এই প্রবন্ধে আমরা মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের প্রাকৃতিক পরিবেশ”-এর অন্তর্গত “ভারতের মৃত্তিকা” অংশ থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব — “ভারতের মৃত্তিকা ক্ষয়ের কারণ ও ফলাফল লেখো।” মাধ্যমিক এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

মৃত্তিকা ক্ষয় কাকে বলে? (What is Soil Erosion)
প্রাকৃতিক শক্তি (যেমন- জলধারা, বায়ুপ্রবাহ) এবং মানুষের অবৈজ্ঞানিক কার্যাবলীর প্রভাবে মাটির উপরিভাগের খনিজ ও পুষ্টিসমৃদ্ধ উর্বর স্তরের দ্রুত অপসারণ ঘটাকে মৃত্তিকা ক্ষয় বা ভূমিক্ষয় বলা হয়।
ভারতের মৃত্তিকা ক্ষয়ের কারণ (Causes of Soil Erosion in India)
কৃষিপ্রধান ভারতে মৃত্তিকা বা ভূমিক্ষয় এক অভিশাপ স্বরূপ। ভারতের ভূমিক্ষয়ের কারণগুলিকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায় –
1. প্রাকৃতিক কারণ (Natural Causes) –
- জলপ্রবাহ দ্বারা ক্ষয় – বৃষ্টিপাতের জল যখন বাধাহীনভাবে ভূপৃষ্ঠে পতিত হয়, তখন মৃত্তিকা ক্ষয়প্রাপ্ত হয়। প্রবাহমান জলধারার মাধ্যমে মূলত শিট বা চাদর ক্ষয়, রিল বা জলনালিকা ক্ষয়, গালি বা খোয়াই ক্ষয় এবং রাভাইন ক্ষয় প্রক্রিয়ায় মৃত্তিকা অপসারিত হয়।
- বায়ুপ্রবাহের দ্বারা ক্ষয় – বায়ুর অবঘর্ষ ও অপসারণ প্রক্রিয়ার সাহায্যে মরু ও মরুপ্রায় অঞ্চলে ভূমিক্ষয় হয়। রাজস্থানে এই প্রক্রিয়ায় ব্যাপক মৃত্তিকা ক্ষয় হয়।
- বৃষ্টির প্রকৃতি ও ভূমির ঢাল – হঠাৎ মুষলধারে বৃষ্টি বা মেঘভাঙা বৃষ্টি অতিরিক্ত মৃত্তিকা ক্ষয় ঘটায়। এছাড়া খাড়া ঢালযুক্ত পার্বত্য অঞ্চলে জলের বেগ বেশি থাকায় ক্ষয় বেশি হয়।
- হিমবাহ ও সমুদ্রস্রোত দ্বারা ক্ষয় – উত্তরাখণ্ডে হিমবাহের মাধ্যমে এবং উপকূলীয় অঞ্চলে প্রবল সমুদ্রস্রোতের মাধ্যমে উপকূল সংলগ্ন মৃত্তিকার ক্ষয়সাধন হয়।
2. মানবিক কারণ (Human Causes) –
- বৃক্ষছেদন ও বনভূমি ধ্বংস – উদ্ভিদের শিকড় মাটিকে আঁকড়ে ধরে রাখে। বর্তমানে বসতি স্থাপন ও শিল্পের জন্য ব্যাপক হারে বনভূমি ধ্বংসের কারণে ভূমিক্ষয় মারাত্মক আকার ধারণ করেছে।
- ত্রুটিপূর্ণ কৃষি পদ্ধতি – পাহাড়ের ঢালে অবৈজ্ঞানিকভাবে ‘ঝুম চাষ’ বা স্থানান্তর কৃষি, ত্রুটিপূর্ণ ভূমিকর্ষণ এবং শস্যাবর্তনের অভাবের কারণে দ্রুতহারে মৃত্তিকা ক্ষয় ঘটে।
- অনিয়ন্ত্রিত পশুচারণ – ব্যাপক পশুচারণে তৃণভূমির আচ্ছাদন নষ্ট হলে মৃত্তিকা আলগা হয়ে যায়, যা বৃষ্টির জলে সহজেই ধুয়ে যায়।
- অবৈজ্ঞানিক খনন ও নির্মাণকার্য – খনিজদ্রব্য আহরণ, রাস্তাঘাট নির্মাণ এবং অবৈজ্ঞানিকভাবে বাঁধ তৈরির ফলে মাটির গঠন শিথিল হয়ে ভূমিক্ষয় ও ভূমিধস ঘটে।

ভারতের মৃত্তিকা ক্ষয়ের ফলাফল বা প্রভাব (Effects of Soil Erosion)
মৃত্তিকা ক্ষয়ের ক্ষতিকর প্রভাবগুলি হলো –
- উর্বরতা ও উৎপাদিকা শক্তি হ্রাস – মাটির ওপরের স্তর অপসারিত হওয়ায় জমির উর্বরতা এবং জলধারণ ক্ষমতা মারাত্মকভাবে হ্রাস পায়, ফলে কৃষিজ উৎপাদন কমে যায়।
- জলাধার ভরাট ও বন্যা সৃষ্টি – ক্ষয়প্রাপ্ত মৃত্তিকা, পলি ও বালি নদী এবং জলাধারে জমা হয়ে তলদেশ ভরাট করে দেয়। ফলে নদীখাতের নাব্যতা কমে যায় এবং সামান্য বৃষ্টিতেই প্রবল বন্যার সৃষ্টি হয়।
- ভৌমজলের স্তর হ্রাস – মৃত্তিকা ক্ষয়ের ফলে বৃষ্টির জল মাটির ভেতরে প্রবেশ করতে বাধা পায়। এর ফলে পৃষ্ঠপ্রবাহ বেড়ে যায় এবং ভৌমজলের স্তর ক্রমশ নিচে নেমে যায়।
- মরুভূমির প্রসারণ ও খরা – বায়ুপ্রবাহ দ্বারা ক্ষয়প্রাপ্ত বালি উর্বর অঞ্চলে সঞ্চিত হয়ে উর্বর জমিকেও মরুভূমিতে পরিণত করে। জলধারণ ক্ষমতা কমে যাওয়ায় খরা প্রবণতাও বৃদ্ধি পায়।
- বায়ুদূষণ – বায়ুপ্রবাহ দ্বারা ভূমির ক্ষয় হলে ক্ষয়প্রাপ্ত ধূলিকণা ও বালুকণা বায়ুমণ্ডলে মিশে বায়ুদূষণ ঘটায়।
- আর্থিক ক্ষতি – কৃষিকাজ ব্যাহত হওয়া, বন্যা নিয়ন্ত্রণ এবং জলবিদ্যুৎ কেন্দ্রের যন্ত্রপাতি অকেজো হওয়ার কারণে দেশের বিপুল আর্থিক ক্ষতিসাধন হয়।
ভারতের মৃত্তিকা ক্ষয়প্রবণ অঞ্চল
ভারতের প্রায় এক-চতুর্থাংশ ভূভাগ ভূমিক্ষয় প্রবণ। এর মধ্যে উল্লেখযোগ্য অঞ্চলগুলি হলো –
- উত্তর-পূর্বাঞ্চল – আসাম, মেঘালয় প্রভৃতি রাজ্যে ঝুম চাষের কারণে।
- পূর্ব ভারতের মালভূমি – ঝাড়খণ্ড, ওড়িশার ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চলে খনিজ উত্তোলনের কারণে।
- পশ্চিম হিমালয় – পশুচারণ ও অবৈজ্ঞানিক কৃষিকাজের কারণে।
আরও পড়ুন – মৃত্তিকা ক্ষয়ের প্রভাব বা ফলাফলগুলি আলোচনা করো।
এই প্রবন্ধে আমরা “ভারতের মৃত্তিকা ক্ষয়ের কারণ ও ফলাফল” নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আশা করি মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতির জন্য এই নোটটি আপনাদের উপকারী হবে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।





মন্তব্য করুন