আমরা আমাদের আর্টিকেলে অষ্টম শ্রেণির ভূগোলের নবম অধ্যায় ‘উত্তর আমেরিকা’-এর উপবিভাগ ‘উত্তর আমেরিকার প্রাকৃতিক বৈশিষ্ট্য’ থেকে কিছু গুরুত্বপূর্ণ ‘সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর’ নিয়ে আলোচনা করবো। এই প্রশ্নগুলো অষ্টম শ্রেণির ভূগোল পরীক্ষার জন্য এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক (চাকরির) পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অষ্টম শ্রেণির ভূগোল নবম অধ্যায়: উত্তর আমেরিকার প্রাকৃতিক বৈশিষ্ট্য – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
উত্তর আমেরিকা মহাদেশের অবস্থান নির্দেশ করো।
উত্তর আমেরিকা মহাদেশটি দক্ষিণে 7° উত্তর অক্ষাংশ (পানামার দক্ষিণসীমা) থেকে উত্তরে 84° উত্তর অক্ষাংশ (গ্রিনল্যান্ডের উত্তরসীমা) পর্যন্ত এবং পূর্বে 20° পশ্চিম দ্রাঘিমাংশ (গ্রিনল্যান্ডসহ) থেকে পশ্চিমে 173° পশ্চিম দ্রাঘিমাংশের (আলাস্কার) মধ্যে অবস্থিত। মহাদেশটি উত্তর-দক্ষিণে 8,480 কিমি এবং পূর্ব-পশ্চিমে 5,700 কিমি বিস্তৃত আছে।
উত্তর আমেরিকা মহাদেশের চতুঃসীমা বর্ণনা করো।
উত্তর আমেরিকার উত্তরে সুমেরু মহাসাগর; দক্ষিণে পানামা খাল, ক্যারিবিয়ান সাগর, মেক্সিকো উপসাগর; পূর্বে আটলান্টিক মহাসাগর এবং পশ্চিমে প্রশান্ত মহাসাগর অবস্থিত। উত্তর আমেরিকা উত্তর-পশ্চিমে সংকীর্ণ বেরিং প্রণালী দ্বারা এশিয়া থেকে বিচ্ছিন্ন আছে। আবার, দক্ষিণে পানামা খাল বা যোজক দ্বারা উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা একে অপরের থেকে পৃথক আছে।
উত্তর আমেরিকার পূর্বদিকের উচ্চভূমিগুলির নাম লেখো।
উত্তর আমেরিকা মহাদেশের পূর্বাংশে উত্তরে ল্যাব্রাডর থেকে দক্ষিণে আলাবামা পর্যন্ত কয়েকটি বিচ্ছিন্ন উচ্চভূমি লক্ষ করা যায়। উত্তর-পূর্ব দিকে প্রবাহিত সেন্ট লরেন্স নদী দ্বারা এই উচ্চভূমি মূলত দুটি ভাগে বিভক্ত। এর মধ্যে উত্তর অংশটিতে আছে অ্যালঘেনি পর্বত, ল্যাব্রাডর মালভূমি ও নিউ ইংল্যান্ড উচ্চভূমি এবং মধ্য ও দক্ষিণ অংশটিতে আছে ক্ষয়প্রাপ্ত প্রাচীন ভঙ্গিল পর্বতমালা অ্যাপালেশিয়ান উচ্চভূমি। এই পার্বত্য অঞ্চলের গড় উচ্চতা প্রায় 2,000 মিটার। অ্যাপালেশিয়ানের ব্লু রিজ পর্বতের মাউন্ট মিশেল (2,037 মিটার) এই উচ্চভূমির সর্বোচ্চ শৃঙ্গ।
কর্ডিলেরা বলতে কী বোঝো?
‘কর্ডিলেরা’ একটি স্পেনীয় শব্দ, যার অর্থ হল-‘শৃঙ্খল’। উত্তর আমেরিকা মহাদেশের পশ্চিমপ্রান্তে প্রশান্ত মহাসাগরীয় উপকূল বরাবর কতকগুলো সমান্তরাল নবীন ভঙ্গিল পর্বতমালা (কোস্ট রেঞ্জ, আলাস্কা রেঞ্জ, ব্রুকস রেঞ্জ প্রভৃতি) পরস্পর শৃঙ্খলের মতো অবস্থান করছে। তাই একে কর্ডিলেরা বলা হয়।
উত্তর আমেরিকার পশ্চিম অংশে ভঙ্গিল পর্বত সৃষ্টি হয়েছে কেন?
উত্তর আমেরিকার পশ্চিমদিকে রয়েছে প্রশান্ত মহাসাগর। এই প্রশান্ত মহাসাগরীয় পাত ও উত্তর আমেরিকা মহাদেশীয় পাতের অভিসারী চলনের ফলেই দুই পাতের মধ্যবর্তী অংশের শিলায় ভাঁজ পড়ে নবীন ভঙ্গিল পর্বতশ্রেণি গড়ে উঠেছে। তাই উত্তর আমেরিকার পশ্চিমাংশে ভঙ্গিল পর্বত দেখা যায়।
বৃহৎ সমভূমি বা Great Plain বলতে কী বোঝো?
উত্তর আমেরিকার পশ্চিমে পার্বত্য অঞ্চল ও পূর্বের উচ্চভূমি অঞ্চলের মাঝখানে উত্তরের সুমেরু থেকে দক্ষিণে মেক্সিকো উপসাগর পর্যন্ত বিশাল অঞ্চল জুড়ে যে সমভূমি অবস্থান করছে তা বৃহৎ সমভূমি বা Great Plain নামে পরিচিত। এই সমভূমি সেন্ট লরেন্স, মিসিসিপি-মিসৌরি, ম্যাকেঞ্জি প্রভৃতি নদী অববাহিকার অন্তর্গত। এই সমভূমি পুরোপুরি সমতল নয়, কিছুটা তরঙ্গায়িত।
প্রপাতরেখা কী?
উত্তর আমেরিকার পূর্বদিকের উচ্চভূমি অঞ্চলটির পূর্বপাশে আছে ‘পিডমন্ট মালভূমি’ বা পাদদেশীয় মালভূমি। এই পিডমন্ট মালভূমির পূর্বপ্রান্ত হঠাৎ খুব ঢালু হয়ে আটলান্টিক উপকূলের সমভূমিতে নেমে গেছে। ফলে, অ্যাপালেশিয়ান উচ্চভূমি থেকে উৎপন্ন নদীসমূহ (পটোম্যাক, সাসকুয়েহানা, জেমস্) এই খাড়া ঢালের ওপর দিয়ে প্রবাহিত হয়ে এখানে সারিবদ্ধ একাধিক জলপ্রপাতের সৃষ্টি করেছে। সেজন্য এই অঞ্চলকে ‘প্রপাতরেখা’ (Fall line) বলে।
হিমপ্রাচীর বলতে কী বোঝো?
উত্তর আটলান্টিক মহাসাগরে উত্তর আমেরিকার পূর্বাংশের নিউ ফাউন্ডল্যান্ড উপকূল বরাবর উষ্ণ উপসাগরীয় স্রোত ও শীতল ল্যাব্রাডর স্রোত পাশাপাশি প্রবাহিত হচ্ছে। উষ্ণ উপসাগরীয় স্রোতের রং গাঢ় নীল বর্ণ হয় এবং শীতল ল্যাব্রাডর স্রোতের রং গাঢ় সবুজ বর্ণের হয়। এই দুই ভিন্ন বর্ণের সমুদ্রস্রোত পরস্পর মিলিত হলে, সেই স্রোত দুটির মিলনস্থল বা সীমারেখাকে হিমপ্রাচীর বলে।
উত্তর আমেরিকার মরুভূমিগুলির নাম লেখো।
উত্তর আমেরিকা মহাদেশের পশ্চিমাংশে অ্যারিজোনা, টেকসাস, নিউ মেক্সিকো ও ক্যালিফোর্নিয়া অঞ্চলের সোনোরান, মোহেভ, ক্যালিফোর্নিয়া ও মেক্সিকো মরুভূমি বিশেষ উল্লেখযোগ্য।
নরম কাঠের অরণ্য কাকে বলে?
উত্তর আমেরিকার তুন্দ্রা অঞ্চলের দক্ষিণে পাইন, ফার, স্প্রুস, লার্চ প্রভৃতি সরলবর্গীয় বৃক্ষের বিশাল অরণ্য গড়ে উঠেছে। এই সমস্ত বৃক্ষের কাঠ নরম প্রকৃতির হওয়ায় এই অরণ্যকে নরম কাঠের অরণ্য বলা হয়।
Fall কী?
উত্তর আমেরিকার উত্তরে হ্রদ অঞ্চল থেকে শুরু করে মিসিসিপি-মিসৌরি সমভূমি, পূর্বের উচ্চভূমি ও পূর্ব উপকূল ভাগে যে মিশ্র অরণ্য গড়ে উঠেছে, সেখানে ওক, ম্যাপল, অ্যাশ, এলম প্রভৃতি পর্ণমোচী উদ্ভিদের অরণ্য দেখা যায়। এই অরণ্যের গাছের পাতা শরৎকালে হলদে, লাল বা কমলা হয়ে ঝরে পড়ে। তাই শরৎকালকে এখানে Fall বলা হয়।
চিনুক কী?
উৎস – রকি পর্বত, কানাডা, উত্তর আমেরিকা মহাদেশ। বৈশিষ্ট্য –
- উষ্ণ প্রকৃতির স্থানীয় বায়ু।
- শুষ্ক ও কম আর্দ্রতাযুক্ত।
- মাত্র 20 মিনিটের মধ্যে কোনো স্থানের উষ্ণতা প্রায় 21°C বৃদ্ধি পেতে পারে।
- শীতের শেষে এবং বসন্তের শুরুতে এই বায়ু প্রবাহিত হয়।
প্রবাহপথ – রকি পর্বতের পূর্বঢাল থেকে পাদদেশীয় সমভূমির ওপর প্রায় কয়েকশত কিমি পর্যন্ত।
মনুষ্য জীবনে প্রভাব – উষ্ণ ও শুষ্ক ‘চিনুক’ বায়ুর প্রভাবে শীতকালে রকি পর্বতের পাদদেশীয় সমভূমির বরফ গলিয়ে দেয় বলে রেড ইন্ডিয়ানরা এই বায়ুর নাম দিয়েছে তুষার ভক্ষক (Snow Eater)।

ঝোপ তুন্দ্রা বলতে কী বোঝো?
উত্তর আমেরিকার উত্তরাংশে তুন্দ্রা জলবায়ু অঞ্চলে স্বল্প স্থায়ী গ্রীষ্মকালে (2-3 মাস) বরফ গলে গেলে বরফমুক্ত স্থানে উইলো, বার্চ, জুনিপার প্রভৃতি গাছের ঝোপ দেখা যায়। এদের ঝোপ তুন্দ্রা বলে।
‘ফার শিল্প’ বলতে কী বোঝো?
উত্তর আমেরিকা মহাদেশের কানাডিয়ান শিল্ড অঞ্চলের অন্তর্গত তুন্দ্রা জলবায়ু ও তৈগা বনভূমিতে বিচরণকারী দীর্ঘ লোমযুক্ত জীবজন্তুর চামড়া থেকে যে শীতের পোশাক তৈরি হয়, তাকে ফার শিল্প বলে। কানাডার ফার শিল্পকেন্দ্রগুলি হল – 1. ভ্যাঙ্কুভার, 2. মন্ট্রিল, 3. টরোন্টো, 4. ফ্লিন-ফ্লন, 5. উইনিপেগ প্রভৃতি বিশেষ উল্লেখযোগ্য।
সেন্ট লরেন্স নদীর উৎস ও মোহানার নাম লেখো।
সেন্ট লরেন্স –
- উৎস – সুপিরিয়র হ্রদের পশ্চিমের সেন্ট লুই নদী। (অন্টারিও হ্রদ থেকে উৎপন্ন হওয়ার পর সেন্ট লরেন্স নাম হয়েছে)।
- মোহানা – আটলান্টিক মহাসাগরের সেন্ট লরেন্স উপসাগর।
আমরা আমাদের আর্টিকেলে অষ্টম শ্রেণির ভূগোলের নবম অধ্যায় ‘উত্তর আমেরিকা’-এর উপবিভাগ ‘উত্তর আমেরিকার প্রাকৃতিক বৈশিষ্ট্য’ থেকে কিছু ‘সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর’ নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলো অষ্টম শ্রেণির ভূগোল পরীক্ষার জন্য বা চাকরির পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ, কারণ এই প্রশ্নগুলি পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে।
আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা হলে, আপনারা আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। তাছাড়া নিচে আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন, যাদের এটি প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।





Leave a Comment