রবীন্দ্রনাথের ‘জনগণমন’ ও ‘আমার সোনার বাংলা’র অর্থ বুঝতে শুধু তথ্য মনে রাখলেই চলে না; উদ্ধৃতির প্রসঙ্গ ও কবির অনুভূতিও ব্যাখ্যা করতে হয়। সপ্তম শ্রেণির ‘দুটি গানের জন্মকথা’ অধ্যায়ের এই সংক্ষিপ্ত প্রশ্নোত্তরে দুই গানের 16টি তথ্যানুসন্ধানী ও বোধমূলক প্রশ্নের সম্পূর্ণ উত্তর দেওয়া হয়েছে। উত্তরগুলি পড়ে নিজের ভাষায় কয়েকটি সংযুক্ত বাক্যে বিষয়টি প্রকাশ করার অনুশীলন করা যাবে।

জনগণমন — গ্রন্থমুখী তথ্যানুসন্ধানী প্রশ্নোত্তর
দুটি বা তিনটি বাক্যে উত্তর লেখো
1. ভারতভাগ্যবিধাতাকে কী কী অভিধায় ভূষিত করা হয়েছে?
উত্তর: কবিগুরু তাঁর সংগীতের আলোচ্য অংশে ‘ভারতভাগ্যবিধাতা’র জয় ঘোষণা করেছেন। আর সেই প্রসঙ্গেই ভারতভাগ্যবিধাতাকে ‘জনগণমন অধিনায়ক’ ও ‘জনগণমঙ্গলদায়ক’ প্রভৃতি অভিধায় ভূষিত করা হয়েছে।
2. ‘তব শুভ নামে জাগে’—কারা জেগে ওঠে?
উত্তর: ভারতবাসী তথা সমগ্র জাতির ভাগ্যনির্মাতা, সেই সৃষ্টিকর্তা পরমেশ্বরের শুভ নামে ভারতভূমির পঞ্জাব-সিন্ধু-গুজরাট-মারাঠা-দ্রাবিড়-উৎকল-বঙ্গবাসী, এক অর্থে আসমুদ্রহিমাচলের জনগণ জেগে ওঠে।
3. কার কার তরঙ্গোচ্ছ্বাসে ভারতভূমি স্নিগ্ধ ও প্রাণবন্ত হয়ে ওঠে?
উত্তর: গঙ্গা ও যমুনা প্রধানত এই দুই স্রোতস্বিনীর তরঙ্গোচ্ছ্বাসে ভারতভূমি স্নিগ্ধ ও প্রাণবন্ত হয়ে ওঠে।
4. ‘জনগণমন অধিনায়ক জয় হে’ গানটি সম্পর্কে রবীন্দ্রনাথের বিরোধীগণ কী প্রচার করেছিলেন?
উত্তর: গানটি ভারতের জাতীয় সংগীত হিসেবে গ্রহণের প্রস্তাব উত্থাপিত হলে রবীন্দ্রনাথের বিরোধীগণ প্রচার করেন যে, গানটি সম্রাট পঞ্চম জর্জের ভারতে আগমনকে উপলক্ষ করে রচিত।
জনগণমন — বোধমূলক প্রশ্নোত্তর
কমবেশি ছ-টি বাক্যে উত্তর লেখো
1. ‘ভারতভাগ্যবিধাতা’র প্রকৃত স্বরূপ কী? কবিতানুসারে বুঝিয়ে লেখো।
উত্তর: ‘ভাগ্য’ অর্থে অদৃষ্ট বা নিয়তি আর ‘বিধাতা’ হলেন জগতের স্রষ্টা। তাই ভারতভাগ্যবিধাতা হলেন ভারতভূমির নিয়তি নির্ধারণকারী সেই পরম স্রষ্টা, এক অর্থে পরমেশ্বর। সেই পরম পিতাই হলেন জনগণের অন্তরের পরিচালনা শক্তি। আবার তিনিই আপামর জনগণের মঙ্গলসাধনকারী। তাঁরই জয়বন্দনা করা হয়েছে আলোচ্য কবিতায়।
2. ‘তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে, গাহে তব জয়গাথা।’—‘তব’ বলতে কাকে অভিহিত করা হয়েছে? উদ্ধৃতাংশের ব্যাখ্যা লেখো।
উত্তর: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আলোচ্য ‘জনগণমন অধিনায়ক জয় হে’ গানে ‘তব’ অর্থে সেই জগৎস্রষ্টা পরমেশ্বরকে অভিহিত করা হয়েছে।
তিনি সকল চিন্তা ও কর্মের নিয়ন্তা হয়ে আপামর জনগণের অন্তরে রাজরাজেশ্বরের আসনে অধিষ্ঠিত। সেই চিরসারথী ভারতভাগ্যবিধাতা হয়ে ভারতভূমির ‘আসমুদ্রহিমাচল উচ্ছলজলধিতরঙ্গ’-এ ভরিয়ে তোলেন। আর সকল ভারতবাসী তাঁরই শুভ নামে জেগে, শুভ আশিস প্রার্থনা করে জয়গান গায়।
3. “গাহে তব জয়গাথা”—জয়গাথা গাওয়ার কারণ কী?
উত্তর: ‘জয়গাথা’ কথাটির অর্থ জয়গান করা অর্থাৎ গুণকীর্তন করা। যিনি সমগ্র জাতির দুঃখভাগহারী, জনগণের অন্তর্যামী হয়ে সুপথে পরিচালিত করেন, সেই মঙ্গলময় জগদীশ্বরের বন্দনা করার মধ্য দিয়ে তাঁরই শুভ নামে জেগে ওঠা সমগ্র ভারতবাসী তাঁরই জয়গান গেয়েছে।
4. “জনগণমঙ্গলদায়ক জয় হে ভারতভাগ্যবিধাতা! জয় হে, জয় হে, জয় হে, জয় জয় জয়, জয় হে।।” — উদ্ধৃতাংশের তাৎপর্য লেখো।
উত্তর: কবিগুরু রচিত ‘জনগণমন অধিনায়ক জয় হে’ গান থেকে গৃহীত প্রশ্নোদ্ধৃত অংশটিতে কবি ভারতভাগ্যবিধাতার জয় ঘোষণা করেছেন। যিনি জনগণের দুঃখযন্ত্রণা, হতাশা, বিপদে অন্ধকারে অবতীর্ণ হয়ে তাদের উদ্ধার করেন, তিনি জগদীশ্বর, পরমপিতা। তিনি সকলের মঙ্গল করে থাকেন। সেই ভারতভাগ্যবিধাতারূপী মঙ্গলময় পরমেশ্বরের জয়ঘোষণা কবির একার নয়, সকল ভারতবাসী তথা বিশ্ববাসীর।
আমার সোনার বাংলা — গ্রন্থমুখী তথ্যানুসন্ধানী প্রশ্নোত্তর
দুটি বা তিনটি বাক্যে উত্তর লেখো
1. কবির নয়নজলে ভাসার কারণ কী?
উত্তর: কোনো কারণে বাংলা মা দুঃখিত হলে তাঁর মুখ মলিন হলে সন্তান হিসেবে কবি নয়নজলে ভাসেন।
2. কবির প্রাণে বাঁশি বাজায় কারা? তা কতদিন ধরে?
উত্তর: বাংলার আকাশ ও বাতাস কবির প্রাণে বাঁশি বাজায়। তা চিরদিন ধরে।
3. রবীন্দ্রনাথের গান সম্পর্কে সরলাদেবীর অভিজ্ঞতা কী?
উত্তর: সরলা দেবী তাঁর ‘জীবনের ঝরাপাতা’য় লিখেছেন, তিনি মাঝিদের কাছ থেকে যেসব গান শুনতেন, তা তাঁর রবিমামাকে শোনাতেন। তাঁর রবিমামা সেই গানের সুর ভেঙে, কখনো-কখনো তার কথাগুলিরও কাছাকাছি দিয়ে গিয়ে এক-একখানি নিজের গান রচনা করতেন। ‘কোন্ আলোকে প্রাণের প্রদীপ…’, ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে…’, ‘আমার সোনার বাংলা…’ প্রভৃতি অনেক গান সেই মাঝিদের কাছ থেকে আহরিত সরলাদেবীর সুরে রচনা।
4. ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।’ গানটি সম্পর্কে প্রশান্ত কুমার পালের অনুমান কী?
উত্তর: প্রশান্তকুমার পাল অনুমান করেছেন, বঙ্গভঙ্গের নির্দিষ্ট তারিখটি জানতে পারার তাৎক্ষণিক আবেগে গানটি রচিত হয় ও ভক্তদের মাধ্যমে গানটি সমগ্র কলকাতায় ছড়িয়ে পড়ে।
আমার সোনার বাংলা — বোধমূলক প্রশ্নোত্তর
কমবেশি ছ-টি বাক্যে উত্তর লেখো
1. ‘আমার সোনার বাংলা’—কবির সোনার বাংলা কোন্ অর্থে বুঝিয়ে দাও।
উত্তর: ‘সোনা’ অর্থ মূল্যবান বস্তু। মহার্ঘ সোনার চেয়েও বঙ্গদেশ কবির কাছে মূল্যবান। বাংলাকে কবি মাতৃসম্বোধনে সম্মানিত করেছেন। এই মায়ের প্রতি কবির মমত্ববোধ অপরিসীম। মায়ের সেই অপরূপ সৌন্দর্যরাশি গাছপালা, আকাশ-বাতাস, নদনদী-সহ শ্যামলিমার ছবি কবিমনকে সোহাগে ভরিয়ে তুলেছে। কবি মুগ্ধ, অভিভূত, তাই ‘সোনার বাংলা’ বলেছেন।
2. ‘আমি তোমায় ভালোবাসি।’—কবি কেন এই বাংলাকে ভালোবেসেছেন?
উত্তর: বহুগুণে গুণান্বিত মাকে সন্তান হিসেবে কবি ভালোবাসেন। তা ছাড়া এমন উদার আকাশ-বাতাস, নিবিড় স্নেহময় ছায়াশীতল বটবৃক্ষ তো মায়ের কোলের সমান। সেই মায়ের আনন্দে কবি আনন্দিত হন, আর তাঁর বেদনায় চোখের জলে কবি ভেসে যান। তাই কবি তাঁকে এমন আন্তরিকভাবে ভালোবেসেছেন।
3. “আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি”—তাৎপর্য লেখো।
উত্তর: মাতৃরূপে জন্মভূমির প্রতি কবির গভীর শ্রদ্ধা ও ভক্তি প্রকাশ পেয়েছে। দেশমাতৃকার প্রতি ঐকান্তিক ভালোবাসা গানটির ভাববস্তুকে সমৃদ্ধ করেছে। বাংলা যে সোনার দেশ, চিরপ্রসন্ন ও স্নিগ্ধ-রস আন্তরিকতায় ভরপুর, তা কবিতার মূল ভাবটিকে ধরতে সাহায্য করেছে। মায়ের আনন্দে কবি আনন্দিত, আর দুঃখে সমব্যথী হয়ে চোখের জলে ভাসেন কবি।
4. ‘মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো,’—তাৎপর্য লেখো।
উত্তর: ‘মধুর আমার মায়ের হাসি সুধার মতো লাগে’—মায়ের মুখের বাণী সুধার মতো কানে বাজে। মাতৃভাষা আত্মসম। এ ভাষার সঙ্গে অন্তরের যোগ। তাই কবি বলেছেন, বাংলা মায়ের মুখের বাণী কবির অন্তরে সুধার সঞ্চার করে। পাখির কাকলি বা পত্রের মর্মর শব্দ যেন সুধাময় বাণী।
জিজ্ঞাস্য ও পুনরালোচনা
ভারতভাগ্যবিধাতাকে কী কী অভিধায় ভূষিত করা হয়েছে?
এই প্রশ্নের সম্পূর্ণ উত্তর পড়ো।
কবির নয়নজলে ভাসার কারণ কী?
এই প্রশ্নের সম্পূর্ণ উত্তর পড়ো।
এই অধ্যায়ের আরও পড়া
দুটি গানের জন্মকথা — বিষয়সংক্ষেপ · দুটি গানের জন্মকথা — অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর · দুটি গানের জন্মকথা — রচনাধর্মী প্রশ্ন ও উত্তর
সপ্তম শ্রেণির বাংলা বিষয়ের অন্যান্য অধ্যায়
উপসংহার
এই প্রশ্নোত্তরগুলির সাহায্যে ভারতভাগ্যবিধাতার পরিচয়, জয়গানের কারণ এবং বাংলা মায়ের প্রতি কবির অনুভূতি স্পষ্ট হয়। প্রতিটি উত্তর লেখার আগে প্রশ্নের সব অংশ চিহ্নিত করো, তারপর প্রয়োজনীয় তথ্য ও ব্যাখ্যা সংযুক্ত করে লেখো। বিষয়সংক্ষেপের সঙ্গে মিলিয়ে পড়লে এই 16টি উত্তরের মূল ভাব নিজের ভাষায় প্রকাশ করা সহজ হবে।





মন্তব্য করুন