সপ্তম শ্রেণি বাংলা Chapter 26-এর রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ভারততীর্থ’ কবিতার সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর এখানে দেওয়া হল। পাঠের বক্তব্য ও সম্পূর্ণ উত্তর মিলিয়ে অনুশীলন করো।

1. কবিতায় ভারতভূমিকে ‘পুণ্যতীর্থ’ বলা হয়েছে কেন?
ভারততীর্থ কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষকে বিশ্বমানবতার মহানতীর্থ বলে অভিহিত করেছেন। তীর্থক্ষেত্রের পুণ্যভূমিতে যেমন তীর্থযাত্রীরা ঈশ্বরের আরাধনায় নিজেদের সমবেত করে, ঠিক তেমনি এদেশের মাটির মহিমায় জাতিবর্ণধর্মের বিভেদ ঘুচে গিয়ে সমস্ত মানুষ মানবতার মন্ত্রে দীক্ষিত হয়ে নিজেদের সৌভ্রাতৃত্ববোধের বন্ধনে আবদ্ধ করেছে। তাই কবি আলোচ্য কবিতায় ভারতভূমিকে ‘পুণ্যতীর্থ’ বলেছেন।
2. মহামানবের সাগরতীরে বলতে কবি কী বুঝিয়েছেন?
ভারততীর্থ কবিতায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষকে ‘মহামানবের সাগরতীরে’ হিসেবে বর্ণনা করেছেন। নানান নদীর ধারা এসে যেমন সাগরে মিলিত হয়, তেমনি ভারতবর্ষের পুণ্যভূমিতে যুগযুগান্ত ধরে নানা জাতি, বর্ণ, ধর্ম ও সম্প্রদায়ের মানুষ এসে একত্রে মিলিত হয়েছে। ভারতমাতা দু-বাহু বাড়িয়ে তাদের আপন করে নিয়েছেন। তাদের পাদস্পর্শে ভারতভূমি আরও পবিত্র হয়ে উঠেছে। এইভাবেই এদেশে বৈচিত্র্যের মধ্যে ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে।
3. ভারতের প্রাকৃতিক বৈচিত্র্য ধরা পড়েছে, কবিতা থেকে এমন একটি পঙ্ক্তি উদ্ধৃত করো।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘ভারততীর্থ’ কবিতায় ভারতবর্ষের প্রাকৃতিক বৈচিত্র্য ধরা পড়েছে এই পঙ্ক্তিটিতে – ধ্যানগম্ভীর এই যে ভূধর, নদী-জপমালা-ধৃত প্রান্তর।
4. ভারতবর্ষকে পদানত করতে কোন্ কোন্ বিদেশি শক্তি অতীতে এদেশে এসেছিল? তাদের পরিণতি কী ঘটল?
ভারতবর্ষকে পদানত করতে শক, হুন, পাঠান, মোগল, ইংরেজ প্রভৃতি বিদেশি শক্তি অতীতে এদেশে এসেছিল।
ভারতবর্ষে এসে এদেশের সর্বসংস্কৃতির মন্ত্রে দীক্ষিত হয়ে এইসব বিদেশি জাতি তাদের স্বাতন্ত্র্য হারিয়েছে। তারা হিংসা ভুলে ‘এই ভারতের মহামানবের সাগরতীরে’ একদেহে লীন হয়ে গিয়েছে।
5. পশ্চিমে আজি খুলিয়াছে দ্বার – উদ্ধৃতাংশে কোন পরিস্থিতির কথা বলা হয়েছে? এমন পরিস্থিতিতে কবির অন্বিষ্ট কী?
উদ্ধৃত অংশটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘গীতাঞ্জলি’ কাব্যগ্রন্থের অন্তর্গত ‘ভারততীর্থ’ কবিতা থেকে গৃহীত। শিল্পবিপ্লবের ফলস্বরূপ পশ্চিমি দেশগুলি বিজ্ঞান-প্রযুক্তি-বাণিজ্য ও যুক্তিবাদ নিয়ে সমগ্র বিশ্বের সামনে নতুন দিগন্ত খুলে দিয়েছিল। নতুন নতুন আবিষ্কারের মধ্য দিয়ে সভ্যতার পটপরিবর্তন করে সারা বিশ্বকে তারা অবাক করে। সভ্যতার এই নবরূপের পরিস্থিতির কথাই এখানে বলা হয়েছে।
কবির মতে, ভারতবর্ষের উচিত তার মানবতাবাদ, ব্রহ্মদর্শন, অধ্যাত্মচেতনা ও সুস্থ সাংস্কৃতিক ঐতিহ্যকে পাশ্চাত্যের সামনে তুলে ধরা। যাতে দানপ্রতিদানের মাধ্যমে প্রাচ্য ও পাশ্চাত্য মিলিত হয়ে মানবসভ্যতার রূপকে উন্নততর করে গড়ে তুলতে পারে।
6. আমার শোণিতে রয়েছে ধ্বনিতে তার বিচিত্র সুর – কোন্ সুরের কথা বলা হয়েছে? তাকে ‘বিচিত্র’ বলার কারণ কী? কেনই বা সে সুর কবির রক্তে ধ্বনিতা হয়?
উদ্ধৃত অংশটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘গীতাঞ্জলি’ কাব্যগ্রন্থের অন্তর্গত ‘ভারততীর্থ’ কবিতা থেকে সংগৃহীত। এখানে কবি ভারতবর্ষের মূল সংস্কৃতি যেসব সংস্কৃতির মিলনে গড়ে উঠেছে, সেই ‘বিচিত্র সুর’-এর কথাই বলেছেন।
সুদূর অতীত থেকে ভারতবর্ষের বুকে নানা জাতি, নানা ধর্ম ও নানা সম্প্রদায়ের মানুষ নানা সময়ে নানা বৈচিত্র্য নিয়ে এসেছে। এদেশে এসে এদেশের ঐক্যের মন্ত্রে দীক্ষিত হয়ে ভারতসত্তায় তারা একত্রে মিলিত হয়ে আত্মার আত্মীয় হয়ে গিয়েছে। তাই ‘বিচিত্র’ বলা হয়েছে।
গিরিপর্বত-মরুপথ পেরিয়ে যুদ্ধের উন্মত্ততা নিয়ে রণদামামা বাজিয়ে বহু বিদেশি জাতি এদেশ আক্রমণ করেছিল সাম্রাজ্য প্রতিষ্ঠা ও লোভের বশবর্তী হয়ে। কিন্তু এদেশের মূলমন্ত্রে দীক্ষিত হয়ে তারা একদিন এদেশের মাটি ও মানুষকে ভালোবেসে এদেশেরই একজন হয়ে গিয়েছে। তাই কবি তাদের মধ্যে তাঁর আত্মার আত্মীয়কে খুঁজে পান। আর সেই কারণেই বৈচিত্র্যের মধ্যে ঐক্যের সুর কবির রক্তে ধ্বনিত হয়।
7. হে রুদ্রবীণা, বাজো, বাজো, বাজো – ‘রুদ্রবীণা’ কী? কবি তার বেজে ওঠার প্রত্যাশী কেন?
অথবা, ‘হে রুদ্রবীণা, বাজো বাজো বাজো’ – কবি রুদ্রবীণার বেজে ওঠার প্রত্যাশী কেন?
উদ্ধৃত অংশটি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘গীতাঞ্জলি’ কাব্যগ্রন্থের অন্তর্গত ‘ভারততীর্থ’ কবিতা থেকে গৃহীত। ‘রুদ্রবীণা’ হল দেবাদিদেব মহাদেবের বীণা।
কবি রবীন্দ্রনাথের দৃঢ় বিশ্বাস, রুদ্রবীণা বেজে উঠলে মানবজীবনে পরিবর্তন সাধিত হবে। রুদ্রবীণার সুরে অশুভ শক্তির বিনাশ হয়ে শুভ শক্তির জয় ঘোষিত হবে। সমস্তরকম বিদ্বেষ ভুলে মানুষ একাত্ম হয়ে উঠবে। তাই এই আশা নিয়েই কবি রুদ্রবীণায় বেজে ওঠার জন্য প্রত্যাশী।
8. আছে সে ভাগ্যে লিখা – ভাগ্যে কী লেখা আছে? সে লিখন পাঠ করে কবি তাঁর মনে কোন্ শপথ গ্রহণ করলেন?
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘গীতাঞ্জলি’ কাব্যগ্রন্থের অন্তর্গত পাঠ্যসূচির অন্তর্ভুক্ত ‘ভারততীর্থ’ নামক কবিতা থেকে উদ্ধৃত অংশটি নেওয়া হয়েছে। ভারতবর্ষ এমন এক মহান দেশ, যে দেশে ঘটেছে সর্বজাতির মহামিলন। অথচ এই মহান দেশ ইংরেজদের দ্বারা পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হয়েছিল। এই দেশের শান্ত-নিরীহ মানুষকে ভোগ করতে হয়েছিল দুঃসহ অত্যাচার-নিপীড়নের যন্ত্রণা। কত তাজা প্রাণ অকালে চিরনিদ্রায় শায়িত হয়েছিল। পবিত্র হোমানলে তাই এখনও জ্বলতে দেখা যায় ‘দুখের রক্তশিখা।’ এই দুঃখযন্ত্রণার মুহূর্তগুলিই আমাদের সহ্য করে যেতে হবে, এটাই আমাদের ভাগ্যে লেখা আছে।
ভাগ্যের নিদারুণ লিখন পাঠ করে কবি লজ্জা, ভয়, মান-অপমান দূরে সরিয়ে, দুঃসহ ব্যথার অবসান ঘটাতে ঐক্যবদ্ধ হতে সকল ভারতবাসীকে আহ্বান করলেন।
9. পোহায় রজনী – অন্ধকার রাতশেষে যে নতুন আশার আলোকোজ্জ্বল দিন আসবে তার চিত্রটি কীভাবে ‘ভারততীর্থ’ কবিতায় রূপায়িত হয়েছে?
গীতাঞ্জলি কাব্যগ্রন্থের অন্তর্গত ‘ভারততীর্থ’ কবিতায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দৃঢ় প্রত্যয় এই যে, প্রজ্বলিত হোমানলে দুঃখের সব রক্তশিখা জ্বলেপুড়ে শেষ হয়ে যাবে। দুঃখের অন্ধকার রাত শেষ হয়ে মুক্তির নবোদিত সূর্যালোকে সূচনা হবে নতুন দিনের। সেই আলোয় মসৃণ হবে জীবনের পথ। বহু প্রাণের বিনিময়ে জন্ম নেবে এক ‘বিশাল প্রাণ’। মহামানবের তীর্থসম এই ‘বিপুল নীড়’ ভারতবর্ষ পরাধীনতার অন্ধকার থেকে মুক্ত হয়ে জীবনের নতুন আলোয় উদ্ভাসিত হয়ে উঠবে।
10. মার অভিষেকে এসো এসো ত্বরা – কবি কাদের ব্যাকুল আহ্বান জানিয়েছেন? কোন্ মায়ের কথা এখানে বলা হয়েছে? এ কোন্ অভিষেক? সে অভিষেক কীভাবে সম্পন্ন ও সার্থক হবে?
গীতাঞ্জলি কাব্যগ্রন্থের অন্তর্গত ‘ভারততীর্থ’ কবিতায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর জাতিধর্মবর্ণনির্বিশেষে সকল মানব-সম্প্রদায়কে আহ্বান জানিয়েছেন। তিনি মার অভিষেকে আর্য-অনার্য-হিন্দু-মুসলমান-খ্রিস্টান-ইংরেজ-পতিত-ব্রাহ্মণ সকলকেই সব বিভেদ ভুলে এগিয়ে আসতে বলেছেন।
এখানে দেশমাতা অর্থাৎ ভারতমাতার কথা বলা হয়েছে।
কবির দেশমাতা পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ। সেই পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করে, নতুন জীবনের আলোয় দেশমাতাকে আলোকিত করে স্বাধীনতার সিংহাসনে অভিষিক্ত করার কথা কবি বলেছেন।
জাতিবর্ণধর্মনির্বিশেষে সকল মানুষের মহামিলনের মাধ্যমে ভারতের বুকে ‘মঙ্গলঘট’ প্রতিষ্ঠিত করতে হবে। সমস্ত বৈচিত্র্য ও বিভেদ ভুলে সকলের স্পর্শে ‘ভারতের তীর্থনীর’কে পবিত্র করার মাধ্যমেই দেশমাতৃকার অভিষেক সম্পন্ন ও সার্থক হবে।
দুটি বা তিনটি বাক্যে উত্তর লেখো
1. হেথায় দাঁড়ায় দু বাহু বাড়ায়ে নমি নরদেবতারে, – ‘হেথায়’ বলতে কী বোঝানো হয়েছে? ‘নরদেবতা’ কে?
উদ্ধৃত অংশে ‘হেথায়’ বলতে ভারতভূমিকে বোঝানো হয়েছে।
নরদেবতা হলেন মানুষের দেবতা, যিনি প্রতিটি মানুষের মধ্যেই নিহিত আছেন।
2. এসো ব্রাহ্মণ, শুচি করি মন ধরো হাত সবাকার। – কবি কেন এ কথা বলেছেন?
কবি রবীন্দ্রনাথকে সমসাময়িককালে ব্রাহ্মণ সম্প্রদায়েরা গোঁড়া বর্ণবিদ্বেষী ছিল। তারা সমাজের শ্রেষ্ঠ বর্ণ বলে বিবেচিত হত। তাই কবি তাদের মনের এই বর্ণবিদ্বেষী ভাবনা দূর করে মনকে শুচি বা পবিত্র করে সকলের সুরে একসঙ্গে সুর মেলাতে বলেছেন।
3. সেথা হতে সবে আনে উপহার, – ‘সেথা’ বলতে কোথাকার কথা বলা হয়েছে? সেখান থেকে কী উপহার আনা হয়েছে বলে কবি মনে করেন?
উদ্ধৃত অংশে ‘সেথা’ বলতে পশ্চিমি দেশগুলির কথা বলা হয়েছে।
পশ্চিমি দেশগুলি আধুনিক প্রযুক্তিবিদ্যায় উন্নত। সেখান থেকে সেই প্রযুক্তিবিদ্যার ধারা নিয়ে আসাকে কবি উপহার নিয়ে আসা বলেছেন।
বোধমূলক প্রশ্নোত্তর
1. দিবে আর নিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে/এই ভারতের মহামানবের সাগরতীরে। – প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য লেখো।
উৎস – উদ্ধৃতাংশটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘গীতাঞ্জলি’ কাব্যগ্রন্থের অন্তর্গত ‘ভারততীর্থ’ নামক কবিতা থেকে গৃহীত।
প্রসঙ্গ – পশ্চিমি দেশগুলির উন্নত বিজ্ঞান ও যুক্তিবাদ সভ্যতার অগ্রগতিতে বিশেষ ভূমিকা গ্রহণ করেছে। আর এই প্রসঙ্গেই আলোচ্য উদ্ধৃতাংশের অবতারণা।
তাৎপর্য – শিল্পবিপ্লবের ফলশ্রুতিস্বরূপ পশ্চিমি দেশগুলির উন্নততর জীবনাদর্শ সারা বিশ্বকে অবাক করেছে। এমন পরিস্থিতিতে তাদের কাছ থেকে আমাদের গ্রহণ করতে হবে উন্নততর বিজ্ঞান, প্রযুক্তি ও যুক্তিবাদকে। তেমনি ভারতবর্ষেরও উচিত তার দর্শন, অধ্যাত্মবাদ, সংস্কৃতি পাশ্চাত্যের সামনে তুলে ধরা, যাতে দান-প্রতিদানের মাধ্যমে প্রাচ্য ও পাশ্চাত্য মিলে এক উন্নততর মানবসভ্যতা গড়ে তুলতে পারে।
2. হৃদয়তন্ত্রে একের মন্ত্রে উঠেছিল রণরণি। – আলোচ্য উক্তিটির অর্থ ব্যক্ত করো।
কবি রবীন্দ্রনাথ আলোচ্য উক্তিটির মধ্য দিয়ে বলতে চেয়েছেন যে, ভারতবর্ষের বুকে মহা-ওংকার ধ্বনির মন্ত্রে মানুষের মনের তারে বেজে উঠেছিল একাত্ম হবার বাসনা। এই বাসনা পরস্পরের মধ্যে এক মিলন সংকেতের সূচনা করে। এই মিলন সংকেতই হল ভারতবর্ষের মূলমন্ত্র।
শেষকথা
‘ভারততীর্থ’ কবিতার সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর মূল পাঠের সঙ্গে মিলিয়ে পড়ো। প্রতিটি উত্তরের বক্তব্য বুঝে নিজের প্রস্তুতি যাচাই করো। আরও পাঠের জন্য সপ্তম শ্রেণি বাংলা বিভাগ দেখো।





মন্তব্য করুন