সপ্তম শ্রেণি বাংলা ‘রাস্তায় ক্রিকেট খেলা’ রচনাধর্মী প্রশ্ন ও উত্তরে মাইকেল অ্যানটনির গল্পের চরিত্র ও পরিবেশ বিশ্লেষণ করা হয়েছে। সেলোর চরিত্র, তিন বন্ধুর বিচ্ছেদ-পুনর্মিলন এবং বিদেশি গল্পের অনুষঙ্গ নিয়ে সম্পূর্ণ উত্তর পড়ো।

রাস্তায় ক্রিকেট খেলা গল্পটি পড়ে কোন্ কোন্ অনুষঙ্গে মনে হল যে গল্পটি বিদেশি গল্প?
ক্যারাবিয়ান লেখক মাইকেল অ্যানটনি রচিত ‘রাস্তায় ক্রিকেট খেলা’ গল্পটির অনুবাদক শ্রী তীর্থঙ্কর চট্টোপাধ্যায় যে কুশলতার সঙ্গে অনুবাদ করেছেন, তাতে গল্পটি বিদেশি গল্পের অতিপরিচিত গণ্ডি অতিক্রম করেছে। গল্পের বিষয়বস্তু অর্থাৎ কৈশোর ও কৈশোরের মান-অভিমান এতটাই সর্বজনীন যে, তা স্বভাবতই স্বদেশ-বিদেশের গণ্ডি মুছে দেয়। অন্যদিকে দীর্ঘ বর্ষাকালের বর্ণনার সঙ্গে পশ্চিমবঙ্গবাসীর যথেষ্ট পরিচয়ের সুবাদে বর্ষার পরিবেশের অনুষঙ্গও খুব পরিচিত বলে মনে হয়। কিশোর বয়সের ছেলেদের রাস্তায় ক্রিকেট খেলাও এত পরিচিত বিষয় যে, তাতেও বিদেশি ভাব আর নেই।
কেবল দু-এক জায়গায় বিদেশি গল্পের আভাস এসেছে, সেগুলি হল – (1) মেয়ারো শহরের নাম, (2) তিন বন্ধুর নাম – অ্যামি, ভার্ন, সেলো (3) বৃষ্টি থামানোর কবিতায় স্পেনের উল্লেখ, (4) উপসাগরের উল্লেখ, (5) মুদ্রা বা কয়েনের পরিবর্তে ‘পেনি’ শব্দের ব্যবহার ইত্যাদি।
তোমার নিজের চেনা পরিবেশ ও চরিত্রের সঙ্গে গল্পের মিলগুলি সূত্রাকারে লেখো। শিক্ষকের সাহায্য নিয়ে পৃথিবীর মানচিত্রে দেশটির অবস্থান দেখে নাও।
| পরিবেশ | পরিবেশ |
| বৃষ্টির বর্ণনা – মেঘলা আকাশ, বজ্রবিদ্যুৎ, ঝোড়ো হাওয়া। দিনের মধ্যে বারবার ঝমঝম করে বৃষ্টি। | আকাশের কালো মেঘে ভরে থাকা, দাপুটে হাওয়া, বজ্রবিদ্যুৎ, মুষলধারায় বৃষ্টি। |
| বৃষ্টির পরে আকাশ পরিষ্কার হলে রোদ ওঠে। চারদিক ঝকঝক করে। | কখনও কখনও বৃষ্টি থামত, চড়া রোদ উঠত। |
| নারকেল গাছ। | নারকেল গাছ। |
| চরিত্র | চরিত্র |
| কৈশোরের খেলাধুলা প্রীতি। | দীর্ঘ বিচ্ছেদ সহ্য না হওয়া। |
| কৈশোরের জেদাজেদি। | বন্ধুদের সঙ্গে ভাব করার প্রবল ইচ্ছা অথচ সংকোচ। |
| কৈশোরের হঠকারী কাজ। | বন্ধুদের সঙ্গে আবার ভাব হলে সহজে মিলে যাওয়া। |
“বর্ষাকালে এইরকমই ছিল মেয়ারো।” – কোন্ গদ্যাংশ থেকে উদ্ধৃতিটি নেওয়া হয়েছে? লেখক কে? বর্ষাকালের মেয়ারোর বর্ণনা দাও।
উদ্ধৃত অংশটি ‘রাস্তায় ক্রিকেট খেলা’ গদ্যাংশ থেকে নেওয়া হয়েছে।
গদ্যাংশটির লেখক মাইকেল অ্যানটনি।
বর্ষাকালে মেয়ারোর আকাশ সবসময় মেঘে ঢাকা থাকত; সমুদ্রের উপর জলভরা কালো মেঘ নীচু হয়ে ঝুলত, বাতাস এসে নারকেল বনে ঝাপটা মারত। বৃষ্টির ফলাগুলি ঝাঁপিয়ে পড়ত।
“তিনি নিশ্চয়ই শব্দ শুনে বুঝেছিলেন।” – মন্তব্যটি কোন্ রচনা থেকে গৃহীত হয়েছে? ‘তিনি’ বলতে কাকে বোঝানো হয়েছে? তিনি কোন্ শব্দ শুনেছিলেন?
উদ্ধৃত মন্তব্যটি প্রখ্যাত ক্যারাবিয়ান সাহিত্যিক মাইকেল অ্যানটনির লেখা ‘রাস্তায় ক্রিকেট খেলা’ গল্পটি থেকে গৃহীত হয়েছে।
তিনি বলতে আলোচ্য গল্পের প্রধান চরিত্র সেলোর দুই বন্ধু অ্যামি আর ভার্নের মাকে বোঝানো হয়েছে।
তিনি তার দুই দস্যি ছেলে অ্যামি আর ভার্নের চিৎকার করে একটি ছড়া পাঠ (নেবুর পাতায় করমচা/হে বৃষ্টি, স্পেনে যা।’) শুনেছিলেন।
“নিকুচি! মনে মনে বললাম।” – কে বলল? কেন বলল?
উদ্ধৃত অংশটি বলেছিল ‘রাস্তায় ক্রিকেট খেলা’ গদ্যাংশের কথক চরিত্র সেলো।
সেলো তার বন্ধু অ্যামি আর ভার্নের সঙ্গে রাস্তায় ক্রিকেট খেলছিল। সে যখন ব্যাট করতে নামে তখনই বৃষ্টি আসে, খেলা পণ্ড হয়ে যায়। সেলোর মন খারাপ হয় আর সে মনে মনে বলে ‘নিকুচি’।
“আমি চিৎকার করে উঠলাম।” – কে চিৎকার করে উঠল? কেন চিৎকার করে উঠল?
মাইকেল অ্যানটনির ‘রাস্তায় ক্রিকেট খেলা’ গল্পের কথক সেলো তার নিজের চিৎকার করে ওঠার কথা বলেছে।
সেলো প্রাকৃতিক দুর্যোগকে খুব ভয় পেত। ঝড়, অতিবৃষ্টি, বজ্রবিদ্যুৎ, উপকূলে আছড়ানো সমুদ্র, ঝোড়ো হাওয়া, বৃষ্টি থেমে যাওয়ার পর সব কিছু নিস্তব্ধ থাকা – এ সবই তার কাছে ভীতিপ্রদ ছিল। উদ্ধৃতিটির পূর্বেই ভয়ংকর বজ্রপাতের শব্দে আকাশ কেঁপে ওঠে, তাই সে ভয়ে চিৎকার করে ওঠে।
“সেলো! সেলো! প্রথমে তোর ব্যাট!” – কার উক্তি? কখন সে এ কথা বলেছে? সেলো তখন কী অবস্থায় ছিল?
উদ্ধৃত উক্তিটির বক্তা মাইকেল অ্যানটনির লেখা ‘রাস্তায় ক্রিকেট খেলা’ গল্পের কথক সেলোর বন্ধু ভার্ন।
ঝড়ঝঞ্ঝা ও বজ্রবিদ্যুৎ-সহ একচোট বৃষ্টি হয়ে যাওয়ার পর যখন রোদ উঠেছে তখন ভার্ন সেলোকে খেলতে ডেকে এই কথা বলেছে।
সেলো ঝড়ঝঞ্ঝা ও বজ্রবিদ্যুতের দাপটে ভীত-সন্ত্রস্ত হয়ে খাটের তলায় আশ্রয় নিয়েছিল। বাইরের প্রকৃতির পরিবর্তনের আভাস সে পায়নি। ভার্ন যখন তাকে ডাকে তখনও সে ভয় কাটিয়ে উঠতে পারেনি।
“তারপর যেন তার মাথায় একটা মতলব আসে।” – কার মাথায় কী মতলব আসে? এর ফলে কী হয়?
উদ্ধৃতিটি মাইকেল অ্যানটনি রচিত ‘রাস্তায় ক্রিকেট খেলা’ গল্প থেকে নেওয়া। এখানে অ্যামির মাথায় মতলবটি এসেছিল। কে প্রথমে ব্যাট করবে তাই নিয়ে তিন বন্ধুর মধ্যে ঝগড়া শুরু হলে অ্যামির মাথায় টস করার মতলব আসে।
সেলো টসে রাজি হয়, কিন্তু টসে হেরে গিয়ে খেলা থেকে বিরত থাকে। শুধু তাই নয় সে রাগে বল ও ব্যাট দূরে ঝোপের মধ্যে ফেলে দেয়। ফলে তিন বন্ধুর মধ্যে বিচ্ছেদ ঘটে।
রাস্তায় ক্রিকেট খেলা গল্পটি পড়ে কোন্ কোন্ অনুষঙ্গে মনে হল যে গল্পটি বিদেশি গল্প?
রাস্তায় ক্রিকেট খেলা গল্পটি বিখ্যাত ক্যারাবিয়ান সাহিত্যিক মাইকেল অ্যানটনির ‘ক্রিকেট ইন দ্য রোড এন্ড আদার স্টোরিজ’ ছোটোগল্প গ্রন্থ থেকে গৃহীত হয়েছে। গল্পটি তরজমা করেছেন তীর্থঙ্কর চট্টোপাধ্যায়। গল্পে উল্লিখিত মেয়ারো ওয়েস্ট ইন্ডিজের একটি বিখ্যাত শহর। গল্পের শুরুতে সেই মেয়ারো শহরের বর্ষাকালের রূপচিত্রের কথা বলা হয়েছে। আলোচ্য গল্পে যে তিনটি চরিত্রের নাম উল্লেখ করা হয়েছে তাও বিদেশি যথা – সেলো, অ্যামি ও ভার্ন। এ ছাড়াও টস করার কথা ওঠে তখন ‘পেনি’ দিয়ে টস করা হয়। এই পেনি হল বিদেশি মুদ্রা, যা ওয়েস্ট ইন্ডিজে প্রচলিত। এইসব অনুষঙ্গে গল্পটি বিদেশি গল্প বলে মনে হয়।
বর্ষাকালের মেয়ারোর বর্ণনা দাও।
ক্যারাবিয়ান সাগর ও আটলান্টিক সাগরের মধ্যবর্তী ত্রিনিদাদ দ্বীপের মেয়ারোর আবহাওয়ায় বর্ষার প্রকোপ অত্যন্ত বেশি। বর্ষাকালে সেখানকার আকাশ সর্বদাই ঘন মেঘে ঢাকা থাকত। দূর থেকে দেখলে মনে হত আকাশ কালো, গোমড়া মুখ নিয়ে সমুদ্রের উপর ঝুঁকে আছে। মাঝে মাঝে বাতাস সমুদ্রের উপর থেকে তীব্র বেগে ছুটে এসে উপকূলের নারকেল বনে ঝাপটা মারত, সঙ্গে সমুদ্র সবেগে হুংকার দিয়ে উপকূলের সীমা লঙ্ঘন করত। সুতীব্র বাতাসের সহায়তা পেয়ে বৃষ্টির ফোঁটাগুলি বর্শার ফলার মতো মানুষের উপর এসে পড়ত। সঙ্গে চলত ঘনঘন বিদ্যুতের চমক আর বজ্রের হুংকার। বৃষ্টি থামার পর মেয়ারোর সব কিছু কেমন যেন মড়ার মতো নিঃসাড় হয়ে থাকত। সারা বর্ষাকাল ধরে বজ্রবিদ্যুতে, উপসাগরের ঢেউয়ে আর মাতাল বাতাসে ভয় ধরানো ভাব জেগে থাকত।
সংক্ষেপে সেলোর চরিত্রবৈশিষ্ট্য বর্ণনা করো।
মাইকেল অ্যানটনি রচিত ‘রাস্তায় ক্রিকেট খেলা’ গল্পের কথক চরিত্র সেলো এক কিশোর। সদ্য বাল্য-উত্তীর্ণ কৈশোরের রাগ, ক্ষোভ, ভয়, লজ্জা, আশা, হতাশা সব নিয়ে এই চরিত্রটি ছোটোগল্পের স্বল্প পরিসরে জীবন্ত হয়ে উঠেছে। সেলো গল্পের শুরুতেই বর্ষাকালের প্রতি তার বিরাগ ব্যক্ত করেছে। এই বিরাগ কেবল বারবার খেলা বন্ধ হয়ে যাওয়ার জন্যই তৈরি হয়নি বরং এর পিছনে আছে তার কিশোরসুলভ ভয়-প্রাকৃতিক দুর্যোগের ভয়। অন্যদিকে বর্ষাকালের প্রকৃতির কালো গোমড়া মুখ, বৃষ্টি থামার পর সব কিছুর মড়ার মতো নিঃসাড় হয়ে থাকা ইত্যাদির প্রতিও তার গভীর অনীহা প্রকাশ পেয়েছে। এতে তার চরিত্রে ভীতিবোধের সঙ্গে সঙ্গে ভাবুক মনের উপস্থিতিও টের পাওয়া যায়। সেলো রাস্তায় ক্রিকেট খেলতে ভালোবাসে, আর সকলের মতো ব্যাট করতেই তার বেশি ভালো লাগে। তাই তার ব্যাটিং-এর দান অন্য কেউ দাবি করলে তার রাগ হয়। কিশোরসুলভ হঠকারিতায় সে রাগের চোটে ব্যাট-বল ফেলে দেয়। অন্যদিকে বন্ধুবিচ্ছেদও তাকে পীড়া দেয়, আবার যেচে ভাব করতে যেতেও তার দ্বিধা হয়, তাই সে শিস দিয়ে দ্যাখে বন্ধুরা সাড়া দেয় কি না। অবশেষে বন্ধুদের সঙ্গে মিলনের মুহূর্তে তার মনে হয় বন্ধুরা যেন অনেক দূরে চলে গিয়েছিল আর ফিরতে পারছিল না। এইসব রাগ-অভিমান, ভয়-ভাবুকতা নিয়ে সেলোর চরিত্রটি সর্বদেশে সর্বকালের কিশোর চরিত্রের প্রতিনিধি হয়ে ওঠে।
সেলোদের বন্ধুত্বের বিচ্ছেদ এসেছিল যে ঘটনায়, তা বিবৃত করো।
সেলো অর্থাৎ ‘রাস্তায় ক্রিকেট খেলা’ গল্পের কথক এবং তার প্রতিবেশী দুই কিশোর ভার্ন আর অ্যামির সঙ্গে রাস্তায় ক্রিকেট খেলছিল। সেলো যখন ব্যাট করছিল ঠিক সেই সময়ে শুরু হয় বৃষ্টি, ফলে খেলা বন্ধ হয়ে যায়। বৃষ্টির দাপট কাটার পর ভার্নের আহ্বানে সেলো বাইরে আসে। ভার্ন প্রথম আহ্বানে তার ব্যাট করার কথা বলেছিল। কিন্তু ঝড়ঝঞ্ঝা ও বজ্রবিদ্যুতের ভয়ে ভীত সেলোর তখনও ঘোর কাটেনি, তাই সে নিজের ব্যাট করার কথাতেও নির্বিকার থাকে। তার নির্বিকার ভাব দেখে ভার্ন এবার প্রশ্ন করে যে, দুনম্বর ব্যাট কে? প্রশ্নের উত্তরে সেলো নিজের নাম বললেও ক্রমে ক্রমে অ্যামি ও ভার্ন ব্যাট করার দাবি করে। এখানে সমস্যা শুরু হয়। তর্কবিতর্কে সমস্যা না মেটায় অ্যামির পরামর্শে টস হয় এবং সেলো হেরে যায়। সেলো রেগে গিয়ে নিজে খেলবে না বলে, পরে রাগ সামলাতে না পেরে ব্যাট আর বল বের করে বাড়ির পিছনে গিয়ে দূরে ঝোপের মধ্যে ছুঁড়ে দেয়। এই ঘটনাতেই তিন বন্ধুর মধ্যে বিচ্ছেদ ঘটে যায়।
তিন বন্ধুর পুনর্মিলনের ঘটনাটি বর্ণনা করো।
রাস্তায় ক্রিকেট খেলা গল্পের তিন বন্ধুর বিচ্ছেদ যেমন হয়েছিল ক্রিকেট খেলাকে ঘিরে, তেমনি তাদের পুনর্মিলনও হয় ক্রিকেটের অনুষঙ্গে। মনোমালিন্য হওয়ার পর ওই বর্ষাকালে আর ক্রিকেট খেলা হয়নি। যেসব দিন বৃষ্টি হত না, চড়া রোদ উঠত সেসব দিন সেলো শুনতে পেত যে, ভার্ন ও অ্যামি নিজেদের মধ্যে কথা বলছে। সেলো সেই সময় বাড়ি থেকে রাস্তায় বেরিয়ে শিস দিত, আশা করত তার শিস শুনে ভার্ন আর অ্যামি বেরিয়ে আসবে। কিন্তু সে সবসময় নিরাশ হত। পরের বছরের শুরুর দিকে একদিন রাস্তায় বেরিয়ে সেলো দেখতে পায় যে, ভার্ন আর অ্যামি ক্রিকেট খেলার তোড়জোড় করছে। নিজেদের অজান্তেই সেলো তাদের দিকে এগিয়ে যায়। অ্যামি প্রথমে সেলোকে দেখে আর ভার্নকে ডেকে দেখায়। ভার্ন প্রথমে অবাক চোখে সেলোর দিকে খানিকক্ষণ চেয়ে থাকে, সেলোও লজ্জিত হয়ে মাটির দিকে তাকায়। পরে ভার্নের মুখে খুশির হাসি জেগে ওঠে। সে সেলোকে খেলতে ডাকে তাকে প্রথমে ব্যাট করতে দিয়ে। এভাবেই তিন বন্ধুর পুনর্মিলন ঘটে।
উপসংহার
বিস্তারিত উত্তরগুলি থেকে যুক্তি ও প্রসঙ্গ মিলিয়ে লেখার অনুশীলন করো। বিষয়সংক্ষেপ এবং ছোটো প্রশ্নগুলি পড়ে সম্পূর্ণ প্রস্তুতি নাও।





মন্তব্য করুন