কমলা দাশগুপ্তের ‘স্বাধীনতা সংগ্রামে নারী’ রচনাধর্মী প্রশ্ন ও উত্তর সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের বিশ্লেষণধর্মী উত্তর লিখতে সাহায্য করবে। দুই বিপ্লবী নারীর চরিত্র, অবদান ও আত্মত্যাগ নিয়ে মূল এবং অতিরিক্ত প্রশ্নগুলি এখানে সাজানো হয়েছে।

রচনাধর্মী প্রশ্নোত্তর
স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী স্বনামধন্য খ্যাতনামা বিপ্লবীদের তুলনায় ননীবালা দেবী ও দুকড়িবালা দেবীর অবদান সামান্য নয় – এ বিষয়ে তোমার মতামত জানাও।
স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী অনেক খ্যাতনামা বিপ্লবীদের কথা আমরা জানি। কিন্তু কমলা দাশগুপ্ত তাঁর ‘স্বাধীনতা সংগ্রামে নারী’ রচনায় যে দুজন বীরাঙ্গনার কথা বলেছেন, খ্যাতনামা বিপ্লবীদের তুলনায় তাঁদের অবদান কম নয়।
ভ্রাতুষ্পুত্র অমরেন্দ্র চ্যাটার্জির কাছে বিপ্লবের মন্ত্রে দীক্ষিত হয়ে ননীবালা দেবী পলাতক অমর চ্যাটার্জি ও তাঁর কয়েকজন সহকর্মীকে রিষড়ায় নিজের বাড়িতে আশ্রয় দেন। এরপর অমর চ্যাটার্জি পলাতক হন। কিন্তু ‘মসার’ পিস্তলের সন্ধান না দিয়েই গ্রেফতার হন রামচন্দ্র মজুমদার। ননীবালা দেবী রামবাবুর স্ত্রী সেজে জেলে গিয়ে তার সঙ্গে দেখা করে পিস্তলের গুপ্ত খবর নিয়ে আসেন। এরপর চন্দননগরে বিপ্লবীদের গৃহকর্ত্রী সেজে বাড়িভাড়া নিয়ে থাকেন। সেখান থেকে বাল্যবন্ধুর দাদার সঙ্গে পেশোয়ারে গিয়ে কলেরা রোগাক্রান্ত অবস্থায় ধরা পড়েন। তাঁকে জেলের ‘পানিশমেন্ট সেল’-এ তিনদিন প্রায় আধঘণ্টা আলোবাতাসহীন অন্ধকার ঘরে আটকে রাখা হয়। অর্ধমৃত অবস্থায়ও তিনি মুখ খোলেন না। প্রেসিডেন্সি জেলে নিয়ে আসা হলে খাওয়াদাওয়া বন্ধ করে দেন। এমনকি তাঁর দরখাস্ত ছিঁড়ে ফেলায় পুলিশ সুপারিনটেন্ডেন্ট গোল্ডির গালে চড় মারতেও তিনি পিছপা হন না।
অপরদিকে বোনপো নিবারণ ঘটকের কাছে বিপ্লবের দীক্ষা নিয়ে দুকড়িবালা দেবী রডা কোম্পানি থেকে চুরি করে আনা সাতটা মসার পিস্তল নিজের বাড়িতে লুকিয়ে রাখেন। পুলিশের তল্লাশিতে ধরা পড়ে গেলেও পিস্তলের গোপন কথা তিনি স্বীকার করেননি। সামান্য গৃহবধূ হয়ে কোলের শিশুকে ফেলে তিনি চলে যান পুলিশের সঙ্গে। বিচারে তার দু-বছর সশ্রম কারাদণ্ড হয়।
এইভাবে স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী স্বনামধন্য খ্যাতনামা বিপ্লবীদের তুলনায় ননীবালা দেবী ও দুকড়িবালা দেবীর অবদান সামান্য নয়, তা স্বীকার করতেই হবে।
ননীবালা দেবী ও দুকড়িবালা দেবীর অনমনীয় বৈপ্লবিক মনোভাব কীভাবে পরবর্তীকালের বিপ্লবী নারীকে পথ দেখিয়েছে? – পাঠ্য গদ্যাংশ অবলম্বনে তোমার মতামত জানাও।
কমলা দাশগুপ্ত রচিত ‘স্বাধীনতা সংগ্রামে বাংলার নারী’ গ্রন্থের অন্তর্গত পাঠ্য ‘স্বাধীনতা সংগ্রামে নারী’ নামক গদ্যাংশে ননীবালা দেবী ও দুকড়িবালা দেবীর বৈপ্লবিক কর্মধারা বিবৃত হয়েছে।
ননীবালা দেবী মাত্র ষোলো বছর বয়সে বিধবা হয়ে ভ্রাতুষ্পুত্র অমরেন্দ্র চ্যাটার্জির কাছে বিপ্লবের দীক্ষা নেন। বিপ্লবীদের তিনি নিজের বাড়িতে লুকিয়ে রাখেন। মসার পিস্তলের গুপ্ত খবর জানার জন্য রামচন্দ্র মজুমদারের স্ত্রী সেজে তিনি জেলে প্রবেশ করেন। একজন বিধবা নারীর পক্ষে অন্য পুরুষের স্ত্রী সেজে তিনি জেলে গিয়ে পুলিশের চোখে ধূলো দেওয়া খুব সামান্য ঘটনা নয়। তখনকার সমাজও এ বিষয়কে ভালো চোখে দেখত না। আবার বিপ্লবীদের গৃহকর্ত্রী সেজে তাদের সাহায্য করার জন্য ছদ্মবেশে তিনি নানা জায়গায় পালিয়ে বেড়িয়েছেন। অবশেষে পেশোয়ারে পুলিশের কাছে তিনি ধরা পড়েন। কাশীর জেলের ‘পানিশমেন্ট সেল’-এ নিয়ে আসা হয় তাঁকে। আলোবাতাসহীন অন্ধকার ঘরে পরপর তিনদিন প্রায় আধঘণ্টা আটকে রাখা হয় তাঁকে, অর্ধমৃত অবস্থা হয়ে গেলেও তিনি মুখ খোলেননি। তাঁর দরখাস্ত ছিঁড়ে ফেলায় পুলিশ সুপারিনটেন্ডেন্ট গোল্ডিকে চড় মারতেও তিনি পিছপা হননি। প্রেসিডেন্সি জেলে থাকাকালীন তিনি খাওয়া বন্ধ করে দেন।
আবার দুকড়িবালা দেবী বিপ্লবীদের চুরি করা রডা কোম্পানির অস্ত্র নিজের বাড়িতে লুকিয়ে রাখেন। পুলিশের তল্লাশিতে ধরা পড়ে গেলেও তিনি কিছু স্বীকার করেননি। কোলের সন্তানকে ফেলে রেখে তিনি পুলিশের সঙ্গে চলে যান। দু-বছর সশ্রম কারাদণ্ড করেন তিনি।
এইভাবেই নিজেদের অনমনীয় বৈপ্লবিক মনোভাবকে পাথেয় করে ননীবালা দেবী ও দুকড়িবালা দেবী পরবর্তীকালের বিপ্লবী নারীদের পথ দেখিয়েছেন। তাঁরাই প্রমাণ করেছেন, চাইলে নারীও নিজের দেশমাতৃকার জন্য প্রাণ দিতে পারে।
ননীবালা দেবী এবং দুকড়িবালা দেবী ছাড়া তুমি আর কোন্ কোন্ মহিলা স্বাধীনতা সংগ্রামীর কথা জানো? তাঁদের অবদানের কথা শিক্ষক-শিক্ষিকার কাছ থেকে জেনে নাও এবং খাতায় লেখো।
ননীবালা দেবী এবং দুকড়িবালা দেবী ছাড়াও আমি বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরা ও প্রীতিলতা ওয়াদ্দেদারের কথা জানি।
মাতঙ্গিনী হাজরা – ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে বিপ্লবী মাতঙ্গিনী হাজরা এক উল্লেখযোগ্য নাম। ‘গান্ধি বুড়ি’ নামে পরিচিত এই নারী মাত্র আঠারো বছর বয়সে বিধবা হন। তিনি ছিলেন নিঃসন্তান। 1932 খ্রিস্টাব্দের 26 জানুয়ারি জাতীয় পতাকা উত্তোলনের পর স্থানীয় কর্মীরা শোভাযাত্রা বের করলে তিনি সেই শোভাযাত্রায় যোগ দেন। 1933 খ্রিস্টাব্দে তমলুকে মহকুমা কংগ্রেস সম্মেলন এবং 1939 খ্রিস্টাব্দে মেদিনীপুর জেলা কংগ্রেস মহিলা সম্মেলনে তিনি যোগদান করেন। কলেরা বা বসন্ত রোগে আক্রান্ত মানুষকে তিনি নিঃস্বার্থ সেবা দান করতেন। 42-এর ‘ভারত ছাড়ো আন্দোলন’-এর কর্মসূচি অনুযায়ী তিনি এক বিরাট দল গঠন করে থানা দখল করেন। ইংরেজের নির্বিচার গুলিতে এই দল ছত্রভঙ্গ হয়ে যায়। কিন্তু তিনি নির্ভয়ে জাতীয় পতাকা হাতে নিয়ে এগিয়ে যেতে থাকেন। গুলিবিদ্ধ হয়েও তিনি পতাকা ছেড়ে দেননি। জাতীয় পতাকা বুকে চেপে ‘বন্দেমাতরম’ ধ্বনি দিতে দিতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
প্রীতিলতা ওয়াদ্দেদার – ভারতবর্ষের প্রথম মহিলা বিপ্লবী শহিদ প্রীতিলতা ওয়াদ্দেদার বাংলাদেশের চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। ঢাকা বোর্ডের আই এ পরীক্ষায় তিনি মেয়েদের মধ্যে প্রথম হন। এরপর কলিকাতা বিশ্ববিদ্যায় থেকে বিএ পাস করে তিনি চট্টগ্রামের নন্দনকানন স্কুলের প্রধান শিক্ষিকার পদে নিযুক্ত হন। ছাত্রজীবন থেকেই তিনি ঢাকার বৈপ্লবিক সংগঠনের কর্মী ছিলেন, চট্টগ্রামের বিপ্লবী দলের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল। চট্টগ্রাম অস্ত্রাগার আক্রমণের সঙ্গে তিনি প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন। 1932 খ্রিস্টাব্দে বিপ্লবী দলের সঙ্গে ইংরেজ মিলিটারির প্রত্যক্ষ সংঘর্ষে তিনি সূর্যসেনের সহযোগী ছিলেন। 1932 খ্রিস্টাব্দের 24 সেপ্টেম্বর চট্টগ্রামের পাহাড়িতলা অঞ্চলে ইংরেজদের ক্লাব তিনি আক্রমণ করেন। ক্লাব ঘরের কাছেই ছিল সেনাশিবির। পিস্তলের গুলি আর ইংরেজদের চিৎকার শুনে তারা ছুটে আসে। তখন প্রীতিলতা সঙ্গীদের পালিয়ে যাওয়ার সুযোগ করে দিয়ে নিজে আত্মহত্যা করেন। অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করে মাত্র একুশ বছর বয়সে প্রীতিলতার মৃত্যু হয়।
বোধমূলক প্রশ্নোত্তর
পুলিশ তৎপর হয়ে উঠলো তাঁকে গ্রেপ্তার করতে। – কার কথা বলা হয়েছে? পুলিশ তাঁকে ধরতে তৎপর হয়ে উঠেছিল কেন?
উদ্ধৃতিটিতে বিপ্লবী ননীবালা দেবীর কথা বলা হয়েছে।
ননীবালা দেবী বিপ্লবীদের আশ্রয় দিতেন। তাঁকে গ্রেফতার করতে পারলে জেরা করে একে একে অনেক রাজবিদ্রোহীকে ধরা যাবে। সে-কারণে তাঁকে গ্রেফতার করতে ব্রিটিশ পুলিশ তৎপর হয়ে উঠেছিল।
অমনি যেন বারুদে আগুন পড়ল – উক্তিটিতে এইরকম উপমা দেওয়ার কারণ কী?
ননীবালা দেবীকে কাশীর জেল থেকে কলকাতার প্রেসিডেন্সি জেলে আনার পর তিনি অনশন শুরু করেন। তখন স্পেশাল সুপারিনটেন্ডেন্ট গোল্ডি সাহেব তাঁকে জিজ্ঞাসা করেন কী করলে তিনি অনশন তুলবেন। উত্তরে ননীবালা রামকৃষ্ণ পরমহংসদেবের স্ত্রীর কাছে যেতে চাইলে গোল্ডি তাঁকে দরখাস্ত লিখতে বলেন। কিন্তু লেখা হলে গোল্ডি দরখাস্তটি ছিঁড়ে ফেলে দিলে ননীবালা যেভাবে ক্ষিপ্ত হয়ে উঠেছিলেন, তার বর্ণনা দিতে গিয়েই এই উপমা দেওয়া হয়েছে।
তুমি যদি দেশের জন্য প্রাণ দিতে পার, তোমার মা-ও পারে। – ‘তোমার মা-ও’ পারে কথাটির মধ্য দিয়ে বক্তার চরিত্রের কী পরিচয় পেলে?
বিপ্লবী দুকড়িবালা দেবী তাঁর বোনপো বিপ্লবী নিবারণ ঘটককে এ কথা বলেছিল। তাঁর মধ্যে স্বদেশি চেতনা পূর্ণমাত্রায় বহমান ছিল। তিনি অন্তরে সর্বদা ইংরেজদের হাত থেকে দেশ মুক্তির স্বপ্ন লালন করতেন। ইংরেজদের বিরুদ্ধে লড়াইয়ের প্রয়োজনে জীবন বলিদান করতেও যে তিনি পিছপা নন, তা উক্তিটির মধ্য দিয়ে সুপ্রকাশিত হয়েছে।
এই চুরির কাহিনি অভিনব – কে, কী চুরি করেছিল? চুরির কাহিনিটিকে অভিনব বলা হয়েছে কেন?
1914 খ্রিস্টাব্দের 26 আগস্ট তারিখে জার্মানি থেকে জাহাজে রডা কোম্পানির 201টি অস্ত্রপূর্ণ বাক্স এসে পৌঁছেছিল। বিপ্লবী হরিদাস দত্ত গাড়োয়ানের ছদ্মবেশে একটি গোরুর গাড়ি নিয়ে উধাও হয়ে গিয়েছিলেন, যাতে ছিল 9টি বাক্সভরা কার্তুজ এবং 50টি মসার পিস্তলভরা একটি বাক্স।
এইভাবে গাড়োয়ানের ছদ্মবেশ ধারণ করে সকলকে বোকা বানিয়ে ইতিপূর্বে কোনো বিপ্লবী পিস্তল চুরি করে দলের কাজে লাগায়নি। তাই এই কৌশলটিকে অভিনব বলে বর্ণনা করা হয়েছে।
রচনাধর্মী প্রশ্নোত্তর
স্বাধীনতা সংগ্রামে নারী রচনাটি অবলম্বনে বিপ্লবী ননীবালা দেবীর চারিত্রিক বৈশিষ্ট্যের পরিচয় দাও।
বিপ্লবী ননীবালা দেবী ছিলেন এক আপসহীন সংগ্রামী নেত্রী। দেশমাতৃকার পরাধীনতার শৃঙ্খল মোচনের উদ্দেশ্যে ভ্রাতুষ্পুত্র বিপ্লবী অমরেন্দ্র চ্যাটার্জির কাছে তিনি বিপ্লবের মন্ত্রে দীক্ষিত হয়েছিলেন।
ননীবালা দেবী ষোলো বছর বয়সে স্বামীহারা হন। কিন্তু সমকালীন সমাজের রক্তচক্ষু, কঠিন-কঠোর সামাজিক রীতিনীতি এবং অনুশাসন তিনি মেনে চলেননি। বরং প্রগতিশীল এবং উন্নত ধ্যানধারণার বশবর্তী হয়ে তিনি নিজের জীবনকে চালিত করেছিলেন। রামচন্দ্র মজুমদারের স্ত্রী সেজে জেলে গিয়ে তিনি ‘মসার’ পিস্তলের খোঁজ জেনে এসেছিলেন। সম্ভাব্য সকল প্রকার বিপদের ভয় উপেক্ষা করে তিনি রিষড়া এবং চন্দননগরে গৃহকর্ত্রীর ভূমিকা পালন করে বিপ্লবীদের আত্মগোপনের উদ্দেশ্যে আশ্রয় দিয়েছিলেন।
ননীবালা দেবী ছিলেন প্রকৃত অর্থেই সাহসিনী নারী। তাঁর সহ্যশক্তি ছিল সীমাহীন। ব্রিটিশ পুলিশের নির্মম অত্যাচার তিনি মুখ বুজে সহ্য করেছেন, তথাপি বিপ্লবী দলের কোনো গোপন তথ্য ইংরেজভক্ত রাজকর্মচারী কাশীর ডেপুটি পুলিশ সুপার তার মুখ থেকে বের করতে পারেননি। উপরন্তু প্রেসিডেন্সি জেলের আই. বি.-র পুলিশ সুপার গোল্ডি সাহেব তাঁর দরখাস্তখানি ছেঁড়া কাগজের টুকরিতে ফেলে দেওয়ায় সক্রোধে তিনি তার গালে সপাটে এক চড় কষিয়ে দিয়ে বলেছিলেন, ছিঁড়ে ফেলবে তো, আমায় দরখাস্ত লিখতে বলেছিলে কেন? আমাদের দেশের মানুষের কোনো মানসম্মান থাকতে নেই?
বন্দিজীবন থেকে মুক্তিলাভ করেও ননীবালা দেবী মৃত্যুর পূর্বকাল পর্যন্ত তাঁর আত্মসম্মান এবং মানমর্যাদাবোধ অটুট রেখেছিলেন। আত্মীয়স্বজনের অনাদর ও লাঞ্ছনা এবং সীমাহীন দারিদ্র্যের মধ্যেও তিনি পরিপূর্ণ গৌরবে স্থির হয়ে জীবন অতিবাহিত করেছিলেন।
2 স্বাধীনতা সংগ্রামে নারী রচনাটিতে দুকড়িবালা দেবীর যে পরিচয় পাওয়া যায়, তা লেখো।
স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে অহিংস আন্দোলনের পাশাপাশি বিপ্লবী আন্দোলন এক ঐতিহাসিক ভূমিকা পালন করেছিল। অগ্নিযুগে এই বিপ্লবী আন্দোলনের এক উল্লেখযোগ্য স্বাধীনতা সংগ্রামী ছিলেন দুকড়িবালা দেবী। বোনপো বিপ্লবী নিবারণ ঘটককে অত্যন্ত কাছ থেকে দেখে তিনি স্বদেশব্রতে উদ্বুদ্ধ হন এবং ইংরেজ শাসনাধীন মাতৃভূমির মুক্তির জন্য জীবনপণ করে তিনি বিপ্লবী দলে যোগদান করেন।
বিপ্লবী দলে যোগ দিয়ে দুকড়িবালা দেবী স্বদেশের সেবায় আত্মনিয়োগ করেন। বোনপো নিবারণ রডা কোম্পানি থেকে চুরি করে আনা সাতটি মসার পিস্তল তাঁর কাছে গচ্ছিত রেখেছিলেন। কিন্তু ব্রিটিশ পুলিশ গোপনসূত্রে খবর পেয়ে একদিন অতর্কিতে তাঁর বাড়ি ঘিরে তল্লাশি শুরু করল। তল্লাশি করে পুলিশ সেই সাতটি চোরাই পিস্তল উদ্ধার করে এবং দুকড়িবালা দেবীকে গ্রেফতার করে।
দুকড়িবালা দেবীর চরিত্রে নারীসুলভ কোমলতা পূর্ণমাত্রায় বহমান ছিল। তাঁর মাতৃত্বের অনুভূতি ছিল প্রবল। বন্দিজীবনের অসহ্য পরিবেশ এবং দুঃসহ কষ্ট মুখ বুজে সহ্য করা সত্ত্বেও নিজের জন্য কিছুমাত্র চিন্তা না করে গৃহে শিশু সন্তানদের জন্য তাঁর মন আকুল হত। জেল থেকে তাঁর বাবাকে লেখা এক পত্রে তাঁর সেই মানসিকতার পরিচয় পাওয়া যায়। তিনি লিখেছিলেন, তিনি ভালোই আছেন, তাঁর জন্য তাঁরা যেন চিন্তা না করেন, শুধু বাচ্চাদের যেন তাঁরা দেখেন, শিশুরা যেন না কাঁদে।
যে স্বাধীন ভারতের স্বপ্ন দেখে তিনি স্বদেশের সেবায় মন প্রাণ সঁপে দিয়েছিলেন, জীবদ্দশায় সেই স্বাধীন দেশ তিনি দেখতে পেরেছিলেন কি না জানা নেই। অগ্নিযুগের এই মহীয়সী নারীর জীবনাবসানে (সম্ভবত 1970) একটা যুগের অবসান হয়েছিল।
উপসংহার
বিস্তারিত উত্তরগুলি থেকে যুক্তি ও প্রসঙ্গ মিলিয়ে লেখার অনুশীলন করো। বিষয়সংক্ষেপ এবং ছোটো প্রশ্নগুলি পড়ে সম্পূর্ণ প্রস্তুতি নাও।





মন্তব্য করুন