শঙ্খ ঘোষের ‘দিন ফুরোলে’ কবিতার বিষয়সংক্ষেপ সপ্তম শ্রেণি বাংলা পাঠ বোঝার সহায়ক। এখানে গোধূলির প্রকৃতি, শিশুদের খেলাপ্রেম ও ঘরে ফেরার মনখারাপের সঙ্গে কবি পরিচিতি, নামকরণ, শব্দার্থ ও ব্যাকরণ দেওয়া হয়েছে।

কবি পরিচিতি
আধুনিক যুগের এক বিশিষ্ট খ্যাতনামা কবি, প্রাবন্ধিক ও অধ্যাপক শঙ্খ ঘোষ। তিনি অধুনা বাংলাদেশের অন্তর্গত চাঁদপুরে 1932 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তাঁর রচিত প্রথম কাব্যগ্রন্থ ‘দিনগুলি রাতগুলি’। এ ছাড়া তাঁর উল্লেখযোগ্য রচনা – ‘নিহিত পাতালছায়া’, ‘বাবরের প্রার্থনা’, ‘পাঁজরে দাঁড়ের শব্দ’ ইত্যাদি। ছোটোদের জন্য রচিত ‘অল্পবয়স কল্পবয়স’, ‘ছোট্ট একটা স্কুল’, ‘সুপুরিবনের সারি’, ‘সকালবেলার আলো’, ‘শহরে পথের ধুলো’ বিশেষভাবে উল্লেখযোগ্য। এ ছাড়া তাঁর প্রবন্ধের গ্রন্থ ‘কালের যাত্রা ও রবীন্দ্র নাটক’, ‘ছন্দোময় জীবন’ ইত্যাদি। ‘বাবরের প্রার্থনা’ কাব্যগ্রন্থের জন্য তিনি 1977 খ্রিস্টাব্দে ‘সাহিত্য অকাদেমি পুরস্কার’-এ ভূষিত হয়েছেন। 2021 সালের 21 এপ্রিলে এই মহান সাহিত্যিকের প্রয়াণ ঘটে।
পাঠপ্রসঙ্গ
দিন ফুরোলে কবিতায় কবি শঙ্খ ঘোষ ছোটোদের মনের কথাগুলোকে সহজ, অকপটভাবে প্রকাশ করেছেন। ছোটোদের কাছে এই পৃথিবীটাই একটা খেলাঘর। এমনকি পড়াশোনাও যেন পড়া পড়া খেলা। বড়োদের মতো নিয়মবদ্ধ জীবন তাদের এতটুকুও পছন্দ নয়। খেলার মাঠ মুক্তির আনন্দে তাদের মন ভরে দেয়। তাই মাঠ ছেড়ে বাড়ি ফেরা তাদের একদম পছন্দ নয়। তবুও দিন ফুরোলে বাবা-মায়ের শাসনতাড়নের ভয়ে তাদের ফিরতে হয় আবদ্ধ জীবনে। ফলে সূর্য ডোবার সময় তাদের মনখারাপের সময়। শিশুজগতের কল্পনাপ্রবণ, মুক্তিকামী মনের কথা এ কবিতায় অসামান্যভাবে প্রকাশিত হয়েছে।
বিষয়সংক্ষেপ
দিন ফুরোলে কবিতায় কবি শঙ্খ ঘোষ শিশুমনের আপনকথার প্রকাশ ঘটিয়েছেন। শিশুদের কাছে এ পৃথিবীটাই খেলাঘর। কিন্তু বড়োদের নিয়মবদ্ধ, রুটিনমানা জীবনে তাদের খেলার সময়ও বাঁধাধরা। বিকেলের সেই পরমকাম্য সময়টুকু ফুরিয়ে গেলে সূর্য ডুবে যায়। তাই সূয্যিমামার চলে যাওয়াটা তাদের কাছে যতখানি অকাম্য ততখানিই বিরক্তিকর। সন্ধে হলে যেন কোনো ঈশ্বর আকাশপটে লক্ষ রঙের দৃশ্য তৈরি করে দেন। কৌতূহলী শিশুমন ভাবে সেই দৃশ্য লক্ষ না হয়ে তা একশোও হতে পারে। কিন্তু মিলিয়ে দেখার সময় তাদের নেই। অভিভাবকদের কঠোর অনুশাসনে তাদের জীবন বাঁধা। ফলে ঘরে ফেরার সময় পার হলে বাবা-মায়ের ‘মুচ্ছো’ যাওয়ার সম্ভাবনা দৃঢ়। তাই মিলিয়ে দেখা তাদের আর হয় না।
দিনশেষে আঁধার নামা শুরু হয়। পাখির সারি যেমন ধানের খেত ফেলে বাসায় ফেরে বাচ্চাদেরও তেমন মাঠ থেকে নিজের ঘরে ফিরতে হয়। প্রকৃতির উদার, উন্মুক্ত কোল ছেড়ে চার দেয়ালের গণ্ডির আবদ্ধতা তাই তাদের কাছে মন খারাপের গর্ত হয়ে ওঠে। এই মন খারাপের গর্ত তাদের ঘড়ি ধরে চলা, নিয়ম মেনে চলা এমন নানান শিকলে বাঁধে। মন তা চায় না। কিন্তু বাড়ি ফিরতে সামান্য দেরি হলে কপালে জোটে বাবার বকুনি। ধুলোমাখা হাত-পা দেখে মা ঘৃণা প্রকাশ করেন, একগঙ্গা জল দিয়ে হাত-পা-মুখ ধুয়ে পাওয়া যায় আপাত পরিত্রাণ।
নামকরণ
নামকরণ সাহিত্য বা শিল্পের অপরিহার্য অঙ্গ। নামে যেমন প্রকাশ পায় স্রষ্টার অভিপ্রায় তেমনই সৃষ্টির মূলভাবটিও ফুটে ওঠে। পাঠ্য ‘দিন ফুরোলে’ কবিতার নামকরণটি মূলভাবের ইঙ্গিতবহন করেছে। কবি শঙ্খ ঘোষ তাঁর এই কবিতায় ছোটোদের মনের কথাকে প্রকাশ করেছেন। ‘দিন ফুরোলে’ বলতে দিনের অবসান বা সূর্য ডুবে যাওয়াকে বোঝানো হয়েছে। দিন ফুরোলে সন্ধে নামে। অন্ধকার একটু একটু করে ঢেকে ফেলতে থাকে সমস্ত জগৎকে। শিশুদের কাছে এ মহাজগৎ এক খেলাঘর। নিয়মবদ্ধ জীবনের বদলে শিশুদের পছন্দ খোলামেলা মুক্ত জীবন। দিনের প্রতিটি অংশ বড়োদের নিয়মে বাঁধা। একমাত্র বিকেলটুকুই শিশুদের মুক্তির আস্বাদ দেয়। খোলা মাঠে বা পার্কে খেলাধুলায় মগ্ন হয় তারা। তারপর বিকেল ফুরোয়। সুয্যি ডোবে অমনি তাদের মনখারাপ হয়। তারা বলে –
‘সূয্যি নাকি সত্যি নিজের ইচ্ছেয়
ডুব দিয়েছে? সন্ধে হলো? দুচ্ছাই’
সন্ধে নামা মানে খেলার প্রহর শেষ। তাই সন্ধে নামা ছোটোদের ঘোর অপছন্দ। সূর্যাস্তের রঙের খেলা দেখার অবসরও নেই তাদের, বড়োদের তৈরি নিয়মের জগতে তারা যে আবদ্ধ। অতএব ঘরে ফেরার তাড়া, শত অনিচ্ছাতেও নিয়মবদ্ধ জীবনে ফিরে যাওয়া, বাবার তিরস্কার, মায়ের বিরক্তি। এজন্য দিন ফুরোনো শিশুদের অপছন্দ। শিশুমনের এভাবে গোপন জগতের প্রকাশ ঘটেছে এ কবিতায়। সেই সূত্রে দিন ফুরিয়ে যাওয়া সান্ধ্য প্রকৃতির অনুপম বর্ণনায় কবিতার নামকরণটি হয়ে উঠেছে সার্থক।
শব্দার্থ ও টীকা
সূয্যি: সূর্য। দুচ্ছাই: দূর ছাই; বিরক্তিসূচক ধ্বনি। এক্ষুনি: এখনই। ঈশ্বর: ভগবান, প্রভু। দৃশ্য: দর্শনীয় বস্তু বা ব্যাপার। লক্ষ: শতসহস্র। মুচ্ছো: মূর্ছা, চৈতন্যলোপ, অজ্ঞান। গুচ্ছ: গোছা। আঁধার: অন্ধকার। ফুরোলে: শেষ হলে। ঠ্যাং: পা। কুচ্ছিৎ: কুৎসিত, বিশ্রী। এক গঙ্গা জল: গঙ্গার পবিত্র জল, এখানে প্রচুর জল বোঝানো হয়েছে। ধুচ্ছি: ধোয়া বা পরিষ্কার করা।
শব্দ ও ব্যাকরণ অনুশীলনী
কবিতাটিতে ‘চ্ছ’ দিয়ে কতগুলি শব্দ আছে লেখো, প্রত্যেকটি শব্দ ব্যবহার করে একটি করে আলাদা বাক্য লেখো।
| শব্দ | বাক্য |
| ইচ্ছে | আমার দুপুরে রোদে ঘুরতে ইচ্ছে করছে না। |
| দুচ্ছাই | দুচ্ছাই, আমার এখন কিছু পড়তে ভালো লাগছে না। |
| মুচ্ছো | পুত্রের দুর্ঘটনার কথা শুনে তার মা মুচ্ছো গেলেন। |
| গুচ্ছে | ফুলের গুচ্ছে রঙিন প্রজাপতি বসে আছে। |
| বাচ্ছা | বাচ্ছাদের মন সহজসরল হয়। |
| আচ্ছা | আচ্ছা, আমরা আজকেই তোমাদের বাড়ি যাব। |
| কুচ্ছিৎ | শ্যামলের হাতের লেখা খুবই কুচ্ছিৎ। |
| ধুচ্ছি | খেলে এসে হাত-পা ধুচ্ছি। |
নীচের ছকটি সম্পূর্ণ করো –
সূর্য, দুচ্ছাই, মূর্ছা, আঁধার, কুৎসিত, সন্ধে।
| সূর্য | > | সূয্যি |
| দুরছাই | > | দুচ্ছাই |
| মূর্ছা | > | মুচ্ছো |
| অন্ধকার | > | আঁধার |
| কুৎসিত | > | কুচ্ছিৎ |
| সন্ধ্যা | > | সন্ধে |
লক্ষ শব্দটিকে দুটি পৃথক অর্থে ব্যবহার করে দুটি পৃথক বাক্য লেখো। ‘লক্ষ্য’ শব্দটির সঙ্গে এই দুটি অর্থের পার্থক্য দেখিয়ে আরও একটি নতুন বাক্য লেখো।
| শব্দার্থ | বাক্য |
| লক্ষ – শতসহস্র বা এক লাখ | লক্ষ টাকা খরচ হয়ে গেল। |
| লক্ষ – দেখা | বাঘের পায়ের চিহ্নগুলি লক্ষ করো। |
| লক্ষ্য – উদ্দেশ্য | জীবনের লক্ষ্য স্থির করে পড়াশোনা করা উচিত। |
এক গঙ্গা জল – শব্দবন্ধটির মানে ‘গঙ্গায় যত জল ধরে সব’ অর্থাৎ কিনা অনেকখানি জল। নীচের স্তম্ভদুটির ডানদিক ও বামদিক ঠিকভাবে মেলাতে পারলে আরও কিছু এরকম শব্দবন্ধ তৈরি করতে পারবে।
| বামদিক | ডানদিক |
| এক মাথা | হাসি |
| এক আকাশ | আম |
| এক আকাশ | ধুলো |
| এক ঘর | ধান |
| এক কাঁড়ি | পায়েস |
| এক ঝুড়ি | ছাত্র |
| এক হাঁড়ি | তারা |
| এক মুঠো | টাকা |
| এক মুখ | লোক |
| এক কাহন | চিনি |
উত্তর –
| বামদিক | ডানদিক |
| এক মাথা | ধুলো |
| এক আকাশ | ছাত্র |
| এক আকাশ | তারা |
| এক ঘর | লোক |
| এক কাঁড়ি | টাকা |
| এক ঝুড়ি | আম |
| এক হাঁড়ি | পায়েস |
| এক মুঠো | চিনি |
| এক মুখ | হাসি |
| এক কাহন | ধান |
নীচের বিশেষ্যগুলির আগে উপযুক্ত বিশেষণ বসিয়ে বাক্যরচনা করো –
সূয্যি, দৃশ্য, বাক্স, বাপ-মা, গর্ত, ঠ্যাং, গাদা, ঘর, ধান, জল।
| বিশেষ্য | বিশেষণযুক্ত পদ | বাক্য |
| সূয্যি | লাল সূয্যি | পুব আকাশে লাল সূয্যি উঠছে। |
| দৃশ্য | মনোরম দৃশ্য | প্রকৃতির মনোরম দৃশ্য সকলের ভালো লাগে। |
| বাক্স | ভারী বাক্স | এই ভারী বাক্স তোলার সাধ্য আমার নেই। |
| বাপ-মা | শিক্ষিত বাপ-মা | শিক্ষিত বাপ-মায়ের সন্তান সভ্য হয়। |
| গর্ত | গভীর গর্ত | গভীর গর্তে হাতিটি পড়ে গিয়ে মারা গেল। |
| ঠ্যাং | খোঁড়া ঠ্যাং | খোঁড়া ঠ্যাং নিয়ে ছেলেটি জোরে হাঁটতে পারছে না। |
| গাদা | বিশাল গাদা | রঘু চাষার বাড়িতে বিশাল গাদা করে পাট আছে। |
| ঘর | বড়ো ঘর | মানুষের বড়ো ঘর শুধু নয় বড়ো মন থাকা প্রয়োজন। |
| ধান | পাকা ধান | পাকা ধানে খেত ভরে গিয়েছে। |
| জল | বিশুদ্ধ জল | বিশুদ্ধ জল পান করা উচিত। |
নীচের শব্দগুলির সমার্থক শব্দ কবিতা থেকে খুঁজে বের করো –
বারি, অরুণ, অম্বর, পেটিকা, অজ্ঞান, গোছা, বিষাদ, কন্দর, পা, বিশ্রী।
| শব্দ | সমার্থক শব্দ |
| বারি | জল। |
| অরুণ | সূয্যি। |
| অম্বর | আকাশ। |
| পেটিকা | বাক্স। |
| অজ্ঞান | মুচ্ছো। |
| গোছা | গুচ্ছ। |
| বিষাদ | মন খারাপ। |
| কন্দর | গর্ত। |
| পা | ঠ্যাং। |
| বিশ্রী | কুচ্ছিৎ। |
নীচের শব্দগুলির বিপরীতার্থক শব্দ কবিতা থেকে খুঁজে নাও –
ভালো, মিথ্যা, বাইরে, বুড়ো, সুশ্রী।
| শব্দ | বিপরীতার্থক শব্দ |
| ভালো | খারাপ। |
| মিথ্যা | সত্যি। |
| বাইরে | ঘরে। |
| বুড়ো | বাচ্চা। |
| সুশ্রী | কুচ্ছিৎ। |
কারক ও বিভক্তি নির্ণয় করো –
| বাক্য | কারক ও বিভক্তি |
| চমকে দেবেন লক্ষ রঙের দৃশ্যে। | করণ কারকে ‘এ’ বিভক্তি। |
| বাপ-মায়েরা যাবেই তবে মুচ্ছো। | কর্তৃকারকে ‘এরা’ বহুবচন চিহ্ন যোগে। |
| কেই বা খুলে দেখছে রঙের বাক্স। | সম্বন্ধপদে ‘এর’ বিভক্তি। |
| নিজের নিজের মন খারাপের গর্তে। | অধিকরণ কারকে ‘এ’ বিভক্তি। |
| এক গঙ্গা জল দিয়ে তাই ধুচ্ছি। | করণ কারকে ‘শূন্য’ বিভক্তি। |
উপসংহার
এই আলোচনায় পাঠের মূল বক্তব্য, শব্দার্থ ও ভাষার ব্যবহার জানা গেল। বিষয়টি মনে রেখে প্রশ্নোত্তরের অংশগুলি অনুশীলন করো।





মন্তব্য করুন