সপ্তম শ্রেণি বাংলা Chapter 26-এর রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘ভারততীর্থ’ পাঠের বিষয়সংক্ষেপ এখানে দেওয়া হল। লেখক পরিচিতি, পাঠপ্রসঙ্গ, মূলভাব, শব্দার্থ ও সংশ্লিষ্ট ভাষা-অনুশীলন মিলিয়ে অধ্যায়টি প্রস্তুত করতে এই আলোচনা সাহায্য করবে।

কবি পরিচিতি
“একটিমাত্র পরিচয় আমার আছে সে আর কিছুই নয়-আমি কবিমাত্র।”
রবীন্দ্রনাথ ঠাকুর
প্রখ্যাত কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথের উদ্দেশে একবার বলেছিলেন – “কবিগুরু, তোমার প্রতি চাহিয়া আমাদের বিস্ময়ের সীমা নাই।” এ কথা যথার্থই যে, রবীন্দ্রপ্রতিভা এক পরম বিস্ময়। সাহিত্যের এমন কোনো দিক নেই, যা রবীন্দ্র-প্রভায় উজ্জ্বল হয়ে ওঠেনি। 1861 খ্রিস্টাব্দের 7 মে (1268 বঙ্গাব্দের 25 বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম। পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, মাতা সারদা দেবী। রবীন্দ্রনাথ ছিলেন পিতা-মাতার চতুর্দশ সন্তান। শিক্ষার ধরাবাঁধা নিয়ম বালক রবীন্দ্রনাথের অপছন্দ ছিল। তবে প্রাতিষ্ঠানিক শিক্ষা অসমাপ্ত থাকলেও তাঁর বিদ্যাচর্চা থেমে থাকেনি। গৃহশিক্ষকদের তত্ত্বাবধানে তিনি বিভিন্ন বিষয়ে পাঠগ্রহণ করেছিলেন। শুধু লেখাপড়াই নয়, ঠাকুরবাড়ির সাহিত্য, শিল্প ও সংগীতের আবহাওয়ায় রবীন্দ্রমনন ধীরে ধীরে পরিপুষ্ট হয়ে সৃজনশীলতার বহু বিচিত্র ধারায় বিশ্ববাসীর মনকে প্লাবিত করেছে। একাধারে তিনি ছিলেন কবি, গল্পকার, ঔপন্যাসিক, নাট্যকার, গীতিকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক। সাহিত্য ও শিল্পের প্রতিটি ক্ষেত্রে তিনি মধ্যাহ্নের সূর্যের মতো স্বমহিমায় বিরাজ করেছেন। ইংরেজি ‘গীতাঞ্জলি’ (Song offerings)-এর জন্য 1913 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার লাভ করেন। তিনি ছিলেন একজন যথার্থ দেশপ্রেমিক। 1919 খ্রিস্টাব্দে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি ইংরেজদের দেওয়া ‘নাইট হুড’ উপাধি ত্যাগ করেন। শান্তিনিকেতনে তিনি প্রাচীন ভারতীয় শিক্ষার আদর্শে ‘বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠা করেন। 1941 খ্রিস্টাব্দের 7 আগস্ট (1348 বঙ্গাব্দের 22 শ্রাবণ) এই মহাজীবনের মহাপ্রয়াণ ঘটে। রবীন্দ্রনাথের প্রয়াণ ঘটলেও তাঁর সৃষ্টির মধ্য দিয়ে তিনি আমাদের হৃদয়ে প্রতিনিয়ত বিরাজ করছেন।
উৎস
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘ভারততীর্থ’ কবিতাটির রচনাকাল 18 আষাঢ়, 1317 বঙ্গাব্দ। কবিতাটি ‘গীতাঞ্জলি’ কাব্যগ্রন্থের 106 নং কবিতা।
কবিতার রসগ্রাহী আলোচনা
মানবপ্রেমিক কবি রবীন্দ্রনাথ ঠাকুর ‘ভারততীর্থ’ কবিতাটির মধ্য দিয়ে বিশ্বমানবতাবাদের মহান তীর্থ ভারতবর্ষের মহামিলনের রূপটিকে পাঠকের সামনে তুলে ধরেছেন। কবি বলেছেন, ভারতবর্ষ হল বিশ্বমানবের পুণ্যতীর্থক্ষেত্র-যে ভূমিতে যুগযুগ ধরে নানা দেশের নানা জাতি নানা সময়ে এসে মিলিত হয়েছে। নদীর স্রোত যেমন বহুধারায় বিভক্ত হয়ে সাগরে এসে বিলীন হয়, তেমনি ‘এই ভারতের মহামানবের’ সাগরে এসে মিলিত হয়েছে আর্য, অনার্য, দ্রাবিড়, চিন, শক-হুন-পাঠান-মোগল। বিজয়ের বাসনা নিয়ে যুদ্ধে উন্মত্ত হয়ে যে-সমস্ত বৈদেশিক জাতি একদিন এদেশ আক্রমণ করেছিল, তারাই বিভেদের মন্ত্র ভুলে, হিংসা ভুলে এদেশের মাটি-মানুষকে ভালোবেসে মহামিলনের চিরবন্ধনে আবদ্ধ হয়েছে। আসলে ভারতবর্ষ হল প্রেমের, মৈত্রীর পুণ্যভূমি। তাই ভারতবর্ষের বুকে সমস্ত জাতির এক বিস্ময়কর মিলন সংঘটিত হয়েছে।
বিষয়সংক্ষেপ
ভারতবর্ষের মূল মন্ত্রই হল বৈচিত্র্যের মধ্যে ঐক্য স্থাপন করা। এদেশ হল বিশ্বমানবতাবাদের মহানতীর্থ। কবি বলেছেন, ‘এই ভারতের মহামানবের সাগরতীরে’ তিনি পবিত্র পৃথিবীর রূপ দেখতে পান। ভারতীয় আদর্শের আহ্বানে এই পুণ্যতীর্থে আর্য-অনার্য-দ্রাবিড়-চিন-শক-হুন-পাঠান-মোগল একদেহে লীন হয়ে গিয়েছে। তাদের গ্রহণ করে এদেশ মহামিলনের মহানক্ষেত্র হয়ে উঠেছে, সমস্ত বাহ্যিক বিভেদ দূর করে প্রাচ্য ও পাশ্চাত্যের মিলনসেতু গড়ে তুলেছে। একদিন এই ভারতবর্ষের বুকে যারা হিংসা ও বিভেদের আগুন জ্বেলেছিল, তারাই ত্যাগের মন্ত্রে দীক্ষিত হয়ে এদেশের মাটি ও মানুষকে ভালোবেসে, মানবতাবাদের বাণীতে উদ্বুদ্ধ হয়ে সৌভ্রাতৃত্ববোধের বন্ধনে আবদ্ধ হয়েছে। এদেশের উদার আকাশ, ভালোবাসা মাখানো বাতাস, ত্যাগের রং-এ রাঙানো গৈরিক মাটি ও ঐক্যের মন্ত্র বহনকারী জল সকলকে বৈচিত্র্য ভুলে, বিভেদ ভুলে, হিংসা ভুলে একত্রিত করেছে। কারণ, এদেশের মূলমন্ত্র ‘দিবে আর নিবে, মিলাবে মিলিবে।’ কবি আশাবাদী, যারা ঘৃণাভরে আজও দূরে সরে আছে, তারাও একদিন ঘৃণা ত্যাগ করে এদেশের মিলনমন্ত্রের সুরে আকৃষ্ট হয়ে মহামানবের সাগরতীরে মিলিত হবে। তাই কবি আর্য-অনার্য, হিন্দু-মুসলমান, খ্রিস্টান, ব্রাহ্মণ-পতিত সকলকে ধর্মবর্ণ, জাতিভেদ ভুলে, সমস্ত মান-অপমান, ভয়-লজ্জা ত্যাগ করে পুণ্যতীর্থ ভারতবর্ষের মহামিলনের মন্ত্রে দীক্ষিত হতে আহ্বান জানিয়েছেন। সমস্ত মানুষের স্পর্শ করা পবিত্র জলে ভারতবর্ষের মঙ্গলঘট ভরে উঠুক-জীবনদেবতার কাছে মানবপ্রেমিক কবির এই হল ঐকান্তিক কামনা।
নামকরণ
কাব্যে নামকরণ একটি তাৎপর্যপূর্ণ বিষয়। কারণ নামকরণের মধ্য দিয়ে কবিতার মূল ভাবটি পাঠকের হৃদয় আগাম স্পর্শ করে। নামকরণপ্রসঙ্গে রবীন্দ্রনাথ বলেছেন, “নামকে যাঁরা নামমাত্র মনে করেন, আমি তাঁদের দলে নই।” অর্থাৎ রবীন্দ্রনাথের কাছে কবিতার নামকরণ অত্যন্ত গুরুত্ব পেয়েছে। ‘গীতাঞ্জলি’ কাব্যগ্রন্থ থেকে গৃহীত পাঠ্যসূচির অন্তর্ভুক্ত ‘ভারততীর্থ’ কবিতাটিতে কবি রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষের মানবপ্রেমের রূপটিকে আমাদের সামনে তুলে ধরেছেন। কবি বলেছেন, ভারতবর্ষ হল এক পুণ্যতীর্থ। তীর্থক্ষেত্রে যেমন মানুষ সব কিছু ভুলে ঈশ্বর আরাধনায় নিজেকে ডুবিয়ে দেয়, ঠিক তেমনি এই ভারতবর্ষের বুকে নানা জাতি, নানা বর্ণ, নানা ভাবের মানুষ এসে মহামানবের মূলমন্ত্রে দীক্ষিত হয়ে মিশে গিয়েছে। ভারতবর্ষের তীর্থভূমিতে আর্য-অনার্য-দ্রাবিড়-চিন-শক-হুন-পাঠান-মোগল-ইংরেজ হিংসায় উন্মত্ত হয়ে লোভের কুটিলতা নিয়ে এসেও সব ভুলে এই দেশেই লীন হয়ে গিয়েছে। ভারতবর্ষের পবিত্র জল স্পর্শ করে হিন্দু-মুসলমান-খ্রিস্টান-ব্রাহ্মণ-পতিত সকলেই সব নীচতা ভুলে ‘মহামানবের সাগরতীরে’ মিলিত হয়েছে। এই পুণ্যভূমির বুকে জাতিধর্মবর্ণের বিভেদ ভুলে, সব পার্থক্য ধুয়ে-মুছে দিয়ে, মানবতাবাদের উজ্জ্বল আলোক- ধারায় স্নাত হয়ে সকলেই উদ্বুদ্ধ হয়েছে বিশ্বভ্রাতৃত্ববোধে। ভারতবর্ষ হয়ে উঠেছে মহামানবের মহামিলনক্ষেত্র। কবি রবীন্দ্রনাথের কাছে ভারতভূমি হয়ে উঠেছে পুণ্যতীর্থক্ষেত্র। ‘ভারততীর্থ’ নামকরণটি কবির মূল ভাবনাটিকে সুস্পষ্টরূপে পাঠকের অন্তরে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে। আর তাই অনায়াসে বলা যায়, কবির দেওয়া ‘ভারততীর্থ’ নামকরণটি যথাযথ ও সার্থক হয়েছে।
শব্দার্থ ও টীকা
| মোর | আমার |
| চিত্ত | মন |
| পুণ্য | পবিত্র |
| ধীরে | আস্তে |
| মহামানব | মহান মানুষ |
| সাগরতীরে | সমুদ্রের তীরে |
| হেথায় | এখানে |
| বাহু | হাত |
| নমি | প্রণাম করি |
| নরদেবতারে | মানুষের ভগবানকে |
| উদার | মহৎ |
| ছন্দ | পদবদ্ধ |
| বন্দন | বন্দনা |
| ভূধর | পর্বত |
| প্রান্তর | মাঠ |
| নিত্য | রোজ |
| হেরো | দ্যাখো |
| ধরিত্রী | পৃথিবী |
| আহ্বানে | ডাকে |
| ধারা | প্রবাহ |
| দুর্বার | যাকে সহজে বাধা দেওয়া যায় না এমন, দুর্দমনীয় |
| অনার্য | আমরা ভারতে আসার পূর্বে এদেশের বসবাসকারী জাতি |
| লীন | মিলিত, লুপ্ত |
| দ্বার | দরজা |
| উপহার | উপঢৌকন |
| উন্মত্ত | পাগলা |
| কলরব | চিৎকার |
| ভেদি | ভেদ করে |
| মরুপথ | মরুভূমির পথ |
| বিরাজে | সগৌরবে বিরাজ করে |
| শোণিতে | রক্তে |
| বিচিত্র | নানারকম |
| নাশিবে | শেষ করবে |
| বিরামবিহীন | এক নাগাড়ে, অনবরত |
| ওংকারধ্বনি | সকল মন্ত্রের আদিধ্বনি |
| হৃদয়তন্ত্রে | মনের তারে |
| রণরণি | বেজে, শব্দ করে |
| অনলে | আগুনে |
| বহুরে | অনেককে |
| আহুতি | দেবতার উদ্দেশে মন্ত্রোচ্চারণ করে অগ্নিতে ঘৃত প্রভৃতি দ্রব্যের নিক্ষেপ |
| ভেদা | ভিন্নতা |
| হিয়া | হৃদয় |
| সাধনা | উপাসনা |
| আরাধনা | প্রার্থনা |
| আনতশিরে | মাথা নীচু করে |
| হোমানলে | যজ্ঞের আগুনে |
| দহিতে | দহন করতে |
| লাজ | লজ্জা |
| দুঃস্থ | অসহায় |
| ব্যথা | দুঃখ |
| অবসান | শেষ |
| অশনি | বজ্রপাত |
| পোহায় | শেষ হয় |
| রজনী | রাত্রি |
| জননী | মাতা |
| বিপুল | বিশাল, বিরাট |
| নীড়ে | বাসায় |
| শুচি | পবিত্র |
| সবাকার | সকলের |
| পতিত | অবহেলিত |
| অপনীত | অপসারিত বা দূর করা হয়েছে এরূপ |
| অভিষেক | রাজসিংহাসনে বসার প্রক্রিয়া, বিশেষ বা মন্ত্র উচ্চারণের মাধ্যমে পূজাবেদিতে স্থাপন অনুষ্ঠান |
| ত্বরা | শীঘ্র, তাড়াতাড়ি |
| পরশে | ছোঁয়ায় |
| তীর্থনীরে | তীর্থের জলে |
টীকা লেখো –
ওংকার ধ্বনি, শক, হুন, মোগল, দ্রাবিড়, ইংরাজ।
ওংকার ধ্বনি –
ওঁ শব্দটি সংস্কৃত ‘অব্’ ধাতু থেকে উৎপন্ন, যার উনিশটি ভিন্ন ভিন্ন অর্থ আছে। ‘ওংকার ধ্বনি’ হল ঈশ্বরবাচক ধ্বনি, ব্রহ্মের শব্দপ্রতীক। এটি সব মন্ত্রের বীজমন্ত্র। বেদ, উপনিষদ, গীতা ও অন্যান্য হিন্দুশাস্ত্রের সর্বত্রই এই ধ্বনির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ভারতবর্ষ একসময় সমস্ত বিভেদ ভুলে ঐক্যের বেদমন্ত্রে উজ্জীবিত হয়েছিল। আর এই প্রসঙ্গেই আলোচ্য শব্দটি কবিতায় ব্যবহৃত হয়েছে।
শক –
শক হল একটি প্রাচীন জাতিবিশেষ, যাদের আদি বাসস্থান ছিল মধ্য এশিয়ার সিরদরিয়া নদীর উত্তর অঞ্চলে। খ্রিস্টীয় দ্বিতীয় শতাব্দীতে বাসভূমি থেকে বিতাড়িত হয়ে তারা ভারতে প্রবেশ করে দুর্বল গ্রিক রাজ্যগুলিকে পরাজিত করে শক রাজ্য প্রতিষ্ঠা করে। শকদের শ্রেষ্ঠ রাজা ছিলেন রুদ্রদামন। গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত ভারতের বুক থেকে শকদের নিশ্চিহ্ন করেন। ভারতবর্ষের অতীত ইতিহাসের আলোচনাপ্রসঙ্গে কবি শক জাতির উল্লেখ করেছেন।
হুন –
হুন হল এক অসভ্য জাতিবিশেষ। মধ্য এশিয়ার মোঙ্গলদের একটি শাখা হল এই হুন জাতি। পঞ্চম শতাব্দীর মধ্যভাগে এরা ভারত আক্রমণ করে। মালবের রাজা যশোবর্মন এই দুর্ধর্ষ হুনদের প্রতিহত করেন। ভারতবর্ষের অতীত-ইতিহাস তুলে ধরতে গিয়ে কবি এই হুন জাতির প্রসঙ্গ এনেছেন।
মোগল –
মঙ্গোলিয়ার অধিবাসী তাতার জাতির শাখা-বিশেষ হল মোগলরা। মোগল নেতা তৈমুরলঙ্ ভারত আক্রমণ করে দিল্লি দখল ও লুণ্ঠন করেন। তাঁর বংশধর বাবর 1526 খ্রিস্টাব্দে ভারতে মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। ঔরঙ্গজেবের মৃত্যুর পর মোগল সাম্রাজ্যের পতনের সূচনা হয়। ভারতবর্ষের অতীত ইতিহাসকে তুলে ধরতে গিয়ে কবি মোগলদের কথা উল্লেখ করেছেন।
দ্রাবিড় –
দ্রাবিড় হল ভারতবর্ষের প্রাচীনতম এক জাতি। আর্যরা এদেশে আসার অনেক আগে থেকেই এই জাতির অধিবাসীরা এদেশে বসবাস করত। ভারতবর্ষের দক্ষিণ অংশে এদের বাস। তামিল, তেলুগু, কন্নড়, মালয়ালম, টুডু প্রভৃতি হল দ্রাবিড় ভাষাবংশের ভাষা। দ্রাবিড়দের নিজস্ব ভাষা ও সংস্কৃতি আজও ভারতবর্ষের বুকে গৌরবজনক ভূমিকায় আসীন। ভারতবর্ষের অতীত ইতিহাসের কথা তুলে ধরতে গিয়ে কবি দ্রাবিড় প্রসঙ্গটি এনেছেন।
ইংরেজ –
ইংল্যান্ডের অধিবাসীরা ইংরেজ নামে খ্যাত। প্রভূত ক্ষমতার অধিকারী ছিল এই ইংরেজ জাতি। এদেশে বাণিজ্য করতে এসে এদেশের রাজনৈতিক দুর্বলতার সুযোগ নিয়ে ইংরেজরা এদেশে শাসকের ভূমিকায় অবতীর্ণ হয়। প্রায় 200 বছর ভারতবর্ষের বুকে তারা রাজত্ব করে। বহু মুক্তিকামী স্বাধীনতা সংগ্রামীর প্রাণের বিনিময়ে 1947 খ্রিস্টাব্দের 15 আগস্ট ভারতবর্ষের বুক থেকে ইংরেজ-বিতাড়ন সম্ভব হয়। ভারতবর্ষের অতীত ইতিহাসের আলোচনাপ্রসঙ্গে কবি ইংরেজদের কথা আলোচ্য কবিতায় তুলে ধরেছেন।
বাক্যে প্রয়োগ করো –
উদার, ধৃত, পবিত্র, লীন, মন্ত্র, অনল, বিপুল, বিচিত্র, সাধনা, জয়গান।
উদার – আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষকমহাশয় অত্যন্ত উদার মানুষ।
ধৃত – পুলিশ কর্তৃক ডাকাতদল ধৃত হয়েছে।
পবিত্র – বেদ হিন্দুদের পবিত্র গ্রন্থ।
লীন – ভারতবর্ষের মিলনমন্ত্রে দীক্ষিত হয়ে বহু বিদেশি জাতি একদেহে লীন হয়েছে।
মন্ত্র – মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে আমরা দেবী সরস্বতীর আরাধনা করলাম।
অনল – যজ্ঞের অনল দাউ দাউ করে জ্বলে উঠল।
বিপুল – কলকাতায় দুর্গাপুজোর বিপুল আয়োজন দেখে বিদেশিরা মুগ্ধ হয়।
বিচিত্র – সকাল হলে বিভিন্ন পাখির বিচিত্র কলকাকলি শোনা যায়।
সাধনা – বুদ্ধদেব বোধিবৃক্ষের নীচে সাধনা করে সিদ্ধিলাভ করেন।
জয়গান – রবীন্দ্রনাথ ‘ওরা কাজ করে’ কবিতায় মানুষের জয়গান গেয়েছেন।
প্রতিশব্দ লেখো –
সাগর, ধরিত্রী, ভূখর, হিয়া, রজনী, নীর।
সাগর > সমুদ্র, অর্ণব
ধরিত্রী > পৃথিবী, মহী
ভূধর > পর্বত, নগ
হিয়া > মন, অন্তর
রজনী > রাত্রি, নিশি
নীর > জল, বারি
নীচের পঙ্ক্তিগুলি গদ্যবাক্যে লেখো –
দুর্বার স্রোতে এল কোথা হতে, সমুদ্রে হল হারা।
কোথা থেকে দুরন্ত স্রোতে এল এবং সমুদ্রে হারিয়ে গেল।
উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তাঁরে।
তাঁকে উদার ছন্দে পরম আনন্দের সঙ্গে বন্দনা করি।
হৃদয়তন্ত্রে উঠেছিল রণরণি।
হৃদয়তন্ত্রে রণরণিয়ে উঠেছিল।
হেথায় নিত্য হেরো পবিত্র ধরিত্রীরে।
এখানে প্রত্যহ পবিত্র ধরিত্রীকে দ্যাখো।
হেথায় সবারে হবে মিলিবারে আনতশিরে।
এখানে মাথা নীচু করে সবাইকে মিলিত হতে হবে।
বিশেষ্যগুলিকে বিশেষণে ও বিশেষণগুলিকে বিশেষ্যে পরিবর্তিত করো –
চিত্ত, পুণ্য, পবিত্র, এক, দ্বার, বিচিত্র, তপস্যা, দুঃখ, জয়, জন্ম, শুচি, লাজ।
| বিশেষ্যে | বিশেষণ |
| চিত্ত | চিত্তাকর্ষক |
| পুণ্য | পুণ্যবান |
| পবিত্রতা | পবিত্র |
| এক | একক |
| দ্বার | দ্বারস্থ |
| বৈচিত্র্য | বিচিত্র |
| তপস্যা | তপস্বী |
| দুঃখ | দুঃখিত |
| জয় | জয়ী |
| জন্ম | জন্মগত |
| শুচিতা | শুচি |
| লাজ | লাজুক |
সন্ধি বিচ্ছেদ করো –
পরমানন্দ, দুর্বার, ওংকার, হোমানল, দুঃসহ।
| সন্ধিবদ্ধ পদ | সন্ধি বিচ্ছেদ |
| পরমানন্দ | পরম + আনন্দ |
| দুর্বার | দুঃ + বার |
| ওংকার | ওম্ + কার |
| হোমানল | হোম + অনল |
| দুঃসহ | দুঃ + সহ |
বিপরীতার্থক শব্দ লেখো –
পুণ্য, ধীর, ধৃত, আহ্বান, দুর্বার, বিচিত্র, বহু, অপমান, বিপুল, ত্বরা।
পুণ্য > পাপ
ধীর > চঞ্চল
ধৃত > মুক্ত
আহ্বান > প্রত্যাখ্যান
দুর্বার > শান্ত
বিচিত্র > একঘেয়ে
বহু > এক
অপমান > সম্মান
বিপুল > সামান্য
ত্বরা > বিলম্ব
শালা পদযুক্ত শব্দ
16. শালা শব্দের অর্থ গৃহ, আগার। ‘যজ্ঞশালা’-র অনুরূপ ‘শালা’ পদযুক্ত আরও পাঁচটি শব্দ লেখো।
উত্তর : কর্মশালা, ধর্মশালা, পানশালা, পাঠশালা, গোশালা।
শেষকথা
‘ভারততীর্থ’ পাঠের এই বিষয়সংক্ষেপ মূল পাঠের সঙ্গে মিলিয়ে অনুশীলন করো। প্রশ্নের বক্তব্য বুঝে উত্তর লিখলে প্রস্তুতি আরও দৃঢ় হবে। আরও পড়তে সপ্তম শ্রেণি বাংলা বিভাগ দেখো।





মন্তব্য করুন