সপ্তম শ্রেণি বাংলা ‘স্বাধীনতা সংগ্রামে নারী’ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর অংশে ননীবালা দেবী ও দুকড়িবালা দেবীর জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলি অনুশীলন করো। কমলা দাশগুপ্তের পাঠের মূল প্রশ্ন এবং অতিরিক্ত তথ্যনির্ভর প্রশ্ন এখানে রয়েছে।

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
বিপ্লবী রামচন্দ্র মজুমদারের ‘মসার’ (পিস্তল)-এর খোঁজ নেওয়ার জন্য ননীবালা দেবী কী কৌশল অবলম্বন করেছিলেন?
বিপ্লবী রামচন্দ্র মজুমদারের ‘মসার’ (পিস্তল)-এর খোঁজ নেওয়ার জন্য বিধবা ননীবালা দেবী রামচন্দ্র মজুমদারের স্ত্রী সেজে প্রেসিডেন্সি জেলে গিয়ে তার ইনটারভিউ নিয়ে পিস্তলের খোঁজ নিয়ে এসেছিলেন।
এঁদের সকলেরই মাথায় অনেক হাজার টাকার হুলিয়া ছিল। – ‘তুলিয়া’ শব্দটির অর্থ কী? এঁরা কারা? এঁদের আশ্রয়দাত্রী কে ছিলেন? হুলিয়া থাকার জন্য এঁরা কীভাবে চলাফেরা করতেন?
“এদের সকলেরই মাথায় অনেক হাজার টাকার হুলিয়া ছিল”—‘হুলিয়া’ শব্দটির অর্থ কী? এঁরা কারা? এঁদের আশ্রয়দাত্রী কে ছিলেন? হুলিয়া থাকার জন্য এঁরা কীভাবে চলাফেরা করতেন?
হুলিয়া শব্দটির অর্থ হল পলাতক আসামিকে গ্রেফতার করার জন্য তার চেহারার বর্ণনা-সহ বিজ্ঞাপন।
এঁরা হলেন বিপ্লবী নেতা যদুগোপাল মুখার্জি, অমর চ্যাটার্জি, অতুল ঘোষ, ভোলানাথ চ্যাটার্জি, নলিনীকান্ত কর, বিনয়-ভূষণ দত্ত ও বিজয় চক্রবর্তী।
এঁদের আশ্রয়দাত্রী ছিলেন ননীবালা দেবী।
হুলিয়া থাকার জন্য এরা সারাদিন দরজা বন্ধ করে ঘরে কাটাতেন আর নিশাচরের মতো শুধু রাতে সুবিধামতো বেরিয়ে পড়তেন। নিষ্ঠুর শিকারির মতো পুলিশ এসে পড়লেই এই পলাতকেরা নিমেষে অদৃশ্য হয়ে যেতেন, আর পুলিশ এদের ধরার জন্য হয়রান হয়ে ফিরত।
ননীবালা দেবী পলাতক হলেন। – ননীবালা দেবী পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন কেন? তিনি পালিয়ে কোথায় গিয়েছিলেন? সেখানে তিনি কোন্ অসুখে আক্রান্ত হলেন?
চন্দননগরের বিভিন্ন বাড়িতে যখন ইংরেজের পুলিশ আচমকা তল্লাশি করতে শুরু করে তখন চন্দননগরে লুকিয়ে থাকাটা ননীবালা দেবী নিরাপদ বলে মনে করেন না। তাই বাধ্য হয়ে তিনি চন্দননগর থেকে পালিয়ে যান।
তিনি পালিয়ে পেশোয়ায় গিয়েছিলেন।
সেখানে তিনি কলেরায় আক্রান্ত হন।
ননীবালা দেবী সবই অস্বীকার করতেন। – ননীবালা দেবী কোন্ কথা অস্বীকার করতেন? তার ফলশ্রুতিই বা কী হত?
কাশীর ডেপুটি পুলিশ সুপারিনটেন্ডেন্ট জিতেন ব্যানার্জি ধৃত ননীবালা দেবীকে জেরা করে কোন্ কোন্ বিপ্লবী নেতাকে তিনি চেনেন এবং তাদের গতিবিধি সম্পর্কে তাঁর কতটা ধারণা আছে তা জানতে চাইতেন। ননীবালা দেবী সব অস্বীকার করে বলতেন তিনি কাউকেও চেনেন না এবং কিছু জানেন না।
তার ফলশ্রুতিতে তাঁকে মাটির নীচে অবস্থিত আলোবাতাসহীন দমবন্ধ করা ঘরে তালাবন্দি অবস্থায় তিনদিন প্রায় আধঘণ্টা করে আটকে রাখা হত। আধঘণ্টা পরে তার অর্ধমৃত অবস্থা হলেও, পুলিশ তাঁর মুখ দিয়ে কোনো স্বীকারোক্তি আদায় করতে পারত না।
কাশীর জেলের ‘পানিশমেন্ট সেল’টির অবস্থা কেমন ছিল? সেখানে ননীবালা দেবীর উপর কী ধরনের অত্যাচার করা হত?
কাশীর জেলের ‘পানিশমেন্ট সেল’টিতে একটামাত্র দরজা ছিল, কিন্তু আলোবাতাস প্রবেশ করার মতো কোনো জানালা বা দরজা ছিল না। জায়গাটি ছিল একেবারে কবরের মতো।
হুলিয়া জারি হওয়া বিপ্লবীদের সম্পর্কে তথ্য বার করার জন্য ননীবালা দেবীকে তিনদিন প্রায় আধঘণ্টা ধরে আলোবাতাসহীন অন্ধকার সেলে আটকে রাখা হত। তৃতীয় দিনে আটকে রাখার সময় ছিল প্রায় 45 মিনিট। সেদিন তালা খুলে দেখা গিয়েছিল তিনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছেন। এইভাবে তাঁর স্নায়ুশক্তিকে চূর্ণ করে দেওয়ার জন্য তাঁর উপর নানাভাবে অত্যাচার করা হত।
ননীবালা দেবী তখুনি দরখাস্ত লিখে দিলেন। – ননীবালা দেবী কাকে দরখাস্ত লিখে দিয়েছিলেন? দরখাস্তের বিষয়বস্তু কী ছিল? শেষপর্যন্ত সেই দরখাস্তের কী পরিণতি হয়েছিল?
ননীবালা দেবী আই. বি. পুলিশের স্পেশাল সুপারিনটেন্ডেন্ট গোল্ডি সাহেবকে দরখাস্ত লিখে দিয়েছিলেন।
দরখাস্তটিতে ননীবালা দেবী বাগবাজারে রামকৃষ্ণ পরমহংসদেবের স্ত্রী সারদামণি দেবীর কাছে তাঁকে রাখার আবেদন জানিয়েছিলেন।
বিপ্লবী ননীবালা দেবী গোল্ডি সাহেবের হাতে দরখাস্তখানি দেওয়ার সঙ্গে সঙ্গে সাহেব সেটি ছিঁড়ে তাঁরই সম্মুখে ছেঁড়া কাগজের টুকরিতে ফেলে দিয়েছিলেন।
এবার আমায় দলে নিয়ে নাও – কে, কাকে এই অনুরোধ জানিয়েছিলেন? তিনি কেন, কোন্ দলে অংশগ্রহণ করতে ইচ্ছুক ছিলেন?
স্বাধীনতা সংগ্রামী কমলা দাশগুপ্ত রচিত পাঠ্য ‘স্বাধীনতা সংগ্রামে নারী’ নামক গদ্যাংশে দুকড়িবালা দেবী বোনপো নিবারণ ঘটককে এই অনুরোধ জানিয়েছিলেন।
দুকড়িবালা দেবী দেশের হয়ে কিছু করার জন্য, দেশের হয়ে প্রাণ দেওয়ার জন্য, দেশকে ইংরেজ সরকারের অধীনতা থেকে মুক্ত করার জন্য স্বদেশিদের দলে অংশগ্রহণ করতে ইচ্ছুক ছিলেন।
পুলিশ কোন্ অভিযোগে দুকড়িবালা দেবীকে গ্রেপ্তার করেন? বিচারে তাঁর কী শাস্তি হয়?
বেআইনি ‘মসার’ পিস্তল রাখার অপরাধে পুলিশ দুকড়িবালা দেবীকে গ্রেফতার করেন।
স্পেশাল ট্রাইবুনালের বিচারে দুকড়িবালা দেবীর দুই বছরের সশ্রম কারাদণ্ড হয়।
একমুখী তথ্যনির্ভর প্রশ্নোত্তর
তাঁর কয়েকজন সহকর্মীকে প্রায় দুমাস আশ্রয় দিয়ে রাখলেন। – ‘তাঁর’ বলতে কার কথা বলা হয়েছে? কে, কোথায় আশ্রয় দিয়েছিলেন?
তাঁর বলতে এখানে অমরেন্দ্রনাথ চ্যাটার্জির কথা বলা হয়েছে।
অগ্নিযুগের বিপ্লবী ননীবালা দেবী তাঁদের রিষড়ায় আশ্রয় দিয়েছিলেন।
প্রেসিডেন্সি জেলে ইনটারভিউ নিয়ে জেনে এলেন পিস্তলের গুপ্ত খবর। – কে খবর আনলেন? কার কাছ থেকে তিনি পিস্তলের খবর জেনে এলেন?
বিপ্লবী ননীবালা দেবী খবর এনেছিলেন।
বিপ্লবী রামচন্দ্র মজুমদারের কাছ থেকে তিনি পিস্তলের খবর জেনে এনেছিলেন।
পুলিশ ক্রমে জানতে পারল যে, – পুলিশ কী জানতে পেরেছিল? আর কীই বা জানতে পারেনি?
পুলিশ জানতে পেরেছিল যে, যে ননীবালা দেবী রামচন্দ্র মজুমদারের স্ত্রী সেজে জেলে তাঁর সঙ্গে দেখা করেছিলেন, তিনি প্রকৃতপক্ষে তাঁর স্ত্রী নন।
পুলিশ জানতে পারেনি যে, রিষড়াতে বিপ্লবীদের আশ্রয়দাত্রী ছিলেন এই ননীবালা দেবী।
1915 সালের সেপ্টেম্বর মাসে চন্দননগরে আবার বাড়িভাড়া নেওয়া হয়েছিল। – চন্দননগরের ওই বাড়িতে কারা আত্মগোপন করেছিলেন?
চন্দননগরের ওই বাড়িতে বিপ্লবী যদুগোপাল মুখার্জি, অমর চ্যাটার্জি, অতুলকৃষ্ণ ঘোষ, ভোলানাথ চ্যাটার্জি, নলিনীকান্ত কর, বিনয়ভূষণ দত্ত এবং বিজয় চক্রবর্তী আত্মগোপন করেছিলেন।
পলাতক অবস্থায় তাঁর সঙ্গে পেশোয়ার গেলেন। – কে গেলেন? কার সঙ্গে গেলেন?
বিপ্লবী ননীবালা দেবী পেশোয়ারে পালিয়ে গেলেন।
তিনি তাঁর বাল্যবন্ধুর দাদা প্রবোধ মিত্রের সঙ্গে পেশোয়ারে গেলেন।
তখন তিনি প্রায় সেরে উঠেছেন। – কে সেরে উঠেছেন? তাঁর কী হয়েছিল?
ননীবালা দেবী তখন প্রায় সেরে উঠেছেন।
তাঁর তিনদিন যাবৎ কলেরা হয়েছিল।
স্নায়ুর শক্তিকে চূর্ণ করে দেবার চূড়ান্ত প্রচেষ্টা – চূড়ান্ত প্রচেষ্টাটি কী ছিল?
কাশীর ডেপুটি পুলিশ-সুপারিনটেন্ডেন্ট জিতেন ব্যানার্জি ননীবালা দেবীকে মাটির তলার জানালাহীন অন্ধকার শাস্তি-কুঠুরিতে তৃতীয় দিনে প্রায় 45 মিনিট বন্দি করে রেখেছিলেন। এই ছিল স্নায়ুর শক্তিকে চূর্ণ করে দেওয়ার চূড়ান্ত প্রচেষ্টা।
এগুলি ছিল রডা কোম্পানি থেকে চুরি করে আনা জিনিস – কোন্ জিনিসের কথা বলা হয়েছে?
দুকড়িবালা দেবীর বোনপো নিবারণ তাঁর কাছে যে সাতটা মসার পিস্তল লুকিয়ে রাখতে দিয়েছিলেন, সেগুলিই ছিল রডা কোম্পানির চুরি যাওয়া জিনিস।
বিপ্লবী হরিদাস দত্ত রডা কোম্পানির যে গোরুর গাড়িটি লোপাট করেছিলেন, তাতে কী ছিল?
বিপ্লবী হরিদাস দত্ত রডা কোম্পানির যে গোরুর গাড়ি লোপাট করেছিলেন, তাতে 9টি বাক্সে ছিল কার্তুজ এবং একটিতে ছিল 50টি মসার পিস্তল।
শিশুরা যেন না কাঁদে – এই উক্তির মধ্য দিয়ে দুকড়িবালা দেবীর চরিত্রের কোন্ দিকটি প্রকাশিত?
দেশের জন্য আত্মনিবেদিত হয়েও দুকড়িবালা দেবী তাঁর মাতৃসত্তা হারিয়ে ফেলেননি। জেলে থাকা সত্ত্বেও শিশুরা যেন তাঁর অভাববোধ না করে, তাই তিনি চিঠিতে এ কথা লিখেছিলেন।
উপসংহার
ঘটনার প্রসঙ্গ বুঝে এই উত্তরগুলি অনুশীলন করলে সংক্ষিপ্ত উত্তর লেখা সহজ হবে। আরও প্রস্তুতির জন্য একই অধ্যায়ের অন্য অংশগুলি পড়ো।





মন্তব্য করুন