মাইকেল অ্যানটনির ‘রাস্তায় ক্রিকেট খেলা’ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর অংশে সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা গল্পের ঘটনাগুলি মনে রাখতে পারবে। খেলার নিয়ম, বৃষ্টি, সেলোর মনখারাপ ও বন্ধুদের মিলনের প্রশ্নগুলি বিভাগ অনুযায়ী দেওয়া হয়েছে।

দু/একটি বাক্যে উত্তর
মাঠের খেলাধুলার সঙ্গে রাস্তার খেলাধুলার ফারাকগুলি লেখো।
মাঠের খেলাধুলা অর্থাৎ প্রথাগত খেলাধুলায় খেলার নিয়মগুলি ঠিকভাবে মেনে চলা হয়। দল প্রতি খেলোয়াড় সংখ্যা, খেলার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম, খেলার নির্ধারিত সময় ইত্যাদি মাঠের খেলায় মেনে চলা হয়। অন্যদিকে রাস্তার খেলা নিছক বিনোদনের জন্য, এখানে নিয়মকানুন, সাজসরঞ্জাম, সদস্যসংখ্যা, সময় কোনো কিছুই নিয়মে চলে না।
সমুদ্রের ধারে ঝড় কীভাবে ভয়ংকর হয়ে ওঠে?
সমুদ্রের ধারে ঝড় মাঝে মাঝে উপকূলের সব কিছুকে তছনছ করে দেয়, ভেঙে দেয় গাছপালা, ঘরবাড়ি। ঝড়ের প্রবল তাড়নায় সমুদ্রের ঢেউ অনেক সময় ঢুকে পড়ে লোকবসতিতে, ক্ষতি করে অনেক কিছু।
গল্পে মোট ক-টি কিশোর চরিত্রের সন্ধান পেলে? গল্পের একমাত্র বয়স্ক চরিত্র কে?
বিখ্যাত লেখক মাইকেল অ্যানটনির ‘রাস্তায় ক্রিকেট খেলা’ গল্পে মোট তিনটি কিশোর চরিত্র রয়েছে। এরা হল – অ্যামি, ভার্ন এবং সেলো।
গল্পে দুজন বয়স্ক চরিত্রের উল্লেখ আছে, তারা হলেন সেলোর মা এবং অ্যামি-ভার্নের মা।
সেলো ভার্নের ব্যাট-বল কেন এবং কোথায় ছুঁড়ে ফেলে দিয়েছিল?
সেলোর দু-নম্বর ব্যাট ছিল। কিন্তু অ্যামি ও ভার্ন উভয়েই তাদের দু-নম্বর ব্যাট বলে দাবি করে। আলোচনায় সমস্যা না মেটায় টস হয়, টসে সেলো হেরে গিয়ে রেগে যায় আর খেলবে না বলে। পরক্ষণেই তার মনে হয় যে, এতে ভার্নদের যথেষ্ট অসুবিধায় ফেলা যায়নি, তাই সে ব্যাট ও বল ঝোপের মধ্যে ছুঁড়ে ফেলে দেয়।
তাদের বিবাদ কীভাবে মিটে গেল?
তিন কিশোরের বিবাদ যেমন রাস্তায় ক্রিকেট খেলা নিয়ে ঘটেছিল তেমনি বেশ কিছুদিন পর আবার রাস্তায় ক্রিকেট খেলা দিয়েই সেই বিবাদের নিষ্পত্তি হয়। অনেকদিন পর সেলো, অ্যামি আর ভার্নকে রাস্তায় ক্রিকেট খেলার উদ্যোগ নিতে দেখে তাদের কাছে যায়, আর তারাও তৎক্ষণাৎ সেলোকে তাদের সঙ্গী করে নেয়।
একমুখী তথ্যনির্ভর প্রশ্নোত্তর
বর্ষাকালে মেয়ারোর বর্ণনা দাও।
বর্ষাকালে মেয়ারোর আকাশ সবসময় মেঘে ঢাকা থাকত, সমুদ্রের উপর জলভরা কালো মেঘ নীচু হয়ে ঝুলত, বাতাস এসে নারকেল বনে ঝাপটা মারত। বৃষ্টির ফলাগুলি ঝাঁপিয়ে পড়ত।
বৃষ্টিতে অ্যামি আর ভার্ন কেমন ফুর্তি করছিল?
বৃষ্টিতে খেলা পণ্ড হয়ে গেলে সেলো দৌড়ে বাড়িতে চলে আসে। কিন্তু অ্যামি আর ভার্নের তখন খুব ফুর্তি। অ্যামি সেলোদের উঠোনে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজে বৃষ্টির জল খাওয়ার চেষ্টা করছিল আর হি হি করে হাসছিল। তাই দেখে ভার্নও তার সঙ্গে জুটে যায়। দুজনে চ্যাঁচাতে থাকে – নেবুর পাতায় করমচা,/হে বৃষ্টি, স্পেনে যা।
বৃষ্টির জন্য সেলো-র মনখারাপ কেন?
উত্তর: যখন বৃষ্টি নামল, তখন সেলো ব্যাট করছিল সে মনে মনে আক্ষেপ করল যে, যখনই সে ব্যাট করে তখনই বৃষ্টি হয়।
বন্ধুদের সঙ্গে ঝগড়া হওয়ার পর সেলো কী করত?
বন্ধুদের সঙ্গে ঝগড়া হওয়ার পর গোটা বর্ষাকাল সেলোর আর ক্রিকেট খেলা হয়নি। যখন বৃষ্টি হত না আর চড়া রোদ উঠত তখন সেলো রাস্তায় বেরিয়ে নিজের মনে শিস দিত, আশা করত যে তার শিসের শব্দ শুনে ভার্ন আর অ্যামি বেরিয়ে আসবে। কিন্তু ওরা আসত না। সেলোর মনে হত ওরা সেলোকে আর কোনোদিন ক্ষমা করবে না।
উপসংহার
ঘটনার প্রসঙ্গ বুঝে এই উত্তরগুলি অনুশীলন করলে সংক্ষিপ্ত উত্তর লেখা সহজ হবে। আরও প্রস্তুতির জন্য একই অধ্যায়ের অন্য অংশগুলি পড়ো।





মন্তব্য করুন