সপ্তম শ্রেণি বাংলা – কাজী নজরুলের গান – বিষয়সংক্ষেপ

Rahul

Home » সপ্তম শ্রেণি বাংলা – কাজী নজরুলের গান – বিষয়সংক্ষেপ

সপ্তম শ্রেণির বাংলা পাঠ ‘কাজী নজরুলের গান’-এ সংগীতশিল্পী রামকুমার চট্টোপাধ্যায় তাঁর কৈশোরের একটি স্মরণীয় অভিজ্ঞতা তুলে ধরেছেন। স্বদেশি সভায় নেতাজি ও নজরুলকে কাছ থেকে দেখা এবং নজরুলের গানের প্রভাব এই স্মৃতিচারণার কেন্দ্রে রয়েছে। এই বিষয়সংক্ষেপে লেখক পরিচিতি, উৎস, পাঠপ্রসঙ্গ, নামকরণ, শব্দার্থ ও টীকাগুলি একসঙ্গে পড়ে নেওয়া যাবে।

সপ্তম শ্রেণি বাংলা কাজী নজরুলের গান বিষয়সংক্ষেপ – রামকুমার চট্টোপাধ্যায়

লেখক পরিচিতি

বাংলা সংগীতের অন্যতম খ্যাতিমান শিল্পী হলেন রামকুমার চট্টোপাধ্যায়। তিনি এই ধারার টপ্পা ও পুরাতনী গানের সেরা গায়ক। 1921 খ্রিস্টাব্দে তিনি কলকাতায় জন্মগ্রহণ করেন। দেশ-বিদেশে খ্যাতিসম্পন্ন এই আত্মভোলা শিল্পীর সংগীত সাধনার পীঠস্থান ছিল কলকাতা। বাংলা সংস্কৃতি থেকে হারিয়ে যাওয়া পুরাতনী বাংলা গানের মধ্যে তিনি নতুন প্রাণের সঞ্চার করেন। 2009 খ্রিস্টাব্দে তিনি লোকান্তরিত হন।

উৎস

‘কাজী নজরুলের গান’ পাঠ্যাংশটি রামকুমারের ‘পুরাতনী’ নামক আত্মজীবনীমূলক গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। গ্রন্থটিতে তিনি পুরোনো কলকাতা, তখনকার বাঙালি জীবন ও নানান মনীষীদের স্মৃতিচারণা করেছেন।

পাঠপ্রসঙ্গ

স্বদেশি যুগে দেশের মানুষ স্বদেশি গানে কেমন অনুপ্রাণিত হতেন তার পরিচয় পাওয়া যায় গদ্যাংশটিতে। নেতাজি সুভাষচন্দ্রের বক্তৃতা বা কাজী নজরুল ইসলামের স্বদেশি গান তৎকালে জনমানসে যে কেমন আলোড়ন তুলত—তা ‘কাজী নজরুলের গান’ নামক রচনাটিতে লেখক সুন্দরভাবে তুলে ধরেছেন।

বিষয়সংক্ষেপ

‘কাজী নজরুলের গান’ গদ্যাংশের মাধ্যমে লেখক, গায়ক রামকুমার চট্টোপাধ্যায়ের কৈশোরের একটি ঘটনার কথা পরিবেশিত হয়েছে। লেখক তখন বিদ্যালয়ের ছাত্র ছিলেন। একদিন বিদ্যালয়ে যাওয়ার পথে তিনি দেখেন হেদো (হেদুয়া) পার্কের কাছে বেশ ভিড় জমেছে। ব্যাপারটা কী জানার জন্য লেখকের বেশ কৌতূহল হয়। ভিড়ের কারণ জানতে চাইলে এক ব্যক্তির কাছে লেখক জানতে পারেন যে, সেই স্থানে সেদিন আসবেন বিদ্রোহী-নায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু। লেখকের মন আবেগে উত্তেজিত হয়ে ওঠে, তিনিও দাঁড়িয়ে পড়েন অন্যদের মতোই। একটু পরেই শুনতে পান কাজী নজরুল ইসলামও আসবেন। কারণ নেতাজির বক্তৃতার পূর্বে নজরুলের গান পরিবেশন ছিল তৎকালীন স্বদেশি মিটিং-এর রীতি। দুই প্রিয় মহামানবকে এত কাছ থেকে দেখার আশায় লেখকের মনে হয়েছিল তাঁর বুকের রক্ত যেন টগবগ করে ফুটছে। অনেকক্ষণ পরে মঞ্চে দেবদূতের মতো নেতাজিকে দেখে লেখক মুগ্ধ হয়ে যান। একটু পরেই মঞ্চে উঠে আসেন কাজী নজরুল ইসলাম। স্বয়ং নেতাজি তাঁকে দুহাত তুলে প্রণাম করেন। সেদিন নজরুলের গানে লেখক এমনই মুগ্ধ হয়ে যান যে, জীবনে সে-কথা তিনি ভোলেননি। নজরুলের মুখে পান, গলায় বাঁধা হারমোনিয়াম—তিনি গাইছেন দেশাত্মবোধক সংগীত। চোখ বুজলেই প্রবীণ বয়সেও লেখক সেই ছবি দেখতে পান। এর পরেও গায়করূপে নজরুলকে তিনি অনেকবারই দেখেছেন, যদিও ছোটো বয়সের প্রথম দেখার উত্তেজনার সঙ্গে তার কোনো তুলনা হয় না। ওই গান শোনার পরে তিনি ছুটতে ছুটতে বাড়িতে ফেরেন এবং তবলার বোলে ডুবে গিয়ে মনের উত্তেজনাকে প্রশমিত করেন।

নামকরণ

নামকরণ হল সাহিত্যের একটি প্রধান অঙ্গ। প্রধানত নামকরণের মাধ্যমেই রচনার বিষয়বস্তু সম্পর্কে আগাম ধারণা করা যায়। তাই নামকরণকে কাহিনির অন্দরমহলের প্রবেশপথ বলা যায়। নামকরণ বিভিন্ন প্রকারের হতে পারে, যেমন—কাহিনিপ্রধান, চরিত্রপ্রধান, ব্যঞ্জনাধর্মী ইত্যাদি। এবার আলোচনা করে দেখা যাক যে, রামকুমার চট্টোপাধ্যায়ের ‘কাজী নজরুলের গান’ রচনাটির নামকরণ কতটা সার্থক।

লেখক যখন বিদ্যালয়ের ছাত্র, তখন একদিন স্কুলে যাওয়ার পথে ‘হেদো পার্কের কাছে’ ভিড় দেখে থমকে দাঁড়ান এবং জিজ্ঞাসা করে জানতে পারেন যে, সেখানে নেতাজি সুভাষচন্দ্র বসু আসবেন বক্তৃতা দিতে। একটু পরেই শুনতে পান কাজী নজরুলও গান গাইতে আসবেন সেখানে। লেখকও অন্যান্যদের মতো সেখানে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকেন। অনেকক্ষণ পরে যখন কাজী সাহেবের গান শুরু হল, লেখক লক্ষ করেন যে কাজী সাহেবের গানের যাদুতে সভাস্থল একেবারে স্তব্ধ হয়ে গিয়েছে। লেখক অনুভব করেন নজরুলের গানের মহিমা। মুখ ভরতি পান নিয়ে, গলায় বাঁধা হারমোনিয়ামে সুর তুলে সেদিন নজরুল যে গান গেয়েছিলেন, তাতে লেখক আবেগে উত্তেজিত হয়ে পড়েছিলেন, সেই গান লেখকের হৃদয়কে স্পন্দিত করেছিল। প্রবীণ বয়সেও চোখ বন্ধ করলে লেখক সেই ছবি দেখতে পেতেন।

গদ্যাংশটি আলোড়িত হয়েছে নজরুলের গানের প্রভাবকে কেন্দ্র করে। লেখকের মনে সেই গান কতটা ছাপ ফেলেছিল, তা-ই কাহিনির বিষয় হয়ে উঠেছে। এই কারণেই আলোচ্য গদ্যাংশটির বিষয়প্রধান নামকরণ সার্থক হয়েছে বলে মনে করি।

শব্দার্থ ও টীকা

শব্দঅর্থ
হেদো পার্কউত্তর কলকাতার হেদুয়া পার্ক।

নেতাজি

সুভাষচন্দ্র বসুকে বলা হত। তিনি ছিলেন ভারতের মুক্তির অগ্রদূত। 1897 খ্রিস্টাব্দের 23 জানুয়ারি ওড়িশার কটক শহরে তাঁর জন্ম হয়। পিতা জানকীনাথ বসু, মাতা প্রভাবতী দেবী। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সহযোদ্ধারূপে তিনি মুক্তিসংগ্রামে অবতীর্ণ হন। এরপর দেশের জন্য নানাসময় তিনি কারাবরণ করেন। বিপ্লবী রাসবিহারী বসুর ‘আজাদ হিন্দবাহিনী’র তিনি নেতৃত্ব গ্রহণ করেন। তাঁর বিখ্যাত উক্তি—‘তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব।’ তাঁর মৃত্যু আজও অজানা, স্বদেশবাসীর কাছে আজও তিনি মরণজয়ী বীর।

শব্দঅর্থ
বক্তৃতাভাষণ।
বোলবহু কণ্ঠের অনিয়ন্ত্রিত আওয়াজ।
দেবদূতদেবতাদের বার্তাবাহী।
মঞ্চঅনুষ্ঠানের জন্য নির্মিত একটু উঁচু স্থান।
গৌরবর্ণফরসা।
অতীবঅত্যন্ত।
জিজ্ঞাসাজানতে চাওয়া।
আবির্ভাবঅবতীর্ণ।

কাজী নজরুল ইসলাম

1899 খ্রিস্টাব্দের 25 মে বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা ফকির আহমেদ ও মাতা জাহেদা খাতুন। শৈশবেই পিতৃবিয়োগ ঘটায় দারিদ্র্যের সঙ্গে কঠোর সংগ্রাম করতে হয় তাঁকে। তাঁর প্রথম প্রকাশিত কবিতা ‘মুক্তি’। উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হল—‘ছায়ানট’, ‘অগ্নিবীণা’, ‘বিষের বাঁশি’, ‘ফণীমনসা’, ‘সর্বহারা’ প্রভৃতি। একাধারে তিনি ছিলেন গীতিকার, সুরকার ও গায়ক। সকলের কাছে তিনি ‘বিদ্রোহী কবি’ নামে পরিচিত। তাঁর বিদ্রোহ মানবতাবিদ্বেষ, অন্যায় ও অসাম্যের বিরুদ্ধে। নজরুল ছিলেন দেশকালাতীত মানবপ্রেমে আবদ্ধ। 1976 খ্রিস্টাব্দের 29 আগস্ট তাঁর মৃত্যু হয়।

স্বদেশি মিটিং

বিশ শতকের সূচনায় সাম্রাজ্যবাদী বড়োলাট লর্ড কার্জন ভারতে ব্রিটিশ শাসন সুরক্ষিত করার উদ্দেশ্যে কয়েকটি পদক্ষেপ গ্রহণ করেন। এগুলির মধ্যে সবচেয়ে বিতর্কিত হল বঙ্গভঙ্গের সিদ্ধান্ত। 1905 খ্রিস্টাব্দের জুলাই মাসে লর্ড কার্জন বঙ্গভঙ্গের সিদ্ধান্ত ঘোষণা করেন। এইসময় স্বাধীনতাসংগ্রামীরা বয়কট নীতি গ্রহণ করেন। বিদেশি দ্রব্য বর্জন করে তারা ব্রিটিশ সরকারের উপর চাপ সৃষ্টি করতে চায়। এ ছাড়া স্বদেশি শিল্পের বিকাশের জন্যও বিদেশি দ্রব্য বর্জনের প্রয়োজন ছিল। বিদেশি পণ্যসম্ভার বিশেষত সুতিবস্ত্র বর্জন এই আন্দোলনের মুখ্য বিষয় ছিল। পরে শিক্ষাপ্রতিষ্ঠানকে বয়কট করা হয়। এই আন্দোলন স্বদেশি আন্দোলন নামে পরিচিত। আর এই স্বদেশি আন্দোলনকারী জনজাতিকে উদ্বুদ্ধ করার জন্য যে মিটিং আয়োজিত হত তা-ই স্বদেশি মিটিং নামে পরিচিত। স্বদেশি গান, কবিতা, নাট্যসাহিত্য দ্বারা মানুষকে স্বদেশপ্রেমে অনুপ্রাণিত করা হত এই মিটিং-এর মাধ্যমে।

4. হাতেকলমে — টীকা লেখো

কাজী নজরুল ইসলাম

উত্তর: 1899 খ্রিস্টাব্দের 25 মে বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন কাজী নজরুল ইসলাম। তাঁর পিতা ফকির আহমেদ ও মাতা জাহেদা খাতুন। শৈশবেই পিতৃবিয়োগ ঘটায় দারিদ্র্যের সঙ্গে কঠোর সংগ্রাম করতে হয় তাঁকে। তাঁর প্রথম প্রকাশিত কবিতা ‘মুক্তি’ এবং উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হল—‘ছায়ানট’, ‘অগ্নিবীণা’, ‘বিষের বাঁশি’, ‘ফণীমনসা’, ‘সর্বহারা’ প্রভৃতি। একাধারে তিনি ছিলেন গীতিকার, সুরকার ও গায়ক। সকলের কাছে তিনি ‘বিদ্রোহী কবি’ নামে পরিচিত। তাঁর বিদ্রোহ মানবতাবিদ্বেষ, অন্যায় ও অসাম্যের বিরুদ্ধে। নজরুল ছিলেন দেশকালাতীত মানবপ্রেমে আবদ্ধ। 1976 খ্রিস্টাব্দের 29 আগস্ট তাঁর মৃত্যু হয়।

নেতাজি সুভাষচন্দ্র বসু

উত্তর: সুভাষচন্দ্র ছিলেন ভারতের মুক্তির অগ্রদূত। 1897 খ্রিস্টাব্দের 23 জানুয়ারি ওড়িশার কটক শহরে তাঁর জন্ম হয়। তাঁর পিতা জানকীনাথ বসু, মাতা প্রভাবতী দেবী। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সহযোদ্ধা রূপে তিনি মুক্তিসংগ্রামে অবতীর্ণ হন। তারপর দেশের জন্য নানা সময় তিনি কারাবরণ করেন। বিপ্লবী রাসবিহারী বসুর ‘আজাদ হিন্দ বাহিনী’র তিনি নেতৃত্ব গ্রহণ করেন। তাঁর বিখ্যাত উক্তি—‘তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব।’ তাঁর মৃত্যু আজও অজানা, স্বদেশবাসীর কাছে আজও তিনি মরণজয়ী বীর।

স্বদেশি যুগ

উত্তর: বিশ শতকের সূচনায় সাম্রাজ্যবাদী বড়োলাট লর্ড কার্জন ভারতে ব্রিটিশ শাসন সুরক্ষিত করার উদ্দেশ্যে কয়েকটি পদক্ষেপ গ্রহণ করেন। এগুলির মধ্যে সবচেয়ে বিতর্কিত হল বঙ্গভঙ্গের সিদ্ধান্ত। 1905 খ্রিস্টাব্দের জুলাই মাসে লর্ড কার্জন বঙ্গভঙ্গের সিদ্ধান্ত ঘোষণা করেন। এইসময় স্বাধীনতাসংগ্রামীরা বয়কট নীতি গ্রহণ করেন। বিদেশি দ্রব্য বর্জন করে তারা ব্রিটিশ সরকারের উপর চাপ সৃষ্টি করতে চায়। এ ছাড়া স্বদেশি শিল্পের বিকাশের জন্যও বিদেশি দ্রব্য বর্জনের প্রয়োজন ছিল। বিদেশি পণ্যসম্ভার বিশেষত সুতিবস্ত্র বর্জন এই আন্দোলনের মুখ্য বিষয় ছিল। পরে বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠানকে বয়কট করা হয়। এই আন্দোলন স্বদেশি আন্দোলন নামে পরিচিত। আর এই যুগই স্বদেশি যুগ। এইসময় কবিতা, গান, নাট্যসাহিত্য স্বদেশি ভাবধারার দ্বারা উদ্বেলিত হয়েছিল।

এই অধ্যায়ের আরও পোস্ট

সপ্তম শ্রেণির বাংলা অধ্যায়ের প্রশ্নোত্তর

শেষকথা

স্বদেশি সভার সেই দিনের অভিজ্ঞতায় গানের শক্তি ও শিল্পীর প্রতি কিশোর লেখকের মুগ্ধতা ফুটে উঠেছে। উৎস, বিষয়সংক্ষেপ, নামকরণ ও টীকা মিলিয়ে পড়ে নাও। এরপর ছোটো প্রশ্নের তথ্য এবং বড়ো প্রশ্নের ঘটনাক্রম আলাদা করে অনুশীলন করলে অধ্যায়টি ভালোভাবে আয়ত্ত হবে।

Please Share This Article

Related Posts

সপ্তম শ্রেণি বাংলা কাজী নজরুলের গান অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর – রামকুমার চট্টোপাধ্যায়

সপ্তম শ্রেণি বাংলা – কাজী নজরুলের গান – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা কাজী নজরুলের গান সংক্ষিপ্ত প্রশ্নোত্তর – রামকুমার চট্টোপাধ্যায়

সপ্তম শ্রেণি বাংলা – কাজী নজরুলের গান – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা কাজী নজরুলের গান রচনাধর্মী প্রশ্নোত্তর – রামকুমার চট্টোপাধ্যায়

সপ্তম শ্রেণি বাংলা – কাজী নজরুলের গান – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

About The Author

Rahul

One response to “সপ্তম শ্রেণি বাংলা – কাজী নজরুলের গান – বিষয়সংক্ষেপ”

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

সপ্তম শ্রেণি বাংলা – কাজী নজরুলের গান – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – কাজী নজরুলের গান – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – কাজী নজরুলের গান – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – কাজী নজরুলের গান – বিষয়সংক্ষেপ

সপ্তম শ্রেণি বাংলা – দুটি গানের জন্মকথা – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর