সপ্তম শ্রেণি বাংলা – স্বাধীনতা সংগ্রামে নারী – বিষয়সংক্ষেপ

Rahul

Home » সপ্তম শ্রেণি বাংলা – স্বাধীনতা সংগ্রামে নারী – বিষয়সংক্ষেপ

সপ্তম শ্রেণি বাংলার কমলা দাশগুপ্ত রচিত ‘স্বাধীনতা সংগ্রামে নারী’ অধ্যায়ের বিষয়সংক্ষেপ পড়ে ননীবালা দেবী ও দুকড়িবালা দেবীর সংগ্রামী জীবন জানো। এখানে লেখক পরিচিতি, পাঠপ্রসঙ্গ, নামকরণ, শব্দার্থ এবং ব্যাকরণ একসঙ্গে দেওয়া হয়েছে।

স্বাধীনতা সংগ্রামে নারী – বিষয়সংক্ষেপ বিষয়ভিত্তিক চিত্র
স্বাধীনতা সংগ্রামে নারী পাঠের ভাবভিত্তিক কল্পচিত্র।

লেখক পরিচিতি

লেখিকা কমলা দাশগুপ্ত ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের এক স্মরণীয় ব্যক্তিত্ব। তিনি 1907 খ্রিস্টাব্দের 11 মার্চ অধুনা বাংলাদেশের অন্তর্গত ঢাকা জেলার বিক্রমপুর পরগনায় জন্মগ্রহণ করেছিলেন। পরবর্তীকালে তিনি তাঁর মা-বাবার সঙ্গে কলকাতায় চলে আসেন। কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অধীন বেথুন কলেজ থেকে ইতিহাস-বিষয়ে কৃতিত্বের সঙ্গে এমএ ডিগ্রি অর্জন করেন। শিক্ষান্তে তিনি যুগান্তর দলে যোগদান করেন। 1931 খ্রিস্টাব্দে স্বাধীনতা সংগ্রামে অবতীর্ণ হওয়ার উদ্দেশ্যে তিনি গৃহত্যাগ করেন এবং একটি হোস্টেলে ম্যানেজারের চাকুরি গ্রহণ করেন। ম্যানেজারের দায়িত্ব পালনের সঙ্গে সঙ্গে হোস্টেলের আবাসিকদের তিনি স্বদেশি ভাবনায় অনুপ্রাণিত করতেন। তা ছাড়া, অবিভক্ত বাংলার সশস্ত্র বিপ্লবীদের আগ্নেয়াস্ত্র এবং বোমা তৈরির মালমশলা লুকিয়ে রাখার দায়িত্ব তাঁর উপর অর্পিত হয়েছিল। এ কাজ করতে গিয়ে ইংরেজ পুলিশের হাতে তিনি বহুবার গ্রেফতার হন। কিন্তু উপযুক্ত প্রমাণের অভাবে তিনি ছাড়া পান। পরবর্তীকালে 1933-1936 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি ব্রিটিশদের কারাগারে বন্দি ছিলেন। বহু বছর যাবৎ তিনি মহিলাদের জন্য সাময়িকপত্র ‘মন্দিরা’ পত্রিকার সম্পাদনা করেছিলেন। 1954 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল তাঁর আত্মজীবনী ‘রক্তের অক্ষরে’ গ্রন্থখানি। ভারতের স্বাধীনতা সংগ্রামে অবিভক্ত বাংলার যেসকল বীরাঙ্গনা ইংরেজদের বিরুদ্ধে মরণপণ সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন, তাদের সংগ্রামী জীবনের উজ্জ্বল কৃতিত্ব বিধৃত হয়েছে তাঁরই রচিত ‘স্বাধীনতা সংগ্রামে বাংলার নারী’ শীর্ষক গ্রন্থে (1963)। এই দেশব্রতী রমণীর জীবনাবসান হয় 2000 খ্রিস্টাব্দে।

উৎস

স্বাধীনতা সংগ্রামে নারী নামাঙ্কিত পাঠ্যাংশটি লেখিকার ‘স্বাধীনতা সংগ্রামে বাংলার নারী’ শীর্ষক গ্রন্থ থেকে সংগৃহীত। গ্রন্থটি 1963 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়।

পাঠপ্রসঙ্গ

উনিশ শতকের শেষ এবং বিশ শতকের গোড়ার দিকে সাম্রাজ্যলোভী ইংরেজদের অবর্ণনীয় শোষণ, অত্যাচার, বঞ্চনা ও নির্যাতনের হাত থেকে মুক্তি পেতে অখণ্ডিত ভারতভূমিতে যে দুর্বার জনজাগরণ শুরু হয়েছিল, তার তরঙ্গ প্রবলভাবে আছড়ে পড়েছিল বাংলার বুকে। কত মৃত্যুঞ্জয়ী বীর বিপ্লবীর আত্মদান, কত মানুষের ত্যাগ, অপরিসীম কষ্ট ও নির্যাতন ভোগ এবং কত জীবনযন্ত্রণার রক্তাক্ত পথ পেরিয়ে 1947 খ্রিস্টাব্দের 15 আগস্ট দুঃখজনক দেশভাগের অভিজ্ঞতার মধ্য দিয়ে আমরা আমাদের স্বপ্নের স্বাধীনতা অর্জন করেছি। সেকালে পুরুষদের পাশে থেকে সবসময় সমানভাবে গৌরবময় ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন বাংলার বীরাঙ্গনারা। এইসব বীরাঙ্গনারা পরাধীনতার অভিশাপে জর্জরিত ভারতবাসীর মুক্তির সংগ্রামে ব্রতী হয়ে দেশমাতৃকার সেবায় আত্মনিয়োগ করেছিলেন। মাতৃভূমির জন্য তাঁদের সুগভীর দেশানুরাগ, অপরিসীম সাহস, অনুকরণীয় ত্যাগ, ঈর্ষণীয় ক্লেশস্বীকার স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে চিরকাল স্বর্ণাক্ষরে লেখা থাকবে। অগ্নিযুগে স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী দুজন অসীম সাহসী বাঙালি অগ্নিকন্যা হলেন ননীবালা দেবী ও দুকড়িবালা দেবী। এঁদের জীবন ও লড়াইয়ের সংক্ষিপ্ত কাহিনি বিবৃত হয়েছে আলোচ্য ‘স্বাধীনতা সংগ্রামে নারী’ নামাঙ্কিত রচনাটিতে।

বিষয়সংক্ষেপ

ননীবালা দেবী

ননীবালা দেবীর জন্ম 1888 খ্রিস্টাব্দে হাওড়া জেলার বালিতে। তাঁর পিতার নাম সূর্যকান্ত ব্যানার্জি ও মাতার নাম গিরিবালা দেবী। মাত্র এগারো বছর বয়সে এই কিশোরী-কন্যার বিয়ে হয়। তাঁর বয়স যখন মাত্র ষোলো বছর, তখন তাঁর স্বামী মারা যান। স্বামীর মৃত্যুর পর তিনি পিত্রালয়ে ফিরে আসেন। তিনি তাঁর ভ্রাতুষ্পুত্র অমরেন্দ্রনাথ চ্যাটার্জির কাছে বিপ্লবের মন্ত্রে দীক্ষিত হন। এরপর তিনি নানা বিপ্লবী কার্যকলাপে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। বিপ্লবী নেতাদের নির্দেশ মেনে তিনি কারাবন্দি রামচন্দ্র মজুমদারের স্ত্রী সেজে প্রেসিডেন্সি জেলে তাঁর সঙ্গে সাক্ষাৎ করে তাঁরই রেখে যাওয়া একটা ‘মসার’ (Mouser) পিস্তলের খোঁজ আনেন।

1915 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে বিপ্লবীরা চন্দননগরে বাড়ি ভাড়া করে গোপন আস্তানা তৈরি করেছিলেন। চন্দননগরের সেই বাড়িতে ননীবালা গৃহকর্ত্রী হিসেবে থাকতেন। সেখানে আত্মগোপন করেছিলেন যদুগোপাল মুখার্জি, অতুল ঘোষ, অমর চ্যাটার্জি, ভোলানাথ চ্যাটার্জি, নলিনীকান্ত কর, বিনয়ভূষণ দত্ত এবং বিজয় চক্রবর্তী প্রমুখ। বিপ্লবীদের সন্ধানে চন্দননগরের বাড়িতে বাড়িতে পুলিশি হানা এবং তল্লাশি শুরু হওয়ায় ননীবালা দেবীকে আর চন্দননগরে রাখা বিপ্লবীরা নিরাপদ মনে করেন না। তাঁর এক বাল্যবন্ধুর দাদা প্রবোধ মিত্রের সহায়তায় তাঁকে পেশোয়ারে পাঠানো হয়। প্রায় ষোলো-সতেরো দিন পর পুলিশ তাঁকে গ্রেফতার করে সেখান থেকে চালান করে কাশীর জেলে। সেখানে তাঁকে একটানা জেরা করেন কাশীর ডেপুটি পুলিশ সুপারিনটেন্ডেন্ট জিতেন ব্যানার্জি। কিন্তু ননীবালা দেবীর মুখ থেকে তিনি একটি কথাও বের করতে পারলেন না। তৃতীয় দিনে বদ্ধ ঘরে তাঁকে আটকে রাখা হয় প্রায় 45 মিনিট। আলোবাতাসহীন বন্ধ ঘরে তালা খুলতেই দেখা যায়, ননীবালা দেবী অচৈতন্য অবস্থায় মাটিতে পড়ে আছেন।

পুলিশ এবার ননীবালা দেবীকে কাশী থেকে কলকাতার প্রেসিডেন্সি জেলে নিয়ে আসে। সেখানে তাঁর উপর ইংরেজ পুলিশের অমানুষিক অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে তিনি খাওয়া বন্ধ করে দেন। প্রেসিডেন্সি জেলে আই. বি. পুলিশের স্পেশাল সুপারিনটেন্ডেন্ট গোল্ডি (Goldie) সাহেব ননীবালা দেবীর অনশন ভাঙার পথ জানতে চান। প্রত্যুত্তরে ননীবালা দেবী তাঁকে বাগবাজারে রামকৃষ্ণ পরমহংসদেবের স্ত্রী সারদা দেবীর কাছে রেখে দেওয়ার বাসনা প্রকাশ করলেন। গোল্ডি সাহেবের পরামর্শমতো দরখাস্ত লিখে সাহেবের হাতে দেওয়া মাত্র সাহেব তাঁর সামনে ছিঁড়ে দলা পাকিয়ে সেটি ছেঁড়া কাগজের টুকরিতে ফেলে দেন। ননীবালা ভীষণ উত্তেজিত হয়ে তৎক্ষণাৎ সাহেবের গালে সপাটে এক চড় কষিয়ে দেন। এই ঘটনার দু-বছর পর 1919 খ্রিস্টাব্দের এক সকালে ননীবালা দেবী মুক্তি পান। বন্দিদশা থেকে মুক্ত হয়ে অত্যন্ত দীনহীন অবস্থায় তিনি বাকি জীবন কাটান। নিজের জীবনের শূন্য সম্বল, আত্মীয়স্বজনের অনাদর, লাঞ্ছনা এবং সীমাহীন দারিদ্র্যের সঙ্গে আপসহীন আমরণ লড়াই করে পরিপূর্ণ গৌরবের সঙ্গে তিনি জীবন অতিবাহিত করেন।

দুকড়িবালা দেবী

দুকড়িবালা দেবীর জন্ম 1887 খ্রিস্টাব্দে বীরভূম জেলার অন্তর্গত নলহাটি থানার অধীন ঝাউপাড়া গ্রামে। তাঁর পিতা নীলমণি চট্টোপাধ্যায়, মাতা কমলকামিনী দেবী। দুকড়িবালা দেবী তাঁর বোনপো নিবারণ ঘটকের বিপ্লবী চেতনায় উদ্‌বুদ্ধ হয়ে তাঁর কাছে বিপ্লবী দলে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। একদিন বোনপো নিবারণ রডা কোম্পানি থেকে চুরি করে আনা সাতটি ‘মসার’ (Mauser) পিস্তল এনে সেগুলি সযত্নে এবং সাবধানে লুকিয়ে রাখতে দিয়েছিলেন মাসিমার হাতে। 1917 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে একদিন পুলিশ দুকড়িবালা দেবীর বাড়ি তল্লাশি করতে ঘিরে ফ্যালে। তল্লাশি করে তারা সাতটি মসার পিস্তল পায়। পুলিশ গ্রেফতার করল বিপ্লবী দুকড়িবালাকে। বেআইনিভাবে আগ্নেয়াস্ত্র রাখার অপরাধে তাঁর দু-বছরের সশ্রম কারাবাসের সাজা হয়। দুকড়িবালা দেবী দু-বছরের কোলের শিশুকে বাড়িতে রেখে জেলে চলে যান।

স্বদেশের স্বাধীনতার জন্য বন্দিজীবনের অসহ্য পরিশ্রম এবং জেলে প্রতিদিন আধমণ ডাল ভাঙার প্রচণ্ড কায়িক পরিশ্রমকে তিনি হাসিমুখে বরণ করে নিয়েছিলেন। 1918 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে তিনি বন্দিজীবন থেকে মুক্তি পান। সম্ভবত 1970 খ্রিস্টাব্দে তাঁর জীবনাবসান হয়।

নামকরণ

বিশ্ববিশ্রুত নাট্যকার উইলিয়ম শেকসপিয়র যদিও বলেছিলেন, নামে কী আসে যায়? গোলাপকে যে নামেই ডাকা হোক না কেন তা গোলাপেরই মতো সৌরভ ছড়াবে। কিন্তু ব্যক্তি মানুষের ক্ষেত্রে অনেকসময় ‘কানা ছেলের নাম পদ্মলোচন’ হলেও সাহিত্যের ক্ষেত্রে নামকরণ অনেক বেশি অর্থবহ ও তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে। সাহিত্যের নামকরণ কতকগুলি বিষয়ের উপর নির্ভরশীল। যেমন – চরিত্র, ঘটনা, নিগূঢ় তত্ত্বের ব্যঞ্জনা ইত্যাদি। তাই সাহিত্যের নামকরণ যথাযথ এবং শিল্পসম্মত হওয়া কাম্য।

আলোচ্য ‘স্বাধীনতা সংগ্রামে নারী’ রচনাটির নামকরণের সার্থকতা বিচারের আগে মনে রাখা প্রয়োজন যে, আলোচ্য রচনার নামকরণ লেখিকা করেননি। সুতরাং নামকরণ সার্থক হওয়া বা না হওয়ার দায় লেখিকার নয়।

আলোচ্য গদ্যাংশে অগ্নিযুগের দুজন মহীয়সী বিপ্লবী ননীবালা দেবী এবং দুকড়িবালা দেবীর সংক্ষিপ্ত জীবনী, ইংরেজ শাসন ও শোষণের বিরুদ্ধে তাঁদের আপসহীন বিপ্লবী কার্যধারা, তাঁদের উপর ব্রিটিশ পুলিশের বর্বরের মতো অত্যাচার ও নির্যাতন এবং বন্দিদশা থেকে মুক্তিলাভের পর নিতান্ত সহায়সম্বলহীন অবস্থায় অসহনীয় দারিদ্র্যের মধ্যে কীভাবে তাঁদের জীবনের শেষ দিনগুলি অতিবাহিত হয়েছিল-লেখিকা তারই সুন্দর বর্ণনা দিয়েছেন। সুতরাং, সমগ্র রচনাটিতে ওই দুজন বিপ্লবী বঙ্গনারীই মুখ্য চরিত্র। এঁদের জীবনের বীরত্বপূর্ণ সংগ্রাম-ইতিহাসের কথাই আলোচ্য পাঠ্যাংশের মুখ্য প্রতিপাদ্য বিষয়। নারী-পুরুষ নির্বিশেষে অহিংস এবং বিপ্লববাদী আন্দোলনে অংশগ্রহণকারী সমগ্র ভারতের বা বাংলার স্বাধীনতা সংগ্রামীদের অবদানের কথা নয়, কেবল ওই দুই রমণীর কথাই বর্ণিত হয়েছে গদ্যাংশটিতে। তাই পাঠ্যাংশটির নামকরণ, ‘স্বাধীনতা সংগ্রামে নারী’ না হয়ে ‘স্বাধীনতা সংগ্রামে দুজন বঙ্গনারী’ হলে অধিকতর সার্থক হত বলে মনে হয়।

শব্দার্থ ও টীকা

বিধবা: যে রমণীর স্বামী মারা গিয়েছে। ভ্রাতুষ্পুত্র: ভাই-এর ছেলে। পলাতক: যে পলায়ন করেছে। সহকর্মী: একসঙ্গে কাজ করে যে বা যারা। ‘মসার’ পিস্তল: জার্মানিতে 1890–1895 খ্রিস্টাব্দ সময়কালে তৈরি এক বিশেষ ধরনের পিস্তল বা রাইফেল। ইনটারভিউ: সাক্ষাৎকার। শ্যেনদৃষ্টি: বাজপাখির মতো তীক্ষ্ণ দৃষ্টি। নিশাচর: রাতে যে বা যা চলাফেরা করে। নিষ্ঠুর: নির্দয়। তল্লাশি: খোঁজ। গ্রেপ্তার: আটক। বাল্যবন্ধু: বালককালের বন্ধু। স্বীকারোক্তি: জবানবন্দি। জেরা: জবাবদিহি। দরখাস্ত: আবেদনপত্র। জেটি-সরকার: বন্দরে বা ঘাটে মাল ওঠানামার তত্ত্বাবধানকারী কর্মী। গাড়োয়ান: গোরুর গাড়ির চালক। ট্রাইবুনাল: বিচারসভা। অগ্রগামী: এগিয়ে থাকে যে।

ব্যক্তি পরিচয় ও অনুশীলনী

7 পাঠ্যাংশে নিম্নলিখিত ব্যক্তিদের সম্পর্কে কী জানা যায় লেখো –

অমরেন্দ্র চ্যাটার্জি, প্রবোধ মিত্র, জিতেন ব্যানার্জি, গোল্ডি, নিবারণ ঘটক, হরিদাস দত্ত।

অমরেন্দ্র চ্যাটার্জি – ননীবালা দেবীর ভ্রাতুষ্পুত্র অমরেন্দ্র চ্যাটার্জি স্বদেশি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি ননীবালা দেবীকে বিপ্লবের মন্ত্রে দীক্ষা দিয়েছিলেন। অমরেন্দ্র চ্যাটার্জি বার বার পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে বেড়াতেন। রিষড়াতে ও চন্দননগরে অমরেন্দ্র চ্যাটার্জি ও তাঁর সহযোগীরা থাকতেন। তিনি গা-ঢাকা দেওয়ার পর তার উপর কয়েক হাজার টাকার হুলিয়া জারি করেছিল ব্রিটিশ সরকার।

প্রবোধ মিত্র – প্রবোধ মিত্র ছিলেন বিপ্লবী ননীবালা দেবীর বাল্যবন্ধুর দাদা। ভারতে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে তাঁর সমর্থন ছিল। বিপ্লবী ননীবালা দেবী তাঁর সহায়তায় চন্দননগরের বাড়ি থেকে পুলিশের চোখে ধুলো দিয়ে পেশোয়ারে পালিয়ে যেতে সক্ষম হয়েছিলেন।

জিতেন ব্যানার্জি – ইংরেজ ভক্ত রাজকর্মচারী জিতেন ব্যানার্জি ছিলেন কাশীর পুলিশের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট। তিনি বিপ্লবীদের উপর অকথ্য দৈহিক ও মানসিক নির্যাতন করে বিপ্লবীদের এবং তাদের দ্বারা কোনো সংঘটিত অপরাধ সম্পর্কে জেরা করে খবর আদায়ের চেষ্টা করতেন। ননীবালা দেবীকে জেরা করেও কোনো খবর বার করতে না পেরে তিনদিন আধঘণ্টা ধরে মাটির নীচে আলোকবাতাসহীন অন্ধকার ঘরে তালাবন্ধ করে রেখেছিলেন। কিন্তু এভাবেও তিনি ননীবালা দেবীর মনোবল চূর্ণ করতে পারেননি।

গোল্ডি – মি. গোল্ডি (Goldie) ছিলেন প্রেসিডেন্সি বিভাগের আই. বি. পুলিশের স্পেশাল সুপারিনটেন্ডেন্ট। তিনি অত্যন্ত অত্যাচারী অফিসার ছিলেন। অপরাধীদের মুখ থেকে কথা আদায়ের জন্য নানারকম ঘৃণ্য পথ অবলম্বন করতেন। ননীবালা দেবী প্রেসিডেন্সি জেলে থাকাকালীন অনশন তুলে নেওয়ার শর্ত জানিয়ে তাকে দরখাস্ত লিখলে গোল্ডি সাহেব তা ছিঁড়ে কাগজের টুকরিতে ফেলে দেন। এই ঘটনার প্রতিবাদে ননীবালা দেবী তাকে চড় মারেন।

নিবারণ ঘটক – বিপ্লবী নিবারণ ঘটক ছিলেন দুকড়িবালা দেবীর বোনপো। তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে দুকড়িবালা দেবী বিপ্লবী দলে যোগ দিয়েছিলেন। মাসিমা তাঁর অত্যন্ত বিশ্বস্ত ছিলেন বলে রডা কোম্পানি থেকে চুরি করা সাতটি মসার পিস্তল তিনি তাঁর হেফাজতে রেখেছিলেন।

হরিদাস দত্ত – বাংলার বিপ্লববাদী আন্দোলনের সংগ্রামী নেতা বিপ্লবী হরিদাস দত্ত পরাধীন ভারতে নানা বিপ্লবী কার্যালয়ের সঙ্গে যুক্ত ছিলেন। গাড়োয়ান সেজে তিনি জার্মানি থেকে আনা রডা কোম্পানির এক গাড়ি মসার পিস্তল (50টি) এবং রিভলভার নিয়ে সকলকে বোকা বানিয়ে উধাও হয়ে গিয়েছিলেন। চুরি করা এই পিস্তল ও রিভলভারগুলি বিপ্লবীরা পরে কাজে লাগিয়েছিল।

8 অর্থ লেখো ও বাক্যরচনা করো –

হুলিয়া, মসার, দরখাস্ত, কারাদণ্ড, নিশাচর।

শব্দঅর্থবাক্য
হুলিয়াপলাতক আসামিকে শনাক্ত করার জন্য তার দেহ চিহ্ন বিজ্ঞাপক বিবরণী।বাংলাদেশ সরকার বঙ্গবন্ধু মুজিবর রহমানের হত্যাকারী পলাতক আসামিদের গ্রেফতার করতে হুলিয়া জারি করেছেন।
মসারএকপ্রকার পিস্তল।অগ্নিযুগে বিপ্লবীরা রডা কোম্পানির 50টি মসার পিস্তল অভিনব কৌশলে চুরি করেছিলেন।
দরখাস্তআবেদনপত্র।আজ আমি প্রধান শিক্ষিকার কাছে ছুটির দরখাস্ত জমা দিয়েছি।
কারাদণ্ডজেলে বন্দি অবস্থায় থাকা।বারাসাত কোর্টের বিচারক হত্যার অপরাধে লোকটিকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিলেন।
নিশাচররাতে যে বা যা চলাফেরা করে।প্যাঁচা একটি নিশাচর প্রাণী।

9 নীচের স্থূলাক্ষর অংশগুলির কারক ও বিভক্তি নির্ণয় করো –

বাক্যকারক ও বিভক্তি
বিপ্লবী অমরেন্দ্র চ্যাটার্জির কাছে বিপ্লবের দীক্ষা পেলেন ননীবালা দেবী।সম্বন্ধপদে ‘র’ বিভক্তি।
1915 সালে চন্দননগরে আবার বাড়িভাড়া নেওয়া হয়েছিল।অধিকরণ কারকে ‘এ’ বিভক্তি।
স্নায়ুর শক্তিকে চূর্ণ করে দেওয়ার চূড়ান্ত প্রচেষ্টা।কর্মকারকে ‘কে’ বিভক্তি।
এগুলি ছিল রডা কোম্পানি থেকে চুরি করে আনা মাল।অপাদান কারকে ‘থেকে’ অনুসর্গ।
ছখানা গাড়ি তিনি রডা কোম্পানির গুদামে পৌঁছে দেন।সম্বন্ধপদে ‘র’ বিভক্তি।
তল্লাশিতে পাওয়া যায় সাতটা মসার পিস্তল।করণ কারকে ‘তে’ বিভক্তি, কর্মকারকে ‘শূন্য’ বিভক্তি।
শত জেরাতেও মাসিমার মুখ থেকে বের করতে পারল না।মাসিমার – সম্বন্ধপদে ‘র’ বিভক্তি। মুখ থেকে – অপাদান কারকে ‘থেকে’ অনুসর্গ।

10 এককথায় লেখো –

বাক্যএককথায় প্রকাশ
পলায়ন করেছেন যিনিপলাতক
একসঙ্গে কাজ করেন যিনিসহকর্মী
বাজপাখির মতো তীক্ষ্ণ দৃষ্টিশ্যেনদৃষ্টি
বাল্যকালের বন্ধুবাল্যবন্ধু
আবেদন জানিয়ে লিখিত পত্রদরখাস্ত
মহানকর্মে ব্রতী নারীমহীয়সী
এগিয়ে থাকেন যিনি/অগ্রে গমন করেন যিনিঅগ্রগামী

শব্দার্থের সম্পূরক ব্যক্তি পরিচয়

যদুগোপাল মুখার্জি: বিপ্লবী যদুগোপাল মুখার্জি 1886 খ্রিস্টাব্দের 18 সেপ্টেম্বর পূর্বতন মেদিনীপুর জেলার (বর্তমান পূর্ব মেদিনীপুর) রূপনারায়ণ নদীর তীরবর্তী তমলুক শহরে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা সেসময়কার লব্ধপ্রতিষ্ঠ আইনজীবী এবং প্রখ্যাত সংগীতশিল্পী কিশোরীলাল মুখার্জি এবং মাতা ধর্মপ্রাণা রমণী ভুবনমোহিনী দেবী। বিপ্লবী যতীন্দ্রনাথ মুখার্জি (বাঘাযতীন)-এর বিপ্লবী আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি প্রথমে যুগান্তর দলে এবং পরে অনুশীলন সমিতিতে যোগ দেন। তিনি স্বরাজ-আন্দোলন এবং গান্ধিজির ভারত ছাড়ো আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়ে বহুবার কারাবরণ করেন এবং 1927 খ্রিস্টাব্দে কারামুক্ত হন। সমাজসেবক ডাক্তার হিসেবেও তিনি খ্যাতি অর্জন করেন। 1976 খ্রিস্টাব্দে এই বিপ্লবীর দেহাবসান হয়।

প্রবোধ মিত্র: প্রবোধ মিত্র ছিলেন বিপ্লবী ননীবালা দেবীর বাল্যবন্ধুর দাদা। ভারতে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে তাঁর সমর্থন ছিল। তাই বিপ্লবী ননীবালা দেবী তাঁর সহায়তায় চন্দননগরের বাড়ি থেকে পুলিশের চোখে ধুলো দিয়ে পেশোয়ারে পালিয়ে যেতে সক্ষম হয়েছিলেন।

উপসংহার

এই আলোচনায় পাঠের মূল বক্তব্য, শব্দার্থ ও ভাষার ব্যবহার জানা গেল। বিষয়টি মনে রেখে প্রশ্নোত্তরের অংশগুলি অনুশীলন করো।

সপ্তম শ্রেণি বাংলা সমাধান

একই অধ্যায়ের অন্য অংশ

Please Share This Article

Related Posts

সপ্তম শ্রেণি বাংলা – ভানুসিংহের পত্রাবলী – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর পোস্টার

সপ্তম শ্রেণি বাংলা – ভানুসিংহের পত্রাবলী – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – ভানুসিংহের পত্রাবলী – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর পোস্টার

সপ্তম শ্রেণি বাংলা – ভানুসিংহের পত্রাবলী – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – ভানুসিংহের পত্রাবলী – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর পোস্টার

সপ্তম শ্রেণি বাংলা – ভানুসিংহের পত্রাবলী – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

About The Author

Rahul

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

সপ্তম শ্রেণি বাংলা – স্বাধীনতা সংগ্রামে নারী – বিষয়সংক্ষেপ

সপ্তম শ্রেণি বাংলা – ভানুসিংহের পত্রাবলী – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – ভানুসিংহের পত্রাবলী – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – ভানুসিংহের পত্রাবলী – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – ভানুসিংহের পত্রাবলী – বিষয়সংক্ষেপ