অষ্টম শ্রেণি বাংলা – পথচলতি – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

Souvick

এই আর্টিকেলে আমরা অষ্টম শ্রেণির বাংলা বিষয়ের তৃতীয় পাঠের অন্তর্গত ‘পথচলতি’-এর কিছু ‘রচনাধর্মী প্রশ্ন ও উত্তর’ নিয়ে আলোচনা করব। এই প্রশ্নোত্তরগুলো অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বিদ্যালয়ের পরীক্ষায় এই ধরনের প্রশ্ন নিয়মিত আসে।

পথচলতি-অষ্টম শ্রেণী-বাংলা-রচনাধর্মী প্রশ্ন ও উত্তর
Contents Show

পাঠ্য গদ্যটির ভাবের সঙ্গে ‘পথচলতি’ নামটি কতখানি সংগতিপূর্ণ হয়েছে, বিচার করো।

সকলেরই নাম থাকে—সে বস্তুজগৎ, উদ্ভিদজগৎ, প্রাণীজগৎ কিংবা গল্পকাব্যের জগৎ যাই হোক না কেন। গল্পজগতের একটি গল্প ‘পথচলতি’ নামটিকে কতটা সমর্থন করা যায়, সেটাই আমাদের আলোচ্য। পুরো গল্পটাই মূলত পথ চলারই কাহিনি। এ পথচলা অবশ্য পথে নেমে হাঁটা নয়; একটি রাতে ট্রেনে করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার কাহিনি। লেখক দেহরা-দুন এক্সপ্রেসে আফগানদের সঙ্গে এক কামরায় উঠলেন এবং কাবুলিওয়ালাদের সঙ্গে একেবারে মিশে গেলেন। প্রায় ষোলোজন পাঠান মর্দের সাথে ঘাম এবং হিং-এর উগ্র গন্ধকে উপেক্ষা করে রাতের আসর জমিয়ে দিলেন। আফগান আগা সাহেবের সঙ্গে ভাববিনিময়, সাহিত্য সভার একটা জব্বর পরিবেশ সৃষ্টি করা, রাতে সুখনিদ্রায় যাওয়া, ভোরে পাঠানদের রোটা-কাবাব খাওয়ার দৃশ্য অবলোকন করা, আগা সাহেবের সৌজন্য ও শিষ্টাচারে অভিভূত হয়ে লেখক শেষপর্যন্ত চলে এলেন গন্তব্যে। সারাটা পথ ওই কাবুলিওয়ালাদের সঙ্গে ভাষার ব্যবধান ঘুচিয়ে, ওদের শরীর থেকে আসা উৎকট গন্ধকে অতিক্রম করে, ওদের অ-হিন্দুস্থানি খাবারের প্রতি একটু শুচিবায়ুগ্রস্ততা না দেখিয়ে লেখক যেন কতকগুলো দুরন্ত এবং দামাল ভিনদেশিদের সঙ্গে একাত্ম হয়ে সারাটা পথ এক অপূর্ব আবেশে চলতে চলতে এলেন। সে চলায় আবেগের আতিশয্য ছিল কিন্তু বিরোধ ছিল না, আলোচনা ছিল কিন্তু সমালোচনা ছিল না, বর্তমান ছিল কিন্তু ভবিষ্যৎ ছিল না। ভাষা, সাহিত্য এবং সংস্কৃতির যথেষ্ট পার্থক্য সত্ত্বেও একটি রেল কামরার ছোট্ট গণ্ডির ভিতর কয়েকজন ভিন্ন গোষ্ঠীর মানুষের সঙ্গে লেখকের যে ভাববিনিময়—তার মধ্যে এক উন্নত এবং উদার মানসিকতা—তাদের সকলকে ভুলিয়ে দিয়েছে তাদের পরিচয়, গঠন করেছে বন্ধুত্বের অঙ্গীকার। এ পথ চলায় শুধুই এক অনাবিল আনন্দের রেশ নিয়ে লেখক ফিরলেন। তাই পথ চলতে চলতেই যেহেতু লেখকের একটি রাতের কাহিনি এখানে বর্ণিত হয়েছে, তাই গল্পটির ‘পথচলতি’ নামটি সংগত কারণেই সার্থক।

পাঠ্য গদ্যাংশটি থেকে কথকের চরিত্রের কোন্ বৈশিষ্ট্যগুলি তোমার চোখে ধরা পড়েছে বিভিন্ন ঘটনার উল্লেখ করে লেখো।

লেখক সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের পাঠ্য গদ্যাংশ ‘পথচলতি’ থেকে কথকের চরিত্রের কতকগুলো বিশেষ বৈশিষ্ট্য আমাদের চোখে পড়ে। গল্পটিতে আগাগোড়াই একটি রাতে ট্রেনের পথে চলতে গিয়েই বিভিন্নজনের সঙ্গে কথকের যে ভাববিনিময় তার মধ্য থেকেই কথকের চরিত্রটি স্পষ্ট এবং জীবন্ত হয়ে উঠেছে। প্রথমত, কথকের সাহস এবং উপস্থিত বুদ্ধির তুলনা নেই। আফগান শিক্ষিতদের ভাষা ফারসি কথক একটু-আধটু জানতেন, আর এও জানতেন আফগান পাঠানদের আপাতকঠোর দাপটের আড়ালে একটি শিশুসুলভ মনও রয়েছে। তাই যে কামরায় পাঠানদের দাপটে কেউ ভিতরে ঢোকা তো দূরের কথা, তার কাছেই ঘেঁষতে সাহস পাচ্ছে না, সেখানে কথক দু-চারটি ফারসি কথা সম্বল করে দরজা খুলে এগিয়ে গেলেন এবং বাধাপ্রাপ্ত হলেও ওই ফারসির জোরেই কিন্তু সম্মানের সঙ্গে সেখানে জায়গা করে নিলেন। অবশ্য কথকের একটি চারিত্রিক বৈশিষ্ট্য তাঁর ব্যক্তিত্ব। তাই ওরা রীতিমতো সমীহ করতে লাগল—’যেন এক মস্ত আলেম এসেছে’। সকলের সঙ্গে চলতে গেলে যে নিজের সুখস্বাচ্ছন্দ্য কিছুটা বিসর্জন দিয়ে কতকটা মানিয়ে নিয়েই চলতে হয়, কথক সেটা জানেন। তাই পাঠানদের গায়ের ঘামের এবং হিং-এর উগ্র গন্ধ তাঁর নাককে পীড়া দিলেও কিংবা ওদের গাওয়া গজলের আতিশয্য তাঁর কানকে এবং সক্কালবেলা ‘রোটা কাবাব’ তাঁর চোখকে পীড়িত করলেও, তিনি কিন্তু তা হাসিমুখেই মেনে নিয়েছিলেন। কথক ছিলেন ভীষণ আলাপী। সেখানে তাঁর কোনো বাছবিচার নেই। বৃদ্ধ আগা সাহেবের সঙ্গে তিনি অনায়াসে গল্প জুড়ে দেন এবং সকলের সঙ্গে এতটাই মিলেমিশে একাকার হয়ে যান যে, ওরাও সাময়িকভাবে কথককে ‘কাবুলি ব্যাংক’-এর হিসাবনবিশ কেরানি বা ম্যানেজারের মর্যাদাও দিয়ে ফেলে। সংগীতের খবরাখবর লেখক বেশ ভালোই রাখেন। তাঁরই অনুরোধে কেউ খুশ-হাল খাঁ খট্টকের গজল গাইল, কেউ কিসসা শোনাল কথককে। কয়েক ঘণ্টার আলাপে ওরাও লেখককে এতটাই বুঝে নিয়েছিল যে কথক যে ‘ভারি বিদ্বান আর বুদ্ধিমান’ এটা তারা বলাবলি করতে লাগল। শুধু ফারসি নয়, ওদের দেহাতি ভাষা পশতু-ও যে কথক ভালোই বোঝেন—এটাতেও লেখকের প্রতি ওদের শ্রদ্ধা আরও বেড়ে গিয়েছিল। কথকও সকলকে আপন করে একটি রাতকে একেবারে মাতিয়ে রেখে যাত্রাপথটি সুন্দর এবং আন্তরিক করে তুলেছিলেন। এজন্য অবশ্য কথকের চরিত্রের বুদ্ধিমত্তা এবং বিচক্ষণতাও কাজ করেছিল অনেকাংশেই।

কথকের সঙ্গে কাবুলিওয়ালাদের প্রারম্ভিক কথোপকথনটি সংক্ষেপে বিবৃত করো।

‘পথচলতি’ গল্পের কথক দেহরা-দুন এক্সপ্রেস ধরার জন্য স্টেশনে এসে প্রচণ্ড ভিড়ে কোনো কামরাতেই সুবিধা করতে না পেরে শেষে তৃতীয় শ্রেণির একটি বগি ফাঁকা দেখে সেখানে গিয়েও প্রথমে নিরাশ হলেন। কতকগুলো কাবুলিওয়ালা ওই কামরা প্রায় দখল করে তাদের জবরদস্ত চেহারা এবং হুংকারে সকলকে ঠেকিয়ে রেখেছে। কথকের কিছু ফারসি ভাষা জানা থাকায়, অসীম সাহসে ভর করে বগির ভিতরে ঢুকতে গিয়ে ওদের হুংকারের মুখে পড়লেন। ওরা পশতু ভাষায় জিজ্ঞেস করল যে, কথক কোথা থেকে এসেছেন। কিন্তু এ কামরা শুধু পাঠানদেরই জন্য, অন্যদের নয়। কথক সঙ্গে সঙ্গে বুদ্ধি করে ওদের উচ্চ ও ভদ্রসমাজের ভাষা ফারসিতে বললেন, (যার বাংলা অর্থ) “আমাকে জায়গা দাও, খালি একজন মানুষের জন্য।” সত্যিই ওরা প্রথমে হতভম্ব হয়ে গেল, কিন্তু একজন অবুঝ পাঠান যখন বলল—“ক্যা মাঙ্গতা?” তখন লেখক ফারসিতেই বললেন—“ফারসি জানো না? ফারসি বলতে পারো না?” ওরা ফারসি কিছুই বুঝতে পারছে না দেখে কথক ইচ্ছা করেই নিজের গলাটা চড়িয়ে উপহাস এবং তাচ্ছিল্যের সঙ্গেই ফারসিতে বললেন যে, আফগানিস্তানের কোনো অঞ্চল থেকে তারা আসছে, যে ফারসিতে একটু কথা বলার ক্ষমতা পর্যন্ত তাদের নেই? সকলে মুখ চাওয়াচাওয়ি করছে দেখে তাদের মধ্যে একজন পাঠান ছোকরা বেরিয়ে এসে ফারসিতেই বলল যে, সে ফারসি জানে। কথক কী চায়? কথক বললেন, “আমি তো বললুম, আমাকে জায়গা দাও।” সে ফারসিতে বলল, “কোথায় যাবে?” কথক জবাব দিলেন ফারসিতেই “কলকাতা শহরে যাব”। ইশারায় দলের অনুমতি পেয়ে সেই ছোকরাটি শেষপর্যন্ত বলল ফারসিতেই ‘ব্যালে, অ্যান্দর বি-অও”—অর্থাৎ আচ্ছা, ভিতরে এসো। কথক কামরার ভিতর ঢুকে গেলেন।

কথক কেন বলেছেন ‘যেন এক পশতু-সাহিত্য-গোষ্ঠী বা সম্মেলন লাগিয়ে দিলুম।’—সেই সাহিত্য সম্মেলনের বর্ণনা দাও।

‘পথচলতি’ গল্পের কথক নিজের বুদ্ধি, ব্যক্তিত্ব এবং ভাষার জোরে দেহরা-দুন এক্সপ্রেসে পাঠানদের সঙ্গে জায়গা করে নিয়ে সকলের সাথে ভাববিনিময় করতে লাগলেন। হঠাৎই তিনি পাঠানদের উদ্দেশ করে বললেন, পশতু ভাষার শ্রেষ্ঠ কবি খুশ-হাল খাঁ খট্টকের বিখ্যাত গজল তারা কেউ জানে কি না। একজন পাঠান যারপরনাই খুশি হলেন যে, পশতু ভাষার কবির সম্বন্ধেও কথকের ধারণা আছে। সে আরও উৎসাহিত হয়ে সেই বিখ্যাত কবির গজল নানান অঙ্গভঙ্গি সহকারে গাইতে লাগল। কথকের কানে তা অত্যন্ত কর্কশ লাগলেও অতি সহজসরল নির্বিকারচিত্তে তাকে বাহবা দিয়ে অন্য প্রসঙ্গে গেলেন। এবার গজল নয়, আদম খান আর দুরখানির কিসসার কথা পাড়তেই আবার এক পাঠান উৎসাহিত হয়ে আরও কর্কশ অথচ গুরুগম্ভীর কণ্ঠে সেই দিল-ভাঙা কিসসা গান করে, পাঠ করে সকলকে মাতিয়ে রাখল। গাড়ির সকলে ভুলে গেল কার কোন্ জাত, কার কী ভাষা কিংবা আচার-ব্যবহার, গোত্র। সকলে একাত্ম হয়ে এতটাই গান-বাজনা, কথাবার্তা ও আনন্দ-হুল্লোড়ে মেতে উঠলেন যে কথকও সানন্দে লিখলেন—“এইভাবে আমরা দেহরা-দুন এক্সপ্রেসের সেই থার্ড ক্লাস গাড়িখানিতে যেন এক পশতু-সাহিত্য-গোষ্ঠী বা সম্মেলন লাগিয়ে দিলুম।”

‘পথচলতি’ রচনায় ভাষা ও সংস্কৃতির বিভিন্নতা থাকা সত্ত্বেও যে সহজ বন্ধুত্ব ও উদার সমানুভূতির ছবিটি পাওয়া যায় তার স্বরূপ বিশ্লেষণ করো। বর্তমান সময়ে এই বন্ধুত্ব ও সমানুভূতির প্রাসঙ্গিকতা বুঝিয়ে দাও।

ভাষা এবং সংস্কৃতির বিভিন্নতা ছিল ‘পথচলতি’ গল্পের কথকের সাথে আফগানদের। পাঠানরা পশতু ভাষায় কথা বলে, যেটা কথকের কাছে সম্পূর্ণ স্পষ্ট ছিল না। পোশাকে-আশাকে ওরা অপরিচ্ছন্ন, ঘামের এবং হিং-এর উগ্র গন্ধে ভরপুর ছিল বগিটি। ওদের খাবারদাবার, চালচলন সবই উগ্র, যা লেখককে খানিকটা আহত করলেও ব্যাহত করতে পারেনি তাঁর যাত্রাপথের সঙ্গসুখ এবং সমানুভূতির সৌভাগ্যকে। ওদের গজল গান এবং কিসসা কোন্ কবির কোন্ লেখকের বিখ্যাত—তা কথক জানতেন। তিনি কিন্তু নিজেদের বাঙালি সংস্কৃতিকে ওখানে তুলে ধরার চেষ্টাও করেননি। তিনি ওদের সংস্কৃতি দিয়েই ওদেরকে মশগুল রেখেছেন সারা পথ। ওরাও উৎসাহিত হয়েছে এদের সম্বন্ধে কথকের এত আগ্রহ দেখে। কথক একবারও বলেননি যে তিনি একজন বড়ো লেখক কিংবা গণ্যমান্য ব্যক্তি। তাঁর আচার-ব্যবহার, ব্যক্তিত্ব এবং ওদের সঙ্গে মেশার দক্ষতাতেই সকলে বুঝে নিয়েছে যে উনি ‘ভারি বিদ্বান আর বুদ্ধিমান’। সত্যিই তিনি বৃদ্ধ আগা সাহেবের সঙ্গে একটু কথা বলেই বুঝে নিলেন যে, বাংলাদেশে তাঁর শীতবস্ত্রের আর হিংয়ের ব্যাবসা এবং বরিশালের ভাষাটি তিনি তাঁর মাতৃভাষার মতোই বলতে পারেন। পাঠানরা এতটাই প্রীত ছিলেন যে, তারা লেখককে কোনো সংকোচ না করে ‘সগৌরবে’ তাদের একজন হয়ে চলতে বললেন। কেউ কোনো প্রশ্ন করলে তারা বলবে যে কথক তাদের হিসাবরক্ষক, একটু সময়ের মধ্যে এতটা সম্মান বোধহয় এক বিরল দৃষ্টান্ত। পরদিন ভোরবেলা ওদের ‘রোটা’ আর ‘কাবাব’ খেতে দেখে যে-কোনো ছুৎমার্গ বাঙালিই নাক সিটকাতে পারতেন। কিন্তু কথক সেটা খুব সাধারণভাবেই নিয়েছেন; বিরক্তি তো দূরের কথা, একটু অস্বস্তিবোধও করেননি। তা ছাড়া গাড়িতে একটা রাত থেকে গাড়ির ভিতরের উগ্র গন্ধে তাঁর নাকটা ধীরে ধীরে অভ্যস্ত হয়ে পড়েছিল। এইভাবে ভাষা ও সংস্কৃতির পার্থক্য সত্ত্বেও সকলে যেন মিলেমিশে একাকার হয়ে এক অভিন্ন গোষ্ঠীতে পরিণত হল। বর্তমান সময়ে, এটি যে একেবারে বিরল দৃষ্টান্ত তা নয়, কেউ কেউ এটিকে অন্যভাবে নিতেও পারে, কিন্তু মনের উদারতা এবং সহজ সারল্য থাকলে বর্তমান সময়েও এই বন্ধুত্ব এবং সমানুভূতির প্রকাশ দেখতে পাওয়া যেতে পারে।

রেলভ্রমণের সময় অচেনা মানুষের সঙ্গে তোমার বন্ধুত্বের অভিজ্ঞতা নিয়ে একটি রম্যরচনা লেখো। তোমার লেখাটির সঙ্গে প্রাসঙ্গিক ছবি আঁকো।

চমক একবার জব্বলপুর থেকে ট্রেনে করে পিপারিয়া যাচ্ছিলাম বাবা-মায়ের সঙ্গে। গাড়িতে ছিল সেদিন প্রচণ্ড ভিড়। মধ্যপ্রদেশের সমস্ত দেহাতি লোকজন গাড়ির ভিতর একেবারে থিকথিক করছিল। যেমন বিচ্ছিরি ওদের চালচলন, তেমনি বিদঘুটে ওদের ভাষা। ওই কামরায় আরও চারজন সম্ভবত কোনো কলেজের ছাত্রীও ছিল। আমরা সকলে একসঙ্গে বসেই যাচ্ছিলাম। দিদিগুলো এত মজা করছিল, আর হেসে হেসে লুটিয়ে পড়ছিল এ ওর ঘাড়ে, যে কী আর বলব! ওদের মজার মজার কথা শুনে এক এক সময় আমারই হাসি পেয়ে যাচ্ছিল। আমার দিকে দৃষ্টি পড়তেই ওরা আমার নাম-ধাম-স্কুল সব কিছুরই খবর নিল, আদর করে আমায় লজেন্স খেতে দিল। প্রথমটা বুঝতে পারিনি। হঠাৎ নজরে পড়ল, ওরা ট্রেনের ভিতর কোনো বিশেষ একজনকে নিয়ে যেন হাসাহাসি করছে। তাকিয়ে দেখি সিটের এক কোণে বসে রয়েছে ওই দিদিদের বয়সিই একটি ছেলে। ছেলেটির পোশাক-আশাক, চেহারা, চুল এমনকি ওর ওই রঙচঙে জুতোটা নিয়েও ওরা মজা করতে লাগল। শুধু তাই নয়, ছেলেটিকে ‘বুনো-উদ্ভট হুতুমপ্যাঁচা’, ‘গাঁইয়া ভূত’—ইত্যাদি বিশেষণে ভূষিত করতে লাগল। ছেলেটি গোবেচারার মতো তাকিয়ে রইল বাইরের দিকে। দিদিগুলোর নামও ততক্ষণে জেনে গেছি—রিনিদি, উমাদি, বর্ণালিদি আর সোমাদি। আমি একবার ছেলেটিকে দেখছি, একবার দিদিগুলোর কাণ্ডকারখানা দেখছি আর ভাবছি, ছেলেটি যদি বাংলা কথা বুঝত, তবে কী হত? আর নিজের মনেই ভাবলাম, তাহলে কী আর দিদিগুলো ওর সামনে অমন মজা করে কথা বলতো? কী বোকা রে আমি। ও তো বাঙালি না! হঠাৎই রিনিদি ছেলেটিকে উদ্দেশ করে হিন্দিতে বলে উঠল—’পিপারিয়া স্টেশন হিয়াসে কিতনা দূর হ্যায়?’ ছেলেটি সঙ্গে সঙ্গে উত্তর দিল নির্বিকারচিত্তে—’এই পরের স্টেশন—তার পরের স্টেশন।’ আমি চমকে উঠলাম। আর দিদিগুলো মুহূর্তের মধ্যে চুপসে গেল। হাসি তো দূরের কথা, সারাটা পথে ওরা আর-একটাও কথা বলেনি।

‘পথচলতি’ গল্পের অনুসরণে আফগানিস্তানের কাবুলিওয়ালা পাঠানদের চরিত্রচিত্রণ করো।

আফগানিস্তানের পাঠানরা এক ঐক্যবদ্ধ জাতি। গায়ের জোরে কথকের সাথে প্রথমে হম্বিতম্বি করলেও, পশতুভাষী পাঠানরা একজন বাঙালিবাবুর মুখে ওদের শিক্ষিত সমাজের ভাষা ফারসি শুনে কথককে যথেষ্ট মর্যাদা সহকারে শুধু ভিতরেই ঢুকতে দেয়নি, একটা পুরো বেঞ্চি খালি করে কথককে ছেড়ে দিয়েছে। নিজেরা ফারসি না জানলেও, ওদের দেশের ভাষাকে যে ওরা কতটা সম্মান করে এবং এক্ষেত্রে যে তাদের কোনো জাতপাতের বালাই নেই—তা সহজেই বোঝা গেল। ওদের মধ্যে উগ্রভাব যে একটু বেশিই আছে তা ওদের দেহের ঘাম এবং হিং-এর উগ্র গন্ধ থেকেই বোঝা যায়। তবে উগ্র হলেও আলাপী অবশ্যই। বৃদ্ধ আগা সাহেব উপরে টঙের উপর বসেও কথকের সাথে দিব্যি গল্প জুড়ে দিয়েছিলেন। ওদের মধ্যে একটি শিশুসুলভ মন রয়েছে। কথকের অনুরোধে দিগবিদিক জ্ঞানশূন্য হয়ে কর্কশকণ্ঠেই পশতু গজল গাইল এক পাঠান। আর-এক পাঠান গান এবং পাঠের মাধ্যমে দুরখানির মহব্বতের কিসসা শোনাল তা সে হোক না শ্রুতিকটু—তাতে ওদের কোনো ভ্রূক্ষেপ নেই। ওরা অন্যের প্রশংসা করতে জানে রীতিমতো। মাত্র কিছুক্ষণের জন্য কথককে দেখে ওঁরা বুঝেছিল যে তিনি ‘বিদ্বান আর বুদ্ধিমান’। পাঠানরা যে কতটা নিয়মনিষ্ঠ এবং সাত্ত্বিক তা ট্রেনের মধ্যে থেকেও তাদের নমাজ পড়া এবং সারাদিন উপোসের জন্য ভোরেই ‘রোটা’ ও ‘কাবাব’ খেয়ে নেওয়ার মধ্য দিয়েই বোঝা যায়। তা ছাড়া বৃদ্ধ আগা সাহেবের মালাজপের মধ্যেও ঈশ্বরচেতনার পরিচয় মেলে। শুধু তাই নয় অত্যন্ত ভদ্রতাপ্রণোদিতভাবে গতকাল রাতে কথকের ঠিকমতো ঘুম হয়েছিল কি না—এই প্রশ্নের মধ্য দিয়ে ওই বৃদ্ধ যেন মুহূর্তমধ্যে গোটা পাঠান কাবুলিওয়ালার জাতকেই অনেক উঁচুতে তুলে দিলেন। সামান্য ট্রেনের মধ্যেই এতটা ভদ্রতা—না জানি বাড়িতে গেলে ওরা কী করবে। সেইজন্যই বোধহয় কথকেরও ওদের সান্নিধ্য এতটাই ভালো লেগেছিল যে, তিনি গল্পটির শেষে বলেছেন যে ওদের সঙ্গে আর কোনোদিন দেখা না হলেও ওই বিশেষ রাতটির কথা তাঁর খুব ভালোভাবেই মনে থাকবে।


এই আর্টিকেলে আমরা অষ্টম শ্রেণির বাংলা বিষয়ের তৃতীয় পাঠের অন্তর্গত ‘পথচলতি’-এর কিছু ‘রচনাধর্মী প্রশ্ন ও উত্তর’ নিয়ে আলোচনা করলাম। এই প্রশ্নোত্তরগুলো অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বিদ্যালয়ের বাংলা পরীক্ষায় এই ধরনের প্রশ্ন নিয়মিত আসে।

আশা করি, এই আর্টিকেলটি তোমাদের উপকারে এসেছে। যদি তোমাদের কোনো প্রশ্ন বা মতামত থাকে, তবে টেলিগ্রামে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। তোমাদের যেকোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা সর্বদা প্রস্তুত। ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

ভারতীয় সংবিধান-গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার-অষ্টম শ্রেণি ইতিহাস-বিশ্লেষণধর্মী প্রশ্ন উত্তর

অষ্টম শ্রেণি ইতিহাস – ভারতীয় সংবিধান: গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার – বিশ্লেষণধর্মী প্রশ্ন উত্তর

ভারতীয় সংবিধান-গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার-অষ্টম শ্রেণি ইতিহাস-ব্যাখ্যামূলক প্রশ্ন উত্তর

অষ্টম শ্রেণি ইতিহাস – ভারতীয় সংবিধান: গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার – ব্যাখ্যামূলক প্রশ্ন উত্তর

ভারতীয় সংবিধান-গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার-অষ্টম শ্রেণি ইতিহাস-সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

অষ্টম শ্রেণি ইতিহাস – ভারতীয় সংবিধান: গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার – সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

About The Author

Souvick

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

নিষেক বলতে কী বোঝায়? নিষেকের প্রকারভেদ

নিষেক ও দ্বিনিষেক কী? নিষেক ও দ্বিনিষেক -এর মধ্যে পার্থক্য

সম্পূর্ণ ফুল এবং অসম্পূর্ণ ফুল কাকে বলে? সম্পূর্ণ ফুল এবং অসম্পূর্ণ ফুলের মধ্যে পার্থক্য

সমাঙ্গ ফুল ও অসমাঙ্গ ফুল কাকে বলে? উদাহরণ দাও।

অষ্টম শ্রেণি ইতিহাস – ভারতীয় সংবিধান: গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার – বিশ্লেষণধর্মী প্রশ্ন উত্তর