কামিনী রায়ের ‘স্মৃতিচিহ্ন’ কবিতার শিক্ষা বিশদভাবে বোঝার জন্য এই রচনাধর্মী প্রশ্নোত্তর। সপ্তম শ্রেণির বাংলা পাঠের এখানে 3টি বোধমূলক প্রশ্নের সম্পূর্ণ উত্তর, মনীষীর জীবন নিয়ে নমুনা চিঠি ও কবিতা থেকে পাওয়া শিক্ষার অনুচ্ছেদ রাখা হয়েছে। সঙ্গে রয়েছে চার্ট তৈরির মূল অনুশীলনটি। মানুষের কল্যাণে কাজ ও চিরস্মরণীয় হয়ে থাকার সম্পর্ক মিলিয়ে পড়ো।

হাতেকলমে — চার্ট তৈরির অনুশীলন
11. স্মরণীয় কয়েকজন বাঙালি মনীষীর চিত্র ও বাণী সংবলিত একটি চার্ট তৈরি করো।
উত্তর: বিবেকানন্দ, বিদ্যাসাগর, রামকৃষ্ণ। (নিজে করো।)
হাতেকলমে — চিঠি লেখো
12. তুমি যাঁর জীবনের কথা জেনে অনুপ্রাণিত, এমন একজন মনীষীর জীবনের কোনো বিশেষ ঘটনার কথা বন্ধুকে লিখে জানাও/সে সম্বন্ধে দেয়াল-পত্রিকায় লেখা প্রকাশ করো।
উত্তর: দমদম, কলকাতা
30 সেপ্টেম্বর, 2022
প্রিয় রীতা,
গতকাল এক বাঙালি মনীষীর জীবনকথা আমি পড়েছি। তিনি হলেন বীরসন্ন্যাসী বিবেকানন্দ। তাঁর জীবনী পাঠ করে আমি অভিভূত। পড়ামাত্রই বিবেকানন্দ সম্পর্কে তোকে জানানোর জন্য আমি ব্যস্ত হয়ে পড়েছি। তাঁর কথাই লিখছি এখন।
শৈশব থেকেই বিবেকানন্দকে নিয়ে জানার আকাঙ্ক্ষা আমার মধ্যে ছিল প্রবল। বিবেকানন্দ সম্পর্কে আমি প্রথম গল্প শুনি ঠাকুমার কাছে। এই মহান সন্ন্যাসী জনসেবায় নিজের প্রাণপাত করেছেন, এবং নিজের মহান কর্মবলে মানুষের মনে চিরস্মরণীয় হয়ে আছেন। ছোটোবেলায় এই মহান ব্যক্তি নানারকম অদ্ভুত সব কাজকর্ম করতেন। একবার মা তাঁকে ঘুম পাড়িয়ে নিজেও ঘুমিয়ে পড়েন। বাইরে সেইসময় এক সন্ন্যাসী উপস্থিত হয়ে ভিক্ষা চান। ছোটো পাঁচ বছরের নরেন সে-কথা শুনতে পেয়ে হাতের সামনে কিছু না পেয়ে নিজের পরনের কাপড়টা খুলে দিয়ে দেন সন্ন্যাসীকে। সন্ন্যাসী কাপড়খানা পেয়ে প্রচুর আশীর্বাদ করে বিদায় নেন। এই ঘটনাটি পড়ে আমি খুব বিস্মিত। ওইটুকু বয়স থেকেই বীর সন্ন্যাসী যেন সমস্ত ভারতবাসীর দুঃখকে নিজের করে নেন, এবং মানুষের ভালো করার মন্ত্রে দীক্ষিত হন।
বিবেকানন্দকে নিয়ে লেখা একটি বই এবার কলকাতা এলে তোকে পড়তে দেব। তুইও কোনো মনীষীকে নিয়ে কিছু পড়লে আমায় জানাস। আজ এখানেই শেষ করছি। ভালো থাকিস।
ইতি
অনন্যা
নাম : রীতা রায়
প্রযত্নে : দীপক রায়
গ্রাম + পোস্ট—মকুলা
জেলা : বীরভূম
হাতেকলমে — অনুচ্ছেদ রচনা
13. কবিতাটি থেকে যে শিক্ষা পেলে, সে বিষয়ে একটি অনুচ্ছেদ রচনা করো।
উত্তর: প্রতিটি মানুষ চায় এ পৃথিবীতে অমর হয়ে থাকতে। কেউ ক্ষমতা বা ঐশ্বর্যবলে তার অমরত্ব প্রমাণ করতে চায়, আবার কেউবা মানুষের মধ্যে মিশে গিয়ে তাদের কল্যাণসাধনের মাধ্যমে অমর হয়ে থাকে।
যারা ধনী বা সাম্রাজ্যবাদী তারা বিশাল সৌধ নির্মাণ করে তাদের কীর্তি রেখে যেতে চান। কিন্তু তারা ভুলে যান কালের নিয়মে একদিন তাদের সেই সৃষ্টি নিশ্চিহ্ন হয়ে যাবে। অপরদিকে যারা সাধারণ মানুষের জন্য কাজ করেন নিঃস্বার্থভাবে, তারাই মনের মধ্যে সিংহাসন স্থাপন করে চিরবিরাজমান থেকে যান।
বোধমূলক প্রশ্নোত্তর
কমবেশি ছ-টি বাক্যে উত্তর লেখো
1. ‘স্মৃতিচিহ্ন’ কবিতায় কাদের স্মৃতি লুপ্ত হয়ে যায়? কীভাবে এই লুপ্ত হওয়ার ঘটনাটি ঘটে?
উত্তর: ‘স্মৃতিচিহ্ন’ কবিতায় তাদের স্মৃতি লুপ্ত হয়ে যায়, যারা ক্ষমতালোভী সাম্রাজ্যবাদী, যারা ভেবেছিল বিশাল বিশাল অট্টালিকা নির্মাণ করে মানুষের মনে জায়গা করে নেবে।
ক্ষমতালোভী সাম্রাজ্যবাদী ‘মূঢ়’ বা বোকার দল বিশাল স্মৃতিসৌধ নির্মাণ করে নিজেদের নাম অক্ষয় করে রাখতে চায়। কিন্তু সেইসব স্মৃতিসৌধ কালের নিয়মে একদিন জীর্ণ হয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়। এভাবেই স্মৃতি লুপ্ত হওয়ার ঘটনাটি ঘটে।
2. ‘প্রস্তর খসিছে ভূমে প্রস্তরের পরে,’—উক্তিটির তাৎপর্য লেখো।
উত্তর: আলোচ্য উদ্ধৃতিটি কবি কামিনী রায় রচিত ‘স্মৃতিচিহ্ন’ কবিতা থেকে নেওয়া হয়েছে। আলোচ্য উদ্ধৃতির মধ্য দিয়ে কবি বোঝাতে চেয়েছেন যে, সাম্রাজ্যের ক্ষমতালোভী শাসকের দল কেবলই নিজেদের ক্ষমতার দম্ভে বিশাল বিশাল প্রাসাদ বা অট্টালিকা নির্মাণ করেছে, তাতে মানুষের কোনোই উপকার হয়নি। তাই মানুষের মনে তাদের কোনোই জায়গা হয়নি। একসময় কালের নিয়মে সেই প্রাসাদ বা অট্টালিকাগুলি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং তাদের নাম কালের স্রোতে ভেসে গিয়েছে।
3. ‘দরিদ্র আছিল তারা, ছিল না সম্বল’—উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো।
উত্তর: আলোচ্য উদ্ধৃতিটি কামিনী রায় রচিত ‘স্মৃতিচিহ্ন’ কবিতার অংশ। আলোচ্য উদ্ধৃতির মধ্য দিয়ে কবি বলতে চেয়েছেন, সাম্রাজ্যলোভী শাসকদের মতো এই দরিদ্র মানুষেরা হয়তো প্রাসাদ বা অট্টালিকা নির্মাণ করতে পারেনি। কিন্তু তারা মনের দিক থেকে অনেকটাই স্বচ্ছ এবং উদার। তারা মানুষের জন্য কিছু হলেও ভালো কাজ করেছে। তাই তারা মানুষের মনের মণিকোঠায় স্থান পেয়েছে।
এই অধ্যায়ের আরও পোস্ট
- স্মৃতিচিহ্ন – বিষয়সংক্ষেপ
- স্মৃতিচিহ্ন – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
- স্মৃতিচিহ্ন – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
সপ্তম শ্রেণির বাংলা অধ্যায়ের প্রশ্নোত্তর
শেষকথা
কবিতার শিক্ষা মানুষের কাজে ও আচরণে অর্থ পায়। বিশদ ব্যাখ্যা, নমুনা চিঠি ও অনুচ্ছেদ মিলিয়ে পড়ে ভাবো কীভাবে নিঃস্বার্থ কাজ মানুষকে স্মরণীয় করে। চার্ট তৈরির অনুশীলনে বেছে নেওয়া মনীষীদের জীবন ও বাণী শিক্ষকের সাহায্যে মিলিয়ে নেবে।





মন্তব্য করুন