রামকুমার চট্টোপাধ্যায়ের মনে নজরুলের গানের ছাপ কতটা গভীর ছিল, তা বুঝতে ঘটনার প্রসঙ্গ ও তাঁর অনুভূতি জানা দরকার। সপ্তম শ্রেণির বাংলা পাঠ ‘কাজী নজরুলের গান’-এর এই সংক্ষিপ্ত প্রশ্নোত্তরে হাতেকলমের ব্যাখ্যামূলক প্রশ্ন ও গানের উদাহরণসহ মোট 13টি প্রশ্ন/অনুশীলনের সম্পূর্ণ উত্তর রাখা হয়েছে। তথ্যানুসন্ধানী ও বোধমূলক বিভাগ ধরে পড়লে উদ্ধৃতিগুলির অর্থ ও ঘটনাক্রম পরিষ্কার হবে।

হাতেকলমে — প্রশ্নোত্তর
2. ‘এই ছিল তখনকার কোনো স্বদেশি মিটিং-এর রীতি’—কোন্ রীতির কথা এখানে বলা হয়েছে?
উত্তর: লেখকের ছোটোবেলায় তাঁরা দেখেছেন যে, কোনো স্বদেশি মিটিং-এ নেতাজি সুভাষচন্দ্র বসুর বক্তৃতার আগে কাজী নজরুল ইসলাম গান গাইতেন। এইই ছিল তখনকার দিনে স্বদেশি মিটিং-এর রীতি।
3. পাঠ্যাংশে কার, কেমন দেহগৌরবের পরিচয় ধরা পড়েছে?
উত্তর: প্রখ্যাত সংগীতশিল্পী রামকুমার চট্টোপাধ্যায়, ‘কাজী নজরুলের গান’ রচনায় নেতাজি সুভাষচন্দ্রের দেহসৌষ্ঠবের পরিচয় দিয়েছেন। তিনি গৌরবর্ণ, উন্নত ললাট ও অতীব সুপুরুষ ছিলেন।
5. কাজী নজরুল ইসলামের গান শুনে লেখকের মনে কোন্ অনুভূতির সৃষ্টি হল? তখন তিনি কী করলেন?
উত্তর: ‘কাজী নজরুল ইসলামের গান’ শুনে লেখক রামকুমার চট্টোপাধ্যায়ের অল্প বয়সের রক্ত টগবগ করে ফুটতে শুরু করে। তিনি প্রায় উত্তেজিত হয়ে পড়েন।
লেখক তখন স্কুলে না গিয়ে সেই উত্তেজনাকে বশে আনার জন্যই বাড়ি ফিরে তাঁর প্রিয়সঙ্গী তবলাকে কাছে টেনে নিয়ে তবলার বোলে ডুবে গিয়েছিলেন।
হাতেকলমে — বিষয়ভিত্তিক গানের উদাহরণ
6. শিক্ষকের সাহায্য নিয়ে নীচের বিষয়গুলির মধ্যে কাজী নজরুলের লেখা কোন্ কোন্ গান খুঁজে পেলে লেখো : স্বদেশপ্রেম বিষয়ক; প্রকৃতি বিষয়ক; হাসির গান/ছড়ার গান; প্রেমের গান; ধর্মীয় অনুভবের গান।
উত্তর: নীচের বিষয়গুলি শিক্ষকের সাহায্য নিয়ে করেছি :
স্বদেশপ্রেম বিষয়ক : ‘দুর্গম গিরি কান্তার মরু, দুস্তর পারাবার’।
‘আমার সোনার হিন্দুস্থান!
দেশ-দেশ-নন্দিতা তুমি বিশ্বের প্রাণ।’
প্রকৃতি-বিষয়ক : ‘একি অপরূপ রূপে মা তোমায় হেরিনু পল্লী-জননী’, ‘আমার দেশের মাটি ও ভাই, খাঁটি সোনার চেয়েও খাঁটি।’
হাসির গান/ছড়ার গান : ‘ছেলে ঘুমালো পাড়া জুড়ালো/বক বক বক দুই দুজন দুই’, ‘আবু আর হাবু দুই ভায়ে সদাই ভীষণ দ্বন্দ্ব।’
প্রেমের গান : মোর প্রিয়া হবে এসো রাণী।
ধর্মীয় অনুভবের গান : কালো মেয়ের পায়ের তলায়।
গ্রন্থমুখী তথ্যানুসন্ধানী প্রশ্নোত্তর
দুটি বা তিনটি বাক্যে উত্তর লেখো
1. ‘দেখলাম হেদোর কাছেই ভিড় জমাচ্ছে।’—কারা, কেন ভিড় জমাচ্ছিল?
উত্তর: ভিড় জমাচ্ছিল সাধারণ মানুষ।
সেদিন হেদোর কাছে এক স্বদেশি মিটিং-এ নেতাজির বক্তৃতা দেওয়ার কথা ছিল। নেতাজিকে চোখের সামনে দ্যাখা এবং তাঁর বক্তৃতা শোনার জন্য সকলে ভিড় জমাচ্ছিল।
2. “কাজী নজরুল গাইছেন”—কীভাবে তিনি গান গাইছেন?
উত্তর: গায়ক কাজী নজরুল ইসলাম যেভাবে গান গাইছেন তা হল—তাঁর মুখভরতি পান আর গলায় বাঁধা হারমোনিয়াম।
3. “এত কাছ থেকে দেখব কোনোদিন ভাবিনি”—লেখক কী দেখার কথা বলেছেন?
উত্তর: ছোটোবেলায় একদিন লেখক হেদোর কাছে এক স্বদেশি মিটিং-এ নেতাজি সুভাষচন্দ্র ও নজরুল ইসলামকে একইসঙ্গে প্রত্যক্ষ করেছিলেন। একমঞ্চে এই দুই মহামানবকে চোখের সামনে দেখার কথাই লেখক উল্লেখ করেছেন।
4. “এ ছবি আমি পরেও দেখেছি।”—কোন্ ছবির কথা বলা হয়েছে?
উত্তর: বিদ্যালয় জীবনে লেখক একবার দেখেছিলেন যে, কাজী নজরুল ইসলাম মুখে পান ভরে আর গলায় হারমোনিয়াম বেঁধে স্বদেশি গান গাইছেন। পরবর্তী জীবনে এমন ছবি লেখক অনেকবার দেখেছেন। এই ছবির কথাই প্রশ্নোক্ত অংশে বলা হয়েছে।
5. ‘আজ এত বছর পরে মনে নেই’—কী মনে নেই?
উত্তর: মঞ্চে নজরুল ইসলাম গান গাইবার পরে নেতাজি সুভাষচন্দ্র বসু বক্তৃতা দিয়েছিলেন। ছোটো বয়সে শোনা সেই বক্তৃতার বিষয়বস্তু কী ছিল, তা এখন আর লেখকের মনে নেই বলে লেখক মন্তব্য করেছেন।
বোধমূলক প্রশ্নোত্তর
কমবেশি ছ-টি বাক্যে উত্তর লেখো
1. ‘শুনলাম ইনি কাজী নজরুল ইসলাম।’—কে কীভাবে এ কথা শুনেছিলেন?
উত্তর: কথাটি শুনেছিলেন লেখক রামকুমার চট্টোপাধ্যায়।
সময়টা ছিল পরাধীন ভারতের স্বদেশি আন্দোলনের যুগ। হেদোর কাছে এক স্বদেশি মিটিং-এর মঞ্চ আলো করে উপস্থিত ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। সেইসময় মঞ্চে আবির্ভূত হন আর-একজন প্রণম্য ব্যক্তি। স্বয়ং নেতাজি হাত তুলে তাঁকে প্রণাম জানান। তখনই লেখক শুনেছিলেন যে, মঞ্চে যাঁর আবির্ভাব ঘটেছে, তিনি হলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম।
2. ‘দেখলাম এক দেবদূত মঞ্চ আলো করে দাঁড়িয়ে আছেন।’—কে দেখেছিলেন? বক্তার ওই সময়ের অনুভূতির পরিচয় দাও।
উত্তর: ‘কাজী নজরুলের গান’ গদ্যাংশের লেখক রামকুমার চট্টোপাধ্যায় দেখেছিলেন।
একদিন বিদ্যালয়ে যাওয়ার সময় হেদোর কাছে জনগণের ভিড় দেখে, লেখক জিজ্ঞাসা করে জানতে পারেন যে, নেতাজি সুভাষচন্দ্র বসু আসবেন বক্তৃতা দেওয়ার জন্য। লেখকও সেখানে দাঁড়িয়ে পড়েন অন্যদের মতো। অনেকক্ষণ পরে তিনি দেখতে পান যে, এক দেবদূত মঞ্চ আলো করে দাঁড়িয়ে আছেন। গৌরবর্ণ, উন্নত ললাটের অধিকারী সেই সুপুরুষই নেতাজি কি না জানার জন্য তিনি ব্যাকুল হয়ে পড়েছিলেন। সেই ব্যক্তিকে দর্শন করে লেখকের মন এতটাই আলোড়িত হয়েছিল যে, তাঁকে দেবদূত বলেই তাঁর মনে হয়েছিল।
3. ‘সভা একেবারে স্তব্ধ হয়ে গেল।’—কোন্ সভা? কেন নিস্তব্ধ হয়ে গেল?
উত্তর: লেখক রামকুমার চট্টোপাধ্যায় একদিন স্কুলে যাওয়ার পথে হেদোর কাছে পার্কে এক স্বদেশি সভায় একইসঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসু এবং কাজী নজরুল ইসলামকে উপস্থিত থাকতে দেখেছিলেন। সেই সভার কথাই বলা হয়েছে।
তখনকার দিনের রীতি অনুসারে নেতাজির বক্তৃতার আগে নজরুলের গানের ব্যবস্থা থাকাটা বাঞ্ছনীয় ছিল। সেই অনুসারে নজরুল শুরু করেন স্বদেশি গান। উপস্থিত সকলেই সেই গানের যাদুতে এতটাই আপ্লুত হয়ে পড়েন যে, সামান্যতম শব্দও কেউ করেননি। বলা যায় সকলেই মন্ত্রমুগ্ধ হয়ে পড়েছিলেন, তাই সভা নিস্তব্ধ হয়ে যায়।
4. “ডুবে গেলাম তবলার বোলে।”—কে, কেন এমন আচরণ করেছিলেন?
উত্তর: তবলার বোলে ডুবে গিয়েছিলেন ‘কাজী নজরুলের গান’ রচনার লেখক রামকুমার চট্টোপাধ্যায়।
বিদ্যালয়ে পাঠকালীন লেখক একদিন স্কুলে যাওয়ার পথে হেদোর কাছে পার্কে স্বদেশি মিটিং-এ কাজী নজরুল ইসলামের কণ্ঠে স্বদেশি গান শুনেছিলেন। মুখ ভরতি পান, আর গলায় হারমোনিয়াম বেঁধে সেদিন নজরুল যে গান গেয়েছিলেন, তা মন্ত্রমুগ্ধ হয়ে লেখক শুনেছিলেন। ছোটো বয়সের সেই গান লেখকের রক্তে আলোড়ন তুলেছিল। লেখক প্রচণ্ড উত্তেজনায় টগবগ করে ফাটছিলেন। সেই উত্তেজনাকে নিজের বশে আনার জন্যই লেখক বাড়ি ফিরে তাঁর প্রিয়সঙ্গী তবলাকে কাছে টেনে নিয়ে তবলার বোলে ডুবে গিয়েছিলেন।
এই অধ্যায়ের আরও পোস্ট
- কাজী নজরুলের গান – বিষয়সংক্ষেপ
- কাজী নজরুলের গান – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
- কাজী নজরুলের গান – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর
সপ্তম শ্রেণির বাংলা অধ্যায়ের প্রশ্নোত্তর
শেষকথা
ছোটো উত্তরে প্রশ্নের প্রসঙ্গ, ঘটনার পরিচয় এবং প্রাসঙ্গিক অনুভূতি—এই দিকগুলি স্পষ্ট রাখা দরকার। উদ্ধৃত অংশ কার বক্তব্য ও কোন ঘটনার সঙ্গে যুক্ত, তা মিলিয়ে পড়ো। বিষয়ভিত্তিক গানের উদাহরণগুলি সংশ্লিষ্ট রচয়িতার নামের সঙ্গে মনে রাখলে বিভ্রান্তি কমবে।





মন্তব্য করুন