত তাপকে শোষণ করে মহাশূন্যে ফিরে যেতে বাধা সৃষ্টি করে। এর ফলে পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি পায় এবং বায়ুর স্বাভাবিক ভারসাম্য বিনষ্ট হয়।
- যানবাহনের দূষক পদার্থ – বর্তমানে যানবাহনের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। উড়োজাহাজ এবং বিভিন্ন মোটরচালিত যানবাহন থেকে নির্গত দূষক গ্যাস ব্যাপক হারে বায়ুদূষণ ঘটায়। এই গ্যাসগুলি হলো – কার্বন মনোক্সাইড, কার্বন ডাই-অক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, সালফার ডাই-অক্সাইড, হাইড্রোজেন সালফাইড এবং সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার (SPM)।
- শিল্পজাত দূষক পদার্থ – পরিবেশে দিন দিন কলকারখানা ও শিল্পের সংখ্যা বাড়ছে। শিল্পাঞ্চল থেকে বিভিন্ন ধরনের দূষক বস্তু প্রতিনিয়ত নির্গত হয়। তাপবিদ্যুৎ কেন্দ্র এবং তৈলশোধনাগারগুলি থেকে প্রচুর পরিমাণে ফ্লাই অ্যাশ ও ক্ষতিকর গ্যাস বায়ুতে মিশে বায়ুকে দূষিত করে। এছাড়াও পারমাণবিক চুল্লি থেকে মারাত্মক ক্ষতিকর তেজস্ক্রিয় দূষক বস্তু নির্গত হয়।
- কৃষিকাজ ও অন্যান্য কারণ – আধুনিক কৃষিকাজে ব্যবহৃত রাসায়নিক সার ও কীটনাশক থেকে নির্গত গ্যাস, অপরিকল্পিত নির্মাণকাজের ফলে সৃষ্ট ধুলোকণা এবং বন ধ্বংস বা অরণ্যচ্ছেদের ফলেও বায়ু ব্যাপকভাবে দূষিত হয়। এছাড়াও প্রাথমিক বায়ুদূষকের রাসায়নিক বিক্রিয়ায় উৎপন্ন গৌণ বায়ুদূষকরাও (যেমন- প্যান বা PAN) বায়ুদূষণ ঘটায়।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “বায়ুদূষণের জন্য মানুষের আধুনিক সভ্যতা দায়ী। – ব্যাখ্যা করো।” — নিয়ে আলোচনা করেছি। আশা করি এই আর্টিকেলটি তোমাদের জন্য উপকারী হয়েছে। তোমাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করতে পারো।





Leave a Comment