সপ্তম শ্রেণির বাংলা পাঠ ‘স্মৃতিচিহ্ন’-এ কামিনী রায় মানুষের স্মরণীয় হয়ে থাকার পথ নিয়ে ভাবতে শিখিয়েছেন। ইট-পাথরের সৌধ কালের নিয়মে ভেঙে যায়, কিন্তু মানুষের কল্যাণে করা কাজ হৃদয়ে থেকে যায়। এই বিষয়সংক্ষেপে কবি পরিচিতি, উৎস, পাঠপ্রসঙ্গ, নামকরণ ও 15টি শব্দার্থের সঙ্গে হাতেকলমের 7টি ভাষা ও ব্যাকরণের অনুশীলন একসঙ্গে পড়ে নেওয়া যাবে।

কবি পরিচিতি
অবিভক্ত বঙ্গে বাংলা সাহিত্যের প্রথিতযশা গীতিকবি কামিনী রায় বরিশাল জেলার বাসণ্ডা গ্রামে 1864 খ্রিস্টাব্দের 12 অক্টোবর জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম চণ্ডীচরণ সেন। অতি অল্প বয়সেই তিনি কবিতা রচনা শুরু করেন। তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘আলো ও ছায়া’ 1889 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। কলকাতার বিখ্যাত বেথুন কলেজ থেকে সংস্কৃতে বিএ পাস করেন তিনি। পরবর্তীকালে ওই কলেজেই তিনি শিক্ষয়িত্রী হন। তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হল—‘পৌরাণিকী’, ‘দীপ ও ধূপ’, ‘জীবনপথে’, ‘মাল্য ও নির্মাল্য’, ‘অশোক সঙ্গীত’ প্রভৃতি। ‘অম্বা’ হল তাঁর অন্যতম নাট্যকাব্য। কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি ‘জগত্তারিণী স্বর্ণপদক’ লাভ করেন। 1933 খ্রিস্টাব্দের 27 সেপ্টেম্বর কবির জীবনাবসান ঘটে।
উৎস
কামিনী রায়ের ‘স্মৃতিচিহ্ন’ কবিতাটি তাঁর ‘নির্মাল্য’ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে।
পাঠপ্রসঙ্গ
এই পৃথিবীতে সকলেই তার নাম অক্ষয় করতে চায়। একদল ক্ষমতাদর্পী, সাম্রাজ্যলোভী মানুষ মনে করেন তাদের তৈরি ইট-কাঠ-পাথরের তৈরি বিশাল অট্টালিকাতে তাদের নাম চিরস্মরণীয় হয়ে থাকবে। কিন্তু ক্ষমতাদর্পী মানুষের কীর্তি চিরকাল অক্ষয় হয়ে থাকে না। কালের গর্ভে বিলীন হয়ে যায়। কিন্তু যারা মানুষের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে যায় ইতিহাসে স্থায়ী আসন তারাই পায়। তারাই মানুষের মনের মণিকোঠায় চির ভাস্বর হয়ে থাকে।
বিষয়সংক্ষেপ
একদল ক্ষমতাদর্পী মানুষ নিজেদের নাম বহু অর্থনির্মিত স্মৃতিসৌধের গায়ে খোদাই করে চিরকাল অমর হয়ে থাকবে আশা করেছিল। কালান্তরেও সেই নাম মুছে যাবে না, এই ছিল তাদের বিশ্বাস। কবির ভাষায় তারা মূঢ়, তাদের মনস্কামনা ব্যর্থ। আসলে বস্তুর বিনাশ একদিন হবেই, পাথর খসে পড়বে ভূমিতে, ভেঙে পড়বে অট্টালিকা। সেই ভগ্নস্তূপে চাপা পড়বে স্মৃতিসৌধ। শুষ্ক তৃণের মতো কালস্রোতে ভেসে যাবে নামগুলি, কেউ রক্ষা করতে পারবে না। কিন্তু যারা মানবহৃদয়-সিংহাসন অধিকার করেছেন, পরহিতব্রতে নিজের জীবন উৎসর্গ করেছেন তারা কালান্তরেও চিরস্মরণীয় হয়ে থাকবেন। এই সমস্ত দরিদ্র মানুষগুলির ছিল না কোনো সম্বল, ছিল না ইট-পাথর সংগ্রহ করার মতো ক্ষমতা। অথচ তাদের রাজত্বই অক্ষয় হয়েছে কালের নিয়মে—কালস্রোতে ধৌত হয়ে সেই নাম চিরকালের জন্য অমর হয়ে থাকবে।
নামকরণ
গল্প, কবিতা, নাটক সব কিছুর ক্ষেত্রেই নামকরণের একটি বিশেষ ভূমিকা আছে। নামকরণ থেকেই পাঠক বিষয় সম্পর্কে সম্যক ধারণা লাভ করে। কবিতার ক্ষেত্রে নামকরণ বিশেষ ইঙ্গিতবাহী।
‘স্মৃতি’ শব্দের আক্ষরিক অর্থ স্মরণ, আর ‘চিহ্ন’ শব্দের আক্ষরিক অর্থ রেখা বা দাগ। এই দুয়ের সংযোগে ‘স্মৃতিচিহ্ন’ বলতে বোঝায় এমন স্মারক বা নিদর্শন, যার সাহায্যে কোনো ব্যক্তি বা সময়কে স্মরণীয় করে রাখা যায়। কামিনী রায় রচিত ‘স্মৃতিচিহ্ন’ কবিতায় কবি কোনো ইট-পাথর-কংক্রিটের তৈরি স্মৃতিচিহ্নের কথা বলেননি বরং তার এই ‘স্মৃতিচিহ্ন’ কথাটি ব্যঞ্জনাময় হয়ে উঠে এই সমস্ত মানুষদের তৈরি করা স্থায়ী স্মৃতিচিহ্নের প্রতি ইঙ্গিত দিয়েছে যারা নিজেদের মহান কাজের মাধ্যমে মানুষের মনে চিরস্মরণীয় হয়ে আছেন।
প্রাথমিকভাবে মানুষ মনে করে ক্ষমতার জোরে বিশাল স্মৃতিসৌধের মাধ্যমে নিজেকে চিরকালীন করা যায়, কিন্তু তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়। পরিবর্তে যে অগণিত সাধারণ মানুষ দিনরাত্রি মানুষের নিত্য প্রয়োজনে জেগে থেকে মানুষের জন্য কাজ করে যায় সেই দরিদ্র মানুষের স্থান পায় ‘মানব-হৃদয় ভূমি’তে। তাদের প্রকৃত স্মৃতিচিহ্ন মানুষের মনে চিরকাল রয়ে যায়।
শব্দার্থ ও টীকা
| শব্দ | অর্থ |
|---|---|
| হর্ম্য | অট্টালিকা, প্রাসাদ। |
| ইষ্টক | ইট। |
| প্রস্তরে | পাথরে। |
| মূঢ় | মূর্খ, অজ্ঞ। |
| ভূম | মাটি। |
| ভগ্ন | ভাঙা। |
| লুপ্ত | হারিয়ে যাওয়া। |
| শুষ্ক | শুকনো। |
| তৃণ | ঘাস। |
| কাল-নদী | সময়ের স্রোত। |
| আছিল | ছিল। |
| অক্ষুণ্ণ | যা নষ্ট হয় না। |
| ধৌত | ধোওয়া। |
| নিত্য | প্রতিদিন। |
| সমুজ্জ্বল | অত্যন্ত উজ্জ্বল। |
হাতেকলমে — ভাষা ও ব্যাকরণ
2. কবিতা থেকে শব্দ চয়ন করে নীচে প্রদত্ত কবিতাংশের শূন্যস্থান পূরণ করো :
উত্তর: “ওরা ভেবেছিল ______ আপনার মনে; নাম/মনোহর ______ বিশাল ______/ইষ্টক ______ রচি চিরদিন ______/রেখে ______।”
| শূন্যস্থানের প্রসঙ্গ | উত্তর |
|---|---|
| 1 | মনে |
| 2 | হর্ম্যরূপে |
| 3 | অক্ষরে |
| 4 | প্রস্তরে |
| 5 | তরে |
| 6 | যাবে। |
3. নীচে দেওয়া শব্দগুলির বিপরীতার্থক শব্দ লেখো : মনোহর, বিশাল, মূঢ়, ব্যর্থ, ভগ্ন, লুপ্ত, শুষ্ক, অধিকার, দৃঢ়, অক্ষুণ্ণ, ধৌত, নিত্য, সমুজ্জ্বল।
| শব্দ | বিপরীতার্থক শব্দ |
|---|---|
| মনোহর | কুৎসিত। |
| বিশাল | ক্ষুদ্র। |
| মূঢ় | বিদ্বান, পণ্ডিত। |
| ব্যর্থ | সফল। |
| ভগ্ন | অভগ্ন, গোটা। |
| লুপ্ত | বিদ্যমান। |
| শুষ্ক | আর্দ্র। |
| অধিকার | অনধিকার। |
| দৃঢ় | শিথিল। |
| অক্ষুণ্ণ | ক্ষুণ্ণ। |
| ধৌত | অধৌত। |
| নিত্য | অনিত্য। |
| সমুজ্জ্বল | অনুজ্জ্বল। |
4. নীচের বিশেষ্যগুলিকে বিশেষণে ও বিশেষণগুলিকে বিশেষ্যে রূপান্তরিত করো : নাম, মনোহর, প্রস্তর, মূঢ়, ব্যর্থ, ভগ্ন, স্তূপ, স্মৃতি, রক্ষা, মানব, হৃদয়, প্রতিষ্ঠা, দৃঢ়, দরিদ্র।
| বিশেষ্য | বিশেষণ |
|---|---|
| নাম | নামী |
| মনোহরণ | মনোহর |
| প্রস্তর | প্রস্তরময় |
| মূঢ়তা | মূঢ় |
| ব্যর্থতা | ব্যর্থ |
| ভগ্নাংশ, ভগ্নাবশেষ | ভগ্ন |
| স্তূপ | স্তূপাকার |
| স্মৃতি | স্মার্ত |
| রক্ষা | রক্ষিত |
| মানব | মানবিক |
| হৃদয় | হার্দিক |
| প্রতিষ্ঠা | প্রতিষ্ঠিত |
| দৃঢ়তা | দৃঢ় |
| দারিদ্র্য | দরিদ্র |
5. নীচের শব্দগুলিকে বাক্যে ব্যবহার করো : অক্ষর, চিরদিন, স্মৃতি, মানব, রক্ষা, অধিকার, সম্বল, প্রতিষ্ঠা।
| শব্দ | বাক্য |
|---|---|
| অক্ষর | তুমি যদি ভালো কাজ করে যাও, তাহলে তোমার নাম সোনার অক্ষরে লেখা থাকবে। |
| চিরদিন | যাঁরা মহান ব্যক্তি, তাঁদের নাম সকলে শ্রদ্ধার সঙ্গে চিরদিন স্মরণ করে। |
| স্মৃতি | ছোটোবেলার স্মৃতি আজও আমার কাছে অমলিন। |
| মানব | জগৎ জুড়ে এক জাতি আছে, যে জাতির নাম মানব জাতি। |
| রক্ষা | দেশকে রক্ষা করার মহান দায়িত্ব পালন করে সৈন্যবাহিনী। |
| অধিকার | ‘স্বরাজ আমার জন্মগত অধিকার’—বলেছিলেন বাল গঙ্গাধর তিলক। |
| সম্বল | বাড়িটাই অজয়বাবুর শেষ সম্বল। |
| প্রতিষ্ঠা | আগামী 1 বৈশাখ আমাদের কালীমন্দিরে বিগ্রহ প্রতিষ্ঠা করা হবে। |
6. নীচের শব্দগুলির সন্ধি বিচ্ছেদ করো : মনোহর, মনস্কাম, ব্যর্থ, সিংহাসন, প্রতিষ্ঠা, সমুজ্জ্বল, প্রস্তর।
| সন্ধিবদ্ধ পদ | সন্ধি বিচ্ছেদ |
|---|---|
| মনোহর | মনঃ + হর। |
| মনস্কাম | মনঃ + কাম। |
| ব্যর্থ | বি + অর্থ। |
| সিংহাসন | সিংহ + আসন। |
| প্রতিষ্ঠা | প্রতি + ইষ্ঠা। |
| সমুজ্জ্বল | সম্ + উজ্জ্বল। |
| প্রস্তর | প্র-√স্তৃ + অ। (প্রত্যয় নিষ্পন্ন শব্দ) |
7. নীচের শব্দগুলির গদ্যরূপ লেখো : আপনার, রচি, তরে, খসিছে, ভূমে, আছিল, হের।
| শব্দ | গদ্যরূপ |
|---|---|
| আপনার | নিজের। |
| রচি | রচনা করি। |
| তরে | জন্য/নিমিত্ত। |
| খসিছে | খসে পড়ছে। |
| ভূমে | পৃথিবীতে/ভূমিতে। |
| আছিল | ছিল। |
| হের | দ্যাখো। |
8. সমার্থক শব্দ লেখো : মন, হর্ম্য, মূঢ়, দরিদ্র, নদী।
| প্রদত্ত শব্দ | সমার্থক শব্দ |
|---|---|
| মন | হৃদয়, চিত্ত। |
| হর্ম্য | প্রাসাদ, অট্টালিকা। |
| মূঢ় | মূর্খ, বোকা, অজ্ঞ। |
| দরিদ্র | গরিব, দীন। |
| নদী | তটিনী, স্রোতস্বিনী। |
এই অধ্যায়ের আরও পোস্ট
- স্মৃতিচিহ্ন – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
- স্মৃতিচিহ্ন – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
- স্মৃতিচিহ্ন – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর
সপ্তম শ্রেণির বাংলা অধ্যায়ের প্রশ্নোত্তর
শেষকথা
কবিতায় বাহ্যিক সৌধের স্থায়িত্বের সঙ্গে মানুষের মনে বেঁচে থাকার পার্থক্য ফুটে উঠেছে। বিষয়সংক্ষেপ ও নামকরণের সঙ্গে শব্দার্থ মিলিয়ে নাও। এরপর বিপরীতার্থক শব্দ, পদ পরিবর্তন, সন্ধি, গদ্যরূপ ও বাক্যরচনার অনুশীলনগুলি করলে পাঠের ভাষাও ভালোভাবে আয়ত্ত হবে।





মন্তব্য করুন