বিনা পরিশ্রমে অর্থ উপার্জন সম্ভব নয়। ডেভিড ডেভান্ট ও চাঁদ মিঞার জাদু দেখানোর দুটি ঘটনার মাধ্যমে গল্পে এই কথাটি ফুটে উঠেছে।

কবি পরিচিতি
সাহিত্যিক অজিতকৃষ্ণ বসু অবিভক্ত ভারতে অধুনা বাংলাদেশে জন্মগ্রহণ করেন। স্কুলের পড়া শেষ করে জগন্নাথ কলেজ থেকে আইএ এবং স্কটিশ চার্চ কলেজ থেকে বিএ পাশ করেন এবং প্রাইভেটে এমএ পাশ করেন। ইংরেজি অনার্স পরীক্ষায় ‘আর্ট অব পাবলিক স্পিকিং’ রচনা লিখে তিনি স্বর্ণপদক লাভ করেন।
তাঁর কর্মজীবন শুরু হয় বিজ্ঞাপনের কাজের মাধ্যমে। 1958 খ্রিস্টাব্দে তিনি গোবরডাঙা কলেজে ইংরেজি সাহিত্যের অধ্যাপক হিসেবে যোগ দেন এবং পাঁচ বছর পর কলকাতায় আশুতোষ কলেজে আসেন। 1977 খ্রিস্টাব্দে এখান থেকেই তিনি অবসর গ্রহণ করেন।
ছেলেবেলাতেই সাহিত্যচর্চা শুরু হয়। মাত্র 24 বছর বয়সে ‘খোকাখুকি’ মাসিক পত্রিকায় তাঁর কবিতা প্রকাশিত হয়। এটি ছিল টমাস মুরের ‘দি লাইট অব আদার ডে’-এর স্বকৃত অনুবাদ। পরবর্তীকালে ‘শনিবারের চিঠি’ পত্রিকায় প্রকাশিত তাঁর ‘পাগলা গারদের কবিতা’ সিরিজ খুবই জনপ্রিয় হয়েছিল। এখান থেকে বেছে একটি 100 পৃষ্ঠার কবিতা সংকলন প্রকাশ করেছিলেন সজনীকান্ত দাস। এ ছাড়া এই কবিতার অপর দুটি সংকলন হল ‘নে-তে তেরি তোম’ এবং ‘এক নদী বহু তরঙ্গ’। ‘শঙ্করস উইকলি’তে তাঁর বহু কৌতুক রচনা প্রকাশিত হয়। তাঁর লেখা Lunarics বা উদ্ভট খামখেয়ালি কবিতা সংকলন—‘Shadows in the Dark’। তাঁর অন্যান্য সাহিত্যকীর্তি হল : উপন্যাস—‘প্রজ্ঞাপারমিতা’, ‘সানাই’, ‘শকুন্তলা স্যানেটোরিয়াম’, ‘চন্দনপুরের কাহিনী’, ‘শেষ বসন্ত’, ‘বিধাতা’; গল্প সংকলন—‘সৈকত সুন্দরী ও বহুরূপ’; অনুবাদ গ্রন্থ—‘হাকলবেরি ফিন’, ‘টম সইয়ার’, ‘স্যাটান ইন দি সুবার্ব’, ‘ওয়াশিংটন স্কোয়ার’, ‘স্কারলেট লেটার’, ‘অরিগান ট্রি’।
পাঠপ্রসঙ্গ
জাদুর রহস্যময় জগতের সঙ্গে ইট-কাঠ-পাথরের পৃথিবীর কোনো মিল নেই। বাস্তব দুনিয়ায় বিনা পরিশ্রমে অর্থ উপার্জন করা সম্ভব নয়। এই সত্যই গল্পটির মূল উপজীব্য।
বিষয়সংক্ষেপ
ইংল্যান্ডের বিখ্যাত জাদুকর ডেভিড ডেভান্ট-এর ‘কৃপণের স্বপ্ন’ (Miser’s Dream) বা ‘হাওয়াই টাকশালে’র খেলা দেখে একদা এক পাগল নির্জন পথে তাঁকে পাকড়াও করেছিল। নিজের মাথার টুপি খুলে সে দাবি করেছিল টুপিটি শিলিং দিয়ে ভরিয়ে দিতে হবে ডেভান্টকে। পরিস্থিতির চাপে পড়ে জনবিরল রাস্তায় একজনমাত্র দর্শকের সামনে খেলা দেখাতে বাধ্য হয়েছিলেন ডেভান্ট। অবশেষে, লোকটির আপনজনেরা এসে লোকটিকে নিয়ে গেলে জাদুকর সে যাত্রায় রক্ষা পেয়েছিলেন।
এই কাহিনি লেখককে মনে করিয়ে দিয়েছে তাঁর ছেলেবেলার কথা। 1925 খ্রিস্টাব্দে ঢাকা কলেজিয়েট স্কুলের হল ঘরে ‘হাওয়াই টাকশাল’-এর খেলা দেখিয়েছিলেন চাঁদ মিঞা। মুহূর্তে টাকায় ভরে ফেলেছিলেন একটা টিনের কৌটো। হাওয়াই টাকায় কোটিপতি না হয়ে চাঁদ মিঞাকে মাত্র দশ টাকা দক্ষিণা পেয়ে যারপরনাই খুশি হতে দেখে বিস্মিত ছাত্ররা তাঁকে প্রশ্ন করে। সেই প্রশ্নের উত্তরে চাঁদ মিঞা জানিয়েছিলেন, হাওয়ার টাকা হাওয়াতে ফিরিয়ে না দিলে জাদু লাগে না।
শব্দার্থ ও টীকা
- জনবিরল : নির্জন।
- জোয়ান : তরুণ, যুবক।
- পাকড়াও : বন্দি, বাগে, আয়ত্তে।
- মাপ : মার্জনা।
- শিলিং : ব্রিটেনের টাকার একক বিশেষ।
- তল্লাসি : খুব ভালোভাবে খোঁজ করা।
- অলৌকিক : অপার্থিব।
- গুপ্তস্থান : গোপন জায়গা।
- বেয়াড়া : অবাধ্য।
- বে-আক্কেল : বিবেচনাহীন।
- বেদরদি : নির্দয়।
- মেহনত : পরিশ্রম।
- চটপট : তাড়াতাড়ি।
- বিলম্ব : দেরি।
- চমৎকার : সুন্দর।
- কায়দায় : কৌশলে।
- পুঁজি : সম্বল।
- বিস্মিত : অবাক।
- খটকা : সন্দেহ।
- দক্ষিণা : পারিশ্রমিক।
- সংগ্রহ : জোগাড়।
- দীনহীন : দরিদ্র।





মন্তব্য করুন