অষ্টম শ্রেণি বাংলা – টিকিটের অ্যালবাম – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

Souvick

এই আর্টিকেলে আমরা অষ্টম শ্রেণির বাংলা বিষয়ের নবম পাঠের অন্তর্গত ‘টিকিটের অ্যালবাম’-এর কিছু ‘সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর’ নিয়ে আলোচনা করব। এই প্রশ্নোত্তরগুলো অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বিদ্যালয়ের পরীক্ষায় এই ধরনের প্রশ্ন নিয়মিত আসে।

টিকিটের অ্যালবাম - অষ্টম শ্রেণি - বাংলা - সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
Contents Show

নাগরাজনের অ্যালবামের প্রতি সকলে আকৃষ্ট হয়ে পড়ল কেন?

নাগরাজনের টিকিটের অ্যালবামটি ছিল অপরূপ সুন্দর। হয়তো রাজাপ্পার অ্যালবামের চেয়ে অনেক বেশি সংখ্যক টিকিট ওতে রক্ষিত ছিল না, তবে কোনো স্থানীয় দোকানেও অমন অ্যালবাম সহজে পাওয়া যেত না। এককথায় তার অ্যালবামটি ছিল অদ্বিতীয়। এ কারণেই সকলে নাগরাজনের অ্যালবামের প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিল।

‘কেটে পড় হিংসুটে পোকা!’ – বক্তা কে? কাকে সে এমন কথা বলেছে? তুমি কি এই কথার মধ্যে কোনো যুক্তি খুঁজে পাও?

সুন্দর রামস্বামী রচিত ‘টিকিটের অ্যালবাম’ গল্পের এক ছাত্র কৃষ্ণান উক্তিটির বক্তা। সে উক্ত কথাটি বলেছিল ওই গল্পের অন্যতম চরিত্র রাজাপ্পাকে। ছেলেমেয়েরা নাগরাজনের অ্যালবামের উপরের লেখা টুকে নেওয়ায় রাজাপ্পা তাদের বিদ্রুপ করে, তখন কৃষ্ণান রাজাপ্পাকে হিংসুটে বলেছে। হ্যাঁ, কৃষ্ণানের কথাকে আমিও সমর্থন করি। কারণ নাগরাজনের অ্যালবামে আকৃষ্ট হয়ে কেউ আর রাজাপ্পার অ্যালবামকে গুরুত্ব দিচ্ছিল না; তাতে রাজাপ্পা নাগরাজনের প্রতি ঈর্ষাপরায়ণ হয়ে তার নামে মিথ্যা অপবাদ দেওয়ার চেষ্টা করেছিল। এর থেকেই বোঝা যায় রাজাপ্পা সত্যিই হিংসুটে ছিল, তাই কৃষ্ণানের কথায় যুক্তি আছে বলে আমি মনে করি।

‘এদের সঙ্গে তর্ক করে লাভ নেই।’ – উপলব্ধিটি কার? কী বিষয়ে তর্কের প্রসঙ্গ এসেছে? তর্ক করে লাভ নেই কেন?

উপলব্ধিটি করেছে সুন্দর রামস্বামী রচিত ‘টিকিটের অ্যালবাম’ গল্পের অন্যতম চরিত্র রাজাপ্পা। কার অ্যালবাম বেশি ভালো – রাজাপ্পা না নাগরাজনের – এই বিষয়কে কেন্দ্র করেই তর্কের প্রসঙ্গ এসেছে। রাজাপ্পার টিকিটের অ্যালবামের সঙ্গে জড়িয়ে ছিল তার আবেগ। বহুদিন ধরে একটা একটা করে টিকিট সংগ্রহ করে অনেক কষ্টে সে তার অ্যালবামটিকে সাজিয়ে তুলেছিল। সেটার সঙ্গে তার ভালোবাসা জড়িয়ে ছিল। অন্যদিকে নাগরাজনের অ্যালবাম যতই সুন্দর হোক, সেটা হঠাৎ পাওয়া; তার সঙ্গে কোনো শ্রম বা আবেগ জড়িয়ে ছিল না। কিন্তু এইসব কথা বন্ধুরা বুঝতে পারবে না ভেবেই রাজাপ্পার মনে হয়েছে যে, তর্ক করে কোনো লাভ নেই।

‘ক্রমশ ওর স্কুল যেতেও বিতৃষ্ণা জাগতে লাগল।’ – কার কেন স্কুল যেতে বিতৃষ্ণা জাগতে লাগল?

স্কুলের ছেলেরা রাজাপ্পাকে বিশেষ নজর দিত না। নাগরাজনের নতুন টিকিটের অ্যালবাম দেখার জন্য তারা তার চারপাশে ভিড় জমাত। এমনকি রাজাপ্পাকে তারা ব্যঙ্গ-পরিহাস করত। এই কারণে রাজাপ্পার ক্রমশ স্কুল যেতেও বিতৃষ্ণা জাগতে লাগল।

‘ওর ইঙ্গিত মাত্রে পুলিশবাহিনী অ্যালবাম খুঁজতে বেরিয়ে পড়বে।’ – ‘ওর’ বলতে কাকে বোঝানো হয়েছে? তার ইঙ্গিত মাত্রে পুলিশবাহিনী অ্যালবাম খুঁজতে বেরিয়ে পড়বে কেন?

প্রশ্নে প্রদত্ত উদ্ধৃতাংশটিতে ‘ওর’ বলতে নাগরাজনের বাবাকে বোঝানো হয়েছে। নাগরাজনের বাবা পুলিশ সুপারের অফিসে কাজ করতেন। সেই কারণে তার ইঙ্গিত অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল পুলিশবাহিনীর কাছে। তার ইঙ্গিত পেলেই তারা তার ছেলে নাগরাজনের টিকিটের অ্যালবাম খোঁজার কাজে নেমে পড়বে।

“সঙ্গের ছেলেরা চেঁচাতে লাগল, বাজে অ্যালবাম! বাজে অ্যালবাম” – প্রসঙ্গ উল্লেখ করে, ছেলেদের এমন আচরণের কারণ নির্দেশ করো।

প্রশ্নোক্ত উদ্ধৃতাংশটি সুন্দর রামস্বামীর ‘টিকিটের অ্যালবাম’ নামক গল্প থেকে নেওয়া হয়েছে। উক্ত গল্পে দেখা যায় যে, নাগরাজনের অ্যালবামটি দেখার জন্য উৎসাহ থাকলেও ছেলেদের কেউই রাজাপ্পার অ্যালবামটিকে গুরুত্বই দিতে চাইছিল না। তখন রাজাপ্পা ছেলেদের কাছে নিজের অ্যালবামের গুরুত্বের কথা বলতে গেলে, ছেলেরা সেই প্রসঙ্গে উক্তিটি করেছিল। নাগরাজনের অ্যালবামটি ছিল অদ্বিতীয়। সেই অ্যালবামের উপরের লেখাটি ছেলেরা যখন টুকছিল, তখন রাজাপ্পা তাদের নকলনবিশ বলায় ছেলেদের মধ্যে কৃষ্ণান রাজাপ্পাকে হিংসুটে বলে। তাও রাজাপ্পা নিজের অ্যালবামের শ্রেষ্ঠত্ব প্রতিপন্ন করার চেষ্টা করলে ছেলেদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং জনৈক ছাত্র কৃষ্ণান বলে, ‘তোর অ্যালবামটা ডাস্টবিনে রাখার যোগ্য’ – এই কারণেই ছেলেরা প্রশ্নোক্ত আচরণ করেছিল।

‘গলা শুকিয়ে কাঠ, মাথায় রক্তের চাপ বোধ হচ্ছে।’ – উদ্দিষ্ট ব্যক্তির এমন বোধ হবার কারণ কী?

প্রশ্নোক্ত অংশটি সুন্দর রামস্বামীর ‘টিকিটের অ্যালবাম’ নামক গল্প থেকে নেওয়া হয়েছে। উদ্দিষ্ট ব্যক্তি হলো গল্পের অন্যতম প্রধান চরিত্র রাজাপ্পা। রাজাপ্পা নিজের কম দামি টিকিটের বিনিময়ে নাগরাজনের বেশি মূল্যের টিকিটগুলি হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে নাগরাজনের বাড়িতে যায়। সেখানে তখন নাগরাজন ছিল না; সেই পরিস্থিতির সুযোগে রাজাপ্পা নাগরাজনের সুদৃশ্য, অদ্বিতীয় অ্যালবামটি চুরি করে বাড়িতে নিয়ে আসে। এরপর থেকেই এক অপরাধবোধ গ্রাস করতে থাকে রাজাপ্পাকে। অ্যালবামটা সে বইয়ের ব্যাগের পিছনে লুকিয়েও যেন শান্তি পায় না। তার মানসিক অস্বস্তির সঙ্গে শারীরিক অস্বস্তিও শুরু হয়ে যায়, যেন আগুনের হলকা বেরোতে থাকে শরীর দিয়ে। এই কারণেই তার মনে হয় যে, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে এবং মাথায় রক্তের চাপ বেড়ে গেছে।

“রাজাপ্পা আপ্পুর কথার সুরে সন্দেহ আঁচ করতে পারল।” – রাজাপ্পার এমন মনে হবার কারণ কী?

অবচেতন মনে রাজাপ্পার ঈর্ষা সৃষ্টি হয়েছিল নাগরাজনের অ্যালবামের প্রতি, তাই সুযোগ পেতেই সে নাগরাজনের অ্যালবামটি চুরি করেছে। সেদিন রাত আটটার সময় আপ্পু জানায় যে, নাগরাজনের অ্যালবামটি চুরি হয়ে গেছে। শুরু হয়ে যায় রাজাপ্পার মনের মধ্যে চরম অশান্তি। আবার পরের দিন সকালে তার ঘুম থেকে ওঠার আগেই চলে আসে আপ্পু। সে জানায় যে, নাগরাজনের বোনের কাছ থেকে জানা গেছে, নাগরাজন আর সে (আপ্পু) যখন শহরে গিয়েছিল, তখন কেবল রাজাপ্পাই নাগরাজনদের বাড়িতে গিয়েছিল। অর্থাৎ আপ্পুর ইঙ্গিত একেবারেই পরিষ্কার। তা ছাড়া রাজাপ্পার মনের মধ্যেই দুর্বলতা বাসা তৈরি করে আছে—সে তো সত্যিই চোর। এই কারণেই আপ্পুর কথায় রাজাপ্পা সন্দেহ আঁচ করেছে।


এই আর্টিকেলে আমরা অষ্টম শ্রেণির বাংলা বিষয়ের নবম পাঠের অন্তর্গত ‘টিকিটের অ্যালবাম’-এর কিছু ‘সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর’ নিয়ে আলোচনা করলাম। এই প্রশ্নোত্তরগুলো অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বিদ্যালয়ের বাংলা পরীক্ষায় এই ধরনের প্রশ্ন নিয়মিত আসে।

আশা করি, এই আর্টিকেলটি তোমাদের উপকারে এসেছে। যদি তোমাদের কোনো প্রশ্ন বা মতামত থাকে, তবে টেলিগ্রামে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। তোমাদের যেকোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা সর্বদা প্রস্তুত। ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

লোকটা জানলই না - অষ্টম শ্রেণি - বাংলা - রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি বাংলা – লোকটা জানলই না – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

লোকটা জানলই না - অষ্টম শ্রেণি - বাংলা - সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি বাংলা – লোকটা জানলই না – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

লোকটা জানলই না - অষ্টম শ্রেণি - বাংলা - অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি বাংলা – লোকটা জানলই না – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

About The Author

Souvick

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

অষ্টম শ্রেণি বাংলা – লোকটা জানলই না – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি বাংলা – লোকটা জানলই না – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি বাংলা – লোকটা জানলই না – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি বাংলা – লোকটা জানলই না – বিষয়সংক্ষেপ

অষ্টম শ্রেণি বাংলা – টিকিটের অ্যালবাম – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর