অষ্টম শ্রেণি ভূগোল – দক্ষিণ আমেরিকা – পম্পাস অঞ্চল – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

Souvick

আমরা আমাদের আর্টিকেলে অষ্টম শ্রেণির ভূগোলের দশম অধ্যায় ‘দক্ষিণ আমেরিকা’-এর উপবিভাগ ‘পম্পাস অঞ্চল’ থেকে কিছু গুরুত্বপূর্ণ ‘রচনাধর্মী প্রশ্ন ও উত্তর’ নিয়ে আলোচনা করবো। এই প্রশ্নগুলো অষ্টম শ্রেণির (WBBSE Class 8 Geography) বিদ্যালয়ের পরীক্ষা এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অষ্টম শ্রেণির ভূগোল দশম অধ্যায়: দক্ষিণ আমেরিকা – পম্পাস অঞ্চল (রচনাধর্মী প্রশ্ন ও উত্তর)

পম্পাস অঞ্চলের ভূপ্রকৃতি ও নদনদীর বর্ণনা দাও।

পম্পাস অঞ্চলের ভূপ্রকৃতি – পম্পাস তৃণভূমি মৃদু ঢালযুক্ত সমতল ভূভাগ। ভূমির ঢাল পশ্চিম থেকে পূর্ব দিকে। যুগ যুগ ধরে বায়ুবাহিত লোয়েস ও নদীবাহিত পলি মৃত্তিকার সঞ্চয়কার্যে এই সমভূমি সৃষ্টি হয়েছে। দক্ষিণ দিকে বেলেপাথরে গঠিত কিছু অনুচ্চ ঢিবি দেখা যায়। পশ্চিম অংশের ভূমি ঈষৎ ঢেউ খেলানো এবং গড় উচ্চতা প্রায় 500 মিটার। বুয়েনস আইরেসে ‘সিয়েরা ডেল টান্ডিল’ এবং ‘সিয়েরা দে লা ভেন্টানা’ (উচ্চতা – 1,300 মিটার) নামে দুটি শৈলশিরা দক্ষিণ-পূর্ব থেকে উত্তর-পশ্চিমে বিস্তৃত রয়েছে।

পম্পাস অঞ্চলের নদনদী – পম্পাস অঞ্চলের প্রধান দুটি নদী হলো – পারানা ও উরুগুয়ে। এ ছাড়া এই অঞ্চলের ওপর দিয়ে সালাডো, কলোরাডো, নেগ্রো, ভাল্লিমানাকা, কুয়ার্তো, সালাডিলো, টারসেরো প্রভৃতি নদী প্রবাহিত হয়েছে। পারানা, প্যারাগুয়ে ও উরুগুয়ে নদীর মিলিত প্রবাহ এই অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত হয়ে আর্জেন্টিনা ও উরুগুয়ের মধ্যবর্তী অঞ্চলে প্রায় 300 কিমি দীর্ঘ ও 221 কিমি চওড়া ‘রিও-ডি-লা-প্লাটা’ নামে একটি বিস্তীর্ণ মোহানার সৃষ্টি করে অবশেষে আটলান্টিক মহাসাগরে পড়েছে। এই মোহানা অঞ্চলে একটি উৎকৃষ্ট মানের বন্দর গড়ে উঠেছে।

পম্পাস অঞ্চলের জলবায়ু, মৃত্তিকা ও স্বাভাবিক উদ্ভিদের বর্ণনা দাও।

পম্পাস অঞ্চলের জলবায়ু – পম্পাস তৃণভূমি অঞ্চলে প্রধানত নাতিশীতোষ্ণ জলবায়ু দেখা যায়। সমুদ্রের নিকটবর্তী অঞ্চলে অবস্থিত হওয়ায় এখানকার জলবায়ু বেশ মনোরম ও আরামদায়ক। সমগ্র পম্পাস অঞ্চলের উত্তরাংশ উষ্ণ, দক্ষিণাংশ শীতল, পূর্বাংশ আর্দ্র ও পশ্চিমাংশ শুষ্ক।

  • উষ্ণতা – গ্রীষ্মকালে (ডিসেম্বর-জানুয়ারি) এখানকার গড় উষ্ণতা থাকে প্রায় 24°C এবং শীতকালে (জুন-জুলাই) এখানকার গড় উষ্ণতা থাকে প্রায় 10°C। গ্রীষ্মকালের তুলনায় শীতকাল দীর্ঘস্থায়ী হয়।
  • বৃষ্টিপাত – এখানে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ 50-100 সেমি। পূর্ব উপকূলে বৃষ্টিপাতের পরিমাণ বেশি হয় বলে একে ‘আর্দ্র পম্পাস’ এবং পশ্চিমে বৃষ্টিপাতের পরিমাণ ক্রমশ কম হয় বলে একে ‘শুষ্ক পম্পাস’ বলে।
  • স্থানীয় বায়ুপ্রবাহ ও তুহিন – শীতকালে আন্দিজ পর্বত থেকে পম্পেরো নামক শীতল স্থানীয় ক্যাটাবেটিক বায়ু এই অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয়।

পম্পাস অঞ্চলের মৃত্তিকা – এই অঞ্চলে তিন ধরনের মৃত্তিকা দেখা যায় –

  1. দক্ষিণে লোয়েস বা লিথো মৃত্তিকা
  2. নদী অববাহিকায় পলি মৃত্তিকা
  3. তৃণভূমি অঞ্চলে অতি উর্বর চারনোজেম মৃত্তিকা

পূর্ব দিকের মাটি গাঢ় বাদামি রঙের। পূর্ব দিকের সমুদ্রোপকূল থেকে যতই পশ্চিম দিকে আন্দিজ পর্বতের পাদদেশের দিকে যাওয়া যায়, মাটি ততই হালকা হলুদ রঙের হতে থাকে।

পম্পাস অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ – নাতিশীতোষ্ণ জলবায়ু ও স্বল্প বৃষ্টিপাতের জন্য কোনো বড়ো গাছের বনভূমি সৃষ্টি না হয়ে এই অঞ্চলে বিস্তীর্ণ তৃণভূমির সৃষ্টি হয়েছে। পূর্বভাগ আর্দ্র হওয়ায় ঘাসগুলি বড়ো এবং ঘনত্ব বেশি। কিন্তু পশ্চিমাংশে ঘাসের ঘনত্ব কম। বিস্তীর্ণ তৃণভূমির মাঝে বিক্ষিপ্তভাবে পপলার, ইউক্যালিপ্টাস প্রভৃতি বৃক্ষ দেখা যায়। এখানকার তৃণগুলির মধ্যে আলফালফা, লুমান, ব্রিজা, ব্রোমাস প্রভৃতি উল্লেখযোগ্য।

পম্পাস অঞ্চলের কৃষিকার্য ও পশুপালনের বর্ণনা দাও।

কৃষিকার্য – পম্পাস দক্ষিণ আমেরিকার একটি প্রধান কৃষিসমৃদ্ধ অঞ্চল। বিস্তীর্ণ সমতলভূমি, নাতিশীতোষ্ণ জলবায়ু ও পর্যাপ্ত বৃষ্টিপাত, উর্বর চারনোজেম ও পলি মৃত্তিকা, ভৌমজলের মাধ্যমে বৈজ্ঞানিক পদ্ধতিতে জলসেচ এবং মিশ্র কৃষিব্যবস্থার প্রবর্তন – প্রভৃতি কারণে এখানে কৃষিব্যবস্থা দ্রুত হারে বিকাশলাভ করেছে।

গম এই অঞ্চলের প্রধান কৃষিজ ফসল। পশ্চিমদিকে বাহিয়া ব্লাঙ্কায় প্রায় 1,100 কিমি দীর্ঘ স্থান জুড়ে গম চাষ করা হয়। গম উৎপাদনে আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকার দেশগুলির মধ্যে প্রথম এবং রপ্তানিতে পৃথিবীতে পঞ্চম। এ ছাড়া এখানে ভুট্টা, যব, তিসি, অতসী, বার্লি, কার্পাস, তামাক, ইক্ষু, সোয়াবিন, সূর্যমুখী, ভোজ্য তৈলবীজ, আপেল, নাসপাতি, খোবানি, চেরি, পিচ প্রভৃতি নানা রকম ফল, শাকসবজি এবং পশুখাদ্য হিসেবে আলফালফা ঘাস প্রচুর পরিমাণে উৎপন্ন হয়। প্রচুর পরিমাণে দানাশস্য উৎপাদিত হয় বলে একে ‘দক্ষিণ আমেরিকার শস্যভাণ্ডার’ বলা হয়।

পম্পাস অঞ্চলের কৃষি, পশুপালন ও শিল্পকেন্দ্র

পশুপালন – দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনা ও উরুগুয়ের পম্পাস তৃণভূমি পৃথিবীর গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পশুপালন কেন্দ্র। বিশাল অঞ্চল জুড়ে তৃণভূমির অবস্থান, পুষ্টিকর পশুখাদ্য হিসেবে আলফালফা ঘাসের চাষ, পশুপালনের উপযোগী নাতিশীতোষ্ণ জলবায়ু প্রভৃতি অনুকূল পরিবেশের কারণে এখানে পশুপালন খুব উন্নতমানের। এখানে সাধারণত দুটি পদ্ধতিতে পশুপালন করা হয়ে থাকে; যথা –

  1. গাউচো (Gaucho) নামক উপজাতি গোষ্ঠীদের দ্বারা যাযাবর পশুপালন
  2. বড়ো বড়ো কৃষি খামারে বাণিজ্যিকভাবে পশুপালন

এখানে প্রধানত গোরু, মেষ (মেরিনো ও শেভিয়ট জাতীয়), ভেড়া, শূকর প্রভৃতি পশুপালন করা হয়। এইসব পশু থেকে প্রচুর পরিমাণে মাংস, চামড়া, দুধ ও দুগ্ধজাত দ্রব্য (গুঁড়ো দুধ, মাখন, ঘি, চিজ, পনির, ক্রিম প্রভৃতি) উৎপন্ন হয়। গোমাংস রপ্তানিতে আর্জেন্টিনা বিশ্বে প্রথম এবং উৎপাদনে চতুর্থ স্থান অধিকার করেছে। পশম উৎপাদনে আর্জেন্টিনা পৃথিবীতে ষষ্ঠ ও উরুগুয়ে অষ্টম স্থান অধিকার করেছে। এ ছাড়া এই অঞ্চলে গোরুর মাংসের নির্যাস, চর্বি, হাড়ের গুঁড়ো, সার, মার্জারিন প্রভৃতি উৎপাদিত হয়।

পম্পাস অঞ্চলের ভূপ্রকৃতি ও নদনদী

পম্পাস অঞ্চলের শিল্প ও শিল্পকেন্দ্রগুলির সংক্ষিপ্ত বর্ণনা দাও।

পম্পাস অঞ্চল খনিজ সম্পদে বিশেষ সমৃদ্ধ নয়। তা সত্ত্বেও পশুজাত ও কৃষিজাত কাঁচামালগুলি সুলভে পাওয়া যায় বলে এখানকার শিল্পগুলি এদের ভিত্তি করে গড়ে উঠেছে।

শিল্প – এখানকার শিল্পগুলিকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়; যথা –

  • পশুজাত কাঁচামালভিত্তিক শিল্প – মাংস সংরক্ষণ, মাংস প্যাকিং, দুগ্ধজাত শিল্প (যেমন – মাখন, ঘি, পনির, চিজ, গুঁড়ো দুধ, ক্রিম প্রভৃতি)। চামড়া, পশম প্রভৃতি শিল্পগুলি পশুজাত কাঁচামালকে ভিত্তি করে গড়ে উঠেছে। এ ছাড়া গোরুর মাংসের নির্যাস, চর্বি, হাড়ের গুঁড়ো, সার প্রভৃতিও এখানে উৎপাদিত হয়।
  • কৃষিজ কাঁচামালভিত্তিক শিল্প – ময়দা, চিনি, বেকারি প্রভৃতি শিল্পগুলি কৃষিজাত কাঁচামালকে ভিত্তি করে গড়ে উঠেছে।
  • অন্যান্য শিল্প – এ ছাড়া অন্যান্য শিল্পগুলির মধ্যে ইঞ্জিনিয়ারিং, রাসায়নিক, বস্ত্রবয়ন, খাদ্য প্রক্রিয়াকরণ, খনিজ তেল শোধন প্রভৃতি উল্লেখযোগ্য।

শিল্পকেন্দ্র – গোমাংস উৎপাদনে আর্জেন্টিনা পৃথিবীতে চতুর্থ ও রপ্তানিতে প্রথম স্থান অধিকার করেছে। মেষ মাংস রপ্তানিতে আর্জেন্টিনা তৃতীয়, পশম উৎপাদনে ষষ্ঠ এবং উরুগুয়ে অষ্টম স্থান অধিকার করেছে। করডোবা শহরটি ডেয়ারি বা দুগ্ধ শিল্পকেন্দ্র হিসেবে বিখ্যাত। মন্টিভিডিও, বুয়েনস আইরেস, বাহিয়া ব্লাঙ্কা, লা-প্লাটা, রোজারিও প্রভৃতি শহরগুলিতে বয়ন শিল্প, ময়দা শিল্প, চর্ম শিল্প, মাংস প্রক্রিয়াকরণ, সিমেন্ট শিল্প এবং কিছু কিছু স্থানে ইঞ্জিনিয়ারিং শিল্প, রাসায়নিক শিল্প ও খনিজ তেল শোধনাগার গড়ে উঠেছে।


আমরা আমাদের আর্টিকেলে অষ্টম শ্রেণির ভূগোলের দশম অধ্যায় ‘দক্ষিণ আমেরিকা’-এর উপবিভাগ ‘পম্পাস অঞ্চল‘ থেকে কিছু ‘রচনাধর্মী প্রশ্ন ও উত্তর’ নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলো অষ্টম শ্রেণির ভূগোল পরীক্ষার জন্য বা চাকরির পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলি অষ্টম শ্রেণির পরীক্ষা বা চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে।

আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা হলে, আপনারা আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। তাছাড়া নিচে আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন, যাদের এটি প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

পরিবেশ ও তার সম্পদ-প্রাকৃতিক সম্পদ এবং তাদের টেকসই-স্থিতিশীল ব্যবহার

নবম শ্রেণী জীবনবিজ্ঞান – পরিবেশ ও তার সম্পদ – প্রাকৃতিক সম্পদ এবং তাদের টেকসই/স্থিতিশীল ব্যবহার – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

পরিবেশ ও তার সম্পদ-প্রাকৃতিক সম্পদ এবং তাদের টেকসই-স্থিতিশীল ব্যবহার

নবম শ্রেণী জীবনবিজ্ঞান – পরিবেশ ও তার সম্পদ – প্রাকৃতিক সম্পদ এবং তাদের টেকসই/স্থিতিশীল ব্যবহার – টীকা

পরিবেশ ও তার সম্পদ-প্রাকৃতিক সম্পদ এবং তাদের টেকসই-স্থিতিশীল ব্যবহার

নবম শ্রেণী জীবনবিজ্ঞান – পরিবেশ ও তার সম্পদ – প্রাকৃতিক সম্পদ এবং তাদের টেকসই/স্থিতিশীল ব্যবহার – পার্থক্যধর্মী প্রশ্ন ও উত্তর

About The Author

Souvick

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – টীকা

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – ওশিয়ানিয়ার প্রাকৃতিক পরিবেশ – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর