সপ্তম শ্রেণি বাংলা Chapter 24-এর রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘ভানুসিংহের পত্রাবলী’ পাঠের রচনাধর্মী প্রশ্ন ও উত্তর এখানে দেওয়া হল। বড়ো প্রশ্নের পূর্ণাঙ্গ উত্তর ও বিশ্লেষণ মিলিয়ে অধ্যায়টি প্রস্তুত করতে এই আলোচনা সাহায্য করবে।

আট-দশটি বাক্যে উত্তর লেখো
1. ভানুসিংহের পত্রাবলি রচনায় আত্রাই নদী ও তার তীরবর্তী অঞ্চলের যে ছবি ফুটে উঠেছে, তা নিজের ভাষায় লেখো।
ভানুসিংহের পত্রাবলি রচনায় আত্রাই নদীর বুকে বোটে করে যাওয়ার সময় লেখক রবীন্দ্রনাথ দেখেছেন আকাশ ঘন মেঘে আচ্ছন্ন, ঝোড়ো বাতাস বইছে, কূলে কূলে পরিপূর্ণ নদীটির স্রোত খরতর এবং সেই স্রোতের ঢেউ-এ দলে দলে শৈবাল ভেসে আসছে, রবীন্দ্রনাথ কেবল আত্রাই নদীর বর্ণনাই দেননি, নদীর তীরবর্তী অঞ্চলের নিখুঁত ছবিও তিনি তাঁর রচনায় তুলে ধরেছেন। তিনি দেখেছেন বর্ষায় পল্লির উঠোন পর্যন্ত জল উঠেছে, পল্লি অঞ্চলে ঘন বাঁশের ঝাড়, আম, কাঁঠাল, তেঁতুল, কুল, শিমুল অত্যন্ত নিবিড়ভাবে বিস্তৃত হয়ে গ্রামগুলিকে আচ্ছন্ন করে ফেলেছে। কবি দেখেছেন, নদীতীরবর্তী কাঁচা ধানের খেত জলমগ্ন এবং কচি ধানের মাথাগুলো সেই জলের উপর ভাসমান। নদীর দুই তীর সবুজের বাহারে সেজে ওঠে এবং সেই সবুজের মাঝখান দিয়ে আত্রাই নদী তার ‘গেরুয়া রঙের, ধারা বহন করে ব্যস্ত হয়ে চলেছে’। সব কিছুর উপর বাদল সন্ধ্যার ছায়া নেমে এসেছে, যেন একটা ক্যানভাসের ছবি। এই জল-স্থল ও আকাশের ছায়াময় শ্যামলতার ছবি দেখে কবির মনে গানের উদয় হয়েছে।
2. ভানুসিংহের পত্রাবলি রচনাটির নামকরণ কতটা সার্থক হয়েছে, তা আলোচনা করো।
রবীন্দ্রনাথ একদা কবিতায় লিখেছেন – “একাকী গায়কের নহে তো গান/গাহিতে হবে দুইজনে।” তেমনি একাকী লেখকের চিঠি নয়, পত্রপ্রাপক এবং পত্রপ্রেরক দুজনের মানসিকতা সমান হলে, তবেই উৎকৃষ্ট চিঠির জন্ম হয়। কবিকে যদি তাঁর সৃষ্টির মধ্যে খুঁজতে হয়, তবে কবিমানুষকে বুঝতে গেলে তাঁর ব্যক্তিগত চিঠিপত্র জানা জরুরি। রবীন্দ্রনাথের প্রকৃতিভাবনা প্রকাশিত হয়েছে পাঠ্য চিঠি দুটিতে। বর্ষার যে সৌন্দর্য তিনি বাংলার গ্রামে দেখেছেন এবং কলকাতা শহরে তার অভাব অনুভব করেছেন, তার বর্ণনা পাওয়া যায় এখানে। নদীতীরে বর্ষার মেঘের বর্ণনার অপরূপত্ব কখনো-কখনো তাঁর কবিতাগুলিকে স্মরণ করায়। ঘন কালো মেঘের কোলে সূর্যের আলো পড়ে যে করুণ ছবির সৃষ্টি হয়েছে, রবীন্দ্রনাথ তার বর্ণনা দিয়েছেন। ব্যক্তিগতভাবে তাঁর প্রিয়জন দিনেন্দ্রনাথের কথা উল্লিখিত হয়েছে এখানে। চিঠি দুটি ‘ভানুসিংহের পত্রাবলি’-র অন্তর্গত। পাঠ্যে মূল গ্রন্থনামটিকেই ব্যবহার করা হয়েছে। নামকরণটি তাই অবশ্যই যুক্তিযুক্ত।
সৃজনশীল অনুচ্ছেদ রচনা
4. একটি বর্ষণমুখর দিনের অভিজ্ঞতা বিষয়ে একটি ছোটো অনুচ্ছেদ রচনা করো।
বর্ষাকাল আমার প্রিয় ঋতু। কারণ এই সময়ে মাঝে মাঝে স্কুলে ‘রেনি ডে’ হয়, আর এই সময়ই রংবেরং-এর কাগজের নৌকো রাস্তা আর নর্দমার জলে ভাসানো যায়। আমাদের এখানে তো নদী নেই তাই রাস্তার জমা জলেই নৌকো ভাসাই।
তবে এইসব দিনের মধ্যে একটা বর্ষার দিন আমার অনেকদিন মনে থাকবে। সেদিন ছিল 6 আষাঢ়। সকালে ঘুম থেকে উঠেই দেখি আকাশের মুখ ভার। রাতেই দু-এক পশলা বৃষ্টি হয়েছিল। কিন্তু সকাল থেকেই সূর্যের দেখা নেই। যাই হোক, বেলা হলে প্রতিদিনের মতো খাওয়াদাওয়া করে স্কুলে গেলাম। কিন্তু স্কুলে পৌঁছোতে না পৌঁছোতে ঝমঝম করে বৃষ্টি, মেঘের গর্জন শোনা গেল। প্রচণ্ড বৃষ্টিতে বাইরেটা ধোঁয়া ধোঁয়া দেখাতে লাগল। বেশি ছাত্র না আসায় তাড়াতাড়ি স্কুল ছুটি হয়ে গেল। বাড়ি ফিরতে গিয়ে দেখি রাস্তাঘাট সব জলে একাকার। এক হাঁটু জল ভেঙে বাড়ি ফিরে মায়ের হাতের গরম খিচুড়ি আর বেগুনি ভীষণ ভালো লাগল। সেদিন বিকেলে আর খেলতে যেতে পারলাম না। বাড়িতে বসে বসে কাটিয়ে দিলাম। কিন্তু বিকেল থেকেই আস্তে আস্তে বৃষ্টির তেজ কমে অল্প অল্প রোদের মুখ দেখা দিল। হঠাৎ দিদি ডেকে বলল, “দেখবি আয়, রামধনু উঠেছে।” দৌড়ে ছাদে উঠে দেখলাম মস্ত বড়ো সাতটা রঙের দাগ আকাশের এই প্রান্ত থেকে ওই প্রান্তে ছড়িয়ে পড়েছে। অনেকক্ষণ বৃষ্টিতে মনটা কেমন স্যাঁতসেঁতে হয়েছিল, মুহূর্তে সেটা কেটে গিয়ে মনটা ফুরফুরে হয়ে গেল।
শেষকথা
‘ভানুসিংহের পত্রাবলী’ পাঠের এই রচনাধর্মী প্রশ্ন ও উত্তর মূল পাঠের সঙ্গে মিলিয়ে অনুশীলন করো। প্রশ্নের বক্তব্য বুঝে উত্তর লিখলে প্রস্তুতি আরও দৃঢ় হবে। আরও পড়তে সপ্তম শ্রেণি বাংলা বিভাগ দেখো।





মন্তব্য করুন