সুকান্ত ভট্টাচার্যের ‘চিরদিনের’ কবিতায় পল্লিপ্রকৃতি, গ্রামীণ জীবনযাপন ও মানুষের জীবনীশক্তি কীভাবে ফুটে উঠেছে, তা বিশদে পড়ার জন্য এই রচনাধর্মী প্রশ্নোত্তর। সপ্তম শ্রেণির বাংলা পাঠের এখানে 4টি আট-দশ বাক্যের প্রশ্নের সম্পূর্ণ উত্তর এবং একটি গ্রামের কথা নিয়ে নমুনা ডায়ারি রয়েছে। মূল প্রশ্নের চাহিদা ধরে বর্ণনা ও ব্যাখ্যা অনুশীলন করো।

হাতেকলমে — আট-দশটি বাক্যে উত্তর
এই কবিতায় বাংলার পল্লিপ্রকৃতির যে বর্ণনা আছে, তা নিজের ভাষায় লেখো।
উত্তর: ‘চিরদিনের’ কবিতায় কিশোর কবি সুকান্ত তাঁর হৃদয়ে পল্লিবাংলার প্রকৃতির স্পর্শ অনুভব করেছেন। তাঁর উপলব্ধিতে স্বতঃই উঠে এসেছে বাংলার চিরচেনা, চিরসবুজ গ্রাম প্রকৃতির দৃশ্য। এই গ্রামগুলি বৃষ্টিমুখরিত। তারা শহুরে মানুষের মতো ব্যস্ততা দেখায় না, এখানে হাঁটার নির্দিষ্ট কোনো পথ হয় না, যেখান দিয়ে হাঁটা সম্ভব সেটাই পথ। বাঁশঝাড়, জোড়াদিঘি, তালের সারি গ্রামগুলিকে অলংকারের মতো সাজিয়ে রাখে। এখানে মজা নদী বর্ষার জলে ভয়ংকর রূপ ধারণ করে, গ্রামগুলি যেন সবুজ ঘাগরা পরে সেজে থাকে সবসময়। বুড়ো বটতলা যেন মানুষকে ডাকে তার ছত্রছায়ায়। বাংলার এই গ্রামগুলির সকাল ঘোষিত হয় পাখির গানে। চাষির কানে ভেসে আসে বিচিত্র সুর। কৃষক-বধূ ঘোমটা খুলে দেখে নেয় সবুজ ফসলের ধূম। তারা অবাক হয়ে নতুন ফসলের সুবর্ণ যুগের স্বপ্ন দ্যাখে।
কবিতাটিতে গ্রামীণ মানুষের জীবনযাপনের যে ছবিটি পাও, তা নিজের ভাষায় বর্ণনা করো।
উত্তর: কবি সুকান্ত ভট্টাচার্যের ‘চিরদিনের’ কবিতায় গ্রামীণ মানুষের জীবনযাপনের নিখুঁত চিত্র ফুটে উঠেছে। আলোচ্য কবিতায় মূলত কৃষিকাজের সঙ্গে যুক্ত মানুষ অর্থাৎ কৃষকদের জীবনযাপনের সঙ্গে সঙ্গে কামার, কুমোর, তাঁতিসম্প্রদায়ের জীবনসংগ্রামের কথা উল্লিখিত হয়েছে।
গ্রামীণ কৃষিজীবী মানুষের কর্মধারা নিরন্তর চলছে “ওরা চিরকাল/টানে দাঁড়, ধরে থাকে হাল,/ওরা মাঠে মাঠে/বীজ বোনে, পাকা ধান কাটে।” তারা অত্যন্ত গরিব। পচা জল আর মশার কামড় তাদের নিত্যসঙ্গী। কৃষিকাজের সঙ্গে সঙ্গে তাদের গবাদি পশুপালনও করতে হয়। কারণ চাষের সঙ্গে লাঙল, হাল, বলদ প্রভৃতি বিষয়গুলি জড়িয়ে আছে। কৃষকরা মাঠে ফসল ফলায়। ফসল ফলানোর জন্য তাদের অক্লান্ত পরিশ্রম করতে হয়। কখনো-কখনো প্রাকৃতিক দুর্যোগ তাদের ফসল-কলাদি নষ্ট করে। তবু তারা আবার নতুন উদ্যম নিয়ে উৎপাদনে লেগে পড়ে। 1943 খ্রিস্টাব্দে বাংলার বুকে নেমে আসে ভয়ংকর দুর্ভিক্ষ। প্রচুর মানুষ দিশাহারা হয়ে চারিদিকে ছোটে একমুঠো ভাতের জন্য। কোনোরকমে তারা বেঁচে থাকে। তারপর আবার নতুন আশা বুকে নিয়ে সোনার ফসল ফলাতে শুরু করে।
বাংলার কৃষক-বধূরা যেন বঙ্গমাতার আর-এক রূপ। তারাও কঠিন পরিশ্রম করে ঢেঁকিতে ধান ভানে, ঘরকন্নার কাজ করে, সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালায়, গোরুবাছুর পালন করে।
কৃষকরা ছাড়াও পল্লিবাংলায় আরও নানান পেশার মানুষ বসবাস করে। যেমন—কামার, কুমোর, তাঁতি প্রভৃতি সম্প্রদায়ের মানুষ। কামারেরা দা, কাঁচি, কোদাল ইত্যাদি চাষের প্রয়োজনীয় জিনিস তৈরি করে; কুমোর মাটি দিয়ে নানারকম জিনিস তৈরি করে আর তাঁতি কাপড় বুনে মানুষের লজ্জা নিবারণে সাহায্য করে। এভাবে গ্রামীণ মানুষেরা কঠোর পরিশ্রম করে বেঁচে থাকে।
আকাল ও দুর্ভিক্ষের প্রেক্ষাপটে মানুষের সম্মিলিত শ্রম আর জীবনীশক্তি কীভাবে বিজয়ী হয়েছে, কবিতাটি অবলম্বনে তা বুঝিয়ে দাও।
উত্তর: জীবনীশক্তি হল ব্যর্থতার হতাশা দূরে ঠেলে জীবনকে পুনরায় প্রতিষ্ঠিত করার শক্তি। কিছু মানুষ আছে যারা কোনো কাজে ব্যর্থ হলে তা পুনরায় চেষ্টা করে না। তারা জীবনসংগ্রামে পরাজিত হয়। কিন্তু বাংলার সাধারণ শ্রমজীবী মানুষ জীবনীশক্তিতে বলীয়ান। তারা কোনো বাধাকে বাধা মনে করে না। কারণ তারা মনে করে থেমে গেলে জীবনও থেমে যাবে।
1943 খ্রিস্টাব্দের দুর্ভিক্ষ এক চূড়ান্ত অভিশাপ হিসেবে নেমে আসে বাংলার জনজীবনে। এ দুর্ভিক্ষ ছিল অনেকটাই মনুষ্যসৃষ্ট। কিছু মুনাফালোভী মানুষ নিজেদের স্বার্থসিদ্ধির জন্য ফসল, খাদ্যসামগ্রী তাদের নিজেদের দখলে রাখে ফলে খাদ্যসামগ্রীর অভাব সৃষ্টি হয়, অর্থের বিনিময়েও খাদ্যবস্তু মেলা দুষ্কর হয়ে ওঠে। এই দুর্ভিক্ষে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল বাংলার শ্রমজীবী-সাধারণ মানুষ। প্রচুর মানুষ না খেতে পেয়ে মারা যায়। কিন্তু এতসব সত্ত্বেও তারা থেমে থাকেনি, পুনরায় জীবনীশক্তিতে বলীয়ান হয়ে উৎপাদনের কাজে নিয়োজিত হয়েছে।
বাংলার শ্রমজীবী মানুষের অধিকাংশই কৃষক, কামার, কুমোর, তাঁতি সম্প্রদায়ের মানুষ। এর মধ্যে সবচেয়ে বেশি মানুষ নিয়োজিত থাকে কৃষিকাজে। 1943 খ্রিস্টাব্দের দুর্ভিক্ষে বাংলার কৃষিব্যবস্থা একেবারে ধ্বংস হয়ে গিয়েছিল। এরকম অবস্থায় বাংলার চাষিরা আবার জলে ভিজে, রোদে পুড়ে সবুজ ফসল ফলাতে শুরু করে। বাংলার কৃষিতে ‘সুবর্ণ যুগ’ সৃষ্টি হয়। এভাবে কৃষকের সঙ্গে অন্যান্য জীবিকার সব মানুষের সম্মিলিত প্রচেষ্টায় তারা জীবনযুদ্ধে বিজয়ী হয়।
“কোনো বিশেষ সময়ের নয়, বরং আবহমান কালের বাংলাদেশ তার প্রকৃতি ও মানুষকে নিয়ে জীবনের যে জয়গান গেয়ে চলেছে, এই কবিতায় তারই প্রকাশ দেখতে পাই।”—উপরের উদ্ধৃতিটির সাপেক্ষে কবিতাটির নামকরণের সার্থকতা বিচার করো।
উত্তর: কবি সুকান্ত মূলত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কবিতাকে তার মাধ্যম করেছেন। মানুষকে তিনি উপেক্ষিত, অত্যাচারিত হতে দেখেছেন। রূঢ় বাস্তবের মাটিতে প্রকৃতি তাঁর কাছে সৌন্দর্যময়ী নয়। এই কারণে তিনি অন্য একটি কবিতায় বলেছেন—“ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি”।
এরকম স্বভাবের একজন কবি তাঁর ‘চিরদিনের’ কবিতায় বাংলার অপরূপ প্রকৃতির সৌন্দর্য বর্ণনা করেছেন। তার সঙ্গে আবহমান কালের শ্রমজীবী মানুষের বেঁচে থাকার জন্য সংগ্রামের কথা বলেছেন। বাংলার প্রকৃতি ও মানুষ যেন একসূত্রে গাঁথা। এখানে কৃষকেরা ফসল ফলায়, কৃষকবধূ তাদের সাহায্য করে। তার সঙ্গে আছে সন্তানসন্ততি প্রতিপালনের দায়িত্ব। শুধু কৃষকরা নয় গ্রামের অন্য পেশার মানুষেরাও সহজসরল জীবনযাপন করে। শতকষ্টেও বাংলার সাধারণ মানুষ নিজেদের সজীব রাখে। ব্যর্থতা, হতাশা, তাদের চলার পথে বাধা হয়ে দাঁড়ালেও তারা থেমে থাকে না, প্রবহমান জীবনছন্দে তাদের দিনগুলি অতিবাহিত হয়। সাধারণ মানুষের এই চলমানতা কবিহৃদয়কে তাড়িত করেছে। তা ছাড়া বঙ্গমাতার অপরূপ রূপসৌন্দর্যে কবি অভিভূত। চারিদিকে সবুজের সমারোহ; পাখির কলতান, নদী-পুকুর-খাল-বিলে পরিপূর্ণ বাংলা চিরচেনা শোভা কবিহৃদয়ে চিরদিনের মতো স্মৃতিচিহ্ন এঁকে দিয়েছে।
বাংলার আবহমান কালের মানুষের জীবনধারা, অপরূপ প্রকৃতি কবি চিরদিন হৃদয়ে বহন করে নিয়ে চলেন। তাই কবিতার নামকরণ ‘চিরদিনের’ সুন্দর ও সার্থক হয়েছে।
হাতেকলমে — ডায়ারি লেখো
তোমার দেখা একটি গ্রামের কথা ডায়ারিতে লেখো। গ্রামটি কোথায়, সেখানে কোন্ কোন্ জীবিকার কতজন মানুষ থাকেন ইত্যাদি জানিয়ে গ্রামটির প্রাকৃতিক সৌন্দর্য, মানুষজনের জীবনযাপন পদ্ধতি, বিভিন্ন সুবিধা-অসুবিধার কথা লেখো। গ্রামটির উন্নতিসাধনে যদি তোমার কোনো পরামর্শ দেওয়ার থাকে, অবশ্যই সে-কথা লিখবে।
উত্তর: 30 সেপ্টেম্বর,
কলকাতা
আমার দেখা একটি গ্রাম নদিয়া জেলার ধুবুলিয়া থানার অন্তর্গত নওপাড়া আদর্শ কলোনি।
এই গ্রামের লোকসংখ্যা প্রায় 600 জন। হিন্দু ও মুসলিম পরস্পর ঐক্যবদ্ধভাবে এখানে বসবাস করেন। সাধারণত অধিকাংশ মানুষই দরিদ্র, শ্রমজীবী শ্রেণির। বেশ কিছু মানুষ কৃষিকাজের সঙ্গে যুক্ত, আবার কিছু মানুষ কাঠের কাজ ও অন্যান্য কুটিরশিল্পের কাজ করে জীবিকা নির্বাহ করে।
গ্রামটির প্রাকৃতিক সৌন্দর্য অপরূপ। একদিকে কৃষ্ণনগর-চাপড়ার পিচ রাস্তা, অপর তিনদিকে সবুজ ফসলের খেত। গ্রামের পশ্চিম পাশে গ্রামেরই একটি নিজস্ব খেলার মাঠ আছে, যেখানে গ্রামের কচিকাঁচারা খেলাধুলা করে। গ্রামে একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং প্রাথমিক বিদ্যালয় রয়েছে। গ্রামের মানুষদের কঠিন শারীরিক পরিশ্রম করে সংসার চালাতে হয়।
এই গ্রামের কিছু সমস্যা আছে। যেমন, অধিকাংশ বাচ্চারা বিদ্যালয়ে যায় না। উচ্চশিক্ষিত মানুষ নেই বললেই চলে। গ্রামের অধিকাংশ মানুষ কুসংস্কারাচ্ছন্ন। তা ছাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা পরিষেবা পাওয়া যায় না। মুসলিম সম্প্রদায়ের মানুষের মধ্যে শিক্ষার হার আরও কম।
এই গ্রামের উন্নতির জন্য প্রথম যে কাজটি করা দরকার তা হল—সমস্ত বাচ্চাদের স্কুলে পাঠানো, চিকিৎসা পরিষেবার মাধ্যমে জীবিকা অর্জনের ব্যবস্থা করে দেওয়া, গ্রামে বিশুদ্ধ জলের পরিষেবা দেওয়া ইত্যাদি। তা ছাড়া স্বাস্থ্য-সচেতনতার জন্য নানা সচেতনতা-শিবির আয়োজন করা দরকার।
এই অধ্যায়ের আরও পোস্ট
- চিরদিনের – বিষয়সংক্ষেপ
- চিরদিনের – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
- চিরদিনের – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
- সপ্তম শ্রেণির বাংলা অধ্যায়ের প্রশ্নোত্তর
শেষকথা
বড়ো উত্তরে পল্লিপ্রকৃতি, জীবনযাপন, সম্মিলিত শ্রম ও নামকরণের বিষয়গুলি ধারাবাহিকভাবে এসেছে। বিষয়সংক্ষেপ ও সংক্ষিপ্ত প্রশ্নগুলি পড়ে নিয়ে বিশদ উত্তর অনুশীলন করো। নমুনা ডায়ারির কাঠামো দেখে নিজের দেখা গ্রামের কথা সাজিয়ে লেখার অভ্যাস করবে।





মন্তব্য করুন