এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “মেকলে মিনিটস্ কী? মেকলে মিনিটস্ -এর গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে লেখো।” নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে মাধ্যমিক ইতিহাসের দ্বিতীয় অধ্যায় “সংস্কার – বৈশিষ্ট্য ও পর্যালোচনা” থেকে এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রায়ই আসতে দেখা যায়।

মেকলে মিনিটস্ কী? (What is Macaulay’s Minute?)
1813 খ্রিস্টাব্দের সনদ আইনের পরিপ্রেক্ষিতে ভারতে প্রাচ্য ও পাশ্চাত্য শিক্ষা বিষয়ক দ্বন্দ্ব চূড়ান্ত আকার ধারণ করে। এমতাবস্থায় জনশিক্ষা কমিটির সভাপতি টমাস ব্যাবিংটন মেকলে (Thomas Babington Macaulay) 1835 খ্রিস্টাব্দে শিক্ষা সংক্রান্ত যে বিখ্যাত প্রতিবেদন পেশ করেন, তা ‘মেকলে মিনিটস্’ নামে পরিচিত।
এই প্রতিবেদনে মেকলে ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রসারের ওপর সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন যে, উচ্চ ও মধ্যবিত্তের মধ্যে ইংরেজি শিক্ষা বিস্তৃত হলে ‘ক্রমনিম্ন পরিশ্রুত নীতি’ বা ‘Filtration Theory’ অনুযায়ী তা ধীরে ধীরে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে।
মেকলে মিনিটস্ -এর গুরুত্ব ও তাৎপর্য (Importance and Significance)
ব্রিটিশ শাসনের প্রথম পর্বে ভারতীয় সমাজ ছিল অশিক্ষা ও কুসংস্কারের অন্ধকারে নিমজ্জিত। মেকলে মিনিটস্-এর প্রস্তাব ও তার ফলাফল ভারতের শিক্ষা ইতিহাসে এক যুগান্তকারী পরিবর্তন আনে। এর গুরুত্ব ও তাৎপর্যগুলি নিচে আলোচনা করা হলো –
- তীব্র বিতর্কের অবসান ও মেকলের প্রস্তাব – 1813 খ্রিস্টাব্দে সনদ আইনের দ্বারা ভারতীয়দের শিক্ষা খাতে প্রতি বছর 1 লক্ষ টাকা ব্যয় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু এই টাকা প্রাচ্য না পাশ্চাত্য শিক্ষা প্রসারে খরচ করা হবে সে সম্পর্কে এক তীব্র বিতর্ক সৃষ্টি হয়। এমতাবস্থায় ভারতের জনশিক্ষা কমিটির সভাপতি টমাস ব্যাবিংটন মেকলে ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রবর্তনের দাবি জানিয়ে 1835 খ্রিস্টাব্দের 2 ফেব্রুয়ারি বড়লাট লর্ড বেন্টিং-এর কাছে এক প্রস্তাব দেন, যা ‘মেকলে মিনিট’ নামে পরিচিত।
- পাশ্চাত্য শিক্ষার পক্ষে বলিষ্ঠ যুক্তি – মেকলে প্রাচ্যের শিক্ষাকে দুর্নীতি, অপবিত্র ও নির্বুদ্ধিতা বলে অভিহিত করে সরাসরি পাশ্চাত্য শিক্ষার পক্ষে মতপ্রকাশ করেন। তাঁর মতে, মধ্যবিত্তদের মধ্যে ইংরেজি শিক্ষা বিস্তৃত হলে তা ‘ক্রমনিম্ন পরিশ্রুত নীতি’ (Filtration Theory) অনুসারে ক্রমশ সাধারণ দেশবাসীদের মধ্যে ছড়িয়ে পড়বে। এর ফলে এদেশে এমন একটি সম্প্রদায়ের উদ্ভব ঘটবে যারা “রক্তে ও বর্ণে ভারতীয় হলেও রুচি, মত, নৈতিকতা ও বুদ্ধিমত্তায় হবে ইংরেজ।”
- সরকারের নতুন শিক্ষানীতি ঘোষণা – ভারতে আধুনিক পাশ্চাত্য শিক্ষাবিস্তারের প্রেক্ষাপটে ‘মেকলে মিনিট’ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রস্তাব। মেকলের প্রস্তাবের ভিত্তিতে বড়োলাট লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক 1835 খ্রিস্টাব্দের (7 মার্চ) পাশ্চাত্যের আধুনিক শিক্ষা ও ইংরেজি শিক্ষার প্রসারকে সরকারের শিক্ষানীতি হিসেবে ঘোষণা করেন।
- প্রাচ্য ও পাশ্চাত্যবাদী দ্বন্দ্বের অবসান – এই ঘোষণার ফলে দীর্ঘদিনের প্রাচ্য ও পাশ্চাত্যবাদী দ্বন্দ্বের অবসান ঘটে। ভারতের প্রাচীন শিক্ষাব্যবস্থা সরকারি আনুকূল্য থেকে বঞ্চিত হয় এবং এদেশে দ্রুত পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটতে থাকে।
- ইংরেজি ভাষার প্রসার ও প্রাতিষ্ঠানিক উদ্যোগ – লর্ড মেকলের প্রস্তাবের ফলে সরকারি কাজে ফারসির পরিবর্তে ইংরেজি ভাষা প্রচলিত হয় এবং ঘোষণা করা হয় যে ইংরেজি ভাষায় দক্ষ ব্যক্তিরাই সরকারি কাজে অগ্রাধিকার পাবে। সরকারি উদ্যোগে ও আর্থিক সাহায্যে ভারতে পাশ্চাত্য ভাষা ও জ্ঞান-বিজ্ঞানের দ্রুত প্রসার ঘটে। এর ভিত্তিতেই 1835 খ্রিস্টাব্দে কলকাতায় স্থাপিত হয় মেডিকেল কলেজ এবং বোম্বাইতে এলফিনস্টোন কলেজ।
পরিশেষে বলা যায়, ভারতে ইংরেজি শিক্ষার বিকাশে মেকলে মিনিট গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেও তার এই প্রস্তাব শেষ পর্যন্ত সমাজে শিক্ষিত ও অশিক্ষিত মানুষের মধ্যে ব্যবধানকে আরো প্রকট করে তুলেছিল।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের দ্বিতীয় অধ্যায় “সংস্কার – বৈশিষ্ট্য ও পর্যালোচনা” থেকে “মেকলে মিনিটস্ কী? মেকলে মিনিটস্ -এর গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে লেখো।” প্রশ্নটি নিয়ে আলোচনা করেছি। আশা করি এই আর্টিকেলটি মাধ্যমিক পরীক্ষার্থী ও চাকরিপ্রার্থীদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।





মন্তব্য করুন